
১৪৯০ সালে ফ্লোরেন্স ছিল খ্রিষ্টানজগতের মধ্যে শিক্ষা-দীক্ষায় সবচেয়ে উন্নত একটা নগর। যদিও এর জনসংখ্যা ছিল মাত্র ৫০ হাজার। নগরের প্রশস্ত রাস্তাঘাটের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ব্যক্তিমালিকানাধীন জায়গাজমি। সেই সময় ব্যাংকসমৃদ্ধ নগর হিসেবে খ্যাতি ছিল ফ্লোরেন্সের। এ থেকে বোঝা যেত, এখানকার মানুষ বিপুল পরিমাণ ধন-সম্পত্তির মালিক ছিলেন। তবে স্থায়ী সেনাবাহিনীর অভাব আর বিদেশি ভাড়াটে সেনাদের ওপর নির্ভরতার কারণে ফ্লোরেন্স ইতালির পাঁচটি প্রধান রাষ্ট্রের মধ্যে দুর্বলতম বলে গণ্য হতো। ওই নগর সাময়িক বৈরিতার আশঙ্কার ভেতরও ছিল। যুদ্ধের কারণে বিধ্বস্ত ছিল ব্যবসা-বাণিজ্য। আর সৈন্যসামন্ত যা তৈরি করা হতো, আইনকানুন কিছুই জানত না তারা। ফ্লোরেন্সের মাটিতে হামলা চালিয়ে তারা দালানকোঠা জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিত, ধ্বংস করত গবাদিপশু, সব রকমের অস্থাবর সম্পত্তি লুণ্ঠন করত, ইচ্ছেমতো খুন আর ধর্ষণ করত। ভয়াবহ ধ্বংস আর দুর্ভোগের স্বাক্ষর রেখে পালিয়ে যেত তারা।এসব উন্মত্ততা সত্ত্বেও ফ্লোরেন্সের ঘরোয়া স্থান, কনভেন্ট পুরুষ খ্রিষ্টানদের আবাসস্থল ও যাজকপল্লিগুলোতে সৌন্দর্যমণ্ডিত অতি উচ্চাঙ্গের সব শিল্পকর্ম রচিত হতো, যার মধ্যে রং আর খোদাইয়ের কাজ দুই-ই ছিল। বিপুলসংখ্যক পাঠাগার ছিল ফ্লোরেন্সে। পাঠকদের সাহিত্য-ক্ষুধার নিবৃত্তি আর বিনোদনের চাহিদা মেটানোর জন্য পাঠাগারগুলো থেকে বই-পুস্তক ধার করা যেত১৪৯০-এর ফ্লোরেন্স নগরের রাজপথ আলো করে হেঁটে বেড়াতেন মাইকেল অ্যাঞ্জেলো, বতিচেল্লি, ম্যাকিয়াভেলি, ফিসিনো, লরেঞ্জো দ্য ম্যাগনিফিমেন্ট, পিকো দেল্লা মিরানদোলা, লেওনার্দো দ্য ভিঞ্চির (সফরে আসতেন) মতো প্রথিতযশা ব্যক্তিরা। চটপটে স্বভাব আর বুদ্ধিমত্তার জন্য ফ্লোরেন্সবাসীর খ্যাতি ছিল।সময়টা এমন ছিল যে নগরটি রাজনৈতিক ওলট-পালটের প্রান্তসীমায় এসে দাঁড়িয়েছিল আর সেই উত্তাল সময়ে ১৪৯৪ সালের ১৭ নভেম্বর সন্ধ্যায় ফ্রান্সের রাজা অষ্টম চার্লস ১০ হাজার সেনার এক বাহিনী নিয়ে ফ্লোরেন্সের ওপর ঝাঁপিয়ে পড়েন। আর কখনোই কোনো সেনাবাহিনী এমন করে নগরের বিশাল প্রাচীর অতিক্রম করেনি।পশ্চিম প্রবেশদ্বার সান ফ্রেদিয়ানো দিয়ে চার্লস নগরে প্রবেশ করেন। হাতে ছিল একখানা তরবারি, পশ্চাতে গোঁজা ছিল বর্শা, বিজেতা হিসেবে ঘোড়ায় আসীন ছিলেন তিনি। তাঁর অভিযানের উদ্দেশ্য স্পষ্ট ছিল না। তবে তাঁর সেনারা ফ্লোরেন্সের দুটি সমুদ্রবন্দর পিসা ও লিভোরনো আর নগরের দক্ষিণ-পশ্চিম সীমান্তের দুটি জবরদস্ত সামরিক ঘাঁটি দখল করে নিয়েছিল।ফরাসিদের ওই হামলার ব্যাপারটা নগরবাসী টের পেয়েছিল ৪ ও ৫ নভেম্বর, যখন ফরাসি সামরিক অফিসাররা তাঁদের সেনাদের কোন কোন ভবনে থাকতে দেওয়া হবে তা চিহ্নিত করতে এসেছিলেন।

ফ্লোরেন্সের ক্ষমতাসীন ব্যক্তিদের মধ্যে ভাঙন দেখা দিয়েছিল। যে কারণে সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। ৯ নভেম্বর লরেঞ্জো দ্য ম্যাগনিফিমেন্টের ছেলে ও তাঁর উত্তরাধিকারী পিয়েরো দ্য সেদিমি ৬০ বছরের সেদিমি শাসনের সমাপ্তি ঘটিয়ে আকস্মিকভাবে নির্বাসনে চলে যান। পুনরুজ্জীবিত একটি সরকার সঙ্গে সঙ্গে ক্ষমতায় আসীন হয়; কিন্তু পুরোনো সরকারি দলের লোকেরা এদের সন্দেহের চোখে দেখতে থাকেন।দখলদার বাহিনী ফ্লোরেন্সে প্রবেশ করার সময় ফ্লোরেন্সের অধিবাসীরা গানবাজনা, নকশা করা শিল্পসামগ্রী প্রদর্শন, বিজয় তোরণ, আতশবাজি আর ব্যানার টানিয়ে বিজেতাদের স্বাগত জানিয়েছিল। তার পরেও দখলদারদের অস্ত্রশস্ত্রের ব্যাপক প্রদর্শনী নগরবাসীকে ভেতরে-ভেতরে ভীতবিহ্বল করে রেখেছিল। সেই সময়কার একজন দিনপঞ্জি লেখকের বর্ণনা থেকে জানা যায়: সেনারা ছিল নৃশংস, বর্বর আর প্রায় পশুর মতো। তারা এসেছিল ‘এমন এক শীতল স্থান থেকে, যেখানে পশুর মতো মানুষের জন্ম হয়, তাদের মুখে অশিষ্ট ভাষা’, রাজকীয় প্রহরীরা ছিল ‘স্বাভাবিকের চেয়ে লম্বা ও মোটা’, তারা এসেছিল ডালমাটিয়া ও অন্যান্য অদ্ভুত জায়গা থেকে। সাত হাজার সুইস পদাতিক সেনা, ৭০০ সশস্ত্র অশ্বারোহী, ৫০০ তিরন্দাজ ও আরও এক হাজার পদাতিক সেনা ছাড়াও ফ্লোরেন্সে অনুষ্ঠিত প্যারেডে যোগ দিয়েছিলেন বর্শা নিক্ষেপক, আড়ধনুক চালনাকারী, গোলন্দাজ বাহিনীর সদস্যরা। তাঁদের ফাঁকে ফাঁকে ছিলেন ফ্লোরেন্সবাসী।নভেম্বরের শেষের দিকে পিয়েরে দ্য মেদিসি সাভোনারোলাসহ আরও কয়েকজন বিশিষ্ট নাগরিককে চার্লসের সঙ্গে চুক্তি সম্পাদনের দায়িত্ব দিয়েছিলেন। সাভোনারোলা রাজা চার্লসকে বলেছিলেন, ইতালির অধিবাসী ও ইতালির গির্জাকে তাঁদের ভয়াবহ পাপের শাস্তি বিধানের জন্য ঈশ্বর তাঁকে মনোনীত করেছেন। ঈশ্বরের ভয়ে ভীত একটা নগর হিসেবে ফ্লোরেন্সকে তাঁর ক্ষমা করে দেওয়া উচিত।২৮ নভেম্বর সৈন্যসামন্ত নিয়ে রাজা চার্লস ফ্লোরেন্স ছেড়ে চলে যান। সবার বিশ্বাস, সাভোনারোলাই ভয়াবহ এক লুণ্ঠনের হাত থেকে ফ্লোরেন্সকে রক্ষা করেছিলেন।
আই উইশ আই হ্যাড বিন দেয়ার অবলম্বনে