৮ ফুট চুল, ৯ ফুট লম্বা দাড়ি
বগুড়ায় পটাশ নামে পরিচিত আবদুল মালেক এক আজব মানুষ। ৪২ বছর ধরে সযত্নে দাড়ির দৈর্ঘ্য বানিয়েছেন নয় ফুট আর চুলের দৈর্ঘ্য আট ফুট। একই সঙ্গে এ রকম চুল আর দাড়ির দৈর্ঘ্যের মানুষ বাংলাদেশে বিরল। বগুড়ার সান্তাহারের মানুষ মনে করে, পটাশ ওরফে আবদুল মালেকই দেশের সবচেয়ে লম্বা চুল-দাড়ির মালিক।জম্মের পরপরই মাকে হারান আবদুল মালেক। এরপর বাবা আলেজ উদ্দীন আবার বিয়ে করেন। সৎ মায়ের সংসারে ঠাঁই হয়নি মালেকের। চলে আসেন ফুফুর বাড়ি। সেখানেই বড় হয়েছেন। হঠাৎ করেই একদিন এই অদ্ভুত খেয়াল চাপে মালেকের। তারপর থেকে চুল-দাড়ি কাটা একদম বাদ দিয়ে দেন। পরে বিয়ের সময় একবার স্বজনেরা জোর করে তাঁর চুল-দাড়ি কেটে দেন। তবে বিয়ের পর আবার চুল-দাড়ি রাখা শুরু করেন মালেক। রেলের চাকরিতে যোগ দেন এর পরপরই। বাবার মৃত্যুর পর চাকরি আর জমিজমা নিয়ে সংসারে ব্যস্ত হয়ে পড়লে চুল-দাড়ি আর কখনোই কাটা হয়নি তাঁর। একসময় চুল লম্বা হতে হতে তাতে জটা ধরে। আর চুল-দাড়ি যত বাড়ে তত মায়ায় জড়িয়ে পড়েন মালেক। নিয়মিত যত্ন নেওয়া শুরু করেন তিনি চুল-দাড়ির। চুলকে ময়লা থেকে বাঁচাতে একসময় পাগড়ি পরা শুরু করেন। পাগড়ির নিচে লম্বা চুল ঢাকা থাকলেও দাড়ি ভরে রাখেন পাঞ্জাবির পকেটে। মাঝেমাধ্যে লোকজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন মালেক। তবে লোকজনের মনোযোগ না পেলেও তাঁর ভালো লাগে না। তাঁর লম্বা চুল-দাড়ি নিয়ে লোকজন কৌতূহল দেখালে তাঁর বেশ ভালোই লাগে, উপভোগ করেন তাঁকে নিয়ে লোকজনের এই বাড়তি আগ্রহ। অনেকের কাছে পটাশ হাসি-ঠাট্টার মানুষ হলেও তাঁর কিছু ভক্তও আছে। প্রতিবছর ১৩ চৈত্র ভক্তদের নিয়ে মজলিশের আয়োজন করেন মালেক। শত শত লোক তাঁর বাড়িতে আসে সেদিন। চুল আর দাড়ি নিয়ে মালেকের একধরনের অহংকার আছে, এটা তাঁর কাছে অনেক গর্বের। পরিবারের লোকজন তাঁর চুল-দাড়ি কাটানোর কম চেষ্টা করেনি, এখন হাল ছেড়ে দিয়েছে। আট সন্তানের জনক মালেক তাঁর সব সন্তানকেই এইচএসসি থেকে ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করিয়েছেন। দুই ছেলে আর তিন মেয়ের বিয়েও দিয়েছেন। তাঁর প্রিয় চুল-দাড়িও যেন মৃত্যুর পর তাঁর সঙ্গে সমাহিত হয়, এই তাঁর অন্তিম ইচ্ছা।