বাংলা সাহিত্যে দলিত মানুষের রূপকার মহাশ্বেতা দেবী। ১৪ জানুয়ারি তাঁর জন্মদিন। বদরুন নাহার-এর সঙ্গে আলাপচারিতায় তিনি বলেছেন নিজের লেখাজোখা প্রসঙ্গে। উঠে এসেছে সমসাময়িক নানা বিষয়ও

কথাসাহিত্যিক ও সমাজকর্মী মহাশ্বেতা দেবীর সঙ্গে দেখা করার ইচ্ছা বহুদিন থেকেই। অবশেষে ২০১৩ সালের ২৫ ডিসেম্বর দেখা হলো তাঁর সঙ্গে। সেদিন দুপুর ১২টায় যখন মহাশ্বেতা দেবীর বাসার সামনে দাঁড়ালাম, ভেতরে ভেতরে ভীষণ উত্তেজনা কাজ করছে তখন। আমরা ওপরের ঘরটিতে গিয়ে অপেক্ষা করছি। খানিকবাদেই রুমটিতে ঢুকলেন তিনি। বললেন, ‘কই? কে এসেছে...’ তারপর আমাকে দেখে ‘ওমা...এ দেখি ছোট্ট একটা মেয়ে!’—বলে জড়িয়ে ধরলেন। তাঁকে সবাই ‘মাসিমা মাসিমা’ বলে ডাকছিল। আমি বললাম, ‘আমি আপনাকে কী বলে ডাকব?’
দৃঢ় কণ্ঠে বললেন, তিনি, ‘ক্যানো, তুমি আমাকে মহাশ্বেতা বলে ডাকবে।’
বয়স এ কথাশিল্পীর কণ্ঠকে এতটুকু স্পর্শ করেনি, শরীরে হয়তো বাড়তি কিছু ভাঁজ এনে দিয়েছে। তখন অপলক চোখে দেখছি তাঁকে। এর মধ্যে মহাশ্বেতা দেবীর অনুমতি নিয়েই ধারণ হচ্ছে আমাদের আলাপচারিতা।
বদরুন নাহার: আপনার আদিবাসী জীবনকেন্দ্রিক উপন্যাস অরণ্যের অধিকার-এর বীর বীরসার তিরকে ধানী মুণ্ডার মাধ্যমে তুলে দেওয়া হলো চোট্টিমুণ্ডার হাতে। যদিও বীরসা এসেছে ইতিহাস থেকে, সত্যিকারের বিপ্লবী ছিল সে। অন্যদিকে চোট্টিমুণ্ডা এবং তার তীর উপন্যাসে চোট্টি কাল্পনিক চরিত্র, অথচ চোট্টিমুণ্ডা পাঠে বেশি আনন্দ পেয়েছি।
মহাশ্বেতা দেবী: চোট্টিমুণ্ডা আমার সমগ্র আদিবাসী চিন্তার সমাহার। সমগ্রটা এক জায়গায়।
বদরুন: আপনার বই থেকে জানতে পারি, আপনি পথে যেতে যেতে তিরন্দাজ মেলা থেকে চোট্টিমুণ্ডাকে পেলেন। একটা চরিত্রকে খুঁজে পেয়ে তাকে চোট্টির মতো ব্যক্তিত্বে তুলে ধরা সহজ কাজ নয়। মুণ্ডা সমাজের লিখিত কোনো লিপি নেই, কেবল মুখের ভাষা থেকে এমন নির্মাণ কীভাবে সম্ভব?
মহাশ্বেতা: আমি কোনো চোট্টিমুণ্ডাকে দেখিনি। সব চিন্তার ভেতর থেকে এসেছে। ওই সব জায়গার সঙ্গে সম্পৃক্ত ছিলাম। ওদের মধ্যে গিয়ে সংগঠন করেছি। ওদের নিয়ে কাজ করেছি।
বদরুন: আপনার অরণ্যের অধিকার পড়ে আমার মনে কিছু প্রশ্ন জেগেছিল...
মহাশ্বেতা: বলো।
বদরুন: অরণ্যের অধিকার উপন্যাসে বীরসা মুণ্ডাকে বীর করার জন্য যে লোকসংগীতগুলোকে এনেছেন, তা ধর্মীয় প্রার্থনা সংগীতের মতো উপস্থাপন করেছেন। এতে মনে হয়েছে, তাকে শুদ্ধ ক্যারেকটারইজ করার চেষ্টা। একজন নেতা হওয়ার জন্য আইডল তৈরি...
মহাশ্বেতা: বীরসা সম্পর্কে কিন্তু ওই অঞ্চলের মানুষ, তারা কয়েক প্রজন্ম ধরে ওই কথাগুলোই বিশ্বাস করে আসছে।
বদরুন: বীরসা যখন ব্রিটিশদের হাতে ধরা পড়লেন, শোনা যায় তাঁর সঙ্গে তখন তিনজন নারীসঙ্গী ছিলেন। আপনি বীরসার আদিবাসী আন্দোলনকে তুলে ধরলেন কিন্তু এই প্রসঙ্গ তেমন উঠে এল না।
মহাশ্বেতা: কী, মেয়েদের ভূমিকা?
বদরুন: হ্যাঁ, আমি খুব স্বাভাবিকভাবে বিষয়টা দেখছি। আমাদের সামাজিক গণ্ডি আমরা যেভাবে তুলে ধরছি, আদিবাসী সামাজিক গণ্ডি সেভাবে ছিল না। উপন্যাসে এটি উঠে আসেনি, যতটা বিশদভাবে তার আদিবাসী আন্দোলন এসেছে।
মহাশ্বেতা: এর মধ্যে আরও অনেক কথা আছে। আমাদের ফরেস্ট প্রটেকশনের যেসব আইন, তার সঙ্গে বীরসার আদিবাসী আন্দোলনের একটা ভূমিকা রয়েছে। সাঁওতাল বিদ্রোহেরও একটা ভূমিকা আছে। আমি সেগুলোই প্রামাণ্যকরণের চেষ্টা করেছি।
বদরুন: আর একটি উপন্যাস টেরোড্যাকটিল, পূরণসহায় ও পিরথা—এই যে হারিয়ে যাওয়া টেরোড্যাকটিলকে নিয়ে চরিত্রগুলো তৈরি করলেন, কেন?
মহাশ্বেতা: টেরোড্যাকটিল হচ্ছে একটা সময়। সে সময় যুক্ত হয়ে গেছে অতীত থেকে বর্তমানে। পূরণসহায় ও পিরথা, পিরথা নামটা পৃথিবীর সমান। নামগুলো তো আমার করা কিন্তু ওই সব জায়গায় যে আমি গেছি সেই সমগ্র প্রকৃতি-প্রতিবেশ, সেখানকার মানুষ, জঙ্গল—এসব তো ছিল।
বদরুন: কিন্তু টেরোড্যাকটিল যেই সময়ে আর নেই, তখন আপনি টেরোড্যাকটিল নিয়ে এলেন?
মহাশ্বেতা: এটা করেছি অতীত থেকে প্রকৃতির ধারাবাহিকতা বোঝাতে। মানে হলো, অতীতকালের পাখি ফিরে এসেছে।
বদরুন: এবার একটু অন্য প্রসঙ্গে জানতে চাই। সিলেটে আমাকে একজন বলেছিল, চা-বাগান নিয়ে আপনার নাকি একটা উপন্যাস আছে। মূলত আসাম-সিলেট অঞ্চলের চা-বাগান নিয়ে। আমি অনেক খুঁজেছি, পাইনি।
মহাশ্বেতা: চা-বাগান নিয়ে আমি কাগজে অনেক রিপোর্ট লিখেছি। কোনো উপন্যাস লিখিনি। আমি তো আসামে কখনও যাইনি।
বদরুন: হাজার চুরাশির মা, আপনার অন্যতম বই...
মহাশ্বেতা: হ্যাঁ, সবার খুব প্রিয় বই।
বদরুন: এই বইয়ে সেই সময়ের রাজনৈতিক উত্তাপ, মাতৃত্ব...আপনার কী মনে হয় এই সময়ে এসে?
মহাশ্বেতা: মাতৃত্বটা কোনো সময়ের সঙ্গে বদলায় না। সেটা থেকেই যাই।
বদরুন: এক সাক্ষাৎকারে পড়েছিলাম, আপনার ব্যক্তিগত জীবনের অনেক রিলিফ এসেছিল এই হাজার চুরাশির মা লিখে।
মহাশ্বেতা: হ্যাঁ, নিশ্চয়ই...আর অগ্নিগর্ভ লিখেও খুব শান্তি হয়েছিল। চোট্টিমুণ্ডা লিখেও আমার খুব শান্তি হয়েছিল।
বদরুন: আপনি তো তিতুমীরকে নিয়েও উপন্যাস লিখেছেন।
মহাশ্বেতা: তিতুমীর আজও বারাসাতে খুব প্রিয় নাম। গানে গানে চলে আসছে।
বদরুন: আপনি ইতিহাসের চরিত্র নিয়ে এসেছেন নটী বা যমুনা কি তীর উপন্যাসে; যেমন মোতিলাল, তেমনি বাইজি নাচ নিয়েও লিখেছেন।
মহাশ্বেতা: যত দূর সম্ভব সবকিছু আগে জেনে নিয়েছি। ইতিহাস আমার সবচেয়ে প্রিয়। যদিও আমার অনার্স ও এমএ-এর সাবজেক্ট ইংরেজি। লিখলাম বাংলায়।
বদরুন: ঘরে ফেরাসহ আরও কিছু উপন্যাস লিখেছেন সত্তরের দিকে। তখন সেই সময়ের কলকাতায় রাজনৈতিক উত্তাপ ও অস্থিরতা ছিল। আমার মনে হয়েছে, তখনকার সেই রাজনীতি প্রসঙ্গে বা রাজনীতি থেকে বিচ্যুত মানুষ সম্পর্কে আপনার একটা ক্ষোভ আছে। এখনকার রাজনীতি সম্পর্কে আপনার কী মনে হয়?
মহাশ্বেতা: এখন যাঁঁরা শাসন করেন রাজনীতিকে, মাটিকে, তাঁরা মাটিকে যথেষ্ট ভালোবাসেন কি না, গাছকে ততটা ভালোবাসেন কি না, একেবারে সাধারণ মানুষের তাঁদের সঙ্গে একীভূত করতে পারেন কি না—এখন এসব মনে হয়।

বদরুন: একজন লেখক যেই বিষয় নিয়ে লিখছেন, জীবনটাকেও সেই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে ফেলেছেন—এটা আমাদের লেখকদের মধ্যে দেখা যায় না।
মহাশ্বেতা: এখন তো আর দিতে পারি না, মা। তবে পুরুলিয়াতে আমার আদিবাসী সংগঠন আছে। তাদের অর্গানাইজেশন এখনো কাজ করে চলছে।
বদরুন: আপনি তো পেশা হিসেবেই লেখাকে বেছে নিয়েছিলেন। তারপরও অনেক কাজ করেছেন।
মহাশ্বেতা: যা কাজ করেছি তা লেখাকে সহায়তাই করেছে। ওদের মধ্যে না গেলে তো আর ওদের জানতে পারতাম না।
বদরুন: এখন কী লিখছেন?
মহাশ্বেতা: এ বাড়িতে তো বেশি দিন আসিনি, জয় (জয় ভদ্র, মহেশ্বেতা দেবীর সহকারী) এ বাড়িতে আমরা কদ্দিন এসেছি? (জেনে নিয়ে, বুকে হাত দিয়ে দেখিয়ে বললেন) এখানে এলেই লিখে ফেলব। এখানে তো আসবে না, আসবে (হাতটা এবার মাথায় তুলে) এখানে। আসুক।
বদরুন: আচ্ছা, আপনি তো রবীন্দ্রনাথকে পেয়েছিলেন?
মহাশ্বেতা: বোলপুরে যখন ভর্তি হলাম শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথ তখন জীবিত।
বদরুন: আপনাকে দুটো কবিতা উপহার দিয়েছিলেন।
মহাশ্বেতা: আমিই রবীন্দ্রনাথকে বলেছিলাম, ‘তুমি অত বই লিখো না।’ তিনি বললেন, ‘কেন রে!’ ‘না, আমার বাবা সব তোমার বই কেনেন আর কেনেন আর কেনেন। অত অত বই, সব আমি পড়তে পারি না।’
বদরুন: আপনি তখন কতটুকু ছিলেন?
মহাশ্বেতা: আমার তখন ১০ বছর বয়স। উনি বললেন, ‘তুই কি সব পড়িস!’ আমি তো সব পড়তে পারি না। বাবা সব হাতের নাগালের মধ্যে এনে রাখত। তাতেই আমি যথেষ্ট পড়েছি। ১০ বছর বয়স থেকেই। একেবারে রবীন্দ্রনাথের মৃত্যুর সময়ে আমি শান্তিনিকেতনে ছিলাম।
বদরুন: আপনি দুই দফা শান্তিনিকেতনে ছিলেন?
মহাশ্বেতা: শেষ দফা যখন গেলাম তখন তো আর উনি ছিলেন না।
বদরুন: আপনার পছন্দের লেখক কে ছিলেন, আপনার আগের?
মহাশ্বেতা: আমি যা পেয়েছি তা-ই পড়েছি।
বদরুন: এবার একটু অন্য প্রসঙ্গ, বর্তমান সামাজিক জীবন সম্পর্কে আপনার কী মনে হয়?
মহাশ্বেতা: বর্তমান সময়ে, যেটা আমাকে ভীষণ ভাবাচ্ছে তা হচ্ছে, পশ্চিমবঙ্গে ধর্ষণ অনেক বেড়ে গেছে।
বদরুন: এটা কী কারণে ঘটছে বলে মনে হয়? নারী-অধিকার কিংবা অসচেতনতার জন্য?
মহাশ্বেতা: অভাবের জন্য যে হচ্ছে, তা না। সবকিছুর পরেও হচ্ছে। বাংলাদেশের কথা আমি তত ভালো জানি না।
বদরুন: বাংলাদেশেও ধর্ষণের ঘটনা ঘটে, তবে আগের চেয়ে মেয়েদের অবস্থানগত পরিবর্তন এসেছে।
মহাশ্বেতা: সচেতনতা ও অ্যাক্টিভিজমও তো অনেক বেড়েছে।
বদরুন: আপনার সম্পাদিত বর্তিকা দেখেছি বিভিন্ন ইস্যুভিত্তিক সংখ্যা, যেমন কৃষক সংখ্যা, আদিবাসী সংখ্যা। আপনার বাবার (মণীশ ঘটক) সময়ও কি বিষয়ভিত্তিক বের হতো?
মহাশ্বেতা: না, না। বাবা পত্রিকা সম্পাদনা করতেন, শুরু করেছিলেন। তিনি যে আরম্ভ করেছিলেন, সেই কারণেই আমি চালিয়ে যাচ্ছি। তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। তিনি অত্যন্ত মুক্তমন মানুষ ছিলেন।
বদরুন: ঋত্বিক ঘটকও তো খ্যাতিমান, আপনার কাকা।
মহাশ্বেতা: হ্যাঁ, ঋত্বিক আমার ছোট কাকা। আমার ঠাকুরমার শেষ সন্তান। বয়সে আমার চেয়ে মাত্র তিন মাসের বড়। কাজেই কোনো দিন ওকে কাকা বলিনি। আমরা ভাইবোনের মতো বড় হয়েছি।