মাসব্যাপী বইমেলা চাই
২০২২–এর বইমেলা আমাদের হতাশ করবে না
বইমেলা শুরুর আগে থেকেই প্রকাশকেরা দাবি করছিলেন, বইমেলা ১৪ দিনের পরিবর্তে মাসব্যাপী করা হোক। মেলার প্রথম দিনেই সময় বাড়ানোর আশ্বাস এসেছে, তবে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত এখনো আসেনি। তিন প্রশ্নের জবাবে প্রকাশকেরা জানিয়েছেন এবারের বইমেলা নিয়ে তাঁদের প্রত্যাশার কথা
১. ২০২২ সালের বইমেলাকে কীভাবে দেখতে চান?
২. প্রথম থেকেই সময় বাড়ানোর দাবি করছেন কেন?
৩. আমাদের বইগুলো সুসম্পাদিত ও নির্ভুল করার ক্ষেত্রে আপনার অভিমত কী?
১
সৃজনশীল প্রকাশক হিসেবে অমর একুশে বইমেলাকে আমি হৃদয়ে ধারণ করি। বইমেলাকে পরিচ্ছন্ন, পাঠকবান্ধব এবং ব্যবসা-সফলরূপে দেখতে পছন্দ করি সব সময়। যদিও ২০২১ সালের বইমেলা সে প্রত্যাশা পূরণ করেনি। ২০২২–এর বইমেলা আমাদের হতাশ করবে না—এটাই আমার বিশ্বাস। তবে এবারের বইমেলার কাছে প্রত্যাশার চেয়ে ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষাই মুখ্য বলে আমি মনে করি।
২
এবারের বইমেলা অনেকটা অনিশ্চয়তা থেকে আলোর মুখ দেখানোই ছিল আমাদের প্রথম চাওয়া। কত দিনের বইমেলা হবে তার চেয়ে বইমেলা হচ্ছে—এটাই ছিল মুখ্য বিষয় এবং ফেব্রুয়ারি মাসেই হচ্ছে—এটা হলো আরও বড় সন্তুষ্টির বিষয়। আমরা সময় বাড়ানোর দাবি করেছিলাম, বিষয়টি এমন নয়। প্রকাশক সমিতির কর্মকর্তা এবং বাংলা একাডেমির বইমেলা পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা একসঙ্গে বসে বইমেলা কীভাবে করা যায় এবং মেলাকে আকর্ষণীয় করে তুলতে কী পদ্ধতি অবলম্বন করা যায়—ইত্যাদি বিষয়ক আলোচনায় আমরা প্রস্তাব করেছিলাম যে বইমেলা শুরু করতে কিছুটা দেরি হলেও যেন অবশ্যই ২১ ফেব্রুয়ারির আগে শুরু করা হয় এবং সে ক্ষেত্রে অবস্থা বিবেচনায় ৭ মার্চ বা ১৭ মার্চ পর্যন্ত চলমান রাখা যায়। অবশেষে সেটি বাস্তবায়িত হবে বলে আশা করি।
৩
একটি বই সুসম্পাদিত হয়ে বেরোনোর পেছনে লেখক–প্রকাশক সবারই ভূমিকা রয়েছে। সত্যি বলতে, আমাদের দেশে এমন অনেক লেখক আছেন, যাঁরা চান না তাঁদের বই সম্পাদনা করা হোক। এ ক্ষেত্রে প্রথমে দরকার লেখকের মানসিকতার পরিবর্তন, তাঁকে অবশ্যই সম্পাদকের ওপর আস্থা রাখতে হবে। আর প্রকাশককেও বই সম্পাদনা করানোর মানসিকতা থাকতে হবে। তা ছাড়া বই নির্ভুল করার ক্ষেত্রে সুপরিকল্পিত সর্বসম্মত একটি বানানরীতি আমাদের প্রয়োজন।