৪ খণ্ডে ভ্রমণ-আস্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি ভ্রমণকাহিনির ভক্ত। যাওয়া হোক না হোক, একটা দেশ ঘুরে আসার আংশিক আমেজ পাওয়া যায় ভ্রমণকাহিনিতে। আর যদি কখনো কোনো দেশভ্রমণের সুযোগ আসে, তখন আগেভাগে সে দেশ সম্পর্কে জেনে নেওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় ভ্রমণকাহিনি। কারণ, তাতে থাকে প্রত্যক্ষ অভিজ্ঞতা। মনে হয়, লেখকের সঙ্গে আমিও তো উপস্থিত সেখানে।

শাকুর মজিদের ভ্রমণসমগ্র বিশাল। ৪ খণ্ডে অনেকগুলো দেশভ্রমণের কাহিনি সেখানে লিপিবদ্ধ হয়েছে। ভালো লাগার দিকটি হলো, বেশির ভাগ লেখায় নিজস্ব অভিজ্ঞতার পাশাপাশি সে দেশের বিভিন্ন স্মারকের ইতিহাসও উঠে এসেছে। বিশাল এ বইয়ের সমালোচনা নয় এটি, এত লেখা যে এই ছোট পরিসরে সব কটি নিয়ে আলোচনা করা দুষ্কর। চেষ্টা করছি শুধু বইটির পরিচিতি তুলে ধরতে।

শাকুর মজিদের বিদেশভ্রমণের শুরু ১৯৯৭ সালে সংযুক্ত আরব আমিরাত সফর দিয়ে। টিকিট কেনার সময় পাসপোর্ট-ভিসার ফটোকপি জমা দিয়ে তাদের অনুমতির অপেক্ষায় থাকা নিশ্চয়ই বিড়ম্বনা। তবে একটি দেশ ভ্রমণের জন্য সংশ্লিষ্ট দেশের কিছু নিয়মনীতি তো মানতেই হয়। প্রথম ভ্রমণেই আমরা জেনে যাই, লেখক এই প্রথম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে (এখন শাহজালাল) ঢুকলেন। ফলে কিছুটা গুবলেট-পাকানো অভিজ্ঞতারও মুখোমুখি হলেন তিনি। হারিয়ে ফেললেন হাতের ব্যাগটা। পরে বুড়ো দারোয়ানের সহযোগিতায় ফিরেও পেলেন।

সে যা-ই হোক, ট্রানজিটে কুয়েত এয়ারপোর্টে নেমে বুঝলেন, জীবনে প্রথমবারের মতো তিনটি ঘণ্টা অর্জন করেছেন তিনি। ঘড়িতে দেশের সময় দুটো হলেও কুয়েতে তখন বেলা ১১টা। এরপর দুবাই। ১৫ দিনের ট্রানজিট ভিসা পেয়ে দেশটি দেখলেন লেখক। এখানে তাঁর দেশভ্রমণের পাশাপাশি প্রবাসী বাঙালিদের কথাও তিনি লিখেছেন। শাকুর মজিদ স্থপতি, তাই এ দেশেরই শুধু নয়, যে দেশই সফর করেছেন, তিনি স্থপতির দৃষ্টিতে স্থাপনাগুলো দেখার চেষ্টা করেছেন।


ভ্রমণসমগ্র-এ প্রথম খণ্ডে আছে আমিরাত, আমেরিকা, জার্মানি, গ্রিস, চিলি, ব্রিটেনসহ আরও কিছু দেশ ভ্রমণের বর্ণনা। রঙিন ছবিগুলো মনকাড়া। সে সঙ্গে গল্পের মতো করে বলে যাওয়া ইতিহাস কিংবা সামনে ঘটে যাওয়া মজার ঘটনায় মন জারিয়ে নেওয়া যাবে।

দ্বিতীয় খণ্ডে চীন আছে বড় একটা জায়গাজুড়ে। আমাদের দেশে চায়নিজ খাবারের প্রতি মানুষের আগ্রহ অপরিসীম। এখানে খাবারের বর্ণনায় দেখা যাচ্ছে ঐতিহাসিকভাবে চীনা খাবারের দুটি অংশ থাকে—জুশি ও চাই। জুশি হলো ভাত বা নুডলসজাতীয়, চাই হলো শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি। ইদানীং ভাত-নুডলসের প্রতি চীনাদের আগ্রহ কমছে।

মালয়েশিয়ায় এখন অনেকেই ভ্রমণে যান। শাকুর মজিদ কুয়ালালামপুরের (পুত্র-জায়াসহ) নানা দ্রষ্টব্যস্থানের সঙ্গে পাঠককে পরিচিত করেন অনেকটা সময় নিয়ে। সেখানে থার্টি ফার্স্ট নাইট ও ঈদের দিনের বর্ণনাও রয়েছে। পেনাং, লংকাউয়ি পার হয়ে তিনি চলে আসেন সিঙ্গাপুরে। এখন সেখানেও বাঙালি ট্যুরিস্টের মেলা বসেছে। এটুকু পড়ে আমার মনে হয়েছে, শাকুর মজিদের এই বই বিদেশভ্রমণের একটা গাইডবুক হিসেবেও মন্দ হবে না।

তৃতীয় খণ্ড শুরুই হয়েছে ভিয়েতনাম দিয়ে। তবে হ্যানয় নয়, সাইগন বা হো চি মিন সিটি দিয়ে। ভিয়েতনাম সম্পর্কে মাত্র দুটি তথ্য সম্বল করে আরও চার বন্ধুর সঙ্গে উড়াল দিয়েছিলেন লেখক। কিন্তু সেখানে যাওয়ার পর দেশটি সম্পর্কে তাঁর অভিজ্ঞতার ভান্ডারে যুক্ত হয় অনেক কিছুই, বাদ থাকে না যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম আক্রমণ প্রসঙ্গও। চু চি জঙ্গলের বর্ণনা ইতিহাসের ট্র্যাজিক ও বীরত্বের দিকটি তুলে আনে। মেকং নদীর কাছাকাছি হওয়ার অভিজ্ঞতা আমাদের বামপন্থী কিছু কবিতার কথাও মনে করিয়ে দিল। সিংহল বা শ্রীলঙ্কা নিয়ে লেখা কাহিনিতে ইতিহাস, স্থাপত্য, রাজনীতির খেলা আছে, তুরস্ক বা অটোমান সাম্রাজ্যের আলোচনায় চলে আসে প্রাচীন ও মধ্যযুগের কথা, বাদ যায় না বর্তমানও। মিসরের কথা থাকলে পিরামিডের কথা থাকবে, অসংখ্য ভাস্কর্যও রয়েছে সেখানে।

চতুর্থ খণ্ডটি সুইডেন, পোল্যান্ড, প্রাগ আর নেপাল ভ্রমণ। এর মধ্যে দুটি দেশ পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার সাক্ষী। পোল্যান্ডের একসময়ের প্রেসিডেন্ট লেস ওয়ালেসার সঙ্গে কথোপকথনে উঠে এসেছে পোল্যান্ডের দুর্দশার কথা। অন্নপূর্ণা দর্শনের সঙ্গে নেপালের বড় শহরগুলোও ঘুরে আসা যায়।

চার খণ্ডের এই বিশাল আয়োজনটি রঙিন ছবিতে আকর্ষণীয়। আসলে অনেকগুলো বইয়ের একটি সংকলন এটি। সাধারণ পাঠকের ক্রয়ক্ষমতার একটু বাইরে হয়তো দাম, কিন্তু ভ্রমণ অভিজ্ঞতার প্রতি যাঁদের আকর্ষণ আছে, তাঁরা এই চার খণ্ড কিনে নিলে সমৃদ্ধ হবে তাঁর নিজস্ব পাঠাগার।

ভ্রমণসমগ্র

শাকুর মজিদ

প্রচ্ছদ: সব্যসাচী হাজরা, প্রকাশক: কথাপ্রকাশ, ঢাকা, প্রকাশকাল: নভেম্বর ২০১৭ দাম: প্রতি খণ্ড ১২০০ টাকা