১০০ বছর আগে ঘুম ভাঙে মাচু পিচ্চুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে আমার মেয়ে মিতির ফ্ল্যাটে তারেক মাসুদ আর ক্যাথরিনের সঙ্গে দেখা। তখনমাটির ময়না ছবিটা রিলিজ হয়েছে লন্ডনে। তার ব্যাপারেই ওরা এসেছে লন্ডনে। এর কিছুদিন আগে আমি দক্ষিণ আমেরিকা থেকে বেড়িয়ে ফিরেছি। তিন সপ্তাহের বেশি ছিলাম ব্রাজিল আর পেরুতে । মাচু পিচ্চু দেখেছি বলছিলাম তারেককে। তারেক বলল, ‘জানেন, মাচু পিচ্চুর ধ্বংস হওয়া শহর আবিষ্কার করেছিলেন যে আমেরিকান প্রত্নতত্তবিদ হাইরাম বিংহ্যাম, তিনি তো ক্যাথরিনের প্রপিতামহ—মানে ওর নানার বাবা।’আমার জন্য বেশ চমকপ্রদ তথ্য ছিল এটি।হাইরাম বিংহ্যাম ছিলেন ইয়েলে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্বের প্রফেসর। তিনি পেরুর ইনকাদের নিয়ে গবেষণা করতেন। ১৯১১ সালে তিনি দুর্গম আন্দিজ পাহাড়-জঙ্গলে ঢাকা প্রায় ধ্বংস হওয়া ইনকাদের শহর আবিষ্কার করেন, আজ থেকে এক শ বছর আগে।পেরুর এই অঞ্চলেই ছিল ইনকাদের বাস। ইনকারা আজকের ইকুয়েডর, পেরু ও চিলে—এই রাজ্যগুলোর বহু অংশ নিয়ে তাদের নিজের রাজ্য গড়েছিল আজ থেকে এক হাজার থেকে দেড় হাজার বছর আগে।১৪৯২ সালে কলম্বাস প্রথম এই মহাদেশে পদার্পণ করলেন। তাঁর সামুদ্রিক পথ ধরে কিছুদিনের মধ্যে স্পেনের সেনাবাহিনীর বিভিন্ন সেনাপতিরা এই বিরাট ‘অনাবিষ্কৃত’ উত্তর, মধ্য ও দক্ষিণ আমেরিকাকে দখল নিয়ে নেয়। তার আগে এই সাম্রাজ্যে পাঁচ শ বছর ধরে রাজত্ব করে আসছিল এই ইনকারা। অনেক দিক দিয়ে উন্নত বেশ একটা সভ্যতা তারা তৈরি করেছিল। কিন্তু তাদের কোনো লিখিত ভাষা ছিল না। শেষের দিকে নিজেদের ভেতরে একটা গৃহযুদ্ধের মতো অবস্থা বিরাজ করছিল। তারই সুযোগ নেয় বর্হিশক্তি।পরাজিত কোনঠাসা হয়ে পড়া ইনকাদের শেষ রাজা যে শহরে আশ্রয় নিয়েছিলেন, তাঁর নাম ভিলকাবামবা। ১৫৭২ সালে স্প্যানিশরা এই শহরটাও ধ্বংস করে। এবং এর মধ্য দিয়ে ইতি ঘটে ইনকা রাজবংশের। ১৯১১ সালে হাইরাম বিংহ্যাম যখন এক উঁচু পাহাড়ের ওপর জঙ্গলে ঢাকা ধ্বংসস্তূপের মতো শহরে এসে পৌঁছালেন, তখন তিনি ভেবেছিলেন এটাই বুঝি ইনকাদের শেষ রাজধানী ভিলকাবামবা। কিন্তু পরে দেখলেন, না, এটা আরেক শহর। যার নাম মাচু পিচ্চু। পাহাড়টার নাম থেকেই মাচু পিচ্চু নামের শহটিরও নাম হয়েছে। ইনকা রাজা পাচাকুটি প্রায় এক হাজার বছর আগে এ শহর তৈরি করেছিলেন। এর উচ্চতা প্রায় আট হাজার ফুট। এর পেছনে যে সুন্দর পাহাড়টি দেখা যায়, তার নাম হুয়ানা পিচ্চু। কেন এবং কখন যে এ শহরের অধিবাসীরা সব ছেড়ে চলে গিয়েছিল, তার কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। ধারণা করা হয় হয়তো কোনো মহামারির কারণে এ শহর পরিত্যাগ করেছিল এর অধিবাসীরা।মাচু পিচ্চু অভিযাত্রায় আমরদের ১৫ জনের একটা দল। তার মধ্যে তিনজন সিদ্ধান্ত নিয়েছে হেঁটে মাচুপিচ্চুতে ওঠার। এরা অল্প বয়েসী ও শক্ত সামর্থ্য । পাহাড়ে হাঁটার অভ্যাস আছে। তিনজনের দুজন ডাক্তার, আরেকজন নার্স। এদের দুজন মেয়ে আর একজন পুরুষ। যে পথে তারা রওনা দিল, সে পথের নাম ইনকা ট্রেইল। আর আমরা রওনা দিলাম ট্রেনে। মাইলের পর মাইল উরুবামবা নামের এক নদী ট্রেন লাইনের সঙ্গে একেবেকে চলেছে । কখনো নদীটা একেবারে কাছে চলে আসছে আবার কখনো দূরে কিংবা বহু নিচে সরে যাচ্ছে; কখনো নদীটা খরস্রোতা, কখনো ধীর গতির। এই নদী গিয়ে মিশেছে আমাজন নদীতে। মাঝেমধ্যে চোখে পড়ছে আন্দিজের উঁচু বরফঢাকা চূড়া। একসময় আগুয়াস কালিয়েন্তেস নামে ছোট্ট একটা শহরে পৌঁছালাম আমরা। আগুয়াস কালিয়েন্তেস মানে ‘গরম পানি’। এখানে একটা উষ্ণ প্রস্রবণ আছে, যার পানিতে গোসল করলে শরীর চাঙ্গা হয়, এমন একটা বিশ্বাস চালু আছে। এখান থেকে বাসে করে মাত্র ঘণ্টা খানেক লাগে মাচু পিচ্চুতে পৌঁছাতে। পেরুর সরকারি ভাষা স্প্যানিশ। পেরুর আদিবাসীদের এখনো ‘ইন্ডিয়ান’ বলা হয় কলম্বাসের আদি ভুলের কারণে। এই দুইয়ের মিশ্রণে জন্ম নিয়েছে মেজতিসো বা মিশ্রলোক। অনেকে এদের ‘কেচুয়া’ বলে। কারণ, ওরা যে ভাষায় কথা বলে, তার নাম ‘কেচুয়া’। হুয়ায়না পিচ্চু নামের পাহাড় থেকে মেঘের ফাঁক দিয়ে কখনও সখনো মাচু পিচ্চু শহরের ভগ্নাবশেষ দেখা যায়। আর এই দৃশ্য নানাভাবে পৃথিবী বিখ্যাত। জার্মান চলচ্চিত্রকার ভারনার হেরজগ তাঁর ছবি র‌্যাথ অব গড-এর শুরুতেই এ দৃশ্য ব্যবহার করেছেন। সত্যজিত রায়ও তাঁর আগন্তুক ছবিতে মাচু পিচ্চুর দৃশ্য দেখিয়েছেন।মাচু পিচ্চুর ধ্বংসাবশেষ দেখে ঐতিহাসিকেরা মনে করেন, এ শহর দুই ভাগে বিভক্ত। ওপর দিকটা ধর্মীয় অংশ। ইনকারা সূর্যকে দেবতা মানত। তাদের মতে সূর্যের ছেলে আর চাঁদের মেয়ে, দুই ভাইবোন। এবং তারাই ইনকা জাতির জন্মদাতা। তাই মাচুপিচ্চুতে আছে আছে সূর্যের মন্দির। এর সামনের পাথরের বেদিতে রয়েছে একটা পাথরের বলয়। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এই প্রথম রশ্মি এসে পড়ে সূর্য মন্দিরে।ওদের শীতের শুরু মার্চে, আর গ্রীষ্মের শুরু সেপ্টেম্বরে (কারণ পেরু দক্ষিণ গোলার্ধে)। সূর্য মন্দিরের সঙ্গে আছে একটা গোলমতো বেদি, তার নিচে পাহাড়ের মাঝে কতগুলো গুহা। এই গুহাগুলোতে আগেকার দিনে ইনকারা মৃতদেহ মমি করে রাখত। বিংহ্যাম যখন ১৯১১ সালে প্রথম এখানে এলেন, তখনো কতগুলো মমি এখানে ছিল। আন্দিজ পাহাড়ের লোকেরা মৃত্যুর পর শবদেহ মমি করে রাখত।ইনকারা বাড়ি তৈরি করতে বিশাল পাথরের খন্ড ব্যবহার করে। কোনোরকম সিমেন্ট, মাটি বা অন্য কিছু ব্যবহার করতো না। শ্রেফ একটা পাথরের ওপর আরেকটা পাথর বসানো হতো। দুটো পাথরের মধ্যখানে একটুও ফাঁক নেই, একটা পাতলা কাগজও সেখানে ঢোকানো যাবে না। পাহাড় ও শহরের নিচের দিকে ছিল ইনকা সাধারণ নাগরিকদের বাড়িঘর। পেশাঅনুয়ায়ী বসবাসের জায়গা পৃথক করা ছিল। সবসুদ্ধ প্রায় পাঁচ বর্গমাইল জুড়ে শহরের বিস্তৃতি। পাহাড়ের ঢালু গায়ে ইনকাদের খেত-খামারির স্বাক্ষর এখনো বর্তমান। ইনকাদের আলু ছিল অন্যতম খাদ্য। এখান থেকেই আলু ইউরোপ ও গোটা বিশ্বে ছড়ায়। উন্নত সভ্যতা ইনকারা তৈরি করেছিল এক হাজার বছর আগে। একশ বছর পরও তাদের নিয়ে নানা গবেষণা চলছে। আজও বেরিয়ে আসছে এই প্রাচীন সভ্যতার নানা কৌতুহলোদ্দীপক বিষয়। হাইরাম বিংহ্যাম থ্রিচামড়ার হ্যাট, গলায় স্কার্ফ, হাতাকাটা জ্যাকেট—এই ছিল হাইরাম বিংহ্যাম থ্রির বিখ্যাত পোশাক। কি, পরিচিত লাগছে? বিখ্যাত হলিউড চরিত্র ইন্ডিয়ানা জোনসের পোশাকআশাকও যে একই রকম। আদতে হাইরাম বিংহ্যাম থ্রি চরিত্রটির ওপর ভর করে এবং তাঁর লেখা বই দ্য লস্ট সিটি অব ইনকাস থেকে অনুপ্রাণিত হয়ে স্পিলবার্গ এই চরিত্রটি সৃষ্টি করেন। ১০০ বছর আগে ইয়েল বিশ্ববিদ্যালয়ের হয়ে হাইরাম বিংহ্যাম থ্রি পেরুতে গিয়েছিলেন মূলত বিতকোস নগরের সন্ধানে। কিন্তু ঘটনাচক্রে স্থানীয় গাইড তাঁকে নিয়ে যান মাচু পিচ্চুতে। তিনি এর নাম দেন দ্য লস্ট সিটি অব ইনকাস এবং তার প্রথম বইটিও এই শিরোনামে প্রকাশিত হয়।হাইরাম বিংহ্যাম থ্রির বাবা হাইরাম বিংহ্যাম টু এবং তাঁর বাবা হাইরাম বিংহ্যাম ওয়ান দুজনই ছিলেন মিশনারি। ১৮৭৫ সালে জন্ম নেওয়া পেশাদার প্রত্নতত্ত্ববিদ না হয়েও ইয়েল বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে প্রথমে প্রভাষক, পরে অধ্যাপক হন। দক্ষিণ আমেরিকার ওপর তাঁর ছিল অগাধ জ্ঞান। আর্জেন্টিনা, ব্রাজিল, চিলে, পেরু, বলিভিয়া ইত্যাদি দেশে ঘুরেছেন তিনি। তবে ইয়েল বিশ্ববিদ্যালয়ের জন্য অভিযানে এসে পেরুর ইনকা সভ্যতার পুরাতন শহর মাচু পিচ্চু আবিষ্কার করে তিনি ইতিহাসের পাতায় ঠাঁই করে নেন। তাঁর স্মরণে পেরুর এক মহাসড়কের নাম রাখা হয়েছে ‘হাইরাম বিংহ্যাম হাইওয়ে’। মাচু পিচ্চু থেকে নিয়ে যাওয়া প্রায় চার হাজার পুরাকীর্তি এখনো আছে ইয়েল বিশ্ববিদ্যালয়ের দখলে। যার মধ্যে আছে মমি, পাথর, সিরামিক, হাড়গোড়সহ আরও অনেক কিছু। সাত ছেলের জনক হাইরাম বিংহ্যাম ১৯৫৬ সালে মারা যান।