হ্যারি পটারের পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জে কে রাওলিং
জে কে রাওলিং

প্রিয় হ্যারি পটার সিরিজটি শেষ হয়ে গেছে বলে যারা মন খারাপ করে বসে আছ, তাদের জন্য সুখবর! তোমাদের কথা ভেবেই নতুন করে নতুন গল্প লিখতে শুরু করেছেন হ্যারি পটার-এর লেখিকা জে কে রাওলিং। তবে নতুন এই গল্পে থাকবে না হ্যারি পটার, রন, ম্যালফয় কিংবা হ্যামিওনি। ভাবছ, ‘ধুৎ! তাহলে আর মজা থাকল কী?’ ভুল! হ্যারি পটার না থাকলেও থাকবে হ্যারির জাদুর দুনিয়া!

ব্যাপারটা একটু খোলাসা করেই বলি। তোমরা তো জানো, হ্যারি পটার চলচ্চিত্রটি তৈরি হয়েছিল জে কে রাওলিংয়ের লেখা হ্যারি পটার উপন্যাস থেকে। তবে এবার আর উপন্যাস নয়, সরাসরি সিনেমার জন্য চিত্রনাট্য লিখছেন জে কে রাওলিং।

এবারও ছবিটি প্রযোজনা করবে হ্যারি পটার-এর নির্মাতা ওয়ার্নার ব্রস পিকচারস। ছবির কাহিনি সম্পর্কে এখনই খুব বেশি কিছু বলতে নারাজ জে কে রাওলিং আর তাঁর দল। তবে যতটুকু জানা গেছে, এবার গল্প গড়ে উঠবে হগওয়ার্টস স্কুলের পাঠ্যবইটিকে কেন্দ্র করে। মনে আছে?

জাদুকরদের স্কুল হগওয়ার্টসের পাঠ্যবই, ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম। কল্পিত চরিত্র নিউট স্ক্যামেন্ডার একজন জাদুবিশেষজ্ঞ। তাঁর লেখা এই পাঠ্যবইতে আছে অদ্ভুত সব প্রাণীর গল্প।

এমনই উদ্ভট সব প্রাণীর দেখা পাবে জাদুর দুনিয়ায়
এমনই উদ্ভট সব প্রাণীর দেখা পাবে জাদুর দুনিয়ায়

সেসব বিচিত্র প্রাণী আর তাদের কাণ্ডকীর্তি নিয়েই সম্ভবত এবার গল্প ফাঁদবেন রাওলিং। ডক্সি, পিগমি পাফের মতো কাল্পনিক প্রাণীগুলোর খেলা দারুণ জমবে বলেই মনে হচ্ছে! পুরোনো চরিত্রদের মধ্যে বোধ হয় শুধু হগওয়ার্টস স্কুলের ‘হেডমাস্টার’ ডাম্বেলডোরের দেখা পাবে তোমরা।

ছবির প্রযোজক ডেভিড হেইম্যানের মন্তব্য প্রত্যাশা বাড়িয়ে দিচ্ছে আরও বেশি! তিনি বলেছেন, ‘নতুন এই ছবিটি হবে খুবই অসাধারণ।’ লেখিকা জে কে রাওলিংও যেন তোমাদের মতোই বেশ উত্তেজিত। সংবাদমাধ্যমগুলোর কাছে তিনি বলেছেন, ‘হ্যারি পটারের জাদুর দুনিয়ায় আবারও ঘুরে বেড়াব, ভেবেই আমার ভালো লাগছে!’ রাওলিং জানান, হ্যারি পটার-এর সময়কালের ৭০ বছর আগের ঘটনা নিয়ে এগোবে ছবির গল্প। নতুন এই সিরিজে আরও কী কী চমক অপেক্ষা করছে, কে জানে!

মো. সাইফুল্লাহ, সূত্র: ডগোনিউজ