'আশ্বিনের শেষ রাত্তিরে' নিয়ে এক টুকরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশ্বিনের শেষ রাত্তিরে
আশ্বিনের শেষ রাত্তিরে

আশ্বিনের শেষ রাত্তিরে
বদরুন নাহার
প্রচ্ছদ: রফিকুন নবী
প্রকাশক: বেঙ্গল পাবলিকেশনস লিমিটেড
১২০: পৃষ্ঠা
দাম: ২৭৫ টাকা।

বহুদিন ঢাকা শহরে জীবনযাপন করার পর তালের পিঠা প্রসঙ্গে মনে পড়ে, মা তাল থেকে রস বের করার জন্য বাঁশ দিয়ে ট্রায়াঙ্গল আকৃতির একটা ছাঁকনি বানিয়েছিলেন, যা দিয়ে তাল থেকে গাদ বের করে বানানো হতো পিঠা। ছোটবেলায় আমরা যখন তালের পিঠা খেতাম, এটাও জানতাম যে এই তালের আঁটিটি মাটিতে ফেলে রাখা হবে, সেখান থেকে বেরিয়ে আসবে শিকড় আর আশ্বিনের কোনো একসময় আমরা মাটি থেকে সে আঁটি তুলে দুই ভাগ করে খাব ভেতরের সাদা শাঁসটা। ছেলেবেলার এসব ভাবনা থেকে হঠাৎ করেই গাশ্শি-এর কথা মনে এল। গ্রামীণ এই উৎসবে কাঁচা হলুদ, হলুদের ফুল ও কলাগাছ দিয়ে বানানো ঘরের সঙ্গে তালের আঁটির শাঁস একটি গুরুত্বপূর্ণ উপাদান। গাছেদের-মাছেদের ফলবতী হয়ে ওঠার প্রার্থনা থেকে মানুষ-পশুপাখির রোগমুক্তির জন্য উদ্যাপিত হয়ে আসা গ্রামবাংলার এই সংস্কৃতি শহুরে সভ্যতায় হারিয়ে যাচ্ছে। অথচ এটা বাংলাদেশের সব জাতি-ধর্মের কৃষিজীবী মানুষের উদ্যাপিত উৎসব। যেহেতু দেশে ৮০ শতাংশ লোক কৃষিজীবী, তাই এটিকে দেশের বেশির ভাগ মানুষের উৎসব বলা যায়। এ প্রসঙ্গে নানা রকম ছড়াও রয়েছে, যেমন ‘আশ্বিনে রাঁধে কার্ত্তিকে খায়, যেই বর মাগে সেই বর পায়’। বিষয়টি নিয়ে আমাদের কথাসাহিত্যে তেমন কোনো গল্প-উপন্যাস নেই। তাই ভাবলাম, গাশ্শি নিয়ে একটি উপন্যাস লিখব। এটা ২০০৭ সালের কথা। এরপর চেনা-অচেনা অনেক মানুষের সঙ্গে গাশ্শি প্রসঙ্গে কথা বলে তাঁদের অঞ্চলে এ উৎসবের ধরন সম্পর্কে জেনেছি আমি।

বদরুন নাহার
বদরুন নাহার

মফস্বল শহরে বেড়ে উঠলেও নিয়মিত গ্রামে যাতায়াত ছিল আমার। গ্রামীণ জীবনযাপন নিজের আপনজনদের মাধ্যমেই নিবিড়ভাবে দেখা। তাই উপন্যাসের গ্রামীণ প্রেক্ষাপট তৈরিতে নতুন করে ভাবতে হয়নি। অন্যদিকে উপন্যাসটির সময়কাল নির্মাণ করেছি আশি থেকে নব্বই-উত্তর। আমরা যারা সত্তরের দশকের শেষের দিকে জন্মেছি, তাদের বেড়ে ওঠার সময় ওটা। নব্বইয়ের গণ-আন্দোলনের সময় আমি ক্লাস এইটে। আন্দোলনের সবটুকু বোঝার মতো বিচার-বুদ্ধি তখনো হয়তো ছিল না, কিন্তু আন্দোলনের মঞ্চে উঠে কবিতা পাঠ করেছি বুঝে না-বুঝে। সে সময় শহরের ভেতরে অস্থিতিশীল অবস্থা ছোট হলেও আমাদের নজর এড়িয়ে যেত না, ঢাকার আন্দোলন সম্পর্কে শুনতাম নানা খবর, এমনকি তখন গ্রামের মানুষের ভেতরও রাজনৈতিক অস্থিরতা লক্ষ করেছি। পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এল তত্ত্বাবধায়ক সরকার, আবার সেনাশাসনও ফিরে এল। এ সময়গুলোতে দেখলাম, একদা স্বৈরশাসকের বিরুদ্ধে মানুষ যেভাবে সম্পৃক্ত হয়েছিল, তখন গ্রাম আর শহুরে মানুষের যে আন্তসম্পর্ক ছিল, এখন তা নেই। সবাইকে কেমন বিচ্ছিন্ন বলে মনে হলো। তাই সেই আশি-নব্বইয়ের দশকটা নতুন করে বিশ্লেষণ করি, দেখি দেশের মানুষের জীবনযাপন এবং রাজনৈতিক বাঁক পরিবর্তনের সময়গুলো। সেই বিশেষ সময়কেই উপন্যাসে তুলে ধরার চেষ্টা করেছি আমি। 

উপন্যাসটি লেখা প্রায় শেষের দিকে, তখন হঠাৎ করেই অগ্রজ লেখক মনি হায়দার ২০১৪ সালের বইমেলায় প্রকাশের জন্য আমার কাছে একটি উপন্যাস চাইলেন। তাঁকে দেব ভেবে নভেম্বরের মধ্যেই শেষ করি লেখাটা, কিন্তু এরপর মনে হলো, যা লিখতে চেয়েটি তা সম্পূর্ণ হয়নি। তাই সে বছর আর উপন্যাসটি ছাপতে দিইনি। ভেঙেচুরে আবার নতুন করে লিখতে শুরু করি। কিছু বাদ দিই, কিছু সংযোজন করি। ২০১৪ সালের মে মাসে প্রথম আলো থেকে কবি সাজ্জাদ শরিফ ফোন করে ঈদসংখ্যার জন্য দিতে বললেন উপন্যাসটি। তখন সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে কিছুটা সময় চাইলাম। তারপর আবার পুরো লেখাটিতে হাত চালিয়েছি। একসময় প্রথম আলো ঈদসংখ্যায় ছাপা হলো উপন্যাসটি।
গত নভেম্বর মাসে কালি ও কলম সম্পাদক শ্রদ্ধেয় আবুল হাসনাত ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল লেখালেখি ও বই প্রকাশ প্রসঙ্গে। তখন তিনি জানান, প্রথম আলো ঈদসংখ্যায় আমার উপন্যাসটি পড়েছেন, তাঁর ভালো লেগেছে। উপন্যাসটি বেঙ্গল পাবলিকেশনস থেকে প্রকাশ করতে চান তাঁরা। তারপর উপন্যাস নিয়ে আবার বসলাম, কিছুটা পরিবর্তন-পরিবর্ধন করে অবশেষে এই বইমেলায় প্রকাশ পেল আমার প্রথম উপন্যাস আশ্বিনের শেষ রাত্তিরে।