হৃদয়ঘরের ভেতর ও বাহির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদয়ঘরের বারান্দা
হৃদয়ঘরের বারান্দা

হৃদয়ঘরের বারান্দা
শাহনাজ মুন্নী
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
প্রকাশক: প্রথমা প্রকাশন, ফেব্রুয়ারি ২০১৫
৭২ পৃষ্ঠা
দাম: ১৭০ টাকা।
একজন উদীয়মান চিত্রশিল্পী জীবিকা নির্বাহের জন্য যদি কেবল নিজের স্বাধীন সৃষ্টিসত্তা আর তুলি-কালি-ক্যানভাসের ওপর নির্ভর করেন, তবে কতটা মসৃণ হতে পারে তাঁর পথচলা? কেমন বাস্তবতার মুখোমুখি হতে পারেন তিনি? অন্তত আর্থিক সচ্ছলতার দিক থেকে? এমন অনিশ্চয়তার মধ্যেও শিল্পীর স্বকীয় ভাবনা, মানবিক দায়িত্ব সমাজের আর দশটা মানুষ থেকে তাঁকে স্বতন্ত্র মর্যাদায় অধিষ্ঠিত করে। শিল্পের বোধ হয় সেটিই এক ‘মহৎ সৌন্দর্য’। কথাগুলো হৃদয়ঘরের বারান্দায়-এর ক্ষেত্রে প্রযোজ্য।
কথাসাহিত্যিক শাহ্নাজ মুন্নী হৃদয়ঘরের বারান্দায় যে কাহিনি-কাঠামো অবলম্বন করেছেন, তা বাংলাদেশের উপন্যাসে খুব একটা দেখা যায় না। সতেরোটি পর্বে সুবিন্যস্ত উপন্যাসটিকে সতেরোটি ভালো গল্পবিশিষ্ট একটি সুখপাঠ্য গল্প-সংকলন বললেও অত্যুক্তি হবে না। মূল গল্প থেকে শাখা গল্প, সেখান থেকে চরিত্র ও ঘটনার ব্যাপ্তি ঘটানোর লক্ষ্যে উপশাখার ওপর ভর করেই বিস্তৃতি লাভ করেছে উপন্যাসের কাহিনি। উপন্যাসে পর্ব-বিভাজন নতুন নয়। কিন্তু প্রতিটি পর্বের একেকটি জুতসই নামকরণ, প্রতিটি পর্বকেই একেকটি পৃথক ও পরিপূর্ণ গল্পে রূপদান এবং পরের পর্বের সঙ্গে আগের পর্বের অভূতপূর্ব সংযোগ রক্ষা নিঃসন্দেহে ঔপন্যাসিকের শক্তিমত্তার পরিচায়ক। পাশাপাশি পরিপূর্ণ গল্প হওয়া সত্ত্বেও পর্ব থেকে পর্বে উত্তরণের ক্ষেত্রে উপন্যাসের আঙ্গিক-গঠন ও বয়ন-কৌশলে তিনি যে দক্ষতার পরিচয় দিয়েছেন, তা পাঠককে শুধু মুগ্ধই করে না, নতুনত্বেরও আস্বাদ দেয়।
সারা উপন্যাসে আছে ‘আমি’ সর্বনামের আধিপত্য। এতে পাঠকের মনে হতে পারে, ঔপন্যাসিক নিজেই বুঝি এই ‘আমি’র কর্ণধার। এই ‘আমি’ মূলত একজন চিত্রশিল্পী। ‘আমি’র বয়ানেই উপন্যাসের শুরু, ‘আমি’র ভাবনাতেই শেষ। উত্তম পুরুষে একাকার হওয়া এই চরিত্রটিই উপন্যাসের প্রধান ও নায়ক চরিত্র। কিন্তু চরিত্রটিতে নায়কোচিত বলিষ্ঠতা খুঁজে পাওয়া দুষ্কর।
উপন্যাসে নায়কের সমস্ত মায়া-মমতা তার প্রেমিকা মমতার প্রতি। দুটি কিডনিই নষ্ট মমতার। তবু মমতাকে ভালোবেসে তাকে নিয়ে স্বপ্ন দেখে সে। কিন্তু মেয়েটির সঙ্গে কখনো দেখা হয় না শিল্পীর। এ ক্ষেত্রে আধুনিক যুগের যোগাযোগযন্ত্র মুঠোফোনই তাদের প্রেম-অভিসারের একমাত্র ভরসা। যদিও মমতার সঙ্গে তার কিসের সম্পর্ক, মমতার খালা সুদীপার এমন প্রশ্নে সংশয়ে ভোগে সে। তবু রাত থেকে সকাল অবধি মমতার সঙ্গে কথোপকথনই প্রাণিত রাখে শিল্পীকে।
অভাবগ্রস্ত প্রকাশক বখতিয়ারের প্রকাশনীতে বইয়ের প্রচ্ছদশিল্পীর কাজ করে শিল্পী। বখতিয়ার নিজে যেমন প্রতিষ্ঠিত হতে চায়, তেমনি চায় এই শিল্পীটিও স্বনির্ভর হোক। তাই একদিন বখতিয়ার নতুন এক কাজে যোগ দিতে বলে তাকে, ‘কাজ তেমন কিছু না, এক বড়লোকের খেয়াল হইছে, তার মরা বাপ-মায়ের ছবির পোরট্রেট করাবে, আমি তোমার কথা বলছি, তুমি কইরা দিবা, ব্যস।’ আর ধনাঢ্য ওই ব্যক্তি জানায়, ‘কাজটা সহজ নয় আমি জানি, আমি তোমাকে যথেষ্ট সময় দেব, সম্মানীও ভালো দেব।...একটাই শর্ত, তুমি কাজটা করবে আমার বাড়িতে বসে, আমার একটা ভালো স্টুডিও আছে, ইচ্ছা করলে এখানে থাকতে পারো, ইচ্ছা না হলে না-ও থাকতে পারো, আমি শিল্পীর স্বাধীনতায় বিশ্বাসী।’ শিল্পীর ভাষ্যে এই ভদ্রলোক সূর্যমানব আর তার পরমা সুন্দরী স্ত্রী চন্দ্রমানবী। মমতার প্রতি একধরনের স্বর্গীয় প্রেম থাকলেও শিল্পীর যৌবনাক্রান্ত প্রেমের স্বরূপ দেখা যায় চন্দ্রমানবীকে দেখার পর। কারণ শিল্পীর ভাষায়, ‘তার এক জোড়া মায়াবী চোখ, পাতলা ধারালো নাক আর সারা মুখ থেকে ঠিকরে বের হওয়া সুন্দর কোমল আকর্ষণীয় দীপ্তি। আমি যেন দেখলাম রূপকথার এক চন্দ্রমানবীকে।’
তবে ওই ‘বড়লোকের’ মৃত বাবা স্বাধীনতাবিরোধী এবং মুক্তিযুদ্ধের সময় ছিল শান্তি কমিটির চেয়ারম্যান। ফলে ‘ভালো সম্মানী’র পোরট্রেট আঁকার কাজটি না করার সিদ্ধান্ত নেয় শিল্পী। টের পেয়ে সূর্যমানবের তৃতীয় স্ত্রী চন্দ্রমানবী, ‘আমার রাজাকার শ্বশুরের পোরট্রেট করতে না চাইলে করবেন না, ওটা না করলেও টাকা পাবেন, আমি আপনাকে টাকা দেব আমার ছবি আঁকার জন্য।’ এরপর আরও একধাপ এগিয়ে চন্দ্রমানবী অমৃতা তোলে টাইটানিক ছবির একটি দৃশ্যের কথা। বলে যে, ‘আচ্ছা, কখনো ন্যুড পেইন্টিং করেছেন আপনি? এঁকেছেন কোনো অনাবৃত শরীরের ছবি?’ কথা শুনে শিল্পী তখন যেন পাথরের মূর্তি হয়ে গেছে। এরই মধ্যে মমতার হাসপাতালে ভর্তির খবর বিচলিত করে তাকে। মমতার পাশে দাঁড়াতে চায় সে। তাই সিদ্ধান্ত নেয় অমৃতারসহ সেই প্রতিকৃতি দুটি আঁকার। তবে শিল্পীর তুলির আঁচড়ে রাজাকারের প্রতিকৃতির মধ্যে তার ছবি ছাপিয়ে উঠে আসে ঘাতকসত্তার স্বরূপ। এতে ভীষণ রুষ্ট হয় অমৃতা। কারণ, তার স্বামী তার বাবার অমন প্রতিকৃতি আশা করেনি।
উপন্যাসের উপান্তে এসে যেকোনো পাঠকের মনে হয়তো ছোটগল্পের চিরায়ত অতৃপ্তিই রয়ে যাবে। কারণ, নায়ক-হৃদয়ের মনে ‘মমতা’ বাইরে ‘অমৃতা’—এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে হৃদয়ঘরের বারান্দায় পৌঁছা যায়, উপন্যাসও শেষ হয় কিন্তু কাটে না বিহ্বলতার রেশ।