হেমন্তমুখর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনতে চিনতে চালিয়ে নিচ্ছি জীবন

মুছতে মুছতে ওলটপালট স্মৃতি,

বারান্দাঘেঁষা কুয়াশায় কার মুখ!

            দেখতে চাই না, দরজা বন্ধ রাখি৷

পুড়িয়ে দিতাম চুমুর স্বাদটি ঠোঁটের

সিগারেট নেই, পকেট শূন্য খাঁ খাঁ,

এই তৃষ্ণার ওপারে তোমার মুখ

            ধোঁয়ারা আঁকছে, ফুসফুসে তুলে রাখি৷

 বিষ জমে গেছে, বিষ জমে যায় রোজই

পুরোনো প্রেমের বন্ধ কপাট খুলে

হুড়মুড় রোদ হেমন্ত আনে যদি

            না শুকানো ক্ষত কুয়াশায় পেতে রাখি৷

বুঝি তো কেন যে সন্ধ্যামুখিন আলোয়

ভুল বোঝা দিন পিচ রাস্তায় হাঁটে,

ফেলে রেখে যায় ‘অনুধাবনের দায়’;

            মনে পড়া চোখ চোখেই লুকিয়ে রাখি...