'আমার সৃষ্টির উৎস মাটি আর মানুষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল শিল্পালয়ে এখন চলছে শহিদ কবিরের একক চিত্রপ্রদর্শনী। তিন সপ্তাহব্যাপী এ প্রদর্শনী শেষ হবে আগামী ১ এপ্রিল। প্রদর্শনী ও অনান্য বিষয়ে শিল্পীর সঙ্গে কথা বলেছেন এ কে এম জাকারিয়া

শহিদ কবির। ছবি: সৈকত ভদ্র
শহিদ কবির। ছবি: সৈকত ভদ্র

এ কে এম জাকারিয়া: সৃষ্টির নাকি বেদনা থাকে, কারও কাছে আবার তা আনন্দেরও। কেউ কাজ করেন আনন্দ নিয়ে, কেউ বেদনা নিয়ে। আপনার ক্ষেত্রে কোনটি? নাকি ভিন্ন কিছু?
শহিদ কবির: জীবনে দুঃখ-কষ্ট থাকে। তবে কষ্টই সম্ভবত লেখক বা শিল্পীদের বেশি সহায়তা করে। আমি দারোগার ছেলে ছিলাম। সামাজিকভাবে তখন এর দাম থাকলেও আমি কিন্তু ছেলেবেলায় মিশতাম মেথর, মুচি বা কুলি-মজুরদের ছেলেমেয়েদের সঙ্গে, যাদের আমরা নীচু শ্রেণী বলি, তাদের সঙ্গে। তাদের সঙ্গে খেলাধুলা করা বা পাগারে খলশে মাছ ধরা—এসবেই ছিল আমার আনন্দ। আমার বাবা তা পছন্দ করতেন না। এসব কারণে তিনি আমাকে ‘কবির মুচি’ বলেও ডাকতেন। আমার সৃষ্টির উৎস আসলে মাটি আর মাটির সঙ্গে থাকা মানুষ। তাদের কাছাকাছি থেকেই আমি শিখেছি। এই যে মাটির কাছে যাওয়া এবং মাটির কাছাকাছি থাকা মানুষের সঙ্গে মেশা, এটা কিন্তু ইচ্ছা করে দুঃখ-কষ্ট নেওয়া নয়। এটাই আমি। পরে যখন স্পেনে গেলাম, সেখানে গিয়ে আমার খাতির হলো স্ট্রিট পিপলদের সঙ্গে, জিপসিদের সঙ্গে। সেখানে আমার ভালো লাগে ফ্ল্যামেনকো নাচ। সেই একই ধরনের লোকের সঙ্গেই আমি মিশেছি। এটা মনে হয় আমার রক্তের মধ্যেই আছে। এই জীবন যাপন করতে গিয়ে যা দেখি, যা পাই, সেটাই আমার ছবি।
জাকারিয়া: এবারের প্রদর্শনীর ছবিগুলো...
কবির: আমি বেশি ছবি আঁকতে পারি না। আর ছবি আঁকতে আমার অনেক সময়ও লাগে। প্রদর্শনীর সবই রিয়ালিস্টিক ধারার ছবি। মানুষ ও তাদের জীবনের ছবি। দেখেশুনে ও পর্যবেক্ষণ থেকে আঁকা। ইটের ভাটার ছবি এঁকেছি, এর আগে দিনের পর দিন সেখানে গিয়েছি। যে মানুষ ও তাদের জীবনের ছবি এঁকেছি, তাদের অনেক দিন ধরে দেখেছি। এবারের প্রদর্শনীতে একটি ছবি আছে অর্ধেক শড়ি গায়ে জড়ানো আর অর্ধেক মাটিতে ছড়িয়ে দেওয়া এক নারীর। এই দৃশ্য আমার ১৯৬৮ সালে দেখা। তখন আমি ছাত্র। বরিশালে যাওয়ার পথে আমার চোখে পড়েছিল। লঞ্চের একজনকে জিজ্ঞেস করে জেনেছিলাম, মেয়েটির একটিই শাড়ি, অর্ধেক গায়ে জড়িয়ে বাকি অর্ধেক শুকাতে দিয়েছে। এই দৃশ্য আমার মনে গেঁথে ছিল। এত দিন পরে এঁকেছি। মাটি আর মাটির মানুষের প্রতি আমার এই যে আকর্ষণ, এটা কিন্তু কোনো ভণিতা নয়। আমি লোকটাই এমন। এবারের প্রদর্শনীর টাইটেলও হচ্ছে ‘তোমার পরে ঠেকাই মাথা’।
জাকারিয়া: ‘লালন’ সিরিজের ছবি দিয়ে আপনি আলোচনায় এসেছিলেন। এরপর স্পেনে পাড়ি জমালেন। সেখানে চিন্তাজগতে কী পরিবর্তন এল যে সেই ধারা থেকে সরে গেলেন?
কবির: ‘লালন’ সিরিজের কাজ যখন করি, তখন অধ্যাত্মবাদের প্রতি একধরনের ঝোঁক হয়েছিল। স্বাধীনতার পর পর ফরিদা পারভীনের গলায় লালনের গান শুনে লালনদর্শনের প্রতি আকৃষ্ট হয়েছিলাম। আশির দশকে স্পেনে যাওয়ার পর অধ্যাত্মবাদ থেকে সরে আসতে শুরু করি। সেখানে গিয়ে টের পেতে শুরু করলাম, অধ্যাত্মবাদ হচ্ছে রূঢ় বাস্তবতা থেকে পালিয়ে বেড়ানো। মনে হলো, অধ্যাত্মবাদের ওপর আমার বিশ্বাস বাস্তবতা থেকে আমাকে দূরে ঠেলে দিয়েছে। স্পর্শ না করা পর্যন্ত কোনো কিছুতেই বিশ্বাস নয়—এমন ধারণা আস্তে আস্তে পেয়ে বসল।
জাকারিয়া: সেখানকার কোনো শিল্পী কি আপনাকে প্রভাবিত করেছে?
কবির: স্প্যানিশ শিল্পী মিগেল বার্সেলো আমাকে অনেক প্রভাবিত করেছেন। তাঁর একটি বড় কাজ আমাকে অনেক আলোড়িত করেছিল। স্প্যানিশরা যে স্যুপ প্রতিদিনই খায়, সেই স্যুপের একটি বাটি এঁকেছিলেন তিনি। তখন আমি ভাবলাম, আমাদের পান্তা ভাতের সানকি তো এর চেয়েও অপূর্ব। দৈনন্দিন জীবনের ছবিই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হতে শুরু করল। আমি এঁকেছি ভাতের হাঁড়ি পুড়ছে। এটাই আমার জার্নি। অনেকে মনে করেন, আর্ট মানেই অসাধারণ কিছু হতে হবে, আমার তা মনে হয় না। কেউ ভাবতে পারেন, যে স্যুপের বা ডালের বাটি আমরা প্রতিদিন ব্যবহার করছি, তা শিল্পের বিষয় হয় কীভাবে! আসলে দুর্বোধ্যতার সঙ্গে সৃষ্টিশীলতার কোনো সম্পর্ক নেই। আমার সীমানাহীন যে জীবনযাপন, সেটা থেকে পাওয়া শিক্ষাই আমার ছবির বিষয়।
জাকারিয়া: আর্ট বিষয়টিই তো এখন অনেক ব্যাপক হয়ে গেছে। আর্ট বা নন-আর্টের মধ্যে ফারাক করাও এখন কঠিন। চিত্রকলা বলতে যে দ্বিমাত্রিক ফ্রেম আমরা দেখে আসছি, বিষয়টি সেখানেও আর আটকে নেই। এর সঙ্গে শব্দ, আলো, চলমান চিত্র বা নানা বস্তুও যুক্ত করে দেওয়া হচ্ছে। এই যে নতুন নতুন এত কিছু হচ্ছে, এ নিয়ে আপনার মন্তব্য কী?
কবির: আর্টের ক্ষেত্রে ‘যত মত, তত পথ’ নীতিতেই আমি বিশ্বাস করি। আর্টের ক্ষেত্রে নানা কিছু হচ্ছে, নানা ধরনের কাজ হচ্ছে, নানা কিছু এর সঙ্গে যুক্ত হচ্ছে। অনেকে ভিন্ন ধরনের ছবি আঁকেন, বিমূর্ত ধারায় কাজ করেন কেউ, অনেকে নানা নিরীক্ষা করেন—তাঁদের সবার প্রতিই আমার শ্রদ্ধা রয়েছে। তবে একটা জিনিস আমি বলি যে আর্টের ক্ষেত্রে এখন নতুন বলে আসলে কিছু নেই। সেই গুহা যুগেই নতুন কিছু করার কাজ সারা হয়ে গেছে। সৃষ্টির শুরুতে যা হয়েছে, সেটাই ছিল নতুন। রেখা দিয়ে তখন যে বাইসনের ছবি আঁকা হয়েছে, সেটাই সব ক্ষেত্রে নতুন ও কনসেপচুয়াল আর্ট। এখন আমরা সবাই নিজের মতো করে কাজ করছি। এখানে বিশুদ্ধ নতুন বলে কিছু নেই। আর আমার কথা হচ্ছে, কোনটি আর্ট আর কোনটি নন-আর্ট, তা ঠিক করার মালিক কোনো গ্যালারি, আর্ট ক্রিটিক বা বায়ার নয়। এঁদের দিয়ে শিল্পী তৈরি হয় না। মানুষই শিল্পীকে গ্রহণ করে।
জাকারিয়া: কিন্তু এই যে আর্ট নিয়ে নানা নিরীক্ষা হচ্ছে, নানা কিছু যুক্ত হচ্ছে, আপনার ভাষায় তা নতুন কিছু না হলেও ভিন্ন ধরনের যে কাজ হচ্ছে, তার কোনো প্রভাব কি আপনার ওপর নেই?
কবির: আমি দ্বিমাত্রিক ফ্রেমে কাজ করি। কিন্তু আর্টের বর্তমান ধারার প্রভাব নিশ্চয়ই আমার ওপর রয়েছে। এবারের প্রদর্শনীতে দেখবেন, আমি ক্যানভাসে খড় ব্যবহার করেছি। একটি ছবিতে ব্লাউজ লাগিয়ে দিয়েছি। আমার কোথাও থেকে কিছু নিতে কোনো আপত্তি নেই। যে নেওয়ার সে সবখান থেকেই নিতে পারে এবং নিজের কাজে নিজের মতো করে ব্যবহার করতে পারে। আর আশপাশে নানা কিছু ঘটবে, তার প্রভাব পড়বে না, তা তো হয় না। চেতনে ও অবচেতনে শিল্পীর মনে প্রভাব পড়বেই। এবারের ঢাকা আর্ট সামিটে আমি একটি বড় পাতিল করেছিলাম। এসব তো আর্টের নানা ধারার প্রভাব থেকেই হয়েছে।
জাকারিয়া: স্পেনে পাড়ি জমিয়েছিলেন কেন? সেখান থেকে পাওয়া কী?
কবির: শিল্পের খোঁজেই স্পেনে গিয়েছি। টিকে থাকার জন্য সেখানে অনেক কষ্ট করতে হয়েছে। আগেই বলেছি, সেখানেও আমাকে নিম্নবর্গের মানুষই আকর্ষণ করেছে। তাদের সঙ্গেই থেকেছি, মিশেছি। কিন্তু একই সঙ্গে অনেক শিল্পীর সঙ্গে মেশা, তাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আমি ভাগ্যবান যে অনেক বড় শিল্পীর প্রিন্টার হিসেবে কাজ করেছি। তাঁদের সঙ্গে কাজ করে আমি অনেক কিছু শিখেছি। আন্তোনিও তাপিস ও আন্তোনিও লোপেজের মতো শিল্পীদের সান্নিধ্যে আসার সৌভাগ্য আমার হয়েছিল। লোপেজ আমাকে অনুপ্রাণিত করেছেন। তিনি রিয়ালিস্টিক ধরনের ফিগারেটিভ ও ল্যান্ডস্কেপ ছবি আঁকেন, কিন্তু এর ভেতরে এমন এক রূপ দিতে পারেন, যা ম্যাজিক্যাল।
জাকারিয়া: আপনার এবারের প্রদর্শনী উপলক্ষে যে কাটালগটি বের হয়েছে, সেখানে আপনার ওপর সমালোচক মইনুদ্দীন খালেদের লেখার শিরোনামটি হচ্ছে; ‘শহিদ কবির: বিদ্রোহী, মরমি, ইন্দ্রিয়প্রবণ’। বিদ্রোহী আর মরমি চরিত্রের কিছু দিক না হয় এতক্ষণ জানা গেল। ইন্দ্রিয়পরায়ণতার বিষয়টি তো বাদ পড়ে গেল।
কবির: যাঁরা কাজের মানুষ বা কর্মঠ, তাঁদের মধ্যে কাম বা ইন্দ্রিয় প্রবণতা বেশি থাকে। আমার কাছে কাম একটা শক্তি। এটাকে আমি অস্বীকার করি না। কাম বা যৌনতাকে অস্বীকার করা মানে তো নিজের জন্ম বা সৃষ্টিকেই অস্বীকার করা। আমি দেখেছি, যাঁরা কামুক পুরুষ, নারীদের প্রতি তাদের শ্রদ্ধাই সবচেয়ে বেশি। নারীরাই আমার কাজের প্রেরণা। এটা আমার কাছে একটা শক্তি।
জাকারিয়া: কোনো স্থায়ী সম্পর্ক?
কবির: ১৯৯০ সালে আমার স্ত্রী মারা যাওয়ার পর কারও সঙ্গে স্থায়ী কোনো সম্পর্কে জড়াইনি। এরপর মুক্ত জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছি। আর কোনো সংসার করার ইচ্ছা নেই। কোনো দায়িত্ব নিতে চাই না। সৃষ্টির জন্য মুক্ত জীবন প্রয়োজন।
জাকারিয়া: ২০০৮-এর পর ২০১৪ সালে ঢাকায় আরেকটি প্রদর্শনী। পরের পরিকল্পনা কী?
কবির: আমার প্রদর্শনী এখনো চলছে, কিন্তু এই ছবিগুলো আমি এরই মধ্যে ভুলে গেছি। বাচ্চা হওয়ার পর মেয়েদের যেমন ডিপ্রেশন হয়, নিজেকে শূন্য মনে হয়, আমার অবস্থা এখন তেমনই। অনেকে প্রশংসা করেছেন, এটা নিশ্চয়ই ভালো লাগে; কিন্তু এসব আমার জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ নয়। সামনে কী করব, সেটাই এখন ভাবনা। আমার তো কোনো ধারা নেই, কোনো স্টাইলও নেই। যা আমাকে আকৃষ্ট করে, তা-ই আঁকি, সামনেও তা-ই আঁকব। যে সুর আজও থামেনি, আর যে সুর আজও বাজেনি, তার জন্যই এখন আমার অপেক্ষা।