
আকাশভরা সূর্যতারা
মতিউর রহমান
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
প্রকাশক: প্রথমা প্রকাশন
৩৪০ পৃষ্ঠা
দাম: ৮০০ টাকা
মতিউর রহমানকে সবাই চেনেন বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিকের সম্পাদক হিসেবে। দৈনিক ও সাপ্তাহিক মিলে তাঁর পত্রিকা সম্পাদনার কালসীমা চার দশকেরও বেশি অতিক্রম করে গেছে। সাংবাদিকতাই এখন তাঁর মুখ্য পরিচয় হলেও আমরা জানি, এ জীবনে প্রবেশের মূলে ছিল তাঁর রাজনৈতিক সক্রিয়তা, দলীয় সিদ্ধান্ত। গত শতকের ষাট, সত্তর ও আশির দশকজুড়ে বাম ধারার রাজনীতির মধ্যেই তিনি ছিলেন আকণ্ঠ নিমজ্জিত; সমাজবদলের অঙ্গীকারই ছিল সার্বক্ষণিক ধ্যানজ্ঞান।
স্মরণীয় যে বাম রাজনীতির একটি বৈশিষ্ট্য হলো, সাংস্কৃতিক জগতের সঙ্গে এর ঘনিষ্ঠ সংযোগসাধন। ষাটের দশকে ছাত্র ইউনিয়ন ও সংস্কৃতি সংসদের সংগঠক হিসেবে এ দেশের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে ঘনিষ্ঠতা সূত্রে গড়ে ওঠে মতিউর রহমানের একটি তৃতীয় জীবন। তবে তাঁর এই তৃতীয় সত্তা গঠনে শুধু রাজনীতিই মুখ্য ছিল না, নিজ আগ্রহ-উদ্দীপনারও ছিল গুরুত্বপূর্ণ সংযোগ। তরুণ বয়সের ক্রীড়াসক্তি কিংবা কাব্যাসক্তির মধ্যেই নিহিত ছিল তাঁর সৃষ্টিশীল সংস্কৃতি-অনুরাগের বীজ; হৃদয়ে লালিত ছিল তারকা হওয়ার বা তারকা-সান্নিধ্য লাভের স্বপ্ন।
আকাশভরা সূর্যতারা বইটি মতিউর রহমানের এই তৃতীয় জীবনসত্তার পরিচয়বাহী, তারকা-সাহচর্যের স্মৃতিতে উজ্জ্বল। এই স্মৃতিসূত্রে পাঠক এই গ্রন্থে উপমহাদেশের সাংস্কৃতিক অঙ্গনের বহু ব্যক্তিত্বের জীবনেতিহাসের গুরুত্বপূর্ণ অংশবিশেষের সঙ্গে পরিচিত হতে পারবেন। তবে ব্যক্তির আত্মজৈবনিক নানা ঘটনাসূত্রই বিবৃত হয়নি এ বইয়ে, উপস্থাপিত হয়েছে সামষ্টিক রাজনৈতিক সংযোগের কল্যাণকর এক ইতিহাসও। যেসব কীর্তিমান তারকার সাহচর্যে তিনি এসেছেন, উদ্ঘাটন করেছেন তাঁদের ব্যক্তিজীবন, আদর্শিক অবস্থান ও সৃষ্টিশীলতার বিচিত্র সবদিক। গভীর অনুসন্ধিৎসাই তাঁকে উদ্বুদ্ধ করেছে ওই সব মহৎ ব্যক্তিত্বের সৃজন-আবেগের শিকড়সন্ধানে। একটি উদাহরণ দিলেই সহজ হবে লেখকের জিজ্ঞাসু মনের অন্তর্ভেদী দৃষ্টির মাত্রা অনুধাবন। প্রগতিশীল রাজনীতি ও কবিতার প্রতি ভালোবাসাসূত্রে সুকান্ত-অনুরাগ, অরুণ মিত্রের ‘সুকান্ত’ কবিতাপাঠে নতুন ভাবাবেগ সৃষ্টি, সপ্তসিন্ধু দশদিগন্ত পাঠ করে ভ্লাদিমির মায়াকোভস্কি, লুই আরাগঁ, পল এলুয়ার ও পাবলো নেরুদার কবিতা নিয়ে উচ্ছ্বাস, অরুণ মিত্রের অনুবাদের মাধ্যমে লুই আরাগঁর প্রতি আরও আগ্রহ, আরাগঁসূত্রে তাঁর জীবনসঙ্গিনী এলসা ত্রিয়োলের প্রতি কৌতূহল, যে ত্রিয়োলের প্রণয়প্রত্যাশী ছিলেন মায়াকোভস্কি, অরুণ মিত্রের অনুবাদে এলসার লেখা ‘মায়াকোভস্কির স্মৃতিকথা’ থেকে আরেক নতুন জগতের সন্ধানলাভ, মায়াকোভস্কির সঙ্গে পরিচিত হতে গিয়েই এলসার সঙ্গে পরিচয় ঘটে আরাগঁর—এভাবেই অগ্রসর হয় তাঁর প্রতিটি লেখার যাত্রা। অরুণ মিত্রকে নিয়ে লিখতে গিয়ে তাঁর অনুসন্ধানী দৃষ্টি যেমন সুকান্ত, আরাগঁ, এলসা হয়ে মায়াকোভস্কিতে পৌঁছে যায়, তেমনি পাঠকের জন্যও সাধিত হয় একটা সাংস্কৃতিক ভ্রমণ।
যাঁদের সাহচর্যে অনুপ্রাণিত হয়ে বৃত্তান্তগুলো তিনি লিখেছেন, সেই তালিকায় এ ছাড়া আছেন ২০ জন উজ্জ্বল জ্যোতিষ্ক। রণেশ দাশগুপ্ত, পরিতোষ সেন, সুভাষ মুখোপাধ্যায়, রবিশঙ্কর, কামরুল হাসান, সোমনাথ হোর, মাজহারুল ইসলাম, শহীদুল্লা কায়সার, মোহাম্মদ কিবরিয়া, শামসুর রাহমান, পূর্ণেন্দু পত্রী, কাইয়ুম চৌধুরী, মুর্তজা বশীর, জহির রায়হান, যোগেন চৌধুরী প্রমুখ এ ক্ষেত্রে উল্লেখযোগ্য। এ ছাড়া দেবদাস চক্রবর্তী ও হুরমায়ূন আহমেদসহ ছয়জনকে নিয়ে আছে স্মৃতিচারণা। এসব ব্যক্তিত্বের সংস্পর্শে এসে মতিউর রহমান আলোকিত ও সমৃদ্ধ হয়েছেন, শিল্প-সাহিত্যের নতুন নতুন বৈচিত্র্যময় দিকের সন্ধান পেয়েছেন, বেড়েছে তাঁর পাঠের পরিধি, বেড়েছে সৌন্দর্যবোধ, উদ্বুদ্ধ হয়েছেন অসাম্প্রদায়িক চিন্তা, প্রগতিভাবনা ও উদার মানবিক চেতনায়। তাঁর এই যাত্রায় শরিক হলে পাঠকও সন্ধান পাবেন আলোকিত জগতের। এখানে মতিউর রহমান প্রভাবশালী সম্পাদক কিংবা সাংবাদিক নন, রাজনীতিবিদ নন; তিনি একজন সাধারণ সংস্কৃতি-কর্মী, কাব্য-অনুরাগী, শিল্প-অনুরাগী, ভক্তরূপে খ্যাতিমানদের অটোগ্রাফ-শিকারি; সাংস্কৃতিক তারকাদের সৃষ্টিশীল জীবনের মধ্যে অবগাহন করে যিনি পরিস্নাত ও পরিশুদ্ধ হতে চান।
এ বইয়ের প্রচ্ছদপট অঙ্কন ও অঙ্গসজ্জা করেছেন শিল্পী কাইয়ুম চৌধুরী, তাঁকে সহযোগিতা করেছেন অশোক কর্মকার। বইটির সৌন্দর্যবিধানে এ দুই শিল্পী নিজেদের উজাড় করে দিয়েছেন। প্রতিটি লেখার সঙ্গে সংযোজিত হয়েছে শিল্পীর আঁকা উদ্দীষ্ট ব্যক্তিত্বের প্রতিকৃতি। ভেতরে চার রঙে ছাপা হয়েছে শিল্পকর্ম, ছবি, চিঠি, প্রচ্ছদপট, অটোগ্রাফ প্রভৃতি। উন্নত মানের কাগজে রয়্যাল সাইজে মুদ্রিত এ বইটি উৎকর্ষ ও সৌকর্যে বাংলাদেশের প্রকাশনাশিল্পে স্থাপন করেছে এক অনন্য দৃষ্টান্ত।