হৃদরোদীদের এত জোরে হাসতে হয় না
চারপাশে ঝাপসা ধোঁয়াশে সন্ধ্যা নামছে, হাসপাতালের বিষণ্ন বারান্দায় দাঁড়িয়ে গ্রামের বাড়ি থেকে আমার ছেলের ফিরে আসার জন্য অপেক্ষা করছি আর সিসিইউর অনিশ্চিত বিছানায় নাকে নল নিয়ে তিন দিন ধরে প্রায় অচেতন হয়ে শুয়ে আছে আমার ছেলের বাবা, আমার স্বামী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ আবদুল মালেক। ঘনিয়ে আসা সন্ধ্যার দিকে তাকিয়ে আমার হঠাৎ মনে হলো, আজকের এই দিনটা যেমন প্রস্তুত হচ্ছে রাতের দিকে যাওয়ার জন্য, নিষ্ঠুর শোনালেও সত্য এই যে আমার স্বামীও হয়তো তেমনি প্রস্তুত হচ্ছেন মৃত্যুর দিকে যাওয়ার জন্য। এ তো জানা কথাই যে আমরা সবাই আসলে এই পৃথিবীর অতিথি, এই অনন্ত সময়ের অতিথি। আমাদের প্রত্যেককেই একসময় না একসময় যেতেই হবে কোথাও না কোথাও। কিন্তু এই যাওয়ার আগেও কত না ঝক্কি, কত না ঝামেলা। গতকাল ছেলেকে পাঠিয়েছি গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে, আমাদের ধানি জমিগুলো বিক্রি করে চিকিৎসার খরচ মেটানোর জন্য টাকা আনতে। এই জমিগুলোর প্রতি অদ্ভুত এক মায়া ছিল মালেকের। কতবার কত সমস্যায় পড়েছি, কিন্তু কিছুতেই জমিগুলো হাতছাড়া করেনি ও। বলত, ‘বাপ-দাদার সম্পদ, বছরের পর বছর ধরে আমাদের সারা বছরের খোরাক জুগিয়েছে। এগুলো বেচতে মন চায় না গো।’কিন্তু এই আবেগ দিয়ে আমার তো কাজ হবে না। হাসপাতালে ভর্তি করার পর থেকেই এই ইনজেকশন, সেই ওষুধ, পাশাপাশি এই টেস্ট, ওই পরীক্ষা। হাতে জমানো টাকা যা ছিল, তা প্রায় শেষ। এখন ডাক্তাররা বলছেন, ওপেন হার্ট সার্জারি করতে হবে। হার্টে পেস-মেকার বসাতে হবে। সেটাও মেলা টাকার ধাক্কা। এই অল্প সময়ে আমি কোথায় পাব এত টাকা?আমাদের জীবন চলার পথটা তো তেমন মসৃণ ছিল না যে বিপদ-আপদ সামলাতে কাঁড়ি কাঁড়ি টাকা জমিয়ে রাখব। সংসারের পথকে আমার বরাবরই মনে হয়েছে অজস্র চুর্ণ কাচে ভরা আর ধারালো সব পেরেকে গাঁথা। এর মধ্য দিয়ে হাঁটতে গিয়ে কতবার কতভাবে রক্তাক্ত হয়েছি আমি, মাঝেমধ্যে যন্ত্রণায় কুঁকড়ে গেছি, তবু চলতে হয়েছে, বাধ্যতামূলক চলা। আবদুল মালেক সৎ, নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে সুনাম কুড়িয়েছে আর আমার দুর্নাম ছড়িয়েছে বদমেজাজি, রাগী স্কুলশিক্ষক হিসেবে। জীবনটাকে সত্যি সত্যি ধাঁধার মতো লাগে আমার, পরীক্ষার হলের মতো লাগে, যেখানে আনকমন আর দুর্বোধ্য প্রশ্নপত্র হাতে বোকা হয়ে বসে আছি। আমার সামনে সাদা খাতা সাদাই রয়ে গেছে। সময় চলে যাচ্ছে দ্রুত। যেকোনো সময় ঢং ঢং করে বেজে উঠবে তৃতীয় ঘণ্টা, আর শূন্য খাতা জমা দিয়ে অপেক্ষা করতে হবে অকৃতকার্য হওয়ার অনিবার্য সনদ বহন করার জন্য।মালেক আর দশটা মধ্যবিত্ত বাবার মতো প্রায়ই বলত, ‘চিন্তা কোরো না, ছেলেমেয়েরাই আমাদের সম্পদ।’ মা-বাবাদের এই ধারণাটা অদ্ভুত লাগে আমার কাছে। যেন সন্তান তাদের বিনিয়োগ, বৃদ্ধ বয়সে সন্তান হেফাজত করবে, এই আশায় হাপিত্যেশ করে মরে তারা। আমার ছেলেমেয়েরা অবশ্য এখনো উপার্জনক্ষম হয়ে ওঠেনি। ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়ছে আর মেয়েটা সবে এসএসসির গণ্ডি পার হলো। আমার স্কুলের চাকরি আছে আরও বছর চারেক, ততদিনে ছেলেটা পাস করে যাবে, মেয়েটাও একটা না একটা পথে যাবে, সেটা ডাক্তার-ইঞ্জিনিয়ার হোক বা বিশ্ববিদ্যালয় আর কলেজই হোক। জীবন নিয়ে একটা ছক কাটা পরিকল্পনা ছিল আমার, তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে কি না জানি না, তবে অবসরে এই পরিকল্পনাটা নাড়াচাড়া করতে করতে বেশ ভালোই সময় কাটত আমার। মনে একটা সাহস পেতাম, গত বছর উত্তরাধিকার সূত্রে বাপের বাড়ি থেকে গাজীপুরের দিকে একখণ্ড জমি পেয়েছি আমি। ভেবেছিলাম গ্রামের ধানি জমিগুলো বিক্রি করে সেই টাকায় ওখানে ছোটখাটো একটা বাড়ি বানাব আর সঙ্গে থাকবে আমার আর মালেকের পেনশনের টাকা। বুড়ো বয়সটা ছেলেমেয়ের মুখাপেক্ষী না হলেও হয়তো চলে যাবে। সবই হয়তো পরিকল্পনামাফিক চলত, মাঝখানে বিপদে পড়লাম মালেকের এই অসুখটা নিয়ে। এমন যে হতে পারে তা আমার হিসেবের মধ্যেই ছিল না। এমনিতে মালেক শক্ত-সামর্থ্য মানুষ, ওর চেয়ে আমিই বরং রোগে কাবু হই বেশি। গত ২৬ বছরে সহজে ওকে বিছানায় পড়তে দেখিনি। আর এখন এমন পড়াই পড়ল যে যমে-মানুষে টানাটানি। কথায় আছে না, মানুষ ভাবে এক আর হয় আরেক। স্রষ্টা হয়তো আমার পরিকল্পনা দেখে আড়ালে মুচকি হেসেছেন। তিনি হাসতেই পারেন, চূড়ান্ত অর্থে তার হাতেই তো সব।হাসপাতালের বারান্দায় দাঁড়িয়েও এখন আমার মন পড়ে রয়েছে ছেলেটার কাছে। বাবার মতোই ওর মধ্যে বৈষয়িক বুদ্ধিটা কম। শেষ পর্যন্ত গ্রামের জমিজমার হিল্লে করতে পারবে কি না কে জানে। গ্রামে যে রকম টাউট-বাটপারদের দৌরাত্ম্য। অবশ্য গ্রামে ওর চাচারা আছে। তাদের বেশ প্রভাব প্রতিপত্তি। সে জন্যই যা ভরসা পাচ্ছি। কিন্তু সম্পত্তি বড় বাজে জিনিস, এর লোভে রক্তের সম্পর্কও পর হয়ে যেতে সময় লাগে না। মাথায় রাজ্যের দুশ্চিন্তা এসে ভর করে। আমাদের শেষসম্বল বলতে গ্রামের ওই জমিগুলোই। জানি না ওই জমি বিক্রির টাকায় মালেককে বাঁচাতে পারব কি না। ওই টাকা দিয়ে গাজীপুরের জমিতে বাড়ি করার যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নকেই বোধহয় মাটি চাপা দিতে হবে এখন।দিতে হলে দেব, স্বামীকে মাটি চাপা দেওয়ার চেয়ে স্বপ্নকে মাটি দেওয়াই কি ভালো না?ছেলের ফোন আসে। হ্যাঁ, জমি কেনার লোক পাওয়া গেছে, ওদেরই এক দূরসম্পর্কের আত্মীয় কিনবে। বেশি না, দুই লাখ টাকা ক্যাশ দেবে ওরা। নিচু জমি, এরচেয়ে বেশি দাম উঠবে না। না, অন্য গ্রাহকের জন্য অপেক্ষা করলে দেরি হয়ে যাবে। কালকেই দলিলটা নিয়ে ওরা টাকা দিয়ে দেবে। হ্যাঁ, ওর চাচারাই সব বিলিব্যবস্থা করেছে, বলেছে কোনো অসুবিধা হবে না।ডাক্তারদের হিসেবে, মালেকের চিকিৎসার জন্য দুই থেকে আড়াই লাখ টাকার মতো লাগবে। আমার ভাইয়েরা প্রতিশ্রুতি দিয়েছে, ৫০ হাজার টাকার ব্যবস্থা ওরা করবে। নাহ্, মনে হচ্ছে চিকিৎসা, ওষুধপত্র আর হাসপাতালের খরচ, হ্যাঁ, এই টাকায় হয়ে যাবে।আমি সিসিইউয়ে এসে মালেকের বিছানার পাশে বসি। ধীরে ধীরে শ্বাস নিচ্ছে ও। মনিটরে বিচিত্র সব রেখা এঁকেবেঁকে মিলিয়ে যাচ্ছে। কী বলছে এসব রেখা, বুঝতে পারি না। পাশের বিছানায় একজন বয়স্ক রোগী হঠাৎ ছটফট করতে থাকলে নার্স এসে তার মুখে অক্সিজেনের মাস্ক পরিয়ে দিয়ে যায়। অল্পবয়সী এক ডাক্তার এসে নিরাসক্ত ভঙ্গিতে রোগীর নাড়ি দেখে। প্রেসার মাপে। মনিটর দেখে। তারপর নার্সকে কিছু একটা বলে চলে যায়।আজকে ভোরে একদম আমার চোখের সামনে নয় নম্বর বেডের রোগীটা মারা গেল। দুর্বল এক বৃদ্ধা। ওর মেয়ে যেভাবে ‘মা’ ‘মা’ বলে আর্তনাদ করছিল, এখনো সেই আর্তনাদের শব্দ কানে বাজছে আমার। আসলে মৃত্যু এখানে এত বেশি স্বাভাবিক, এর মধ্যে বেঁচে থাকাটাই মনে হয় বিরাট বিস্ময়।আচ্ছা, এই যে এত কষ্ট করে মালেকের চিকিৎসার টাকা জোগাড় করছি, জমিজমা বিক্রি করছি, এতগুলো টাকা খরচ করে অপারেশনের পরে ও ভালো হবে তো? আগের মতো সুস্থ হবে তো? নাকি কোনো রকমে ধুঁকে ধুঁকে বেঁচে থাকবে? যদি প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যায়, যদি নড়াচড়া করতে না পারে, তখন কে ওকে টানবে, কে-ই বা দেখভাল করবে? সত্যি বলতে কী, মানুষের ধৈর্যেরও তো একটা সীমা আছে, তারচেয়ে মৃত্যু কি ভালো নয়? আচ্ছা, এত কিছুর পর, মালেক আসলে বেঁচে থাকবে তো? নাকি...ধেৎ, কী ভাবছি এসব! নিজেই নিজেকে ধমক দিই, মনের কোন অন্ধকার তল থেকে যে এসব অশুভ চিন্তা উঠে আসে, বুঝি না। রোগীর পাশে বসে বসে ঝিমাই। অতীত-বর্তমান-ভবিষ্যৎ, কত কথা মনে আসে। বেশি আসে ভবিষ্যতের দুঃশ্চিন্তা।‘হা ভবিষ্যৎ, যেখানে দুই দিনের ভরসা নেই, সেখানে তুমি করো ভবিষ্যতের চিন্তা?’চমকে ওঠি। মনে হয় রোগশয্যাতে শুয়েও বুঝি আমার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিচ্ছে মালেক। তার সঙ্গে কাল্পনিক সংলাপ চালাই।‘করিই তো, ভবিষ্যতের চিন্তা করতে হয়, কারণ আমি তো জানি না দুই দিন বাঁচব, নাকি দুই বছর বাঁচব। অনিশ্চয়তার জন্যই তো সঞ্চয় দরকার, পরিকল্পনা দরকার। অন্যের করুণার ওপর বাঁচতে খুব অনিচ্ছা আমার।’‘আমি তোমাকে খুব বিপদে ফেলে দিলাম, না? তোমার পরিকল্পিত জীবনের সব ছক এলোমেলো করে দিল আমার এই অপরিকল্পিত রোগ...’‘তা না... তুমি তো আর ইচ্ছা করে এই রোগ বাঁধাও নাই..’নিজেকে সামলে নিয়ে বলি আমি। বাসা থেকে মেয়ে ফোন করে। বুঝতে পারি, বাবার অসুখে খুব কাতর হয়ে পড়েছে মেয়েটা। ওকে দুয়েকটা শুকনো সান্ত্বনার কথা বলে ফোন রেখে দিই। এই মেয়েকে নিয়েও কি কম দুঃশ্চিন্তা আমার? ওর পড়াশোনা, বিয়েশাদি...সবকিছুতেই তো রাজ্যের টাকার প্রয়োজন। টাকা ছাড়া কিছু হয় নাকি আজকাল? আল্লাহ্ না করুক, যদি মালেকের কিছু একটা হয়ে যায়! আমাদের তো বাঁচতে হবে, ছেলেমেয়ে দুটোকে বাঁচাতে হবে, মানুষ করতে হবে। যদি এমন হতো, কোনো অলৌকিক উপায়ে চিকিৎসা বা অপারেশন ছাড়াই মালেক সুস্থ হয়ে যেত, যদি এখনই চোখ মেলে বলত, ‘কী ব্যাপার, আমি কোথায়? হাসপাতালে কেন? আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো...’হয় না এ রকম? হতে পারে না? কতই তো হয় শুনেছি। মরা মানুষ কবর দেওয়ার আগে বেঁচে ওঠে। মালেক যদি এ রকমভাবে ভালো হয়ে যেত, তাহলেও তো টাকাগুলো বেঁচে যেত। আর সেই বেঁচে যাওয়া টাকাগুলো দিয়ে দিব্যি আমি আমার সংসারটা গুছিয়ে নিতে পারতাম। খুব স্বার্থপরের মতো চিন্তা করছি কি? কী জানি, সংসারের চৌদ্দ রকম ফেরে পড়ে কোনটা স্বার্থপরতা আর কোনটা পরার্থপরতা সেই সীমারেখাও বোধহয় আমি গুলিয়ে ফেলেছি।হঠাৎ মনে হলো, আচ্ছা, মালেকের জায়গায় যদি আমি হতাম, যদি এভাবে অচেতন হয়ে পড়ে থাকতাম হাসপাতালের বিছানায়, তাহলে কি মালেক আমার মতো করেই চিন্তা করত? না, বোধহয় ওর চিন্তাপ্রক্রিয়া আমার মতো না। ভবিষ্যৎ নিয়ে দুঃশ্চিন্তা করার অভ্যাস ওর কোনো দিনও নেই। পকেটে যা থাকবে ধুমধাম করে উড়িয়ে দেবে। আগামীকাল কীভাবে চলবে, তা চিন্তা করবে না কখনো। আমি বহুবার দেখেছি, পকেটে পয়সা নেই, ও দিব্যি কারও কাছ থেকে ধার করে এনে চালিয়ে দিচ্ছে। বেতন পেলে শোধ করে দেবে, এই ভরসায়। আর আমার নীতি হলো, কাউকে ধার দেবও না, কারও কাছ থেকে ধার করবও না। কোনটা ভাল, কে জানে? কিন্তু দুজনের এই দ্বিমুখী নীতির কারণে আমাদের সংসারে টানাপোড়েন কম হয়নি। আমি যদি অসুস্থ হতাম, তাহলে, ধারণা করি, মালেক হয়তো আগপিছ না ভেবে টাকা ধার করতে শুরু করত। তারপর সব জমিজমা বেচে দিয়ে কপর্দকশূন্য হয়ে বসে থাকত। কে জানে, তখন হয়তো সুস্থ হয়ে ওঠার পর, মালেকের ধারকর্জের বাহার দেখে আমি আবার হার্ট অ্যাটাক করতাম।মালেকের বয়স এখন ৬১। নিষ্ঠুর শোনালেও এটা তো ঠিক যে এই বয়সী মানুষ আর উপার্জনক্ষম থাকে না। পেনশনের নির্দিষ্ট কিছু টাকা ছাড়া মালেকেরও আর কোনো আয় নেই। আজকে যদি ওর কিছু সহায়-সম্পত্তি থাকত, ব্যাংক ব্যালেন্স থাকত, তাহলেও না হয় একটা কথা ছিল।আমার চিন্তাস্রোত অজান্তেই কোন খাতে প্রবাহিত হচ্ছে, তা টের পেয়ে শিউরে ওঠি। হায় হায়! আমি একবারও মানুষটার কথা ভাবছি না, শুধু টাকাপয়সার কথা ভাবছি। মালেকের অচেতন চেহারার দিকে তাকাই। মনে হয়, ওর ঠোঁটের কোনায় একটুকরো বিদ্রূপের হাসি ফুটে উঠেছে। ‘কেন? কেন এই হাসি? আমাকে বিপদে ফেলে খুব মজা পাচ্ছ, অ্যা? খুব মজা?’আমি বিছানায় ঝুঁকে পড়ে কেউ যেন বুঝতে না পারে এভাবে দুই আঙুল দিয়ে টেনে ওর বাঁকা ঠোঁটটা সোজা করার প্রাণপণ চেষ্টা করি। না, আমাকে এভাবে ব্যঙ্গ করার কোনো অধিকার তোমার নেই। এভাবে তোমাকে হাসতে দেব না আমি।‘দেখি দেখি, পেশেন্টের কী অবস্থা দেখি, সরেন তো !’পেছন থেকে ডাক্তারের গলা শুনে আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নেই। ডাক্তার রোগী পরীক্ষা করেন, তিন দিন ধরে যেমন পরীক্ষা করছেন, সেভাবেই ভাবলেশহীন, নৈর্ব্যক্তিক।‘কেমন দেখলেন, ডাক্তার সাহেব?’‘আগের মতোই...দেখা যাক অপারেশনের পর কী হয়। কাল সকালে এই ইনজেকশনটা আনিয়ে নেবেন, আর এই টেস্টটা...’ডাক্তার আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে চলে যান। আবার টেস্ট, আবার ইনজেকশন! রাতটা কাটে না কেন, ‘রাত পোহাবার কত দেরী, পাঞ্জেরী’? মনে হচ্ছে যেন চিররাত্রির দেশে, মলিন অন্ধকারের সঙ্গে বসবাস করছি। আইসিইউর উজ্জ্বল লাইটগুলো নিভিয়ে দিয়ে হালকা কয়েকটা লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। একজন নার্স আর ডাক্তার মাঝেমধ্যে রুটিনমাফিক টহল দিয়ে যাচ্ছেন। চারদিকে সুনসান নীরবতা কেটে কখনো রোগীদের নিঃশ্বাস-প্রশ্বাসের শব্দ, কখনো গোঙানির, কখনো খুকখুক কাশির বা দীর্ঘনিঃশ্বাসের আর এসির একটানা শোঁ শোঁ শব্দ তো আছেই। এরই মধ্যে নতুন রোগীও আসছে। তাদের জায়গা করে দিতেই কি না, হাসপাতাল থেকে চিরবিদায়ও নিয়ে নিচ্ছে কেউ কেউ।মধ্যরাতের নির্জনতায় আমার সঙ্গে মালেকের কথোপকথন শুরু হয় আবার—‘আমাকে তুমি ভালোবাস নাই সুলতানা? আমাকে বোঝা মনে করতেছ...ভাবতেছ আমি মরে গেলেই ভালো...’‘কী যে বলো না আবোলতাবোল, বোঝা মনে করব কেন...কেন ভাববো মরে যাওয়া ভালো।’‘ভালোবাস নাই?’‘বাসছিলাম হয়তো, তবে সংসারের চাল-ডালের হিসাব মিলাতে গিয়ে ভালোবাসা যে কোথায় গেল...’‘জীবনটা সহজভাবে নিতে পারলা না সুলতানা, এত জটিল হিসাবনিকাশের মধ্যে কেন গেলা?’‘দেখো, এসব ভাবের কথা আমাকে আর বইল না, রাগ লাগে...ইচ্ছা করে হিসাবনিকাশের মধ্যে গেছি আমি? তুমি যদি আরেকটু সংসারি হইতা...আরেকটু বোঝদার...আরেকটু বৈষয়িক...একবার ভাবছ, আমাদের বাকি দিনগুলো কীভাবে চলবে?’মালেক হো হো করে হাসে।‘এই, এই, থামো, হূদরোগীদের এত জোরে হাসতে হয় না...’মালেক তবু হাসে, এত আনন্দ কিসের ওর, বুঝি না। আমি গাট্টায় পড়েছি, এই ভেবে আনন্দ...এই ভেবে এত খুশি...আমার কী? সকালে জমি বিক্রির টাকা আসবে, তোমার অপারেশন হবে, ব্যস। তারপর কী হবে, না হবে সেসব এখন আর একটুও ভাবব না। যা ইচ্ছা তাই হোক। হাসি বন্ধ করো মালেক, এখন কি ব্যঙ্গবিদ্রূপের সময়, বলো ! আমি তো সব সময় এ রকমই ছিলাম কাঠখোট্টা, হূদয়হীনা, বাস্তববাদী স্কুলশিক্ষিকা। তোমার মহান উদারতার পাশে সংকীর্ণমনা হাসির পাত্রী। তাই বলে এই অসুস্থতার মধ্যেও আমাকে নিয়ে হাসবে তুমি? আমার বাস্তববাদী চিন্তাভাবনাকে ব্যঙ্গ করবে? দোহাই লাগে, থামো। ভোর হয়ে যাচ্ছে, একটু পরেই আমাদের ছেলে টাকা নিয়ে আসবে। তোমার জন্য ইনজেকশন কিনতে হবে, রক্ত টেস্ট করাতে হবে।হাসি থামাও প্লিজ, হাসতে হাসতে তোমার কাঁপুনি উঠে যাচ্ছে, তুমি ছটফট করছ।‘সিস্টার, ডাক্তার, দেখে যান, আমার রোগী যেন কেমন করছে...’আমি চিত্কার করে ওঠি।ডাক্তার এসে মালেকের বুকে দুই হাত রেখে জোরে জোরে চাপ দিতে থাকে। নার্স এসে ওর বিছানার চারপাশে সাদা পর্দা টেনে দেয়। পাশের বেডের একজন রোগীর অ্যাটেন্ডেন্ট আমাকে হাত ধরে সিসিইউর বাইরে হাসপাতালের বারান্দায় নিয়ে আসে। আহ্, কী সুন্দর কোমল ভোর হচ্ছে, আরেকটা নতুন দিন হাঁটি হাঁটি পা পা করে তার যাত্রা শুরু করেছে। ভোরের আলো খুব ভালোবাসত আবদুল মালেক।