হ্যান্ডশেক দাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

কলোনির মাঠে প্রতিদিন বিকেলবেলা ছোট ছেলেমেয়েরা যখন খেলা করে, তখন হ্যান্ডশেক দাদুর আগমন ঘটে। ছেলেমেয়েরা খেলা ফেলে যে যার মতো দৌড়ে গিয়ে তাঁর সঙ্গে হ্যান্ডশেক করে। তারপর আবার খেলা শুরু হয়। এটা রোজকার রুটিন।
দাদু মাঠে আসামাত্র ভীষণ হুড়োহুড়ি পড়ে যায়। হঠাৎ যেন এক মুঠো আনন্দের রৌদ্র বয়ে যায় সবার চোখে-মুখে, কলোনির মাঠে। ফুটবল, ক্রিকেট ব্যাট কিংবা ব্যাডমিন্টনের র‌্যাকেট-ফেদার ফেলে রেখে কে কার আগে তাঁর সঙ্গে হ্যান্ডশেক করবে, এই নিয়ে তাদের মধ্যে ছোট্ট একটা প্রতিযোগিতাও হয়ে যায়। নতুন নতুন হাঁটতে শেখা মিনি সাইজ বাচ্চারাও এগিয়ে যেতে ভোলে না। হ্যান্ডশেক দাদু কাউকে নিরাশ করেন না। সবাই তাঁর বন্ধু। তিনি কাউকে বেশি গুরুত্ব দেন না। কাউকে কম গুরুত্বও দেন না। সবার সঙ্গে হ্যান্ডশেক শেষ হলেই তিনি ধীরে ধীরে হেঁটে চলে যান। হাঁটার সময় তাঁকে একটু কুঁজো দেখায়। কিন্তু মনে হয়, তিনি খুবই ব্যস্ত। বাচ্চাদের সঙ্গে হ্যান্ডশেক ছাড়াও তাঁর অনেক কাজ রয়েছে।
বাচ্চাদের কারণে হ্যান্ডশেক দাদু নামটি এতটাই জনপ্রিয় হয়েছে যে তাঁর আসল নাম ঢাকা পড়ে গেছে। তাঁর নাম আশরাফ আলী। তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক।
তবে বড়দের কাছে লোকটি রহস্যময়। মা-বাবারা কেউ তাঁকে ভাবেন পাগল, কেউ ভাবেন নিশ্চয়ই কোনো ফন্দি আছে মনে। না হলে কেন তিনি এমন অদ্ভুত কাজ করে বেড়াবেন? তাই নিজের সন্তানটি তাঁর সঙ্গে হ্যান্ডশেক করার সময় কেউ কেউ জানালায় সতর্ক দৃষ্টি রাখেন। তাঁরা মনে মনে ভাবেন, ছেলেধরাদের সঙ্গে যোগাযোগ নেই তো?
পুরোনো পাঞ্জাবির ওপর ঢিলেঢালা কোট পরা। মাথায় মাঙ্কি টুপি। চোখে মোটা ও কালো ফ্রেমের চশমা। হঠাৎ দেখলে তাঁকে রহস্যময় লাগতেই পারে। নিজের উপস্থিতি দিয়ে তিনি যেন কী বলতে চান। প্রতিবার হ্যান্ডশেক করার সময় তাঁর ঠোঁটের কোণে লেগে থাকে মিষ্টি হাসি, যেন ফুল থেকে ছড়াচ্ছে সুবাস। তখন তাঁকে আর বয়স্ক মানুষ মনে হয় না। তিনিও শিশু হয়ে যান।
এরই মধ্যে একদিন কলোনি থেকে কয়েকটি ছেলে হারিয়ে যায়। মাইকে ঘোষণা আসে এই খবর। আতঙ্কিত সব মানুষ রাস্তায় নেমে আসে, খুঁজতে থাকে বাচ্চাদের। কিন্তু সারা দিন খুঁজেও তাদের কাউকে পাওয়া যায় না। এলাকার সবার সন্দেহ গড়ায় হ্যান্ডশেক দাদুর ওপর। কলোনির যুবকেরা ভাবে, এবার পাজি বুড়োটাকে আচ্ছামতো শাস্তি দিতে হবে, যাতে তিনি আর কখনো এমুখো হতে না পারেন। কিন্তু কোথাও তাঁকে খুঁজে পাওয়া যায় না।
পুলিশ আসে। কলোনি থেকে আশরাফ আলীর বাড়ি কিছুটা দূরে। গ্রামের নাম গেরুয়া। উঁচু-নিচু পাহাড়ি এলাকায় তাঁর পুরোনো একতলা বাড়ি। পুলিশ তাঁর বাড়িতে তল্লাশি চালায়। পুলিশের সঙ্গে ভিড় করে কলোনির একদল মানুষ ও আশরাফ আলীর পাড়া-প্রতিবেশীরা।
সবাই হতাশ হয়ে ফিরে আসে। কোনো সমাধান হয় না। মা-বাবার কান্নাকাটি চলতেই থাকে।
অবশেষে সূর্য পুরোপুরি ডুবে যাওয়ার কিছুক্ষণ আগে তাদের খুঁজে পাওয়া যায় শহরের শেষ প্রান্তে, সবুজে ঘেরা একটি চমৎকার জায়গায়। তাদের ঠিক পেছনে কয়েকটি খরগোশ খেলা করছে। দূর থেকে ভেসে আসছে ঝরনার শব্দ। আর তাদের আশপাশে ছড়িয়ে আছে কিছু বই, ছবি, রং-তুলি ও ছবি আঁকার কাগজ। এসবের বিষয়বস্তু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। বাচ্চারা কেউ উপুড় হয়ে শুয়ে, বসে কিংবা গাছের ডালে ঠ্যাং দুলিয়ে দুলিয়ে আগ্রহী ভঙ্গিতে হ্যান্ডশেক দাদুর দিকে তাকিয়ে আছে। হ্যান্ডশেক দাদু বলছেন, ‘তোমরা হচ্ছ দিনের শুরু। সকালের সূর্য। মনে রাখবে, সুন্দর একটি দেশ গঠনের জন্য সবাইকে নিজ নিজ ইতিহাস জানা উচিত। আমাদের সবচেয়ে বড় ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস। এ সম্পর্কে যতই জানবে, ততই মনে শক্তি পাবে। ততই ভালোবাসতে শিখবে নিজের দেশকে...’
পুলিশ বাহিনী ও বাচ্চাদের মা-বাবারা এই দৃশ্য দেখে হতবুদ্ধি হয়ে পড়েন!