হোলির প্রচলন প্রসঙ্গে
৯ এপ্রিল, ২০১০ ‘অন্য আলো’র মূল আয়োজন ছিল বসন্ত-বন্দনা। এর অংশ হিসেবে ‘রঙে রাঙানো হোলি’ রচনাটিতে লেখক সাইমন জাকারিয়া হোলির প্রচলন বিষয়ে একটি পুরাণ-কথার উল্লেখ করেছেন। অথচ পুরাণে সে গল্পের কোনো সমর্থন পাওয়া যায় না।হোলি প্রসঙ্গে অষ্টাদশ পুরাণে আছে—ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রজমণ্ডলে (বৃন্দাবন ধাম) লীলাবিলাস করছিলেন, তখন ব্রজমণ্ডলে মেড্রাসুর নামে এক অসুর ছিল। সেই অসুর ব্রজবাসীর ওপর খুব অত্যাচার করত। ব্রজবাসী কোনোভাবেই সেই অসুরের অত্যাচার সহ্য করতে পারছিল না। কোনো উপায় না পেয়ে তারা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারস্থ হয় এবং মেড্রাসুরকে বধ করার জন্য ভগবানকে আকুতি জানায়। এরপর ফাল্গুনী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ মেড্রাসুরকে বধ করেন। মেড্রাসুর বধের আনন্দে ব্রজবাসী একে অন্যের গায়ে বিভিন্ন ধরনের রং ছিটিয়ে আনন্দ-উল্লাস করতে থাকে। সেই থেকে হোলি উৎসব পালন করা হয়। আসুরিক শক্তি বা অপশক্তিকে বিনাশ করে শুভ শক্তি ও সত্য প্রতিষ্ঠা লাভ করাই হচ্ছে হোলির মুখ্য উদ্দেশ্য।—সুব্রত কুমার সাহা লেখকের মন্তব্য সনাতন ধর্মের দেবদেবী রাধাকৃষ্ণের কাহিনি-পুরাণের বাইরেও অঞ্চলভেদে নানা রূপ ধারণ করেছে। বাংলাদেশের লৌকিক স্তরে রাধাকৃষ্ণের প্রণয়লীলা নিয়ে যেমন দেহগত একটা অর্থ প্রচলিত রয়েছে, তেমনি আধ্যাত্মিক আরেকটা অর্থও প্রচলিত। আমি আমার রচনায় ধর্মীয় গ্রন্থের কথা বলিনি, বলেছি সংস্কৃতির কথা। আমার উল্লিখিত মতটি কুষ্টিয়া অঞ্চলের বাউলসাধক-ফকিরদের মধ্যে প্রচলিত। বাউলমতে, দেহসাধনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই হয়তো বাউলদের মধ্যে শ্রীরাধাকে নিয়ে এই নতুন লোকপুরাণের জন্ম হয়েছে। আর আমি সেটা উল্লেখ করেছি মাত্র। এ কারণে কোনো ধর্মপ্রাণ ব্যক্তি আহত হলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। পাঠকসমাজের কাছে শাস্ত্রীয় গ্রন্থ অনুসারে হোলি প্রবর্তনের কথা তুলে ধরার জন্য সুব্রত কুমার সাহাকে ধন্যবাদ।—সাইমন জাকারিয়া