পঁচিশে বৈশাখ: আজও 'সভ্যতার সংকট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানে রবীন্দ্রনাথ, মে ১৯১৬। ছবি: উইকিপিডিয়া
জাপানে রবীন্দ্রনাথ, মে ১৯১৬। ছবি: উইকিপিডিয়া

রবীন্দ্রনাথ ঠাকুর নিজের জন্মদিন উদ্‌যাপন বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন। নানা জন্মদিনে তিনি যেসব কবিতা-গান লিখেছেন, তাতে নতুনের বন্দনা সাধারণভাবে লক্ষণীয়। যেমন জন্মদিনে কবিতার শেষ পঙ্‌ক্তিমালায় বলছেন, ‘আজি এই জন্মদিনে/ দূরের পথিক সেই তাহারি শুনিনু পদক্ষেপ/ নির্জন সমুদ্রতীর হতে।’ আর এ তো আছেই, ‘হে নূতন/ দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ/ তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন/ সূর্যের মতোন।’ বোঝাই যায় সমস্ত পুরোনোকে পশ্চাতে রেখে নতুন স্বপ্নের প্রতীক হয়ে ওঠে রবীন্দ্রনাথের জন্মদিন। এটাই সম্ভবত বাঙালি মহামানব রবীন্দ্রনাথের জন্মদিন পঁচিশে বৈশাখ, বাঙালি সংস্কৃতির অন্যতম অঙ্গ হয়ে ওঠার শক্তি।


তা বলে এমন নয় যে জন্মদিনে তিনি নেতিবাচকতাকে এড়িয়ে গেছেন। তিরোধানের আগে ৮০তম জন্মদিনে তিনি যে অভিভাষণ রচনা করেন এবং ক্ষিতিমোহন সেন যা পাঠ করেন, তার শুরুতেই তিনি বলছেন, ‘...আমার জীবনের এবং সমস্ত দেশের মনোবৃত্তির পরিণতি দ্বিখণ্ডিত হয়ে গেছে, সেই বিচ্ছিন্নতার মধ্যে গভীর দুঃখের কারণ আছে।’ এই বিবৃতি বিস্তারের একপর্যায়ে বাঙালির প্রতিনিধি রবীন্দ্রনাথ বলছেন, ‘মানবমৈত্রির বিশুদ্ধ পরিচয় দেখেছি ইংরেজচরিত্রে, তাই আন্তরিক শ্রদ্ধা নিয়ে ইংরেজকে হৃদয়ের উচ্চাসনে বসিয়েছিলেম। তখনো সাম্রাজ্যমদমত্ততায় তাদের স্বভাবের দাক্ষিণ্য কলুষিত হয়নি।’ তারপর তিনি প্রকৃত উপলব্ধি পেশ করছেন, ‘নিভৃতে সাহিত্যের রসসম্ভোগের উপকরণের বেষ্টন হতে একদিন আমাকে বেরিয়ে আসতে হয়েছিল। সেদিন ভারতবর্ষের জনসাধারণের যে নিদারুণ দারিদ্র্য আমার সম্মুখে উদ্ঘাটিত হল তা হৃদয়বিদারক। অন্ন বস্ত্র পানীয় শিক্ষা আরোগ্য প্রভৃতি মানুষের শরীরমনের পক্ষে যা-কিছু অত্যাবশ্যক তার এমন নিরতিশয় অভাব বোধ হয় পৃথিবীর আধুনিক-শাসনচালিত কোনো দেশেই ঘটেনি। অথচ এই দেশ দীর্ঘকাল ধরে তার ঐশ্বর্য জুগিয়ে এসেছে। যখন সভ্যজগতের মহিমাধ্যানে একান্তমনে নিবিষ্ট ছিলেম তখন কোনোদিন সভ্যনামধারী মানব-আদর্শের এতবড়ো নিষ্ঠুর বিকৃত রূপ কল্পনা করতেই পারিনি; অবশেষে দেখছি, একদিন এই বিকারের ভিতর দিয়ে বহুকোটি জনসাধারণের প্রতি সভ্যজাতির অপরিসীম অবজ্ঞাপূর্ণ ঔদাসীন্য উগ্র হয়ে উঠল।’

এবং, সভ্যতার সংকটের শেষে নিজ দর্শনানুসারে প্রবল আশার গান শোনান রবীন্দ্রনাথ, ‘এই কথা আজ বলে যাব, প্রবলপ্রতাপশালীরও ক্ষমতা মদমত্ততা আত্মম্ভরিতা যে নিরাপদ নয় তারি প্রমাণ হবার দিন আজ সম্মুখে উপস্থিত হয়েছে; নিশ্চিত এ সত্য প্রমাণিত হবে যে—অধর্মেণৈধতে তাবৎ ততো ভদ্রাণি পশ্যতি।/ ততঃ সপত্নান্ জয়তি সমূস্তু বিনশ্যতি।।’ তিনি গেয়ে ওঠেন, ‘ঐ মহামানব আসে,/ দিকে দিকে রোমাঞ্চ লাগে/ মর্ত্যধূলির ঘাসে ঘাসে।/সুরলোকে বেজে ওঠে শঙ্খ,/ নরলোকে বাজে জয়ডঙ্ক,/ এল মহাজন্মের লগ্ন।...’

এইভাবে বাহ্য-সভ্যতার ক্রমবিবর্তনের প্রেক্ষাপটে নিজের জন্মদিন উদযাপনের তাৎপর্য রচনা করেছেন রবীন্দ্রনাথ। বাঙালির আলোকবর্তিকা কবি, ঔপন্যাসিক, গল্পকার, চিত্রকর, গায়ক, সুর ও বাণী স্রষ্টা, নাট্যকার, দার্শনিক তথা বাঙালি সংস্কৃতির বিশ্বায়নের রূপকার রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপন আজ আমাদের পরম কৃত্য—প্রাচ্যীয় সভ্যতার নবতর রূপ।

রবীন্দ্রনাথেরই ভাষায়, ‘সভ্যতার যে-রূপ আমাদের দেশে প্রচলিত ছিল মনু তাকে বলেছেন সদাচার। অর্থাৎ, তা কতকগুলি সামাজিক নিয়মের বন্ধন। এই নিয়মগুলি সম্বন্ধে প্রাচীনকালে যে ধারণা ছিল সেও একটি সংকীর্ণ ভূগোলখণ্ডের মধ্যে বদ্ধ। সরস্বতী ও দৃশদ্বতী নদীর মধ্যবর্তী যেদেশ ব্রহ্মাবর্ত নামে বিখ্যাত ছিল সেই দেশে যে আচার পারম্পর্যক্রমে চলে এসেছে তাকেই বলে সদাচার। অর্থাৎ, এই আচারের ভিত্তি প্রথার উপরেই প্রতিষ্ঠিত—তার মধ্যে যত নিষ্ঠুরতা, যত অবিচারই থাক।’ তার মানে, নিজেদের প্রথাভিত্তিক আচারের যেসব বাহ্য-নিষ্ঠুরতার বিপক্ষে ইংরেজ সভ্যতা ‘দেশের শিক্ষিত মনে পরিব্যাপ্ত হয়েছিল’, সেই আচারের শক্তিতেই নিরূপণ করা গিয়েছে যে, ‘সভ্যতাকে যার চরিত্র-উৎস থেকে উৎসারিতরূপে স্বীকার করেছে রিপুর প্রবর্তনায় তারা (সাম্রাজ্যবাদী ইংরেজরা) তাকে কী অনায়াসে লঙ্ঘন করতে পারে।’

রবীন্দ্রনাথ তাই মেলানোর কথা বলেছিলেন। পশ্চিমের যন্ত্রসভ্যতাকে নিজেদের ভৌগোলিক সভ্যতার নিয়ন্ত্রণাধীন রেখে সব মানুষকে সঙ্গে নিয়ে সামনে এগুনোর দিকে ইঙ্গিত তিনি দিয়েছিলেন। সে জন্যই তিনি জাপান বা মস্কোর পরিবর্তনের উদাহরণ টেনেছেন। আফগানিস্তানের উদাহরণ টেনে তিনি বলেছেন যে, সেখানে, ‘শিক্ষা এবং সমাজনীতির সেই সর্বজনীন উৎকর্ষ যদিচ এখনো ঘটেনি কিন্তু তার সম্ভাবনা অক্ষুন্ন রয়েছে, তার একমাত্র কারণ—সভ্যতাগর্বিত কোনো য়ুরোপীয় জাতি তাকে আজও অভিভূত করতে পারেনি।’ আজকেও, বাহ্যত মৌলবাদ-সাম্রাজ্যবাদে আক্রান্ত এই দেশের চেয়ে বাংলাদেশে বাল্যবিয়ের মতো অসভ্যতার হার প্রায় দ্বিগুণ!

৮০তম জন্মদিনে রবীন্দ্রনাথ বলেছিলেন, ‘সভ্যশাসনের চালনায় ভারতবর্ষের সকলের চেয়ে যে দুর্গতি আজ মাথা তুলে উঠেছে সে কেবল অন্ন বস্ত্র শিক্ষা এবং আরোগ্যের শোকাবহ অভাব মাত্র নয়; সে হচ্ছে ভারতবাসীর মধ্যে অতি নৃশংস আত্মবিচ্ছেদ...।’ এই ‘আত্মবিচ্ছেদের’ অনুঘটক হিসেবে প্রতাপের সাথে কাজ করেছে এদেশে পাশ্চাত্য-সভ্যতার ল অ্যান্ড অর্ডার নামক ভিন্ন ভৌগোলিক অঞ্চলের জন্য উপযুক্ত দণ্ডের ‘দারোয়ানি’ প্রয়োগ।

আজ ইংরেজ ইতিহাস, সব রকম পরাধীনতাই অতীত, কিন্তু বাঙালি হৃদয় রবীন্দ্রনাথের হাত ধরে ঔপনিবেশিক বিধিবিধান পরিত্যাগ করার যোগ্যতা অর্জনে ব্যর্থ। এখানে এখনো শিক্ষালাভ চলে ঔপনিবেশিক চালে। আছে মগজ ধোলাই করা ইংরেজি মাধ্যমের প্রতাপ। ফলে, আমাদের আত্মবিচ্ছেদের পথ আজ স্বাধীন বাংলাদেশে সবচেয়ে সুগম; আমাদের নিজেদের মানুষে মানুষে সম্বন্ধের মাঝখানে দূরত্ব এতটাই ক্রমপ্রসরমাণ যে বাঙালির যথার্থ সভ্যতা প্রতিষ্ঠার পথ প্রায় রুদ্ধ। রবীন্দ্রনাথ বরাবরই ইংরেজি সাহিত্য ও পাশ্চাত্য দর্শনের প্রশংসা করেছেন। শেষ বয়সেও তা করছেন। পাশ্চাত্যের সেই ভালোগুলো থেকে রস নিয়েই তিনি যে পাশ্চাত্য সভ্যতার আধিপত্যবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন, তাও তিনি উল্লেখ করতে কসুর করেননি। তিনি বলেছেন, ‘জীবনের প্রথম-আরম্ভে সমস্ত মন থেকে বিশ্বাস করেছিলুম য়ুরোপের সম্পদ অন্তরের এই সভ্যতার দানকে। আর আজ আমার বিদায়ের দিনে সে বিশ্বাস একেবারে দেউলিয়া হয়ে গেল।’

জীবন সায়াহ্নে রবীন্দ্রনাথ যেমন বিশ্বাস করেছিলেন এ দেশে একজন ‘পরিত্রাণকর্তার’ আবির্ভাবের, তেমনি নিজের জীবনচর্চার মাধ্যমেও উদাহরণ সৃষ্টি করেছিলেন সভ্যতার পূর্ব দিগন্তীয় রূপ প্রসারে। ‘কিন্তু মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব’, এই প্রত্যয় থেকে রবীন্দ্রনাথ বিচ্যুত হননি। আবার, প্রতিকারহীন পরাভবকে তিনি অপরাধ গণ্য করেছেন।

রবীন্দ্রনাথ নিজের জন্মদিনকে উপলক্ষ করে প্রকৃত অর্থে আত্মবিশ্লেষণে নিমগ্ন হয়েছেন। মনে রাখতে হবে, জন্মদিন পালনের ঢাকঢোল পাশ্চাত্যে যতটা বেজেছে, বাংলা বা ভারতবর্ষে তার ছিটেফোঁটাও নয়। এ অঞ্চলের সর্বসাধারণ এই তো সেদিন মাত্র জন্মদিন মনে রাখার গুরুত্ব অনুভব করলেন। কিন্তু এখানকার বিশিষ্ট চরিত্রগণের জন্মদিনের ঘনঘটা জাতিগত প্রথা-নির্ভর কৃত্য। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপনের আনুষ্ঠানিকতায় প্রাচ্য ও পাশ্চাত্যের জন্মদিন সংস্কৃতির সমন্বয় আছে। কবি তো আসলে তাঁর অভিজ্ঞতাকে আশ্রয় করেই নতুন সংস্কৃতির প্রস্তাব করেন।

বাংলা বা ভারতবর্ষ ছাড়াও প্রাচ্য ও পাশ্চাত্যের সংস্কৃতিগত রূপ রবীন্দ্রনাথ প্রত্যক্ষ করেছেন। সেগুলোর উৎকৃষ্টসমূহকে গ্রহণ করেছেন যেমন উদারচিত্তে, তেমনি নিজেদের উৎকৃষ্টের চর্চা করেছেন সহাসের সঙ্গে। তাঁর জন্মদিনের আনুষ্ঠানিকতায় বাঙালি সংস্কৃতির চিরায়ত উপাদানের উপস্থাপন লক্ষণীয়। কবিতা পাঠ, সংগীত পরিবেশন, নাটক পরিবেশন থেকে শুরু করে অভিভাষণ পর্যন্ত উপস্থাপন করার নজির তিনি নিজে স্থাপন করে গেছেন। ব্যক্তিগত কাজ, চিন্তা ও ভবিষ্যৎ স্বপ্ন বিশ্লেষণের পাশাপাশি বাদ পড়েনি সমাজ, রাজনীতি, সংস্কৃতি, মানুষের অধিকার-চিন্তা কোনোকিছুই। পঁচিশে বৈশাখ আমাদের সামনে সভ্য সংস্কৃতির উদাহরণ হিসেবে চর্চিত হয় অবশ্যই।

অন্তত পঁচিশে বৈশাখে আমরা নিজেদের প্রশ্ন করতে পারি, এত যে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ জপে চলি, তাঁর কাছ থেকে সত্যিকার অর্থে কী নিতে পেরেছি আমরা? সভ্যতার যে সংকটের কথা রবীন্দ্রনাথ তাঁর জীবৎকালের শেষ জন্মদিনে আমাদের শুনিয়ে গেছেন, সেই সংকট মোকাবিলা করার জন্য যে শক্তির উত্থানের ইঙ্গিত তিনি দিয়ে গেছেন, তা কি আমরা একবারও গণ্য করি? আমরা কি বাঙালি জাতির সদাচার নির্মাণে একটুও মনোযোগী, যতটা মনোযোগী পাশ্চাত্য মডেলের বৈষম্যপূর্ণ উন্নয়নে? আমরা কি কোনোদিনই বলতে পারব, এই হচ্ছে আমাদের সভ্যতার রূপ!

লেখক: গল্পকার, গবেষক, অনুবাদক