হেমন্ত আসেনি মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: অশোক কর্মকার
অলংকরণ: অশোক কর্মকার

আল মাহমুদ
পাপড়ি মেলে গোলাপ বাগান
কবিতা আমার পৃষ্ঠে বুলায় ঠান্ডা হস্ত—
পার হয়ে আসি আশিটি বছর এই সমস্ত
উদয়-অস্ত অভাবগ্রস্ত ছন্দের দোলা,
তার মাঝে দেখো আপন ভোলা;

আমি কবি এক মিল খুঁজে ফিরি
আলো ও আঁধারি আঁচল উড়িয়ে—
জুড়িয়ে পরান, গাইব কী গান?
মান-অভিমান দুই হাতে ঠেলে
পাপড়ি মেলে গোলাপ বাগান।

করে আহ্বান—আয় ওরে আয়

পথের প্রান্তে একটু দাঁড়াই;

ফোঁটায় ফোঁটায় ঝরে যায় জল,

ভিজিয়ে বুকের কোমল বোতাম

এই পরিণাম যারা লিখে নেয়

তাদের ডাকো।

দেখো আকাশে মেঘ ভেসে যায়

মেঘের ওপর

মাথায় আমার জ্বলছে সূর্য

তপ্ত দু’পর।

তারপরে আছে ঠান্ডা বাতাস

নেব নিশ্বাস

বুক ভরে আমি

আমিই তো পথে এখনো রয়েছি

অগ্রগামী।

এই তো আমি!

শামসেত তাবরেজী

ঝাউ

প্রাণ–ভ্রমরা, আগ বাড়িয়ে বসো না তার গায়ে

হীরকখণ্ড ঝলমলাচ্ছে অনন্য উপায়ে

 তাকে শুষে নিতে দাও

 জ্যামিতিময় আলোক বিচ্ছুরণ

 আপেল-আভায় যেমনটি মরণ

প্রাণ–ভ্রমরা, শিশুর হাসির স্মৃতি জ্বেলে করতেছে দাউ-দাউ

প্রাণ–ভ্রমরা, মরার আগে ভালো করে ভাবো

না মইলে শ্যাওলাজলে কেমনে সাঁতরাবো

 ভ্যূলোক-নাচা পুষ্কুরিনী ঘিরে

 মীনস্বভাবে, রতির ভীমরতি

 কখন দেবে সুপারনোভার গতি

প্রাণ–ভ্রমরা, নিদ্রা যেন গ্রাস না করে উল্টা চাঁদের তীরে

প্রাণ–ভ্রমরা, প্রাণ–ভ্রমরা, আমাকে দংশাও

পানির তলায় জন্ম নিচ্ছে স্বর্গভেদী ঝাউ

বদরে মুনীর

দ্বিপদী, হেমন্তে

বিদ্রোহের দিনগুলা কীভাবে, কখন

হাস্যকর হয়ে গেল, জানলে না মন।

 ২.

হঠাৎ দুপুরবেলা পারদ-বাতাসে,

বন্ধ ঘরে, আব্বার গায়ের গন্ধ ভাসে।

 ৩.

‘ডেলাইলা’, ‘ডেলাইলা’ ব’লে কে অন্ধ স্যামসন,

তোমার মানসনেত্র করছে উৎপাটন?

আলতাফ হোসেন

নাম দেব, সব দেব

যারা থাকবার তাদেরই রাখব

ইকবাল বানো

একজন বেঁচে আছেন—বুনুয়েল বললেন—কিন্তু নিজেকে

চিনতে পারছেন না

স্মৃতিভ্রংশ-অনুষঙ্গে শুরু

আত্মকথা

কে বা কারা যেন বললেন নাম দিও না, গল্প দিও না

বর্ণনা নৈব নৈব চ

সব দেব

ইকবাল বানো

লুই বুনুয়েল

বারবারই দেব

নিস্তব্ধ এক স্নেক-টেম্পল, লাউডগা সবুজ-সবুজ

ঢিবি করে তাতে লাইন, ছমছমে অন্ধ

এক ট্রেন

শিহাব সরকার

ম্যানহাটানের সোনারোদে

জীবনানন্দ বহুদিন থেকে ম্যানহাটানে

জামাইকায় একা-ঘরে শহীদ কাদরী তা জানে

ক্লিন্ট বুথ সিলি শিকাগোর গ্রন্থাগারে স্মৃতিময়:

কখন সব নদী হবে ধানসিঁড়ি, হাডসন রোগা হবে?

বরিশাল ফুটে থাকে বারান্দার টবে।

উত্তর হাওয়ায় তুষারকণারা ভাসে, বৃদ্ধ চমকায়

শহরের পার্কে স্কোয়ারে উইকএন্ড উছলায়

সাদা কালো বাদামি পরিরা রৌদ্রহরষে ওড়ে

যোজন যোজন দূরে ধানকাটা মাঠে নাড়া পোড়ে।

ম্যানহাটানের পথে পথে হাঁটি

বিকেলের সোনারোদে নগর-নিসর্গ মাটিপ্রায় খাঁটি

কবি আছেন কোথাও নিশ্চিত, ভিড়-পালানো, একা

ওই লেকটির ধারে সুরঞ্জনার সাথে হবে না কি দেখা?

হারানো নারীদের সাথে এ রকম দেখা হয়

হেমন্ত নেই আর রূপসী বাংলায়

কার্তিক জেগেছে জন্মান্তরে, ম্যানহাটানের সোনারোদে

কাঁদে কলকাতা আমাদের গূঢ়বোধে

পিলে-চমকানো হাসি হাসে কবি নিঝুম জংলায়।

অলংকরণ: অশোক কর্মকার
অলংকরণ: অশোক কর্মকার

ইমরান মাঝি
মানুষের মনে হয়
অনেক দিন বউ পুত্র কাছে না থাকলে, বউ পুত্রকে বউ পুত্রের স্বপ্ন মনে হয় আর মানুষের মনে হয় আমি এমন একাই ছিলাম।
অনেক দিন তিনজন এক বিছানায় ঘুমানোর পর একা সেই বিছানায় ঘুমাতে মানুষের কষ্ট হয়। তখন মানুষ দরজা খুলে বাইরে বৃষ্টি দেখে। মানুষের মনে হয়, প্রকৃতি দেখার জন্য যে িস্থরতা প্রয়োজন তা বর্তমান মানুষের নেই।
তখন মানুষের অতীতের কথা মনে পড়ে। গিরস্থ মানুষ কেন চাকর হয়ে গেল—এ প্রশ্ন মনে এলে মানুষের মনে হয়, কোনো পৃথিবীতেই সুন্দরভাবে বাঁচতে পারেনি মানুষ।
টিনের চালে বৃষ্টির শব্দ বেড়ে গেলে ঘরের মধ্যে মানুষের নিজেকে খুব নিরাপদ লাগে। তখন মানুষ বোঝে যে প্রেমের চেয়ে স্নেহের টান অনেক বেশি।

রফিক আজাদ
দুঃখজয়ী মানুষেরা বাঁধে ঘর
ভাঙনপ্রবণ নদীতীরে বারবার বাঁধে ঘর,

নদীভাঙা মানুষেরা ফের গড়ে নতুন নিবাস—

খেয়ালি নদীর কাছে শিখে নেয় যা কিছু শেখার;

প্রকৃতির খেয়াল-খুশির কাছে নতজানু নয়—

বরং জীবনবাদী মানবেরা সুদৃঢ় দাঁড়ায়!

ঋতুতে-ঋতুতে হয় প্রত্যেকের আত্ম-উদ্বোধন:

জলোচ্ছ্বাসে, ঝড়ে, প্রায়শই, বিপর্যস্ত উপকূল!

তবুও দমে না, দেখো, দুঃখজয়ী বাংলার মানুষ

ঘর বাঁধে, প্রিয় ঘর—যে ঘরে ঘুমুবে তার নারী!

আছে দুঃখ, আছে তাপ, আছে ক্লেশ, শঙ্কা, অনুতাপ—

তারা তবু দুঃখজয়ী—জেগে ওঠে সকল ঋতুতে

স্মরণ-কালের থেকে বর্ষ-পরিক্রমে আত্মশুদ্ধ

জাতিসত্তা জেগে ওঠে যথারীতি নিজস্ব নিয়মে!

দৈন্য আছে, আছে দুঃখ-তাপ, শঙ্কা, ভয় নিরবধি—

উৎসবে আনন্দে তবু এইসব অদম্য মানুষ

জীবনের প্রতি ফের সবিস্ময়ে বিহ্বল তাকায়—

এই দিনে ঘটে তার সুগভীর আত্ম-উন্মীলন!

মোস্তাক আহমাদ দীন

অঘ্রাণী

অতনু ঘাসের ঘ্রাণ ফেলে রেখে

আমি আজ অঘ্রানের খোঁজে।

ওই মাঠ কতটা ভিজেছে দেখো

ধানের বৃষ্টিতে।

সোনার খেতের পাশে

কতটা পয়মন্ত হয় দেখি

অঘ্রানি, তোমার শরীর।

রাশেদুজ্জামান

হেমন্ত

ঘুমের লেটারবক্সে চাঁদ যে চিঠিগুলো রেখে যায় রোজ, তাতে কী লেখা?

জ্যোৎস্না যখন বনের কিনার ধরে উঠে আসতে থাকে, হরিণের জিব শুকিয়ে কাঠ হয় কেন? তার ডোরাকাটা রূপে?

ধানের গুচ্ছের ভেতরে ফলে ওঠা শিশুদের গান ও রক্ত কাকে সন্দেহ করে?

চালতা ও ছাতিম ফুলের মধ্য দিয়ে যেতে পারে যে আলো, সে কি আমাদের হেমন্তের বর্ণমালাগুলো শেখাতে চাইবে?

মেঠো ইঁদুরের গর্তে জমানো শস্যের গায়ে কার নাম লেখা?

ফসল ডুবিয়ে দিয়ে ভিনদেশি যুবকের শব ভাসিয়ে আনে কেন নদী? স্বজনেরা কই তার? মা-কি ছিল?

নিরন্তর কুয়াশার উল বুনতে বুনতে চাঁদ কোন হেমন্তের দিকে ফেরে? সঞ্চয়ের? না-কি সংহারের?

আসাদ জামান

সহজাত

পুনর্জন্মে মুছে এসো অবিশ্বাস

আর অবিন্যস্ত প্রজ্ঞাসকল।

দেখেছ, কত আগুন জ্বলে জ্বলে

অনাদি মেলে দিল ডানা;

উড্ডীন বিমান

সচকিত নুইয়ে রেখে গেল

অঙ্কুরিত শস্য—তার শিষের উলুধ্বনি;

পৃষ্ঠটান—বৃত্ত করে নিল কত বিন্দু—

তার সহজ ভূমিকায়।

যে ভূমি ​িচরকালই দাত্রী,

যে মা সকল অশ্রু মুছে ফেলে একদিন

নিক্ষেপ করেছে শিষ,

সমুদ্র উপচে দিয়েছে লোনা—

তোমার দৃষ্টিতে প্রাণপণ গাঢ়তা পেল যা।

এই ভূমি, একদিন গরাদের উপমা থেকেই

বেরিয়ে যেতে চেয়েছে অনন্তের দিকে

ক্রমাগত প্রস্তরীভূত,

জলের মগ্নতা থেকে শরীর বিছিয়ে

ভিন্ন শরীরের কোনো দিকে।

তানিম কবির

হেমন্ত বিভাগীয়

নির্মীয়মাণ দালান থেকে ভাঙা ইটের গুঁড়া

উড়তে বেরোয় হেমন্তে আর মিশতে থাকে হাওয়ায়

দুইটা হলুদ ক্যাব চলে যায় দুইটা তাদের যাওয়ায়

ঠায় দাঁড়িয়ে হাইওয়েতে মনমরা ইঞ্জিনে

এমন তো হয় হেমন্তে হয়—অতিক্রমণ দ্বিধায়

সকল লোকের কাছেই সকল লোক পড়ে রয় বিধায়

হঠাৎ বিকেল শেষ হয়ে যায় বিনম্র জন্ডিসে

শরীর গুলায় জিভের ডগায় মেরুন বালির স্বাদে

হেমন্ত সব আগের মতোই রাখার অবসাদে

তোমার ছাদের ওপর তোমায় দাঁড় করিয়ে দেবে

মুয়িন পারভেজ

বাড়ি যাওয়ার পথে

বাড়ি যাওয়ার পথে, যেদিকে তাকাই শুধু জল

শুনেছি বর্ষার গান, এত বৃষ্টি দেখিনি নিখিলে

বৃষ্টির শরীরে যেন বেদেনীর যৌবনের ছল

যোগিনীঘাটার বাঁকে। জানি না ফকিরাচান বিলে

ডাকে কি না আজকাল ডাকাতিয়া বাঁশি; একদিন

হালদার বুকে ছিল মসলার ঘ্রাণ, পুথিসুরে

ভাসত চাক্তাই থেকে নারায়ণহাটে, বহুদূরে

এখন নৌকায় ওঠে বালি আর বেদনার ঋণ

ভাসছে অথই জলে নৌকার ওপর এক পাখি

একদিন এই পথে হেঁটে গেছি এমনই বৃষ্টিতে

ইটের ভাটায় আজ পদশব্দগুলো চেপে রাখি

না-পোড়া সমস্ত ইট ডুবে আছে জলের সংগীতে

স্মৃতির পাতাল থেকে যেন জল আসে ধুঁকে ধুঁকে

ও বাস, একটু থামো, ছবিটুকু তুলে রাখি বুকে

ফেরদৌস মাহমুদ

পুরান ঢাকা

পুরান ঢাকার দালানগুলো যেন শতবর্ষী নানা, শরীর ভরা

                         ইতিহাস।

নানা আমার হাঁটতেন বৃদ্ধ রবীন্দ্রনাথের মতো কুঁজো হয়ে

মধ্যরাতে লেবুফুলের করতালিতে পড়তেন

 সুর করে কোরআন।

আকাশে উড়ত লাল-নীল বাক্স-ঘুড়ি, নানার হাতে

 শোভা বাড়াত বাকরখানি;

নানাবাড়ি বহুদিন হলো হয়ে গেছে মামাবাড়ি।

মামাবাড়ি হয়ে যাচ্ছে একটু একটু করে মামাতো ভাইয়ের...

পুরান ঢাকার অলিতে-গলিতে, বাড়ির ছাদে হাসনাহেনার ঘ্রাণে

আজ সন্ধ্যায় উঠেছে মস্ত টিনের চাঁদ।

পঙ্গু ভিখিরির গানে ওই চাঁদ যেন বাজছে ঠন্ ঠন্‌।

মনে হয়, নানার মতো ওই দালানগুলোও লুটিয়ে

 পড়বে হঠাৎ।