
ভুল হবে না যদি বলি কবি-মানসও প্রকৃতির মতোই ঋতুচক্রে আবর্তিত হয়। কোনো নতুন ঋতুর আগমনে প্রতিবেশগত যে পরিবর্তন আসে, তার অনেক কিছুই দৃশ্যমান; হয়তো সব মানুষের সংবেদনাই সেগুলোতে সাড়া দেয়। কিন্তু সবাই তা প্রকাশ করেন না বা করতে পারেন না। কিন্তু কবি এই পরিবর্তনের যতটা তাঁর চোখ দিয়ে দেখেন, মন দিয়ে দেখেন তার চেয়েও বেশি। আর এই দেখা ও অদেখা সবকিছুই প্রকাশ করার দায়িত্ব তো কেবল কবিদেরই, যাঁরা অদেখাকেও দেখতে পারেন; অধরাকেও ধরতে পারেন। তাই বলে সব ঋতু সব কবির বেলায় একই রকম সংবেদনা তৈরি করে তা বলা যাবে না। কারও কাছে ‘বসন্ত’ই ঋতুরাজ; কারও কাছে একটু অতিরিক্ত মর্যাদা পায় ‘বর্ষা’ কিংবা ‘হেমন্ত’; কোনো কোনো কবির রচনায় মূর্ত হয় ‘শীতের’ রূপ-বৈচিত্র্য আর কারও রচনায় প্রাধান্য পায় ‘গ্রীষ্মের’ দাবদাহ।
বাঙালির নান্দনিক ভাবনায় ‘বসন্ত’ ঋতুরাজের মর্যাদা পেয়েছে যত না, এ ঋতুর প্রভাব-প্রতিপত্তিতে, এর চেয়েও বেশি পাশ্চাত্যের অনুকরণে, বিশেষত ইংরেজি কবিতার পঠন-পাঠন থেকে সৃষ্ট সংবেদনশীলতায়। বাংলা কবিতার প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের রচনায় প্রাধান্য পেয়েছে বর্ষা ও শরৎ, কাজী নজরুল ইসলামের রচনায় গ্রীষ্ম আর জীবনানন্দের রচনায় হেমন্ত ও শীত। বাংলা কবিতায় হেমন্তের কথা উঠলে সর্বাগ্রেই মনে পড়ে জীবনানন্দ দাশের কথা। ফলে তিনিই দখল করে আছেন আমার এ লেখার বহুলাংশ।
‘ধান কাটা’, ‘নবান্ন’, ‘ইঁদুর’, ‘শালিক পাখি’ আর ‘লক্ষ্মীপেঁচা’র যে উল্লেখ দেখি জীবনানন্দ দাশের উত্থান পর্বের অজস্র কবিতায়, তাতে তাঁকে ‘হেমন্তের কবি’ অভিধায় অভিষিক্ত করলেও অত্যুক্তি হবে না। জীবনানন্দ দাশের কবিতায় হেমন্ত প্রাণ পেয়েছে তার দ্বৈত সত্তা নিয়ে। জীবনানন্দ হেমন্ত ঋতুকে ব্যবহার করেছেন মূলত বিনষ্টি, ক্ষয়িষ্ণুতা ও মৃত্যুর প্রতীক হিসেবে, আবার একই সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর উৎসবের কাল হিসেবে। একদিকে ‘নবান্নের ঘ্রাণ’ আর অন্যদিকে শিশিরসিক্ত ‘নির্জন স্বাক্ষর’ বহন করে হেমন্ত ঋতু জীবনানন্দের কবিতায় চিত্রিত হয়েছে এক দ্বান্দ্বিক দ্যোতনায়।
‘চারিদিকে নুয়ে প’ড়ে ফলেছে ফসল/তাদের স্তনের থেকে ফোঁটা-ফোঁটা পড়িতেছে শিশিরের জল!/প্রচুর শস্যের গন্ধ বুকে তার থেকে আসিতেছে ভেসে/পেঁচা আর ইঁদুরের ঘ্রাণে ভরা আমাদের ভাঁড়ারের দেশ’; ‘হেমন্তের রৌদ্রের মতন/ফসলের স্তন/আঙুলে নিঙাড়ি/এই ক্ষেতে ছাড়ি/অন্য ক্ষেতে চলিব কি ভেসে/এ-সবুজ দেশে/আরো একবার’—এমন পঙিক্তমালা একদিকে যেমন ফলবতী হেমন্তের রূপ ফুটিয়ে তোলে, অন্য অনেক পঙক্তিমালা তেমনি বলে ভিন্ন কথা, যেখানে ফুটে ওঠে হেমন্তের বিনাশী রূপ: ‘সমস্ত পৃথিবী ভ’রে হেমন্তের সন্ধ্যার বাতাস/দোলা দিয়ে গেল কবে।—বাসি পাতা ভূতের মতন উড়ে আসে/কাশের রোগীর মতো পৃথিবীর শ্বাস—/যক্ষ্মার রোগীর মতো ধুঁকে মরে মানুষের মন’; ‘যখন হেমন্ত আসে গৌড় বাংলায়/কার্তিকের অপরাহে হিজলের পাতা শাদা উঠানের গায়/ঝ’রে পড়ে, পুকুরের ক্লান্ত জল ছেড়ে দিয়ে চলে যায় হাঁস’; ‘বনের পাতার মতো কুয়াশায় হলুদ না হতে/হেমন্ত আসার আগে হিম হয়ে প’ড়ে গেছি ঝরে’।
বিনষ্টি ও মৃত্যুচিন্তা জীবনানন্দ দাশের কবিতার প্রধান অনুষঙ্গ। এমনকি, ‘বনলতা সেন’-এর মতো রোমান্টিক প্রেমের কবিতায়ও মৃত্যুচিন্তা রোমান্টিকতাকে এতটাই ছাড়িয়ে গেছে যে শেষ বিবেচনায় একে মৃত্যুবিষয়ক কবিতা বলেই মেনে নিতে হয় যখন বলা হয়: ‘সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন/সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;/পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন/তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;/সব পাখি ঘরে ফেরে—সব নদী—ফুরায় এ-জীবনের সব লেনদেন;/থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন’। এই মৃত্যুচিন্তা রূপায়ণে ব্যবহার্য চিত্র ও চিত্রকল্পের ভান্ডার হিসেবে জীবনানন্দ দাশ বেছে নিয়েছেন ‘হেমন্ত’ ও ‘শীত’ ঋতুকে।
বাংলা কবিতা তার পথ পরিক্রমায় একেক দশকে একেক চারিত্র্য নিয়ে অগ্রসর হলেও স্বদেশের রূপ-বৈচিত্র্যের রূপায়ণে অনড়। আর এই কাজে কবিদের সংবদেনশীলতা জুগিয়েছে এ দেশের ঋতুবৈচিত্র্য।
প্রথম আলো তার সূচনালগ্ন থেকেই এর ‘শিল্প সাহিত্য’ পাতায় নিয়মিত ঋতুভিত্তিক কবিতা প্রকাশের উদেযাগ গ্রহণ করে নানা কারণে উন্নাসিক সময়ের কবিদেরও স্বদেশলগ্নতার দিকে ধাবিত করার প্রয়াস চালাচ্ছে বলেই মনে করি। এটা সত্যি যে রোমান্টিক যুগের কবিদের মতো নিরেট ঋতু-বন্দনা তথা প্রকৃতি-বন্দনার কাল গত হয়েছে। তবু অন্তত খণ্ডচিত্রে হলেও বাংলার হেমন্ত ঋতু প্রাণ পাবে প্রথম আলোর এই হৈমন্তিক সংগ্রহে—ভাবতে সুখ বোধ হচ্ছে বৈকি!