১৭৬ দিনে আলাস্কা চক্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়ে হেঁটে হাজার হাজার মাইল পথ পাড়ি দেওয়ার সুনাম তিনি আগেই কুড়িয়েছেন। ২০০২ সাল থেকে হেঁটে হেঁটে পাড়ি দিয়েছেন ২৫ হাজার মাইলের বেশি পথ। এই কৃতিত্বের গুণে গড়েছেন বিশ্বের সবচেয়ে দ্রুতগামী পরিব্রাজকের রেকর্ড। এরপর আর কী চাই?কিন্তু তরুণ অভিযাত্রী অ্যান্ড্রু স্কুরকা (২৯) এখানেই থেমে থাকতে রাজি নন। অভিযানের নেশা তাঁকে আরও বড় যজ্ঞে টেনে নিয়ে যায়। ১৭৬ দিনে আলাস্কা ও ইউকনের চার হাজার ৬৭৯ মাইল পথ পাড়ি দেন তিনি। তাঁর আগে এই অসাধ্য সাধন আর কারও পক্ষে সম্ভব হয়নি।যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সিকঙ্ক শহরে জন্ম স্কুরকার। বড়ও হয়েছেন সেখানে। ডারহামের ডিউক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। শুরুতে লক্ষ্য ছিল, ওয়াল স্ট্রিটে ভালো কোনো চাকরি বাগাবেন। পরে পরিব্রাজকের নেশা পেয়ে বসে তাঁকে।আলাস্কা ও ইউকন অভিযানে ২০১০ সালের ১৪ মার্চ উত্তর মেরুর কটজেবু শহর থেকে রওনা হন স্কুরকা। ৫ সেপ্টেম্বর একই স্থানে ফিরে এসে শেষ করেন অভিযান। কখনো হেঁটে, কখনো স্কি করে, কখনো বা প্যাকর‌্যাফটে (ভেলাবিশেষ) করে দীর্ঘ পথ পাড়ি দেন তিনি। এর আগে ২০০৭ সালে আমেরিকান ওয়েস্টজুড়ে ছয় হাজার ৮৭৫ মাইল পথ হেঁটে পাড়ি দেন স্কুরকা। ওই সময় প্রতিদিন গড়ে ৩৩ মাইল পথ হেঁটেছেন তিনি। এর দুই বছর আগে স্কুরকা কুয়েবেকের আটলান্টিক উপকূল থেকে ওয়াশিংটনের প্রশান্ত মহাসাগরীয় উপকূল পর্যন্ত ‘সি টু সি রুট’ বলে পরিচিত সাত হাজার ৭৭৮ মাইল পথ হেঁটে পাড়ি দেন। কিন্তু এসব অভিযানের কষ্ট আলাস্কার বৈরী পরিবেশের কাছে নস্যি। ২০১০ সালের মে মাসে আলাস্কার ছোট পল্লি স্লানায় পৌঁছান স্কুরকা। তখনো তাঁর এক-তৃতীয়াংশ পথ পাড়ি দেওয়া হয়নি। তত দিনে হেঁটে, স্কি করে ও ভেলায় ভেসে হাঁপ ধরে গেছে তাঁর। এমনও দিন গেছে, হিম তুষারে ছাওয়া প্রতিকূল পথে মাইলের পর মাইল হেঁটেছেন, অথচ একজন মানুষের দেখা মেলেনি। এ সময় মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েন তিনি। ভালোয় ভালোয় অভিযান শেষ করা নিয়ে সংশয় দেখা দেয়। ক্ষণিকের জন্য হতাশায় ডুবে যান। তারপর হূত মনোবল ফিরে পেয়ে আবার রওনা হন মানচিত্রে বাতলানো পথ ধরে। এই দীর্ঘ পথে আটটি জাতীয় পার্ক ও বেশ কয়েকটি পার্বত্য এলাকা পাড়ি দেন তিনি।আলাস্কার পথে অভিযানে স্কুরকার একটি পরিকল্পনা ছিল যে প্রতিদিন গড়ে ২৪ থেকে ২৫ মাইল হাঁটবেন। এ ব্যাপারে অভিজ্ঞতা নিতে ২০০৯ সালে আলাস্কা মাউন্টেন ওয়াইল্ডারনেস ক্লাসিক নামে এক প্রতিযোগিতায় একটি দলে ভেড়েন তিনি। এটি ছিল দ্রুত অভিযান শেষ করার একটি প্রতিযোগিতা। এতে স্কুরকার দল জয়ী হয়। এই জয় দারুণভাবে উৎসাহিত করে তাঁকে। পরে ২০১০ সালে উত্তর মেরুতে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নেন তিনি।আলাস্কার স্বতন্ত্র প্রকৃতির মধ্যে বড় ধরনের অভিযানে সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি বলে পরিচিত রোমান ডায়াল। স্কুরকা সম্পর্কে তিনি বলেন, ‘হাতেগোনা কয়েকজন ব্যক্তি এ ধরনের বড় অভিযান চালানোর চেষ্টা করেন। এর মধ্যে স্কুরকার মতো উচ্চাভিলাষী অভিযাত্রী আর দেখা যায় না।’ তিনি বলেন, আলাস্কা অভিযানে স্কুরকা কেবল সামনের দিকে এগিয়ে গেছেন। আশপাশে কী আছে বা সামনে কী থাকবে, তা নিয়ে ভাবেননি। নতুন নতুন অভিজ্ঞতা লাভের রোমাঞ্চই তাঁকে এই অসাধ্য সাধনে অনুপ্রাণিত করেছে।দিনের পর দিন এভাবে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে লাভটা কী? এমন এক প্রশ্নের জবাবে স্কুরকা বলেন, অভিযানে থাকাকালে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর অনেক দিন যোগাযোগ না হওয়াটা পীড়নকর। তবে ঘরের গণ্ডি থেকে বাইরের দুনিয়ার প্রতি নিবিড় টান থেকে তিনি এসব অভিযানে বের হয়েছেন। অফিসের ছকবাঁধা জীবনের মোহ কাটিয়ে বাইরের অবারিত প্রান্তরে বিচরণের মজাই আলাদা। সূত্র: ন্যাশনাল জিওগ্রাফি