'এখন মৃত্যুকে সামনেই দেখি, প্রায়ই দেখি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
​ধানমন্ডির নিজের বাড়িতে রফিক আজাদ, ১৯৯৮। ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম
​ধানমন্ডির নিজের বাড়িতে রফিক আজাদ, ১৯৯৮। ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম
‘অসুস্থতা আমার সঙ্গী হয়ে গেছে। কারও নাম মনে রাখতে পারি না।’—গত বছরের সেপ্টেম্বর মাসে সাক্ষাৎকার নিতে গেলে রফিক আজাদের প্রথম কথা ছিল এটি। সাক্ষাৎকার নিয়েছেন জব্বার আল নাঈম

জব্বার আল নাঈম: ষাটের দশকের অন্যতম প্রধান কবি আপনি। যদিও প্রথম বই অসম্ভবের পায়ে বেরিয়েছে ১৯৭৩ সালে। বইয়ের নাম অসম্ভবের পায়ে রাখলেন কেন?

রফিক আজাদ: আমার কাছে কবিতাকে কখনোই সহজ মনে হয় না। কবিতা সত্যিকার অর্থেই খুব দুর্ভেদ্য ও কঠিন। সে কারণেই প্রথম বইয়ের নামকরণটা এমন হয়েছে। তবে নামটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গান থেকে ধার করা। যখন আমি কবিতা লিখি, প্রতিটি লেখা শেষেই ভাবি, এটা কীভাবে লিখলাম? এটা কি আমিই লিখেছি! কবিতাকে কখনোই আমি সহজ ভাবি না। কবিকেও না। আমার মনে হয়, কবিতা নিঃসঙ্গতার ফসল। মানুষ যখন একাকী থাকে, কতশত চিন্তা যে মাথায় এসে ভর করে! কাজ করে অনেক ভাবনা। কারও পজেটিভভাবে, কারও-বা নেগেটিভ। কোন ভাবনা যে কাকে কখন মহৎ বানিয়ে দেয়! কোন ভাবনা কখন যে ভালো একটা কবিতার জন্ম দেয়, বলা মুশকিল। কবিরা সব সময় একা। তার কোনকালেই কোনো সঙ্গীসাথি নেই। সে বন্ধুদের সঙ্গে থেকে একরকম চিন্তা করে, লেখার টেবিলে লেখে আরেকটা। বাস্তবের সঙ্গে হুবহু মেলে না।

জব্বার: বয়স হলে নাকি স্মৃতি পেয়ে বসে মানুষকে—আপনি কি কথাটি মানেন?

রফিক: মানি। না মানার কী আছে। ধরো, শৈশবের কথা যদি বলি, আমি ছিলাম পরিবারের সব ভাইবোনের মধ্যে ছোট। আমার বড় ভাই একাডেমিক লেখাপড়ার ব্যাপারে খুব চাপে রাখতেন আমাকে। তিনি ছিলেন ঠিকাদার। আদর যেমন করতেন, মাঝেমধ্যে মারতেনও। চাইতেন, আমি বড় কিছু হই। কিন্তু আমি তো অত মেধাবী লোক নই। ভাইয়ের জোরে লেখাপড়া করেছি। তবে লেখাপড়ার প্রতি কোনো দিনই তেমন আগ্রহ ছিল না। ক্লাসে প্রথম হতে পারিনি কখনো। ছেলেবেলা থেকেই কবিতা লিখতাম। সেগুলো ছিল কাঁচা। আমি লিখতাম আর বড় ভাই সেগুলো ছিঁড়ে ফেলতেন। গোপনে আবার লিখতাম আমি। লিখে ভাইয়ের হাতে ধরাও পড়ে যেতাম। আজ বলি, ওই ভাইয়ের কারণেই আমার লেখাপড়া হয়েছিল। আমার সেই ভাই মারা যান। এক বোন ছিলেন। নাম খুকি। তিনি কলকাতায় লেখাপড়া করতেন। আমি যখন মায়ের পেটে, শুনেছি খুকিবু তখন মাকে বলেছিলেন, ছেলে হলে নাম রাখবেন জীবন কুমার। আর মেয়ে হলে আরজুমান না কী যেন। আমার ডাকনাম কিন্তু জীবন। তো, আমার সেই বোনটাও কালাজ্বরে মারা যান।

জব্বার: বলছিলেন খুব ছোট থেকেই লেখালেখি শুরু করেছিলেন...

রফিক: হ্যাঁ, খুব ছোটবেলা থেকেই। তখনকার লেখাগুলো ঠিকমতো হয়ে উঠত না। তবে লিখতে ভালো লাগত। ওই ভালো লাগার কারণেই তো আজকে আমি। সম্ভবত পঞ্চম শ্রেণিতে থাকার সময় বঙ্কিমচন্দ্র পড়েছি। দেবী চৌধুরাণী দিয়ে শুরু করেছিলাম যদিও। তারপর মাধ্যমিক পর্যায়ে—সম্ভবত নবম শ্রেণিতে এসে ভর্তি হলাম কালীহাতিতে রামগতি শ্রীগোবিন্দ হাইস্কুলে। সেখানে এক বাড়িতে থাকতাম। এখানে এসে পুরোদমে সাহিত্য শুরু করি। তখন বিভিন্ন সাহিত্য আড্ডায় যেতাম। বন্ধুদের সঙ্গে সাহিত্য নিয়ে আলোচনা করতাম। বাবা বাড়ি থেকে যে টাকা পাঠাতেন, তা দিয়ে আমরা সাহিত্য আড্ডা করতাম, আনন্দ করতাম। এখানে-সেখানে ঘুরে বেড়াতাম। বাবা-মা আমার প্রতি তাঁদের ভালোবাসা বাড়িয়ে দিয়েছেন বলে মনে হতো। আরেকটা কথা জানিয়ে রাখি, ভাষা আন্দোলনের সময় আমার বয়স কত? ১৩-১৪ হবে। তখন আমি খালি পায়ে মিছিলে যোগ দিয়েছিলাম। এ রকম আরও অনেক স্মৃতি আছে।

জব্বার: ওই রামগতি শ্রীগোবিন্দ হাইস্কুলেই তো বন্ধু মাইনউদ্দিনের সঙ্গে আপনার পরিচয়, আপনার জীবনের বাঁক পরিবর্তনের ক্ষেত্রে যাঁর রয়েছে বড় ভূমিকা।

রফিক: হ্যাঁ, মাইনউদ্দিন আমার বন্ধু ছিল, একসঙ্গে নবম শ্রেণিতে পড়তাম আমরা। সে আমার জীবনের বাঁক পরিবর্তন করে দিয়েছিল। অসাধারণ মেধাবী ছাত্র ছিল সে। ওই সময়েই শেক্‌সপিয়ার পড়া শেষ। বঙ্কিমচন্দ্র পড়েছে। রবীন্দ্রনাথ নাকি আরও আগে পড়েছে। মাইনউদ্দিন খাঁটি কৃষকের ছেলে। ও স্কুলের আসত গ্রামের আইলপথ দিয়ে। আসার সময় দেখা হতো বয়োবৃদ্ধ কৃষকদের সঙ্গে। তাঁদের দেখে সে বলত, আপনি বিশ্রাম নেন, আমি জমিতে হাল দিয়ে দিই। কষ্টের কথা হলো, আমার বন্ধু মাইনউদ্দিন আত্মহত্যা করেছিল। নব্বই পৃষ্ঠার সুইসাইড নোট লিখে সে আত্মহত্যা করে! তবে আত্মহত্যা করার বেশ আগে আমাকে একবার একটা পোস্টকার্ড পাঠিয়েছিল। আমি ভাবতেই পারিনি এমনটা হবে। বোকাটা মরে গিয়ে আমাকে কবি বানাল। ওর কারণেই আমি রফিক আজাদ হয়েছি। আমার মৃত্যুর পর তার সঙ্গে দেখা করার ইচ্ছা আছে।

জব্বার: শুনেছি, আপনার প্রথম বই কবি আসাদ চৌধুরী প্রকাশ করে দিতে চেয়েছিলেন?

রফিক: চেয়েছিলেন। আমি দিই নাই। আসাদ ভাই তখন একটা স্কলারশিপ পাইছিলেন। সেই স্কলারশিপের টাকা দিয়ে তিনি আমার বই প্রকাশ করে দিতে চেয়েছিলেন। প্রথম আমি রাজি হয়েছিলাম, কিন্তু পরে না করে দিয়েছি। কারণ, আমার মনে হয়েছিল, স্কলারশিপের টাকা দিয়ে বই করাটা ঠিক নয়। তাই তাঁকে বলেছিলাম, আমার বই প্রকাশক নিজের খরচে প্রকাশ করবে। তো, এ জন্য স্বাধীনতার আগে আমার বই আর প্রকাশ করা হয়নি, পরে হয়েছে। নির্মলেন্দু গ‌ুণ বয়সে ছোট হয়েও আমার আগে বই প্রকাশ করেছে। ওর বই ’৬৮ না ’৬৯-এ বের হয়েছিল, আমার অনেক আগে। আর আমার প্রথম বই অসম্ভবের পায়ে যখন বের হয়, তখন আমি কাকমারী কলেজে অধ্যাপনায় নিয়োজিত।