১৫তম বেইজিং আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে শিল্পই বদলে দিতে পারে মানুষের জীবন। চীনের সর্ববৃহৎ শিল্পকলা প্রদর্শনীর ১৫তম আয়োজন, ‘বেইজিং ইন্টারন্যাশনাল আর্ট এক্সপোজিশন-২০১২’ বেইজিংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয় ১৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত। ইতিমধ্যে এ প্রদর্শনী শিল্পভাবনা ও শিল্পরূপ বিনিময়ের আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে। সমকালীন এবং ঐতিহ্যবাহী শিল্পকর্ম প্রদর্শনের পাশাপাশি একটি ধারণাকে ঘিরে এ প্রদর্শনীতে ‘স্পিরিট অব দি ইস্ট’ শীর্ষক বিশেষ আয়োজন করা হয়েছে। এবারের প্রদর্শনীর মূল প্রতিপাদ্য হলো, ‘আর্টিস্টিক ক্রিয়েটিভিটি, আর্টিস্টিক লাইফ’। চীন, আমেরিকা, ইউক্রেন, আর্জেন্টিনা, কোরিয়া, বাংলাদেশ, ফ্রান্স, গ্রিস, স্পেন, কোরিয়া ও জাপানের ১৫০টিরও অধিক আর্ট গ্যালারি ও সংস্থা এ প্রদর্শনীতে অংশ নিয়েছে। প্রদর্শনীতে বিভিন্ন দেশের জন্য আলাদা বুথ তৈরি করা হয়েছে। বাংলাদেশ থেকে অংশ নিয়েছে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস। বরেণ্য শিল্পী ছাড়াও সম্ভাবনাময় তরুণ শিল্পীদের সমন্বয়ে গড়া সাতজনের দলে ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, মনিরুল ইসলাম, কনক চাঁপা চাকমা, মাকসুদা ইকবাল, ইয়াসমিন জাহান ও বিশ্বজিৎ গোস্বামী। ক্যানভাসে তেলরং, অ্যাক্রিলিক, কাগজে পেনসিল ছাড়াও রয়েছে ভিডিও আর্ট। সাতজন শিল্পীর মোট ৩০টি কাজ প্রদর্শিত হয়। শিল্পী কাইয়ুম চৌধুরীর দুটি কাজের শিরোনাম, ‘হোমেজ টু এমব্রডারেড কুইল্ট’। অ্যাক্রিলিক মাধ্যমের কাজে শিল্পী সাজিয়েছেন নকশি কাঁথার নকশা। উৎকীর্ণ করেছেন সবুজ, নীলাভ সবুজ, লাল আর মেটে হলুদে সাদারঙা স্পেস ছেড়ে। দ্বিতীয় ছবিকে তিনটি আড়াআড়ি ভাগ করেছেন। মেটে হলুদ, সেপিয়া গ্রিন ও হালকা নীল; ভেতরে নকশি কাঁথার নকশা। শিল্পী রফিকুন নবী দুটি ছবিতে অ্যাক্রিলিক ব্যবহার করেছেন জলরংয়ের ধোয়া পদ্ধতিতে। ‘বাফেলোজ কাউবয়’ শিরোনামের ছবিতে দুটি মহিষকে ঘিরে একদল রাখালের বিশ্রাম দেখিয়েছেন। ক্যানভাসের আড়াআড়ি দিকে সূক্ষ্ম রেখায় ছবিতে শূন্যস্থানের ব্যবস্থাপনায় নতুনত্ব এনেছেন। রফিকুন নবীর অন্য ছবিটি হচ্ছে ‘বার্ডস-৪’। একদল পাখির জড়ো হওয়া, একেকটি পাখির দৃষ্টি একেক দিকে। পাখির গায়ের রং মেটে হলুদ, আলট্রামেরিন ব্লু ও কালো। ছবির জমিনের রং একেবারে বিপরীত। শিল্পী মনিরুল ইসলামের ‘ডায়ালগ ইন গ্রে নাইটস’ ছবিতে ধূসর রঙের আকাশে সূক্ষ্ম রেখার উপস্থিতি। ছাইরঙা আকাশ ভেদ করা রেখা একটি অন্যটির সঙ্গে কথোপকথনে ব্যস্ত। কনক চাঁপা চাকমার ছবির শিরোনাম ‘স্পিরিট অব ট্রাংকুয়ালিটি’ ক্যানভাসের উপরিভাগে নীল প্রয়োগে উজ্জ্বল আকাশ দেখিয়েছেন। ধ্যানরত বুদ্ধের উপস্থিতিতে শান্ত নির্মল এক আবহ তৈরি হয়েছে পুরো ছবিতে। কনক চাঁপার অন্য ছবির শিরোনাম, ‘সেরেন হারমনি’। মাকসুদা ইকবাল ‘বিনির্থ দ্য সারফেস’ ছবিতে ক্যানভাসের গায়ে তেলরঙে সিঁদুর লালের বুনট তৈরি করেছেন। ইয়াসমিন জাহানের ভিডিও আর্ট ‘মাই ইনার সেনসেশন’ ছাড়াও কাগজে পেনসিল মাধ্যমে আঁকা নয়টি ছবির শিরোনাম—‘ভয়েস অব স্পেস’। কোনো কাজে শুধু পেনসিলের রেখা প্রধান আবার কোনো কাজে পুরো ছবিতে বুনট ও আলোছায়ার প্রাধান্য দেখা যায়। প্রদর্শনীতে ইয়াসমিন জাহানের মোট ১০টি শিল্পকর্ম প্রদর্শিত হয়।বিশ্বজিৎ গোস্বামীর উল্লেখযোগ্য দুটি ক্যানভাস ‘কোয়েস্ট অব সোল-১’ কালো রঙের জমিন ভেদ করে উপস্থিত হয়েছে হাত-পা গোটানো এক সুঠাম দেহের মানুষ। মুখাবয়ব অনেকটা লুকিয়ে রেখে এ অন্ধকার থেকেই মুক্তি চায় মানুষ। এ প্রদর্শনীতে বাংলাদেশের সমকালীন শিল্পকলা ও বরেণ্য শিল্পীদের লোকজ বিষয় নিয়ে আঁকা ছবির মাধ্যমে দীর্ঘ ছয় দশকের শিল্পচর্চার ধারাবাহিক অগ্রগতি বোঝা যায়। বেইজিং বিয়েন্নালের আকর্ষণীয় দিক হচ্ছে, চীনের জনপ্রিয় শিল্পী শি কোইয়ের আঁকা ছবির প্রদর্শনী। শি কোই প্রথম ব্যক্তি, যিনি চীনের সমসাময়িক চিত্রকলাকে একুশ শতকের বিশ্বশিল্পকলার সঙ্গে যুক্ত করেছেন। এ ছাড়া হাঙ্গেরিয়ান কনটেম্পোরারি আর্ট এক্সিবিশন নামে হাঙ্গেরীয় সমকালীন শিল্পীদের কাজ প্রদর্শিত হয়। সাম্প্রতিক সময়ে বিশ্বে বিভিন্ন মাধ্যমের শিল্পকলার চর্চার রূপ এ প্রদর্শনীতে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, পাঁচ দিনের প্রদর্শনীতে শিল্পকর্মের বিপণন ছাড়াও তিন লাখেরও বেশি শিল্পামোদী-দর্শক উপস্থিত হয়েছেন। বিশ্বের মর্যাদাপূর্ণ এ প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ বাংলাদেশের শিল্পকলাকে বিশ্বশিল্পকলাার সঙ্গে যুক্ত করেছে।