‘ঈশ্বর’ কণার খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে জেনেভায় সানের লার্জ হ্যাড্রন কোলাইডারটি (এলএইচসি) চালু হওয়ার আগে থেকেই এ সম্পর্কে নানাবিধ কানকথা চলছিল। ‘বিগ ব্যাং মেশিন’ হিসেবে আখ্যায়িত এ যন্ত্রটি চালু হলে পৃথিবী ধ্বংস বা কৃষ্ণবিবর সৃষ্টি হবে—এ রকম একটা কল্পকাহিনিভিত্তিক আশঙ্কা অসংখ্য মানুষের মনে দানা বেঁধেছিল। চালু হওয়ার কিছুদিনের মধ্যেই মেশিনটি কিছু যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হলেও বিজ্ঞানীরা থেমে থাকেননি। বরং দ্রুততার সঙ্গে তা মেরামত করে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই। তাঁরা আগের পরীক্ষায় পাওয়া ফলাফলগুলো আরও সূক্ষ্মভাবে প্রতিষ্ঠা করেন। এটা না করলে এলএইচসি-কে একটি বিশ্বাসযোগ্য যন্ত্র হিসেবে অন্যান্য বিজ্ঞানীর সামনে দাঁড় করানো যেত না। কারণ, বিজ্ঞানের অগ্রগতি এ রকম প্রক্রিয়ার মধ্য দিয়েই ঘটে থাকে। কিন্তু এলএইচসি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল ১৯৬০-এর দশকের শেষে সেই তিনজন পদার্থবিজ্ঞানী, যথাক্রমে: শেলডন গ্লাশহাও, স্টিভেন ওয়াইনবার্গ ও প্রয়াত আবদুস সালাম প্রণীত স্ট্যান্ডার্ড তত্ত্বের অপরিহার্য যে কণাটি পরীক্ষাগারে অধরা রয়ে গিয়েছিল, তা খুঁজে বের করা। এই তত্ত্বমতে দুটি মৌলিক বল—বিদ্যুৎ-চুম্বক বল এবং ক্ষীণ বল আসলে একটি বলেরই বহিঃপ্রকাশ। নিম্ন শক্তিতে এই দুটি বল আলাদা, কিন্তু উচ্চশক্তিতে এরা একীভূত থাকে। উচ্চশক্তি থেকে নিম্নশক্তিতে যখন ওই একীভূত ক্ষেত্রটির ‘দশা পরিবর্তন’ ঘটে, তখন দেখা যায়, ওই একীভূত ক্ষেত্রের বলবাহী বোসন কণারা ভারী হয়ে যায়। এই ভর কীভাবে আসে, তা-ই ব্যাখ্যা করেছিলেন পিটার হিগস এবং অন্যরা সেই ষাটের দশকে। এই তথাকথিত ‘হিগস কৌশল’ অনুযায়ী একটি নির্দিক বা স্কেলার ক্ষেত্র আছে, যার বার্তাবাহী কণারা হিগস কণা নামে পরিচিত। এরা খুবই ভারী কণা এবং এদের ‘খেয়ে’ ফেলেই অন্য কণারা ভরযুক্ত হয়। সালাম-ওয়েইনবার্গ-গ্লাশহাও তত্ত্বের প্রায় সব ফলাফলই পরীক্ষাগারে প্রমাণিত হয়েছে, কেবল এই হিগস কণাকেই এত দিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। কাজেই, এখন বলা যায়, স্ট্যান্ডার্ড মডেলটি পূর্ণাঙ্গভাবে প্রমাণিত হলো। স্কটিশ পদার্থবিজ্ঞানী পিটার হিগসের নামে পরিচিত এ কণাটিকে বিজ্ঞানের লেখকেরা জনসাধারণের বোধগম্য করার জন্য ‘ঈশ্বর কণা’ও বলে থাকেন। পরিচিত যত ভরবিশিষ্ট মৌলিক কণা আছে, সেসবের প্রতিটিরই ভরের উৎস হচ্ছে এই হিগস কণা। পিটার হিগস ও আরও পাঁচজন বিজ্ঞানী প্রায় একই সময়ে এই ভর ‘উৎপাদনের’ প্রক্রিয়াটি উদ্ভাবন করলেও এর সঙ্গে সম্পৃক্ত কণাটি হিগসের নামেই সুপরিচিত, যদিও এখানে বাকি পাঁচজন বিজ্ঞানীর (যাঁরা হলেন রবার্ট ব্রুট, ফ্রাঁসোয়া অংলে, টম কিবল, জর্জ গুরালনিক ও কার্ল হেগেন) অবদান সমানভাবে স্বীকার্য। সব মৌলিক কণারই ঘূর্ণন (স্পিন) বলে একটা বিশেষ ধর্ম রয়েছে, যা কিনা পূর্ণ সংখ্যা (০, ১, ২,...) বা অর্ধপূর্ণ সংখ্যা (১/২, ৩/২,...) দ্বারা নির্দেশিত হয়। যাদের মান পূর্ণ সংখ্যা, তাদের দলটিকে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর সম্মানে বলা হয় ‘বোসন’। উল্লেখ্য, অধ্যাপক বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে কর্মরত থাকা অবস্থায় ১৯২৪ সালে এ ধরনের কণার পরিসংখ্যান তত্ত্ব উদ্ভাবন করেছিলেন। যে বিশেষ কণাগুলোর আদান-প্রদানের কারণে মৌলিক বলগুলোর উদ্ভব হয়, তার সবকটি এই বোসন দলেরই অন্তর্ভুক্ত। আমাদের অতিপরিচিত আলোর কণা যে ফোটন, তা-ও একটি বোসন কণা। সার্নে আবিষ্কৃত কণাটির ঘূর্ণন সংখ্যা শূন্য। তাই এটিও একটি বোসন। মনে রাখতে হবে, বসুর অবদান ১৯২০-এর দশকের এবং পিটার হিগসের কাজ ১৯৬০-এর দশকের। সবশেষে, এই আবিষ্কারের ফলে বিশ্ব কী জানল, তা নিয়ে প্রথমেই পাল্টা প্রশ্ন করতে হয়, এ আবিষ্কারটি না হলে কী ধরনের সমস্যা হতো! সরল জবাব, হিগস-প্রক্রিয়া ছাড়া অন্য কীভাবে অন্যান্য মৌলিক কণার ভর এল, সে সম্পর্কে অনুসন্ধান চলতেই থাকত। সে চেষ্টা যে একেবারে হয়নি, তা নয়। গত ৪৫ বছরে এর চেয়ে আর কোনো সহজ ও সফল প্রক্রিয়া কিন্তু বের করা সম্ভব হয়নি। কণাটির আবিষ্কারের মাধ্যমে এই প্রথম শূন্য ঘূর্ণনের মৌলিক কণার দেখা মিলল। এটা না হলে বিশ্ব সৃষ্টির যেসব নতুন ও সমান্তরাল তত্ত্ব দাঁড় করানো হচ্ছে, তার সবই ফেলে দিতে হতো। কারণ, এগুলোর প্রতিটিতেই একাধিক হিগস-জাতীয় শূন্য ঘূর্ণনের কণার প্রয়োজন হয়। তবে আবিষ্কৃত কণাটিই গ্লাশহাও-সালাম-ওয়াইনবার্গ তত্ত্বের হিগসটিই কি না, সেটা প্রমাণ করতে হলে সার্নের বিজ্ঞানীদের আরও উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করতে হবে।[লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক]