১৯৪০-এর দশকে শীর্ষ বাঙালি মুসলমান কবিদের তালিকায় ছিলেন তিনি। ফররুখ আহমদ ও আহসান হাবীবের মতো কবিদের সঙ্গে লিখেছেন একই কাতারে। গতকাল ছিল এই নিভৃতচারী কবি আবুল হোসেনের জন্মদিন। জন্মদিন উপলক্ষে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন শ্যামল চন্দ্র নাথপ্রশ্ন: ১৯৪০ সালে মাত্র ১৮ বছর বয়সে নববসন্ত কাব্যগ্রন্থের মাধ্যমে কবি হিসেবে আপনার আত্মপ্রকাশ। গতকাল ৯১তম জন্মদিন পার করেছেন। এই দীর্ঘজীবন পাড়ি দেওয়ার পর আপনার কাছে জানতে চাই, কবি হলেন কেন?আবুল হোসেন: ঘটনাক্রমে একদিন একটা কবিতা লিখে ফেলি। তার পর থেকে লিখতে খুব ভালো লাগত—ইচ্ছা হলেই লিখতে বসতাম। এভাবেই শুরু। আসলে কোনো উদ্দেশ্য বা কবি হওয়ার জন্য তো লিখিনি—লেখার মাধ্যমে প্রথমত নিজের খুশিটা প্রকাশ করতে চেয়েছি। তবে খুব কম বয়সেই আমি বুঝেছিলাম, কবিতা লেখাই আমার কাজ। সব মানুষের একটা স্বাভাবিক প্রবণতা থাকে—সে কী হবে, কী করবে, তা নির্ভর করে সেই প্রবণতার ওপর। সব সময় সবাই তাঁদের নিজস্ব প্রবণতা অনুযায়ী কাজ বেছে নিতে পারে, এমন নয়। নিজের ইচ্ছার বিরুদ্ধে অনেক সময় অনেক কাজ করতে হয় জীবনধারণের জন্য। আমার প্রবণতাটা আমি ধরতে পেরেছিলাম। তবে কবিতা লিখে আমাদের মন ভরলেও পেট ভরে না। তাই সারা জীবন আজেবাজে কাজে সময় নষ্ট করতে হয়েছে আমাকে।প্রশ্ন: মিতবাক ভঙ্গি, চিন্তা ও মেজাজের কারণে আপনাকে প্রাচীন চীনা কবিদের সঙ্গে তুলনা করা হয়। এ তুলনাকে আপনি কীভাবে দেখেন?আবুল হোসেন: এই কথাগুলো জিল্লুর রহমান সিদ্দিকীর। ‘নির্ভেজাল নাগরিক কবি’ কথাটাও তাঁর, লিখেছিলেন সত্তরের দশকে। ছোট ছোট কবিতায় ঋজু ভঙ্গি, বাক সংযম এবং সহজের মধ্যে গভীরতার অনুসন্ধান প্রাচীন চীনা কবিদের বৈশিষ্ট্য। এজরা পাউন্ড একসময়ে এ ধারায় কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন। সেই মহান ঐতিহ্যের অনুসারী হওয়া দারুণ দুঃসাহসিক ব্যাপার।প্রশ্ন: সাতচল্লিশের দেশভাগের প্রভাব আপনার সমসাময়িক অনেকের লেখায় পাওয়া যায়। এর মধ্য থেকে কীভাবে আপনি আপনার কবিতার স্বাতন্ত্র্য রক্ষা করেছেন?আবুল হোসেন: আমার কবিতায় যদিও রাজনৈতিক ছোঁয়া ছিল, তবু আমি কোনো দলে ঢুকিনি, দলে পড়লে লেখক তার নিজস্বতা হারান। একটি নির্দিষ্ট মতবাদের ঘেরাটোপে বন্দী হতে হয় তাঁকে। না, সেই দিকে আমি কখনো ঝুঁকিনি। এই দেশের ঐতিহ্যই আমার উত্তরাধিকার—কথাটা কখনো ভুলিনি। তাই আদর্শের দিক থেকে আমার কিছু আমদানি করার ছিল না—নতুন কোনো পোশাকও পরতে হয়নি। আর ভাষার ক্ষেত্রে আমি চলতি ভাষাকেই আদর্শ হিসেবে মেনে নিয়েছিলাম। ফলে দেশ বিভাগের কারণে কিছুই বদলাতে হয়নি আমাকে। আমি আমার মতোই লিখে গেছি।প্রশ্ন: আপনার লেখা বইয়ের সংখ্যা প্রায় ৩০টির মতো। এর মধ্যে আপনার সবচেয়ে প্রিয় বই কোনটি, সাহিত্যগুণ বিবেচনায় কোন বইকে আপনি নিজের সব বইয়ের মধ্যেও আলাদাভাবে স্থান দেবেন?আবুল হোসেন: হাওয়া, তোমার কি দুঃসাহস। কারণ, আমার মনে হয়, এই বইয়ের কবিতাগুলো অনেক আধুনিক। তার মানে এই নয় যে আমার অন্য বই ও লেখাগুলো আধুনিক নয়। সাহিত্যমান বিবেচনায় আমি এই বইটাকেই এগিয়ে রাখব।প্রশ্ন: হাওয়া, তোমার কি দুঃসাহস-এ একটা কবিতা আছে কলকাতা শহরকে নিয়ে। এই গ্রন্থের ‘কলকাতা’ কবিতাটির প্রেক্ষাপট সম্পর্কে যদি কিছু মনে করতে পারেন...। কলকাতায় বসবাসকালে আপনি নাকি প্রথম প্রেমেও পড়েছিলেন?আবুল হোসেন: আমি কলকাতায় ছিলাম অনেক দিন। সেখানে একজনের প্রেমেও পড়েছিলাম (হেসে)। অনেক স্মৃতি এই শহরকে ঘিরে। রবীন্দ্রনাথকে তো এখানেই পেয়েছি, এটা ভুলে যাই কী করে। এভাবে কলকাতার নানা স্মৃতিকে এই কবিতায় রূপ দিয়েছিলাম।প্রশ্ন: এক সাক্ষাৎকারে আপনি বলেছেন, ছোটবেলায় আপনার বই পড়ার আগ্রহের পেছনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশেষ ভূমিকা আছে...।আবুল হোসেন: হ্যাঁ, অবশ্যই। যত দূর মনে পড়ে, ক্লাস থ্রি থেকে ফোরে ওঠার সময় পুরস্কার হিসেবে আমি একসঙ্গে অনেক বই পেয়েছিলাম। এর মধ্যে ছিল রবীন্দ্রনাথের সোনার তরী। এই বইটা পড়ে তখন ভীষণ মুগ্ধ হলাম আমি। বারবার ভাবতে থাকলাম, রবীন্দ্রনাথের মতো লেখা যায় না? লেখালেখির শৈশবে প্রথমত এটাই ছিল আমার মূল প্রেরণা। তারপর তো আকণ্ঠ ডুবে গেলাম রবীন্দ্র-কবিতায়। ওই ধাঁচে কবিতা লিখতে শুরু করলাম। পরবর্তীকালে তাঁর সঙ্গে আমার দেখাও হয়েছে। তবে প্রথম বইয়েই রবীন্দ্রনাথের ধারা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি আমি এবং বলা যায় সফলও হয়েছি। বইটি যে ওই সময়ে উতরে গিয়েছিল, তা এখন অনেকেই জানেন না। নববসন্ত প্রসঙ্গে কথা বলতে গেলে বেশ কয়েকজন ব্যক্তির নাম নিতে হবে। বুলবুল সম্পাদক হবীবুল্লাহ বাহার, তিনিই আমাকে প্রথম বইটি ছাপার প্রস্তাব দেন। এরপর বুদ্ধদেব বসু, সুধীন দত্ত, অমিয় চক্রবর্তী—এই কবিরা গাঁটের পয়সা খরচ করে বইটি ছেপে দিলেন। এ ক্ষেত্রে আমি অনেক সৌভাগ্যবান।প্রশ্ন: একসময় রবীন্দ্রনাথের গদ্য কবিতার সমালোচনা করেছিলেন আপনি, কিন্তু পরে নিজেই আবার গদ্য কবিতা লিখলেন...।আবুল হোসেন: প্রথমে দুটি প্রবন্ধ লিখে আমি আমার মতামত জানিয়েছিলাম, এর মধ্যে একটা প্রবন্ধ রবীন্দ্রনাথের চোখে পড়ে। তিনি আমার লেখার প্রতিবাদস্বরূপ পাল্টা একটা প্রবন্ধ লেখেন। তবে কথা হলো, কবিকে তো আর সব সময় এক জায়গায় স্থির হয়ে থাকলে চলে না। তাই পরবর্তী সময়ে আমার চিন্তায়ও পরিবর্তন এসেছে। আমিও গদ্য কবিতা লিখেছি।প্রশ্ন: আপনি তো সমর সেনের গদ্য কবিতায় আকৃষ্ট হয়েছিলেন?আবুল হোসেন: হ্যাঁ, সমর সেনই গদ্য কবিতাকে আসল রূপ দিয়েছেন। তাঁর কাছেই আমি পেয়েছি ভিন্নভাবে কবিতা লেখার চাবিকাঠি। তখন ভাবতাম, কবিতার ভাষাকে গদ্যের কাছাকাছি নিয়ে আসতে হবে। আমার ‘বাংলার মেয়ে’ কবিতায় এর ছাপ আছে।প্রশ্ন: গদ্য কবিতা লিখতে গিয়ে আপনার কি কখনো মনে হয়েছে, এই ধারার কবিতা থেকে পাঠক ক্রমেই মুখ ফিরিয়ে নিচ্ছেন?আবুল হোসেন: কবিতায় গদ্যভাষা ব্যবহারের মাধ্যমে আমরা কাব্যে সংহতি ও ঋজুতা এনেছি। জীবনের অসুন্দর যে দিকটা রবীন্দ্রনাথ সারা জীবন এড়িয়ে গেছেন, আধুনিক কবিতায় আমরা সেই পথে এগিয়েছি অনেক দূর। আবার এসব করতে গিয়ে কখনো কখনো কিছুটা বাড়াবাড়িও করেছি বলে মনে হয়। আজকাল আমরা যে রকমভাবে গদ্য কবিতা লিখি বা লিখছি, আমার কাছে অনেক সময় সেগুলো সংবাদপত্রের প্রতিবেদনের মতো মনে হয়। কবিতায় এখন ছন্দ ও সুরের বড় অভাব। পাঠক এখন ক্রমেই যে কবিতা থেকে দূরে সরে যাচ্ছে, এর একটা কারণ হলো, কবিতায় ছন্দ ও সুরহীনতা। বাংলা কবিতার বয়স এক হাজার বছরের আর গদ্য তো সেই দিনের—বয়স মাত্র আড়াই শ বছর।প্রশ্ন: আপনার দ্বিতীয় কবিতার বই বিরস সংলাপ বের হয় ১৯৬৯ সালে। প্রথম বইয়ের পর দীর্ঘ বিরতি। আপনার দ্বিতীয় বই প্রকাশের ক্ষেত্রে নাকি কবি শামসুর রাহমানের অবদান ছিল?আবুল হোসেন: কবিতা লেখা আমি বন্ধ করিনি। তবে ছেপেছি কম। বেশির ভাগই ফেলে দিয়েছি। আবার অনেক ক্ষেত্রে ছাপা কবিতার কপিও রাখিনি। একসময় আবু সাইয়ীদ আইয়ুবের সংস্পর্শে এসে মনে হলো, সব লেখা ছাপা উচিত নয়। দেখলাম আইয়ুব নিজের কোনো লেখাতেই সন্তুষ্ট নন। অথচ তাঁর লেখা নিয়ে তখন সবার ছিল ব্যাপক উচ্ছ্বাস। তাঁর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আর হ্যাঁ, আমার দ্বিতীয় বই বেরোনোর ক্ষেত্রে শামসুর রাহমানের ভূমিকা ছিল। আমার একটা খাতার বেশ কিছু কবিতা তিনি নিজের হাতে কপি করে দিয়েছিলেন।প্রশ্ন: জীবনের প্রায় শেষ পর্যায়ে এসে এখন নিজের লেখাকে কীভাবে মূল্যায়ন করবেন?আবুল হোসেন: নিজের যা লেখার আমি লিখে গেছি। আমার লেখাকে মূল্যায়ন করবেন সমালোচক-পাঠকেরা। আগেই বলেছি, কবি হওয়ার জন্য আমি লিখতে শুরু করিনি। প্রথম দিকে অনর্গল লিখতাম। তারপর কিছুদিন যাওয়ার পর মনে হলো, অন্যদের চেয়ে আমাকে আলাদাভাবে লিখতে হবে। যে সময়ের কথা বলছি, সে সময় প্রায় সবাই-ই রবীন্দ্রনাথের মতো লেখার চেষ্টা করতেন। রবিঠাকুর আমার আদর্শ। কিন্তু তখনই বুঝেছিলাম, তাঁর মতো লিখে কবি হওয়া যাবে না। এরপর নানা জায়গায় লেখা প্রকাশ হতে থাকে। বুঝতে পারি, কবিতা লেখাই আমার প্রধান কাজ। সেই থেকে লিখে চলেছি। শেষে এটুকু বলতে পারি, আমি শুধু লিখিনি; লেখাকে বারবার নবায়ন করারও চেষ্টা করেছি।