হুমায়ূন আহমেদের ছেলেবেলার ৫টি মজার ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেবেলার হুমায়ূন আহমেদ, তখন পড়তেন ক্লাস টুতে
ছেলেবেলার হুমায়ূন আহমেদ, তখন পড়তেন ক্লাস টুতে

সিলেটের মীরাবাজারে গাছগাছালি ঘেরা এক রহস্যময় বাড়িতে কেটেছে হ‌ুমায়ূন আহমেদের শৈশব। তাঁর ছেলেবেলা যে কত ঘটনাবহুল, সেটা তোমরা তাঁর লেখা আমার ছেলেবেলা কিংবা কিছু শৈশব—বইগুলো পড়লে জানতে পারবে। ছোটদের জন্য তিনি অসাধারণ সব গল্প লিখেছেন। ছেলেবেলার ঘটনাগুলো নিশ্চয়ই তাঁর ‘লেখক’ হয়ে ওঠার পেছনে একটা বড় ভূমিকা রেখেছে। গতকাল ছিল হ‌ুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী। প্রিয় লেখকের স্মরণে তাঁর ছেলেবেলার কিছু গল্প শোনা যাক

রহস্যময় আইসক্রিমওয়ালা


এক দুপুরের কথা। ‘দুধ মালাই, আইসক্রিম, দুধ মালাই’ হাঁক ছেড়ে গলিতে গলিতে ঘুরছিল এক আইসক্রিমওয়ালা। ডাক শুনে ছুটে গিয়েছিল ছোট্ট হ‌ুমায়ূন আহমেদ। আইসক্রিমওয়ালা যখন জিজ্ঞেস করল, ‘দুধ মালাই চাই?’ তখন সে মন খারাপ করে বলেছিল, তার কাছে পয়সা নেই। তারপরও আইসক্রিমওয়ালা ঠিকই তাকে একটা আইসক্রিম খেতে দিয়েছিল।

সেই থেকে শুরু। এরপর প্রতিদিনই ঘটতে লাগল একই ঘটনা। দুপুর হলেই আইসক্রিমওয়ালা আসেন, ছোট্ট হ‌ুমায়ূনের হাতে আইসক্রিম ধরিয়ে দিয়ে বলেন, ‘আরাম করে খাও। আমি বসে বসে দেখি।’ কিছুদিন পর লেখকের বাবা এ ঘটনা জেনে যান। কিন্তু অসংখ্য প্রশ্নের পরও আইসক্রিমওয়ালা কেন বিনে পয়সায় আইসক্রিম খাওয়ায় তা জানা যায়নি। শেষবার ছোট্ট হ‌ুমায়ূনের হাতে একটা আইসক্রিম দিয়ে আইসক্রিমওয়ালা বলেছিলেন, তাঁকে মনে রাখতে।

মজার ব্যাপার হলো, প্রায় ৩০ বছর পর এ ঘটনার পুনরাবৃত্তি হয় লেখকের মেয়ের সঙ্গে। লেখকের বড় মেয়ে যখন ছোট, আইসক্রিমওয়ালার ঘণ্টার শব্দ শুনে সে-ও ছুটে গিয়েছিল আইসক্রিম খেতে। আইসক্রিম হাতে ফিরে এসে মেয়ে বলেছিল, আইসক্রিমওয়ালা তার কাছ থেকে টাকা নেয়নি। 

গাধা


হ‌ুমায়ূন আহমেদ লিখেছেন, তাঁর লেখকের হওয়ার পেছনে বড় মামা শেখ ফজলুল করিমের কিছু অবদান আছে। বড় মামা কবিতা ও গান লিখতেন। মজার মানুষ ছিলেন। মামার প্রতিভা ছোট্ট হ‌ুমায়ূনেরা বুঝলেও বড়রা নাকি বুঝত না। তাদের ধারণা ছিল—মামা হচ্ছেন মহাগাধা। এতে বড় মামা মোটেই রাগ করতেন না। হাসতেন। কিন্তু মামাকে গাধা বললে লেখকের খুব রাগ হতো। একদিন মামা তার ভাগনে-ভাগনিদের ডেকে একটা ছোট বক্তৃতা দিয়ে ফেললেন। বললেন, ‘কাউকে গাধা বললে রাগ করা উচিত না, বরং খুশি হওয়া উচিত। প্রাণিজগতে গাধার স্থান অতি উচ্চে। গাধা হচ্ছে অসম্ভব বিনয়ী ও নিরহংকার। তাকে বকাঝকা করলে সে কিছু বলবে না। নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। গাধা হচ্ছে খুব পরিশ্রমী। পর্বতপ্রমাণ বোঝা পিঠে নিয়ে নিঃশব্দে হেঁটে যাবে। গাধার অন্তরে আছে সংগীতপিপাসা, যা অন্য প্রাণিদের মধ্যে কখনো দেখা যায় না। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে সে তখন সংগীতের প্রবল আবেগে উচ্ছ্বসিত হয়ে গান ধরে। এ গান সে গায় নিজস্ব ভঙ্গিতে...’

মামার বক্তৃতা শুনে ছোট্ট হ‌ুমায়ূন রীতিমতো গাধাভক্ত হয়ে গেল! এরপর থেকে কেউ গাধা বলে গাল দিলে লেখকের নাকি বড় ভালো লাগত! 

ফুটবলের জন্য


বাল্যবন্ধু শংকরকে নিয়ে লেখকের কয়েকটা গল্প আছে। ছেলেবেলায় শংকর ছিল তার ছায়াসঙ্গীর মতো। শৈশবে পড়াশোনা নিয়ে তাদের একেবারেই কোনো চিন্তা ছিল না। কিন্তু ক্লাস থ্রির বার্ষিক পরীক্ষার আগে ঘটল একটা ব্যতিক্রম ঘটনা। কারণ বন্ধু শংকরের মা ঘোষণা দিলেন, শংকর যদি ক্লাস থ্রি পাস করে ফোরে উঠতে পারে তবে সে পাবে একটা ফুটবল। একটা চামড়ার ফুটবলের ভীষণ শখ তাদের। ফুটবলের লোভে শংকরকে নিয়ে পড়তে বসল তৃতীয় শ্রেণির ছাত্র হুমায়ূন। একই ক্লাসে পড়লেও তখন সে শিক্ষক আর শংকর ছাত্র। কাউকে পড়াতে হলে আগে নিজে বুঝতে হয় তাই শুরু হলো নিজে খেটেখুটে পড়া ও শংকরকে পড়া বোঝানোর আপ্রাণ চেষ্টা। কিন্তু পরীক্ষার ফল বের হওয়ার পর দেখা গেল লেখক প্রথম হলেও শংকর পাস করতে পারেনি। সেবার পরীক্ষায় ফার্স্ট হয়েও ফুটবল না পাওয়ার দুঃখে কাঁদতে কাঁদতে বাসায় ফিরেছিল ছোট্ট হুমায়ূন। পরে অবশ্য শংকরকেও প্রমোশন দেওয়া হয় এবং শংকরের মায়ের কিনে দেওয়া এক নম্বুরি ফুটবল দিয়ে প্রতিষ্ঠিত হয় ‘গ্রীনবয়েজ ফুটবল ক্লাব’। 

ঘোড়া


হ‌ুমায়ূন আহমেদের বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন একজন পুলিশ কর্মকর্তা (পরে তিনি মুক্তিযুদ্ধে শহীদ হন।) অসাধারণ একজন মানুষ ছিলেন। বাবাকে নিয়ে লেখক লিখেছেন, ‘আমার বাবা পৃথিবীর সব চেয়ে ভালো মানুষদের একজন কি না তা জানি না, তবে বিচিত্র একজন মানুষ, তা বলতে পারি।’

কতটা বিচিত্র, তার একটা উদাহরণ পাওয়া যায় লেখকের আমার ছেলেবেলা বইতে।

এক শীতকালের ঘটনা। ভোরবেলা মায়ের গলা শুনে ছোট্ট হ‌ুমায়ূনের ঘুম ভাঙে। টের পান, মা-বাবা কী নিয়ে যেন রাগারাগি করছেন। কান পেতে শুনতে পান, মা বারবার বলছেন, ‘ঘোড়া দিয়ে তুমি করবে কী? আমাকে বুঝিয়ে বলো, কে পুষবে এই ঘোড়া?’

বাবা বলেন, ‘এত রাগছ কেন? একটা কোনো ব্যবস্থা হবেই।’

আধো ঘুমে কথাগুলো শুনেই ছোট্ট হ‌ুমায়ূন বুঝল, একটা ঘোড়া কেনা হয়েছে! তড়াক করে বিছানায় লাফিয়ে বসল সে। তখন বাবা হাসিমুখে বললেন, ‘ঘরের বাইরে গিয়ে দেখে আয়, ঘোড়া কিনেছি।’

বাইরে গিয়ে লেখক দেখেছিলেন একটা অদ্ভুত দৃশ্য! সুপারিগাছের সঙ্গে বাঁধা বিশাল এক ঘোড়া। ঘোড়াটাকে তার কাছে মনে হয়েছিল আকাশের মতো বড়! ঘোড়াটা ক্রমাগত পা দাপাচ্ছে আর ফোঁসফোঁস শব্দ করছে।

ছেলেবেলায় অভাবে দিন কেটেছিল হ‌ুমায়ূন আহমেদদের। পরে বাবা সেই ঘোড়াটি বিক্রি করে দিয়েছিলেন। 

কার্টুনিস্ট


ছোটবেলায় হ‌ুমায়ূন আহমেদের সঙ্গে একজন কার্টুনিস্টের পরিচয় হয়েছিল। সেই কার্টুনিস্টের চেহারা অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মতো! লেখকের প্রধান কাজ ছিল, কার্টুনিস্ট লোকটির আশপাশে ঘুরঘুর করা। সুযোগ পেলেই ছোট্ট হ‌ুমায়ূন টুক করে কার্টুনিস্টের অফিসে ঢুকে পড়ত। নতুন কী আঁকা হলো, খুব আগ্রহ নিয়ে দেখত। ছোট্ট হ‌ুমায়ূনকে দেখলেই কার্টুনিস্ট রেগে গিয়ে বলতেন, ‘যা বললাম, থাপ্পড় খাবি!’

তাতেও লেখকের আগ্রহে ভাটা পড়ে না। বিরক্ত হয়ে একসময় কার্টুনিস্ট নিজেই ধমক দেওয়া বন্ধ করে দিলেন। অফিসে ঘুর ঘুর করলেও কিছু বলতেন না। এমনকি ছবি আঁকার ফাঁকে ফাঁকে একটু-আকটু গল্পও করতেন।

একদিন কার্টুনিস্ট জিজ্ঞেস করলেন, ‘খোকা, বড় হলে কী হবে?’

হ‌ুমায়ূন বলল, ‘ব্যারিস্টার।’ আসলে ছোটবেলায় ব্যারিস্টার হওয়ার কোনো ইচ্ছে তার ছিল না। তার ইচ্ছে ছিল আইসক্রিমওয়ালা হওয়ার! কিন্তু বড় মামা শিখিয়ে দিয়েছিলেন, ‘বড় হয়ে কী হবে?’—এই প্রশ্নের উত্তরে ব্যারিস্টার বলতে হয়।

তো কার্টুনিস্ট বলল, ‘ছবি আঁকতে পারো?’

‘না।’

‘শিখবে?’

‘হুঁ।’

‘আচ্ছা ঠিক আছে। ব্যবস্থা হবে।’

এরপর একদিন কার্টুনিস্ট ছোট্ট হ‌ুমায়ূনের হাতে একটা নীল পেনসিল দিয়ে বললেন, ‘বড় একটা গোল্লা আঁকো।’

হ‌ুমায়ূন আঁকল।

‘গোল্লার ভেতর দুটা ছোট গোল্লা আঁকো।’

তাও আঁকা হলো।

সব শেষে কার্টুনিস্ট বললেন, ‘এখন দুই ছোট গোল্লার ভেতর দুটা ফোঁটা দাও। তারপর দেখ কী হয়েছে?’

ফোঁটা দেওয়ার পর ছোট্ট হ‌ুমায়ূন অবাক হয়ে দেখল, একটা ছেলের মুখ আঁকা হয়ে গেছে! ছেলেটা বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কার্টুনিস্ট কাগজটা নিয়ে দ্রুত কয়েকটা টান দিলেন, বালকের মুখ হয়ে গেল বেড়ালের মুখ। বেড়ালটা লেজ উঁচু করে বসে আছে!

রবীন্দ্রনাথের মতো দেখতে এ মানুষটিকে নিয়েই পরে হ‌ুমায়ূন আহমেদ ছোটদের জন্য একটা উপন্যাস লিখেছিলেন। উপন্যাসের নাম বোতল ভূত। 

গ্রন্থনা: তাবাস্‌সুম ইসলাম