৬০ বছর পেরিয়ে অ্যান্টার্কটিকায়
স্কুলে পড়ার সময় থেকেই দেখতাম, আমাদের বাড়িতে একটা এনসাইক্লোপিডিয়া, তাতে অ্যান্টার্কটিকার অনেক ছবি। বরফে ঢাকা পাহাড়, সমুদ্রে ভেঙে পড়া বরফের চাঁই ভেসে বেড়াচ্ছে, পেঙ্গুইনরা দলবেঁধে সমুদ্রে ঝাঁপ দিচ্ছে। দেখতে খুব ভালো লাগত। স্বপ্ন দেখতাম, কোনো দিন নিজের চোখে কি এসব দেখার সুযোগ পাব! সেই সুযোগ এল, তবে আমার বয়স যখন ছেষট্টি, ডাক্তারি ছেড়ে দিয়েছি, পুরো অবসরে। অ্যান্টার্কটিকায় যাওয়া অনেক খরচের ব্যাপার, অবসরে যাওয়ার কারণে কিছু টাকা জমেছিল, অনেক আগে একটা বিমা করেছিলাম, তা থেকে বেশ কিছু টাকা পেলাম—তারপর সব টাকা এক করে যোগ দিলাম অ্যান্টার্কটিকা অভিযানে, সেটা ২৬ ডিসেম্বর ১৯৯৫।এটা ঠিক, এর মধ্যে অ্যান্টার্কটিকায় যাওয়া অনেক আগেই বেশ সহজতর হয়ে এসেছিল, প্রথম দিককার মেরু অভিযাত্রীদের মতো দিনের পর দিন স্লেজ অথবা পায়ে হেঁটে পথ পেরোনোর কোনো ব্যাপার নেই আর। এখন অ্যান্টার্কটিকায় যেতে সবার আগে লাগে টাকা। কাজেই রাহা খরচ জোগাড় হলে বাকিটা কঠিন কিছু নয়। কিন্তু আমার কাছে এই অভিযান ষাট বছর পেরিয়ে আসা, সেই ১৯৩০ সালে জন্ম নেওয়া এক বাঙালি কিশোরের স্বপ্নপূরণের অভিযান। কৈশোরে ওই স্বপ্ন যখন দেখেছি তখন সামর্থ্য ছিল না, কিন্তু স্বপ্ন হারায়নি, এত দিন পর্যন্তও বুকের মধ্যে যত্নে লালন করে এসেছি।ঠিক হলো, লন্ডন থেকে যাব আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে, ওখান থেকে প্লেনে পৃথিবীর সবচেয়ে দক্ষিণের শহর উসুআইয়া। আর সেখান থেকেই শুরু হবে মেরু অভিযান। অ্যান্টার্কটিকা বিরাট এক মহাদেশ। উত্তর আমেরিকার প্রায় অর্ধেক এর আয়তন। উসুআইয়া থেকে সবচেয়ে কাছে অ্যান্টার্কটিকার যে অংশ, তাকে বলে অ্যান্টার্কটিকা পেনিনসুলা। যে জাহাজ আমাকে অ্যান্টার্কটিকার পেনিনসুলায় নিয়ে যাবে, তার নাম মার্কো পোলো। ১৩ শতাব্দীর ভেনিস পরিব্রাজক মার্কো পোলোর নামে রাখা। রাশিয়ানরা জাহাজটি তৈরি করেছিল আইস ব্রেকার হিসেবে। সমুদ্রে শক্ত বরফের বাধা কেটে এই আইস ব্রেকার বহুদূর যাওয়ার ক্ষমতা রাখে। এখন ব্যবহূত হচ্ছে অ্যান্টার্কটিকা অভিযাত্রী পরিবহনে।ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি—এই দুই মাস কেবল জাহাজ অ্যান্টার্কটিকায় যেতে পারে। বাকি সময়টা অ্যান্টার্কটিকার প্রায় গোটাটা প্যাক আইস বা আইস শেলফে ঘিরে থাকে। এই শক্ত বাধা পেরিয়ে তখন আর কোনো জাহাজ যেতে পারে না। এর মানে এখানে দুই মাস গ্রীষ্মকাল। বাকি ১০ মাস শীতকাল। শীতের মৌসুমে অ্যান্টার্কটিকায় বেশির ভাগ সময় অন্ধকার। আর গ্রীষ্মের সময় সূর্যের আলো থাকে রাত ১০-১১টা পর্যন্ত।বুয়েন্স এইরেস থেকে সকালবেলা রওনা হয়ে বিকেলে পৌঁছালাম উসুআইয়া। মার্কো পোলোতে উঠলাম সন্ধ্যা ছটায়। জাহাজ ছাড়ল রাত প্রায় নয়টায়, বাইরে তখনো দিনের আলো মুছে যায়নি। রাতে খাবারের ঘরে আরও কয়েকজন অভিযাত্রীর সঙ্গে পরিচয় হলো। এঁদের একজন প্রফেসর টমাস লাউডন। তিনি একজন ভূতত্ত্ববিদ। আমেরিকার এক কলেজের প্রফেসর। তিনি ছাড়া আরও কয়েকজন বৈজ্ঞানিক যাচ্ছেন। প্রফেসর লাউডন আগেও অ্যান্টার্কটিকা সফরে এসেছেন। এখানকার একটা পাহাড়ের নামও তাঁর নামে করা হয়েছে। রাতে ঘুম ভালোই হলো। সকালে ডেকে এসে দেখি, তুমূল তুষারপাত হচ্ছে। অ্যান্টার্কটিকার ঠান্ডা মোকাবিলায় কী রকম কাপড়চোপড় পরতে হবে, সে সম্পর্কে আগেই ধারণা দেওয়া হয়েছিল। গায়ের সঙ্গে যে অন্তর্বাস লেগে থাকবে, সেগুলো যেন সুতি না হয়ে নাইলনের হয়। কারণ তুলোর কাপড় গায়ের গরম আটকে রাখতে পারে না। শার্ট হবে লম্বা আস্তিনঅলা, উলের সোয়েটার, দরকার হলে দুটো সোয়েটারও পরা যেতে পারে। নিচে পশমের ট্রাউজার। কান ঢাকা পড়ে এমন পশমের টুপি দিয়ে মাথা ঢাকা থাকতে হবে। হাতে চামড়ার দস্তানা। পায়ে থাকবে পুরু পশমের মোজা, গোড়ালি পর্যন্ত ঢাকা বুটজুতা এবং তার ওপর ওয়েলিংটন বুট।প্রফেসর লাউডনের এক নাতিদীর্ঘ বক্তৃতায় জানলাম, কেমন করে অ্যান্টার্কটিকা মহাদেশ তৈরি হলো: পৃথিবীর একেবারে প্রথম দিকে, প্রায় কয়েক কোটি বছর আগে সব মহাদেশ একসঙ্গে জুড়ে ছিল, যার নাম দেওয়া হয়েছিল গোল্ডওয়ানাল্যান্ড। তারপর টেকটোনিক প্লেটগুলো নড়তে থাকে, তখন মহাদেশগুলো আলাদা হয়ে এখনকার মহাদেশগুলো তৈরি হয়। অ্যান্টার্কটিকায় বরফের নিচে বহু জীব-জানোয়ারের ফসিল পাওয়া গেছে, যেগুলো ভারত ও আফ্রিকায় থাকত এবং এখনো আছে। পৃথিবীর যত বরফ তার শতকরা ৯০ ভাগ অ্যান্টার্কটিকায় আছে। এ বরফ সব গলে গেলে, সাগরের উচ্চতা আরও ৭০ ফুট বেড়ে যাবে। অ্যান্টার্কটিকায় বরফের ওপর শুধু এক-দুই মাসের জন্য কিছু উদ্ভিদ জন্মে, এগুলো মস বা ফার্ন। পেঙ্গুইনের খাবার। ছেলেবেলার ভূগোলের বইয়ে লেখা ছিল, ৪০ ডিগ্রি ল্যাটিচুডের দক্ষিণে সাগরকে বলা হয় রোরিং ফরটিজ। দেখলাম, কী অশান্ত, আর রুদ্র হতে পারে সাগর। সারাক্ষণ যেন ফুঁসছে, ঝোড়ো হাওয়া আর বড় বড় ঢেউ। তবে এই ঢেউয়ে এখনকার জাহাজ আর ডোবে না, কিন্তু যাত্রীদের দুর্ভোগের কোনো সীমা থাকে না। রোরিং ফরটিজের দুর্ভোগ কী হতে পারে, টের পেলাম অচিরেই, মাথা ঘোরা শুরু হয়ে গেল, খাওয়া বন্ধ করে দিলাম ভয়ে। কিন্তু শেষরক্ষা হলো না, বমি শুরু হয়ে গেল। ভাবলাম, বিছানায় শুয়ে থাকলে হয়তো ভালো লাগবে, কিন্তু কাজ হলো না। প্রায় পুরো ২৪ ঘণ্টা বমির ধকল নিয়ে শুয়ে থাকলাম। শুনলাম, আমার মতো অবস্থা হয়েছে আরও অনেকেরই।ড্রেক প্যাসেজের রোরিং ফরটিজ পার হওয়ার পর সমুদ্র শান্ত হয়ে এল। ওদিকে সামনেই বিশাল অ্যান্টার্কটিকা। যত দূর চোখ যায় শুধু বরফের রাজ্য। তীব্র উত্তেজনা টের পেলাম নিজের মধ্যে, আমার ছেলেবেলার সেই বইয়ে দেখা অ্যান্টার্কটিকা এখন আমার চোখের সামনে!ডাঙায় নামার কথা ছিল টার্গেট পয়েন্টে, কিন্তু ঝোড়ো হাওয়া আর সমুদ্র অশান্ত হওয়ায় ওখানে নামা হলো না। বিকেলে আমরা পৌঁছালাম হোপ বে নামের আরেক জায়গায়। এখানেই নামার সিদ্ধান্ত হলো। জডিয়াক নামের বোটে চড়ে বসলাম। আগেই সতর্ক করা হয়েছে, বোট থেকে যদি কেউ পানিতে পড়ে যায়, তাহলে এই ঠান্ডা পানিতে বড়জোর পাঁচ মিনিট পর্যন্ত বেঁচে থাকবে সে। ডাঙার কাছাকাছি এসে দেখলাম, বরফের ফাঁক দিয়ে নিচের কালচে মাটি দেখা যাচ্ছে। সঙ্গে পাথর ও নুড়ি। পেঙ্গুইনরা বসে আছে অলস ভঙ্গিতে। এক পাশে দেখলাম, তিন-চারটে সিল জড়াজড়ি করে শুয়ে আছে। আরও অগ্রসর হওয়ার পর মনে হলো, চার পাশের সবকিছু প্রায় এক রকম: বরফ আর বরফ। দিনের শেষদিকে এসে টের পেলাম, ঠান্ডাটা আরও জাঁকিয়ে নামছে। একই সঙ্গে বুঝলাম, শুধু সাদা বরফ দেখে দেখে চোখ ক্লান্ত হয়ে এসেছে। আর মন ভরছে না, আরও আধা ঘণ্টা ইচ্ছেমতো ছবি তুলে জাহাজে ফিরে এলাম।তার পর চার দিন একে একে গেলাম পোর্ট লকরয়, হাফ মুন আইল্যান্ড, প্যারাডাইস হারবার। পোর্ট লকরয়ে দেখলাম, একটা পুরো তিমির হাড় জড়ো করা রাখা হয়েছে। প্রায় ১০০ বছর আগে অ্যান্টার্কটিকায় লোকেরা আসত তিমি শিকার করতে। বরফ সরে গেলে এখনো এ রকম তিমির হাড় এখানে-ওখানে বেরিয়ে পড়ে।সমুদ্রে জীবন্ত তিমি দেখার খুব ইচ্ছে ছিল। গ্রীষ্মের সময় অ্যান্টার্কটিকায় খাবারের জন্য তিমিরা ভিড় করে। আসে পৃথিবীর সবচেয়ে বড় জন্তু স্পার্ম হোয়েল, ছোট হাম্পব্যাক হোয়েল, মিংকি হোয়েল, বালিন হোয়েল—এদের সবার প্রিয় খাবার ‘ক্রিল’। ইঞ্চিখানেক লম্বা চিংড়ির মতো একটি জীব। অ্যান্টার্কটিকার ঠান্ডা স্রোতে এরা বড় হয়। এই স্রোত উত্তর দিয়ে বয়ে যায় এবং উত্তর থেকে আসা গরম স্রোতের সঙ্গে মেশে। এই মিশ্রণের জায়গাটিকে বলে ‘অ্যান্টার্কটিকা কনভার জেন্স’। গরম স্রোতের সঙ্গে ঠান্ডা স্রোতটি যখন ধাক্কা খায়, তখন ক্রিলগুলো মরে ভেসে ওঠে। তিমিরা এই ক্রিল খাওয়ার জন্য এই কনভার জেন্সের কাছে ঘোরাঘুরি করে। ক্রিল খাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে রাত তিন থেকে চারটা, যখন সূর্য ওঠে। তিমিরা ক্রিলসমেত সমুদ্রের পানি মুখে নেয়, তারপর গলার ভেতরের ছাঁকনির মতো অংশে সব ক্রিল আটকে গেলে মাথার ওপর যে ছিদ্র থাকে, সেটা দিয়ে সব পানি বের করে দেয়। একেকটা স্পার্ম তিমি এভাবে কয়েক দিনে প্রায় ৫০-৬০ টন ক্রিল খেয়ে ফেলে। খেয়ে মোটাতাজাা হয়ে আবার পাড়ি জমায় ১০ হাজার মাইল দূরের উত্তর আর্কটিকের সমুদ্রে।এ যাত্রায় আমার জন্য দুঃখের ছিল নেমেয়ার চ্যানেলে না যেতে পারা। কয়েক মাইল লম্বা এই চ্যানেল। দুই পাশে বরফ-ঢাকা খাড়া পাহাড়, পানিতে ভাসছে অজস্র হিমশৈল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে চ্যানেলের মুখ থেকে ফিরে আসতে হলো।ভাসমান হিমশৈল দেখতে প্রথম দিকে ভালোই লাগত, কিন্তু প্রতিদিন ছোট, বড় মাঝারি হিমশৈল দেখতে দেখতে একঘেয়েমি পেয়ে বসল। অ্যান্টার্কটিকায় শেষদিকে পৌঁছালাম, ডিসেপশান আইল্যান্ডে। এটা একটা আগ্নেয়গিরির ক্রেটার বা মুখগহ্বর। এটা এখনো জ্যান্ত, প্রায় ২০ বছর আগে শেষবার অগ্ন্যুত্পাত হয়েছিল। এই ক্রেটারে ঢোকার একটা প্রাকৃতিক রাস্তা আছে এক দিকে। ভিতরে ঢুকে মুগ্ধ হয়ে গেলাম: চারদিকে কালো কালো গ্রানাইটের দেয়াল। মাঝখানে গরম পানির প্রবাহ। চাইলে গোসল করতে পারে যে কেউ। কিন্তু উঁচু উঁচু ঢেউ আর বাতাসের কারণে পানিতে নামার সাহস হলো না। ফিরতি পথে আবার ড্রেক প্যাসেজ পার হতে হবে ভাবতেই আতঙ্ক চেপে বসল মনে। ফেরার সময়ে আরও বেশি ভুগলাম, বমি করতে করতে নাড়িভুঁড়ি যেন উগরে দেওয়ার জোগাড় হলো।আমার জন্য এই অ্যান্টার্কটিকায় যাওয়া সারা জীবন মনে রাখার মতো ঘটনা। আবার যদি যেতে পারতাম, ওই বিশাল মহাদেশের কত কিছু দেখা হয়নি! কিন্তু যখনই ভাবি, ড্রেক প্যাসেজ আবার পার হতে হবে, একবার নয় দুবার, তখনই সব উত্সাহে ভাটা পড়ে যায়।