হৃদয়ে প্রেমের শীর্ষ

নির্মলেন্দু গুণ
মুখপঞ্জির কাব্য
নখগুলো যেন লাল বকুলের দল,
এই হলো তার ফুলভরা করতল।
২.
ও লো সই,
তোমার আলতা মাখা,
নূপুর-পরা,
পায়ের ছবি কই?
৩.
নিয়েছি যা তার চে বেশি
দেখবে দিয়েছি যা,
ফেরত দেব শুকনো রুমাল
চোখের জলে ভেজা।
আনিসুল হক
প্রেমের কবিতা
তুমি কিন্তু আমাকে ভালোবাসতেই পারতে। আমি লোকটা বেশ হাবাগোবা। হাবাগোবা লোকেরা প্রেমিক হিসাবে ভালো হয়। আমার নাক ঘামে। যার নাক ঘামে, তাকে ভালোবাসতে না পারাটা বেশ লস-জনক।
তোমার বেশ লসই হলো। আমি তোমার লস নিয়ে বেশ চিন্তিত। তা থেকেই বোঝা যাচ্ছে, আমাকে ভালো না বেসে তুমি বেশ লসই করলে। লাভ আর লসের কথা যখন এল, তখন আমরা ব্যাপারটা নিয়ে আরও খানিকটা ভাবব।
লাভ ব্যাপারটা লাভজনক। লস ব্যাপারটা লসজনক। তাই বলি, লাভ মি, ডোন্ট লুজ মি। আমাকে লাভ করো, আমাকে লোকসান কোরো না। লাভের বিপরীত শব্দ ক্ষতি। ক্ষতি এসেছে ক্ষত থেকে। ক্ষত থেকে রক্ত ঝরে। ক্ষত বেদনা দেয়। তোমার যে ক্ষতি হলো, এটা আমি বুঝছি। তুমি বুঝছ না। কারণ তোমার কোনো ক্ষত নাই। আমার আছে ক্ষত, তোমার আছে ক্ষতি। আমার আছে গত, তোমার আছে গতি। আচ্ছা, আমাকে ভালো না বেসে তুমি ভালোই করেছ। আমি লোকটা বেশ হাবাগোবা। হাবাগোবা লোকেরা প্রেমিক হিসাবে বেশ ক্ষতিকর। তারা খুব সিরিয়াস। গুরুতর। আমরা লঘুতার পক্ষে, কেউ গুরুতার পক্ষে নই। আমাকে ভালো না বেসে তোমার কোনো ক্ষতি হয় নাই। আমারও হয় নাই। এই যে দেখো, আমি কবিতা লিখছি। ক্ষত কবিতা দেয়। সেটা ক্ষতিকর নয়। লাভকর। LOVEজনক...কবিতার ফলনে সাহায্য করে।
আলতাফ হোসেন
সে কেন আসছে না
আগে, আগেকার দিনে যেমন আসত
এখন সে কেন আর আসতে পারে না
সকালে না হোক, বিকেলে না হোক, সন্ধ্যাবেলা?
রাত দুপুরেও নয় কেন, কেন আসতে পারে না!
আমি তো চারতলার ব্যালকনিতেই দাঁড়িয়ে সর্বক্ষণ,
আমার কী কাজ আর, দিনরাতের অপেক্ষা ছাড়া?
কেন আসবে না? অনেক অনেক দিন জানি তো যে কীভাবে বেঁচেছি
আদৌ বেঁচেছি কি?
এমন তো না যে ঝড় উঠেছে খুব, সূর্য মেঘের আড়ালে, চারদিকে
গুচ্ছ গুচ্ছ অন্ধকার শুধু
এমন তো না যে আকাশ উল্টে গেছে, সমুদ্র উঠেছে ওপরে, আসছে ধেয়ে
সারা রাস্তা বিষাক্ত সাপ, কুমিরের দখলে!
কেন কেন সে আসবে না, বলো, কেন আসবে না?
রোজ রোজ সে কি আসত না!
বলো বলো
রুবী রহমান
দাম্পত্য
সংসার পাতবার কথা বলেছিলি তুই
রান্না না জানলেও চলবে—তুই-ই বলেছিলি
দুই কামরার ভাড়াবাড়ি ছোট রান্নাঘর
বারান্দায় রোদ ঝিলিমিলি
জোছনা রাতে তোর সাথে শহর ঢাকায়
গাছেদের ছায়া মাপা আলো-অন্ধকারে
পোড়া মাছ ভাজা খেয়ে তৃপ্তির ঢেকুরে
স্বর্গ এনেছিলি এই মর্ত্যের সংসারে
বেশ তো ছিলাম তোর গেরস্থালি নিয়ে
সংসার গুটিয়ে কেন চলে গেলি তুই?
কবরের মাটি আর কাগজের ছবি
এই নিয়ে কেমন করে আজ তোকে ছুঁই?
ময়ুখ চৌধুরী
প্রেমের কবিতা
ভালোবাসা ছুঁতে গিয়ে বারবার শরীর ছুঁয়েছি।
আমি তাই অন্ধকারে জোনাকির মতো
প্রেমিকাবিহীন প্রেম খুঁজি।
পক্ষান্তরে তুমিও এক একদিন
প্রেম নয়, প্রেমের কবিতা চেয়েছিলে।
ভালোবাসা ছুঁতে গিয়ে বারবার শরীর ছুঁয়েছি।
তোমাকে ছোঁব না তাই,
ছুঁতে পারব না তা-ও জানি।
এখন তোমার রাজধানী
অ্যাকুরিয়ামের মতো বর্ণালি মাছের সাঁতার।
অথচ তুমিই একদিন
ভাস্কর্যের মতো সামনে দাঁড়িয়ে ছিলে,
তবুও তোমাকে আমি নদী বলে ডাক দেওয়াতেই
প্রবাহিত হতে পেরেছিলে।
সবকিছু মিলে
এখন যে দৃশ্য তুমি সাজিয়ে দিয়েছ,
কাচের জানালা দিয়ে এখন নিজেই দেখা,—
পলিথিন পুড়ে যাচ্ছে, থুতুর মতন
প্রেমের কবিতা পড়ে আছে।
টোকন ঠাকুর
ভালোবাসা একটি বাঘ
স্বপ্নের সঙ্গে থাকা যায় না, সংকট তৈরি হয়। ভোরকে ভোর মনে হয় না, দুপুরকে মনে হয় গনগনে নদী, নদীর কী ধাঁধা! বিকেলকে ভাঁজ করে রাখতে পারি বীজগণিতের খাতায়। এবং সন্ধে, সন্ধের কথা তো আমি গতকালও বলেছি, সে আমাকে সপ্তসিন্ধুর দিকে নিয়ে যাওয়ার নাম করে ডেকে নিয়ে যায় রূপনগর আবাসিক এলাকায়। রূপনগরে যাওয়ার পর আমার চোখ বেঁধে ফেলা হয়। এরপর আর কিছুই দেখতে পাইনি, ভেতর থেকে শ্বাস-প্রশ্বাসের সংগীত ছাড়া কানেও কিছু শুনতে পাইনি। মনে হয় শ্বাস-প্রশ্বাসের আঘাতেই একসময় আমি জ্ঞান হারিয়ে ফেলি, জ্ঞান ফিরলে বুঝতে পারি, নিঃশব্দে চলাফেরা করছে উদ্বাস্তু রাত। পালাতে চাইলেও পালাবার পথ নেই। দিগন্তপ্লাবিত মাঠে নেমে আসে চাঁদ। প্রশাসনিক চাঁদ, আমাকে তুমি ক্রসফায়ারে মারবে?
জানি, চাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ টিকবে না, কোনো বিচার হবে না। কোন বনে বা উঠোনে কয়টা জোনাকি মরেছে গতকাল, তার কোনো নথি নেই, তারাও বিচার পাবে না। নদী হত্যারও বিচার হয়নি, সমতল গিয়ে পাহাড় কাটছে রোজ...
এত এত সংকটের পরও, আমি প্রত্যেকদিন রান্না করেছি ভালোবাসা, ভালোবাসা খেয়েই বেঁচে আছি। ভাত রানতে যেমন চাল লাগে, চাল আনতে ধান লাগে, ধান বুনতে শ্রম লাগে, স্বপ্ন লাগে, ভালোবাসতেও স্বপ্ন লাগে অনেক। স্বপ্ন একটি বাঘ। খাঁচায় রাখা যায় না, ছেড়ে দিলেও মুশকিল। তবে কি আমি ভালোবাসার সন্ধানে গিয়ে স্বপ্নের থাবায় পড়ে মরে যাব?
আমাকে বাঁচাবে কে?
পিয়াস মজিদ
রাস্তায় পাওয়া প্রেমের কবিতা
জীবনানন্দের রক্তমাখা কলকাতার রাস্তায়
হাঁটতে হাঁটতে দেখি
পথে পথে ছড়ানো ক্ষুধা-প্রেম-আগুন।
যাই যাই করে বসন্ত এখনো বহতা
তাই সবুজ গাছের গম্বুজ
আমার পথচলার ধূসরাভায় নির্দেশিকা যেন;
দেখিয়ে চলে কোথায় বিরহবকুল লেন
আর কোনদিকে প্রেমগোলাপ স্কয়ার।
রাজরাস্তায় এই প্রজাপ্রতিম জীবন;
দু-পথের কোনদিকে যাবে
তা স্থির করতে না করতে
বনলতা বাস সার্ভিস আমাকে
তুলে নিয়ে নামায় দূরে,
চৈত্র-সেলের দোকানে।
প্রেম আমাকে ছেড়ে গেছে বটে;
এখন দেখি
এই বসন্তের বিশেষ ছাড়ে
কিনতে পারি কি না আসন্ন গ্রীষ্মের
দরকারি কাপড়চোপড়।
আসমা বীথি
বসন্ত
চোখের অসুখ হয়েছে, জবা
হাসপাতালের মাঠে বসন্ত-দুপুর
বৃষ্টির মতো পাতা ঝরছে
শুধু বাঁশি নেই
ক্যানটিনে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে
দেখছি
একটি পোয়াতি বেড়াল
লেজ নাচিয়ে ঘুরছে একা
তড়িৎ-বাতাসে ফুল নয়
স্যাভলন-ফিনাইলের গন্ধ
শরীরের রন্ধ্রে ছড়িয়ে পড়ে
রোগীর সাথে একজনমাত্র অ্যাটেন্ডেন্ট
পারে আসতে
বাকিরা এসো না