হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে রূপসী বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৬ সাল। ঢাকার মিন্টো রোডে যাত্রা শুরু করে বাংলাদেশের প্রথম পাঁচতারকা হোটেল। হোটেল ইন্টারকন্টিনেন্টাল। প্রথম পর্যায়ে ৩০০টি কামরা নিয়ে হোটেলটি শুরু হয়েছিল। এর পর থেকেই বিদেশি পর্যটক, ব্যবসায়ী, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ অনেক বিখ্যাত ব্যক্তি ছিলেন এ হোটেলে। তারপর ১৯৭১ সালে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সঙ্গে এ হোটেলের নাম ওতপ্রোতভাবে জড়িত। মুক্তিযুদ্ধের আগে ও মুক্তিযুদ্ধ চলাকালীন অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা এ হোটেল থেকে এসেছে।মুক্তিযুদ্ধ চলাকালীন এই হোটেল নো ওয়ার জোন হিসেবে স্বীকৃত ছিল। তখন এ হোটেলে অবস্থান করেই বিদেশি কূটনীতিক ও সাংবাদিকেরা তাঁদের দায়িত্ব পালন করেছিলেন। আন্তর্জাতিক প্রতিনিধি ও বিদেশি গণমাধ্যমের কেন্দ্রস্থল ছিল হোটেলটি। বাংলাদেশের গণহত্যা, মুক্তিযুদ্ধের সংবাদ বিশ্বব্যাপী প্রচার করে তাঁদের অনেকেই তখন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব-জনমত গড়ে তুলতে ভূমিকা রেখেছিলেন। তাঁদের মধ্যে বিবিসির বিখ্যাত সাংবাদিক মার্ক টালি ও সাইমন ড্রিং, অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) পাকিস্তান ব্যুরোর প্রধান আর্নল্ড জেইটলিন ও ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদক ডেভিড গ্রিনওয়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।১৯৭১ সালের ৯ জুন ও ১১ আগস্ট এখানে দুটি সফল গেরিলা অপারেশন চালানো হয়।পরবর্তীকালে ১৯৮৪ সালে এটি সরকারের মালিকানায় এবং স্টারউড এশিয়া প্যাসিফিক হোটেল অ্যান্ড রিসোর্টস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত হতে থাকে। স্টারউড এশিয়া প্যাসিফিক হোটেল অ্যান্ড রিসোর্টস ২০ বছরের জন্য হোটেলটি পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। সেই সময় হোটেলটির নাম পরিবর্তন করে ঢাকা শেরাটন হোটেল রাখা হয় স্টারউডের ব্র্যান্ড নেম শেরাটনের সঙ্গে মিলিয়ে। চুক্তির মেয়াদ বাড়িয়ে স্টারউড ২০১১ সাল পর্যন্ত হোটেলটি পরিচালনা করে। চুক্তির মেয়াদকাল শেষ হওয়ার পর ১৯ আগস্ট ২০১১ হোটেলটির মালিকানার সঙ্গে পরিচালনারও দায়িত্ব নেয় বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (বিএসএল)। এটি একটি সরকারি প্রতিষ্ঠান। আর হোটেলের নাম পরিবর্তন করে রাখা হলো হোটেল রূপসী বাংলা। সুচিত্রা সরকার