হোলি নাইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চড়াও হচ্ছ কেন? কিছুটা জ্যামিতি আমি বুঝি,
একটি সরলরেখার ’পর লম্ব..., বৃত্ত-বৃত্তান্ত সংস্কার...
সত্য কতটুকু ঊরুস্তম্ভ প্রাক্তন বিপরীত থেকে এলে
তুমি জানো যতটুকু আমিও জেনেছি শ্বাসে-বিশ্বাসে
এ ছাড়া ধর্ম নাই—রক্ত বীজে হোলি আর্টিজান খুঁজি
প্রত্যেকে প্রত্যেকের ঘরে। এত কিছু করেও তোমার
হতে পারা গেল না, ট্রান্সন্যাশনাল পশ্চিম বিকেলে
মাগো, তোমার সোঁদরেরা দাঁত খুলে হাসে!
চড়াও হোয়ো না। নির্ব্যক্ত ব্যক্তিকে দিয়ে এই ভবে
কী করতে চাও? কলস ওল্টালেই সোনা নাকি নুনু
ঝরে? প্রশ্নবিদ্ধ হরিণ লাফানো রাত—এ কেমন তির
বিঁধেছে নাভিকেন্দ্রে পঁয়তাল্লিস বছরে—কিছুটা বুঝি তো!
দুহাতে আগলে দিগন্তের পুরাটাই নিতে জানি
পায়ে বেড় দিয়ো—জানি, রিক্ত যা অতি গৌরবে
কেরদানি দেখায়—তা তো ধরে রাখে মস্তান কীটাণু
এই সত্য সর্বদা সুশীলে-কুশীলে, হোলি রাত্রির
অপবিত্রতা সবেমাত্র শুরু—তাতেই কি ভুরু কুঞ্চিত!