নন্দিতা দাশ ভারতের নন্দিত অভিনেত্রী। অভিনয়ের শুরু পথনাটক দিয়ে। পরে চলচ্চিত্র হয়ে মঞ্চ। অভিনয়ের প্রতিভা ও সাহসে ভারতীয় চলচ্চিত্রে হয়ে উঠেছেন এক অনন্য মুখ। গুজরাটের দাঙ্গা নিয়ে ফিরাক ছবিটি পরিচালনা করে চমকে দিয়েছেন সবাইকে। সম্প্রতি হে সাহিত্য উৎসবে এলে তাঁর সঙ্গে কথা বলেন সাজ্জাদ শরিফ
‘আমি তারকা হতে চাই না’
সাজ্জাদ শরিফ: পথনাটকের পর অনেকটা দিন সিনেমায় কাটিয়ে আবার আপনি মঞ্চে ফিরে এসেছেন। দর্শকদের সামনে শারীরিকভাবে হাজির হতে কেমন লাগছে?নন্দিতা দাশ: খুবই ভালো। বিটুইন দ্য লাইনস নাটকের তো আমি শুধু অভিনেত্রী নই; লেখক এবং পরিচালকও। চলচ্চিত্রের চেয়ে মঞ্চনাটকে কষ্ট বেশি। মঞ্চে অভিনয়ের মুহূর্তে অভিনেতা ওর ভেতরেই থাকেন। একটি চরিত্রের সঙ্গে তিনি আষ্টেপৃষ্ঠে বাঁধা। তখন তৃতীয় চোখে সবকিছু পর্যবেক্ষণ করা খুবই কঠিন। এ নাটকে আমি আবার অভিনয় করেছি নবাগত এক অভিনেতার সঙ্গে। আমার স্বামী, এটিই প্রথম অভিনয়। সৌভাগ্যের কথা হলো, সবাই ওকে পছন্দ করেছে।সাজ্জাদ: আমরা জানতাম, আপনার স্বামী একজন শিল্পোদ্যোক্তা। তিনি কি অভিনয়ও করেন?নন্দিতা: ও আসলে শিল্পোদ্যোক্তাই। এই প্রথম অভিনয় করল। ভালোই তো করল। যা হোক, যা বলছিলাম। লেখার সময় তো লিখে ফেলেছি। মহড়া করতে গিয়ে দেখি, আরে, এই কথাটা তো ঠিক লাগছে না। তখন লেখাটা আবার বদলাতে লাগল। এ নাটক আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। এর গল্প আমার নিজের এবং আমার বন্ধুদের। লিঙ্গবৈষম্যের কথা বলার সময় ধরে নিই যে আমরা দরিদ্রদের কথা বলছি। কিন্তু আমাদের শ্রেণীতেও সেটি আছে। এ নাটক সে রকমই অসংখ্য ঘটনা নিয়ে।সাজ্জাদ: আপনার এই লেখালেখির ঝোঁক কি আপনার মায়ের কাছ থেকে এসেছে?নন্দিতা: সম্ভবত। ফিরাক ছবির চিত্রনাট্যও আমিই লিখেছিলাম। গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গা আমি কাছে থেকে দেখেছি। হিন্দু-মুসলিম টানাপোড়েন আমাদের দেশে সব সময়ই থেকে যায়। দাঙ্গা নিয়ে রাজনৈতিক নেতারা তো এক রকম করে ভাবেন। কিন্তু সাধারণ মানুষের প্রতিক্রিয়াও তো গুরুত্বপূর্ণ। তাই আমি ফিরাক লেখার কথা ভাবতে থাকি। একটি ম্যাগাজিনের জন্যও আমি লিখি। চাইলে আমাকে ছোটখাটো কলাম লেখকও বলতে পারেন।সাজ্জাদ: আপনার বাবা যতীন দাশ চিত্রশিল্পী, মা বর্ষা দাশ লেখক। দুটোই অন্তরালের শিল্পমাধ্যমই। বাবা-মায়ের মতো নিভৃত শিল্পমাধ্যম বাদ দিয়ে আপনি এ রকম প্রকাশ্য শিল্পমাধ্যমে গেলেন কেন?নন্দিতা: এমন প্রশ্নের মুখোমুখি হলে মনে হয়, ঘটনাটা কী করে ঘটল? জননাট্যমঞ্চে আমার একধরনের রাজনৈতিক প্রশিক্ষণ হয়ে গিয়েছিল। বাবা-মায়ের সুবাদে চিত্রকলা, সাহিত্য, গান, নাচ ইত্যাদির অভিজ্ঞতা আমার আগেই ছিল। তবে বাইরের সঙ্গে এত যোগ ছিল না। নিজের আরাম ছেড়ে গিয়ে কোনো কারখানায় গিয়ে অভিনয় করা আমার ধারণার অতীত ছিল। কারখানার মানুষের জীবন কেমন, কীভাবে তারা থাকে, তাদের সমস্যা কী—আমার জানা ছিল না।সাজ্জাদ: চিত্রটা কি বদলে গেল সোশ্যাল ওয়ার্ক নিয়ে আপনি পড়াশোনা করার পর?নন্দিতা: আমি মাস্টার্স করেছি সোশ্যাল ওয়ার্ক নিয়ে। ডিগ্রি তো কাউকে ভালো সমাজকর্মী হিসেবে গড়ে তোলে না। কিন্তু তাকে ভিন্ন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাতে পারে। মানুষের সঙ্গে যোগ গড়ে তোলার জন্য আমার তাগিদটি ওখানে কাজে লাগল। সেখানে যুক্ত হয়ে আমি সত্যিই খুব আনন্দ পাচ্ছিলাম। বাবা বলতেন, ন্যাশনাল স্কুল অব ড্রামাতে যাচ্ছ না কেন? আমি বলতাম, নাটক একটা মাধ্যম মাত্র, অন্তিম গন্তব্য নয়। এমনকি প্রথম চলচ্চিত্র ফায়ার করার পর...সাজ্জাদ: সব আপনি একবারে বলে ফেলবেন না।নন্দিতা: আচ্ছা যা বাবা! মাঝখানে মাঝখানে আপনি প্রশ্ন বসিয়ে দিলেই তো হয়।সাজ্জাদ: জননাট্যমঞ্চে কান্ডারি সফদর হাশমির সঙ্গে আপনার পরিচয় কীভাবে হলো?নন্দিতা: আমার এক সহপাঠী জননাট্যমঞ্চের সদস্য ছিল। সে আমাকে সফদর হাশমির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সফদর হাশমিকে যখন প্রকাশ্যে খুন করা হয়, সে সময় আমি ছুটিতে ছিলাম। আমাকে ফোন করে একজন খবর দিল, তাঁকে মেরে ফেলা হয়েছে। সে ঘটনার ২০ বছর হয়ে গেছে, কিন্তু আমি তাঁর কথা ভুলিনি। আমি তাঁর ৫০টি নাটকে অভিনয় করেছি। সেখান থেকেই শিখেছি, শিল্প ও সংস্কৃতির একটা মানে আছে। একদিক থেকে মনে হবে, দুই ঘণ্টার একটি ছবি দেখে কি মানুষ বদলে যাবে? বিপ্লব হয়ে যাবে? তা তো নয়। কিন্তু ভেতরটা আস্তে আস্তে বদলে যায়। অরুন্ধতী রায় বা সালমান রুশদীরা আমাদের মনের ভেতরে ঢুকে পড়েন।সাজ্জাদ: অভিনয়কে আপনি যেভাবে গ্রহণ করেছিলেন, মুম্বাই কি আপনার সে বাসনা পূরণ করেছে?নন্দিতা: অভিনয়কে আমি কখনোই ক্যারিয়ার হিসেবে দেখিনি। যখন ফায়ার-এ অভিনয় করলাম, সবাই বলল, শুরুতেই এমন একটা সাহসী ছবি করলে। যখন ফিরাক পরিচালনা করলাম, তখনো সবাই বলল, প্রথমেই এত দুঃসাহসী ছবি। এরপর আমি আর ছবি করব কি না, জানি না। সত্যি বলতে কি, ছকবাঁধা হিন্দি ছবি আমাদের পরিবারে কেউ কখনো দেখেনি। অনেক দিন পর্যন্ত আমাদের বাড়িতে টেলিভিশনও ঢোকেনি। অনেকেরই হয় না যে অমিতাভ বচ্চন তার হিরো। আমার ক্ষেত্রে সে রকম কিছুই হয়নি।সাজ্জাদ: ইন্ডাস্ট্রির কিছু ছবি তো আপনি করেছেন?নন্দিতা: বিশাল ক্যানভাসের কিছু ছবি আমি করেছি। তবে সেগুলোর পরিচালকেরা সেই অর্থে মূলধারার নন। একবার পিতা ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে আমি অভিনয় করেছি। সংবাদ সম্মেলনে একজন সঞ্জয়কে জিজ্ঞেস করলেন, আপনি দেখি এবার বিকল্পধারার ছবিতে কাজ করছেন? অথচ আমাকে প্রশ্ন করলেন, আপনি যে বাণিজ্যিক ছবিকে অভিনয় করছেন?সাজ্জাদ: আপনার অভিজ্ঞতায় কি কোনো ফারাক হয়নি এসব ছবি করতে গিয়ে?নন্দিতা: আমি যে ধরনের ছবি করি, তার থেকে ওই ছবিগুলো কিছুটা দূরের। ওগুলোতে আধিপত্যের চেহারাটাও বেশ স্পষ্ট। নায়কেরা সেখানে অসম্ভব সুবিধাভোগী। তাদের আছে নিজেদের ভ্যান, আলাদা খাবার। কিন্তু মুক্তধারার ছবির বাজেট কম। তাদের থাকে এক ধরনের বিশ্বাস। এ ধরনের ছবির সময় আমরা হয়তো কোনো গ্রামে গাছতলায় বসে খাচ্ছি। সেখানেও ছোটখাটো আধিপত্য থাকে, কিন্তু অতটা নয়। প্রবীণেরা বলেন, তারকাদের কিছুটা দূরত্ব রেখে চলা ভালো। কিন্তু আমি তো তারকা হতে চাই না।সাজ্জাদ: আপনি তো অভিনয় করেছেন জাঁদরেল সব পরিচালকের সঙ্গে।নন্দিতা: সত্যিই তাই। মৃণাল সেন, আদুর গোপালকৃষ্ণন, শ্যাম বেনেগাল, মনি রত্নম, দীপা মেহতার মতো পরিচালকের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। তাঁদের সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছি, ছবি তৈরির কোনো বাঁধাধরা নিয়ম নেই। তাঁদের প্রত্যেকের রাস্তা আলাদা আলাদা। সাজ্জাদ: গুজরাটের দাঙ্গার পরও তো আপনি অভিনয় করে যাচ্ছিলেন। ফিরাক মুক্তি পেল সে ঘটনার ছয় বছর পরে। হঠাৎ আপনি ছবি পরিচালনায় এলেন কেন?নন্দিতা: দাঙ্গার ঘটনার পর আমি অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি। আমি ৫২টি কলেজে গিয়ে কথা বলেছি। বিষয় ছিল: ‘আত্মপরিচয় ও অপরের ধারণা’। এই অপর কে? কথা বলতে গিয়ে দেখেছি, সবাই কতটা বিচ্ছিন্ন। ভাবলাম, যোগাযোগটা করতে হবে ভিন্ন কোনো পথে। আমি তখন অন্য একটি ছবির চিত্রনাট্য লিখছিলাম—স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে। কীভাবে যেন ফিরাক এসে তার জায়গা নিয়ে নিল, আমি জানি না। অনেকে বলেছে, প্রথম ছবি হিসেবে এই জটিল ছবিটি তুমি কেন বাছাই করলে? আমি বলেছি, আমি ফিরাক বাছাই করিনি, ফিরাকই আমাকে বেছে নিয়েছে।