১৫ ছাপচিত্র
আড়াই হাজার বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন, মানুষের যেকোনো সৃষ্টি ক্ষেত্রে এমনকি সংগীতের মতো অদেহি রাজ্যেও রীতি, আঙ্গিক, ঠাট, শৈলী, ভাষা ও আবেদন প্রতি প্রজন্মে বদলায়। যোগসূত্র হিসেবে পুরোনো থেকে বেরিয়ে আসে নতুন, ভিন্ন রূপ। নতুন রূপ পুনরায় অতীতে ফিরতে চায় উৎস ও অন্য ধরনের আবেদনের সন্ধানে। বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ছাপচিত্রচর্চার ইতিহাস খুব দীর্ঘ না হলেও অভাবনীয় সফলতার সঙ্গে অগ্রসর শিল্পমাধ্যম হিসেবে চর্চিত হচ্ছে বর্তমান সময়ে। ‘এক্সপোজিশন প্রিন্ট শো’ শিরোনামে দেশের সমকালীন ১৫ জন শিল্পীর ছাপচিত্রের একটি দলবদ্ধ প্রদর্শনী শিল্পাঙ্গন গ্যালারিতে হয়েছে। ছাপচিত্র মাধ্যম নিয়ে দীর্ঘদিন সফলতম আঙ্গিকে যে শিল্পী কাজ করে চলেছেন, তিনি শিল্পী মনিরুল ইসলাম। দীর্ঘদিন দেশের বাইরে কাটিয়েছেন। বিভিন্ন অভিজ্ঞতা ছাপচিত্রে তাঁর ভাষা ও বক্তব্যকে গভীরতা ও বহুমাত্রা প্রদান করেছে। প্রদর্শনীতে ক্রিপটোগ্রামা নামের ছাপাই ছবির মাধ্যম ‘এচিং’। বিবিধ সূক্ষ্ম রেখার বৈচিত্র্য, স্থানের সচেতন বিভাজন, কাদাকে প্লেটের গভীরতর রিলিফ ছাপ এবং নিজ ঢঙে রং প্রয়োগ শিল্পীর মনোযোগী নিরীক্ষাধর্মী শিল্পরস প্রদান করেছে। শিল্পী কালিদাস কর্মকার পুরাণ নিয়ে এচিং করেছেন। এচিং রেখায় ও লিপির ব্যবহারে তাঁর বলিষ্ঠতা ও সাবলীল স্বাধীনচেতা প্রকাশ বিদ্যমান।শিল্পী শহীদ কবির এচিং ও অ্যাকুয়াটিন্ট মাধ্যমে ‘সুগার বাইট’ পদ্ধতিতে কাজ করেছেন, যার নাম ‘উরভস-গ্রাপস’। টেম্পেরা মাধ্যমের মতো রঙের সাবলীল নরম লেপন ছাপচিত্রটিতে লক্ষণীয়। চিত্রশিল্পীর মতো গুণগত দক্ষতার বহিঃপ্রকাশ ছাপচিত্রশিল্পীর নিরীক্ষার স্বাদে। শিল্পী আনিমুজ্জামান অট্টালিকার স্থাপত্য নির্মাণের বিশেষ দিককে মেট্রোপলিটনশিল্পের বিষয় হিসেবে নিয়ে দীর্ঘদিন কাজ করছেন সফলভাবে। কাঠ খোদাইয়ের (উডকাট) মাধ্যমে করা তাঁর কাজের মূল বৈশিষ্ট্য, সঙ্গে চোখে পড়ে সরলতা, যা সহজ অনুভূতি জাগায় মনে। পরিশীলিত পরিমিতভাবে কাঠের টেক্সচার ও ব্লকের ওপর সীমিত খোদাই সম্পূর্ণ ভিন্ন আঙ্গিক ও শিল্পগুণ নিয়ে বিষয়কে উপস্থাপন করেছেন ‘ক্যালিডোস্কোপিক কমপ্লেবিএটি’ শিরোনামে।এ প্রদর্শনীর লক্ষণীয় দিকটি হলো, বিভিন্ন মনঃস্তাত্ত্বিক আবহের ১৫ জন শিল্পীর নিজস্ব বক্তব্যের প্রাণবন্ত উপস্থাপনা, যা প্রদর্শনীতে শিল্পস্বাদের বৈচিত্র্য নিশ্চিত করেছে। ফলে প্রদর্শনীটি বিভিন্ন শিল্প-রুচির দর্শকের চোখে আকষর্ণীয় হওয়ার জন্য যথেষ্ট।শিল্পী রশিদ আমিন ‘ইন সার্চ অব ইনফিনিটি’ শিরোনামে বেশ জোরালো ও স্পষ্ট রেখার ভেতর রং দিয়েছেন এচিং-মাধ্যমে। শিল্পী রফি হক নিরীক্ষাধর্মী কাজ করেছেন ইটাগ্লিও ধারায়। শিল্পী জয়া শাহরীন হক ‘ড্রাই পয়েন্টে’ একজন নারী অবয়বের মধ্যে ফ্যান্টাসি উপস্থাপনের প্রয়াশ পেয়েছেন, যা বেশ সাবলীল এবং এর রেখা ও রেখার মাধ্যমে সৃষ্ট টোন ভিন্ন মাত্রা তৈরি করেছে। শিল্পী নগরবাসী বর্মণ ‘ফ্রম দ্য লাইফ অব ফিশম্যান’, ‘নেট ক্রাই-১’ ইত্যাদি ছাপচিত্রের কাজে নিজের দক্ষতা সম্পূর্ণ উন্মোচন করেছেন। তাঁর বিভিন্ন রেখা, গ্রেড, টোন ও কম্পোজিশন খুব পরিশীলিত ও নান্দনিক। শিল্পী ফারজানা হক উর্মির কাঠখোদাই-মাধ্যমের শিল্পধর্মের মূল বৈশিষ্ট্য স্ট্রোক ব্যবহারে পেইন্টিংয়ের মতো আচরণ ও আবহ নির্মাণ। রং ব্যবহারেও তাঁর এই গুণ লক্ষণীয়। এ ছাড়া প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন: শিল্পী সেলিনা চৌধুরী মিলি, শিল্পী আফরোজা জামিল কঙ্কা, শিল্পী লায়লা শারমিন, শিল্পী প্রশান্ত কর্মকার, শিল্পী সৈয়দ জাহিদ ইকবাল, শিল্পী মোস্তফা জামিল আকবর প্রমুখ। প্রদর্শনীটি চলেছে ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত।