ভারতীয় সাহিত্যিক ও গবেষক কেতকী কুশারী ডাইসন, অক্সফোর্ডে পড়ালেখা শেষে থিতু হন যুক্তরাজ্যের কিডলিংটনে। তাঁর বাসায় সম্প্রতি প্রথম আলোর জন্য সাক্ষাৎকার নেন কথাসাহিত্যিক কামাল রাহমান ও কবি মারুফ রায়হানপ্রশ্ন: বাংলা ও ইংরেজি, দু ভাষাতেই কাজ করেন আপনি, বাংলায় আপনার যে অসাধারণ দক্ষতা, ইংরেজিতে এর কতটুকু ব্যবহার করতে পেরেছেন বলে মনে করেন?উত্তর: আমি ইংরেজি সাহিত্যের ছাত্রী ছিলাম, ভালো ছাত্রীই বলতে পারেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রেকর্ড মার্ক পেয়েছিলাম। আটান্ন সালে গ্র্যাজুয়েট হই। উনিশ বছর বয়সে চোখের বিপর্যয় ঘটে আমার, স্কলারশিপ পেয়ে অক্সফোর্ডে আসি। এখানে আবার গ্র্যাজুয়েশন করি ১৯৬০-এ, তারপর ১৯৭৫-এ ডি.ফিল করি। বিএতে প্রথম ভারতীয় নারী হিসেবে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণী পেয়েছিলাম। আশা করি ইংরেজিতে কিছুটা দক্ষতা ও দখল আছে আমার।প্রশ্ন: দক্ষতা নিশ্চয় আছে আপনার, জানতে চেয়েছিলাম ব্যবহারের দিকটা। আমরা, যারা মূলত বাংলায় পড়াশোনা করি, তারা সবাই তো আপনার ইংরেজি লেখালেখির সঙ্গে ওভাবে পরিচিত নই।উত্তর: দুটো ভাষাই পাশাপাশি ব্যবহার করেছি, মাতৃভাষার মতো করে। বাংলা থেকে অনুবাদ করা ইংরেজি নাটক আছে আমার দুটো, কবিতা আছে, অনুবাদ আছে, গবেষণা আছে। রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসুর অনুবাদ আছে আমার। উপন্যাস বাংলাতেই লিখি, সামাজিক জীবনটা দেখাতে হলে কোনো একটা সংস্কৃতির মধ্যে নোঙর ফেলতে হয়, উপন্যাসকে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখি, সবটাই ভাষানির্ভর না এখানে। কবিতার জন্য যেটা হয়তো জরুরি না। কবিতার ক্ষেত্রে শব্দগুলোই মাধ্যম হিসেবে কাজ করে। উপন্যাসের সামাজিক দৃষ্টিভঙ্গি, চরিত্র নির্মাণের দৃষ্টিভঙ্গি, এসব যদি বিবেচনা করেন, তাহলে বাংলাতেই ওটা আসে আমার।প্রশ্ন: আপনার লেখালেখির প্রেরণা বা তাড়না আসে কোথা থেকে? বিলেতে বসে সাহিত্যচর্চা কোনোভাবে অনুকূলে কাজ করেছে কি? বাড়তি কোনো সুবিধা?উত্তর: কুড়ি বছর বয়সে দেশ থেকে চলে আসি, তবে বাংলার সাংস্কৃতিক বুনিয়াদটা নিয়ে এসেছি। দুটো ভাষাই জানি বলে কবিতাটাও সঙ্গে আছে, ইংরেজিতে উপন্যাস লেখার তাগিদ অনুভব করিনি। তবে বাংলায় কিছু লেখা হয়ে গেলে আবার অনুবাদটা করা যায়। আমার রাতের রোদ ও মোৎসার্ট চকোলেট নাটক দুটোর অনুবাদ করেছি আমি। কবিতায় দ্বিভাষিক হওয়ায় কোনো সমস্যা নেই, দুটো ভাষায়ই করা যায়... সহজে করা যায় কবিতায়। নাটকে কিছুটা চেষ্টা করেছি। দুটো ভাষার মধ্যে যাতায়াত করি আমি, বলতে পারেন সমান সমান। দুটোই মাতৃভাষার মতো আমার কাছে। আমার অনেক ইংরেজি অনুবাদ আছে, আর দু-তিনটা নাটক আছে। প্রশ্ন: পাশ্চাত্য দর্শনে তো অকারণে কিছু নেই, সবকিছুতেই ভোক্তা ও উৎপাদক, ওই বিবেচনায়, আপনার লেখালেখির সময় সম্ভাব্য পাঠকের কথা কি মনে থাকে?উত্তর: লেখালেখির রসায়নটা তো প্রত্যেকের ভিন্ন। লন্ডনের এস্টাবলিশমেন্টের জন্য তো লিখতে পারব না আমি, ওদের কিছু দাবি আছে, আমার দৃষ্টিভঙ্গিতে সেটা ধরা দেয় না। ইংরেজিতে লিখে যারা বুকার পেয়েছে, রুশদি, অরুন্ধতী এঁরা বা এ বছর বুকারে নাম উঠেছে জিত থাইল, ভারতের একটু খারাপ দিকটা, দারিদ্র্যের দিকটা, ঝামেলার দিকটাই উঠে আসে ওদের লেখায়। কিন্তু আমার পক্ষে তো ও ধরনের লেখা সম্ভব না, অন্য একটা অবস্থান থেকে লিখি আমি। ইংরেজিতে যদি এটা করতে চাই, ইন্টারটেক্সুয়্যালিটি আসবে না। ভারতীয় ইংরেজিটা আমার আসে না, ওটা তৈরি হওয়ার আগেই দেশ ছেড়ে চলে এসেছি আমি, আমার ইংরেজিটা ব্রিটিশ। কিন্তু ও রকম না লিখলে এখানের তালিকায় ওঠা যাবে না।প্রশ্ন: পারিবারিক দিক থেকে বিশ্ব নাগরিক দৃষ্টিভঙ্গি যেমন পেয়েছেন তেমনি বৈবাহিক সূত্রেও পেয়েছেন, বাঙালি হিসেবে আমাদের ঐতিহাসিক আঞ্চলিক দৃষ্টিভঙ্গির বাইরে এসে আপনার এ জীবন-বীক্ষণ সাহিত্যকর্মে নিয়ে এসেছেন কি?উত্তর: বিশ্বমনস্কতা... খুবই সত্যি কথা, আঞ্চলিকতা যদি বলেন, ওখানে আমারও খুব আগ্রহ রয়েছে, আমাদের গ্রামীণ গানে, পালায়, সুফি, সহজিয়া, মরমিয়া, লৌকিক বিষয়গুলো তো আমার কাছেও আছে, এর বিশ্বমুখিনতাটাই হয়তো আমার ভেতরে প্রধান। লালনের গানগুলো আমার কাছে আছে, এই সহজিয়া ভাবধারায় সব ধর্মেরই মিলন হয়েছিল, নিজস্ব একটা তৃণমূল মানবধর্ম আছে এখানে। এটা সহজাত, বৈষ্ণব, শাক্ত, এসব তত্ত্ব যদি ঠিকভাবে ব্যবহার করতে পারতাম তাহলে হয়তো অনেক দূর যেতে পারতাম আমরা, তারপর তো অনেক কিছু বদলে গেল। ফান্ডামেন্টালিজমে বিগড়ে গেছে অনেক কিছু, আমাদের নিজস্ব মানবতন্ত্র একটা ছিল, এখন তো নেই।প্রশ্ন: আপনার প্রথম দিকের উপন্যাস নোটন নোটন পায়রাগুলোয় দেখি বিলেতের বাঙালিদের জীবনচিত্র, একেবারে বিপরীতমুখী দুটো সমাজের ভেতর যে ক্রিয়া-বিক্রিয়া ঘটেছে সেগুলো কীভাবে প্রত্যক্ষ করেছেন? এসবের প্রতিফলন আপনার লেখালেখিতে কতটুকু এসেছে? উত্তর: ওই বিপরীতমুখীটাই বিশ্বাস করি না আমি। একজন বাঙালি মেয়ের দৃষ্টিভঙ্গিতে দেখেছি আমি। আলজেরিয়ান, উত্তর আইরিশ, দক্ষিণ আইরিশ, ক্যারিবিয়ান চরিত্র আছে ওখানে, একটা বাঙালি পরিবার আছে, মেয়েদের জবানবন্দিটা তৈরি করতে চেয়েছি আমি। চারপাশের যেসব বিদেশি মেয়েকে দেখেছি তাদের বাঙালি পাঠকের কাছে আনতে চেয়েছি, অনেক মেয়ের চরিত্র আছে, তখন আমাদের কাছে নারীত্বটাই প্রধান ছিল, ওখান থেকে মুক্ত একটা কিছু করতে চেয়েছি। ফতিমা যে চরিত্রটা আছে, সে মেয়েটির ইন্টারভিউ করেছি, সে ফরাসিতে ডায়েরি লিখেছে। এখানে বিশ্বমানবতার বিষয় তো আছেই। সিলেটের মিয়া নামে যে চরিত্রটি আছে সেটি ষাটের দশকের একটা স্মৃতি আমার। অক্সফোর্ডের ছাত্রী ছিলাম, ওই সময়ের লেখা। তারপর ২০০৩-এ বেরোনো জল ফুঁড়ে আগুন বলে একটা উপন্যাস আছে আমার, সেখানে অসবর্ণ বিবাহের, বাঙালি ও ইংরেজ, বিষয় আছে। আন্তর্জাতিকতা যদি খোঁজেন আমার দ্বিতীয় উপন্যাস রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর সন্ধানে খুলে দেখুন, সেফার্দিক ইহুদি চরিত্র আছে ওখানে, সেফার্দিক গানের অনুবাদ আছে...পাঁচ-ছয় বছর তো রবীন্দ্রনাথের বর্ণ-দৃষ্টি নিয়েই কাজ করলাম। এটা তো অনেক বড় কাজ মনে হয়, পশ্চিমবঙ্গের চক্ষুবিশেষজ্ঞরা এটার মূল্যায়ন করেছেন।প্রশ্ন: এটার ইন্টারপ্রিটেশন বোধ হয় বদলেছে, আপনার ওই বইটা অনেকের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে।উত্তর: ওর ভেতর রবীন্দ্রনাথের বর্ণের দৃষ্টিভঙ্গিটা তো ফুটে উঠেছে, কী করে বর্ণদৃষ্টিটা ফুটে উঠেছে দেখুন। অধ্যাপক নন্দিনীকে বলছে, ‘তা আমাকে ওর একটি ফুল দাও, শুধু ক্ষণকালের দান, ওর রঙের তত্ত্বটি বোঝবার চেষ্টা করি’। এখানে বোঝা যায় রবীন্দ্রনাথের বর্ণদৃষ্টির সমস্যাটা। এত বড় কাজটা বাংলায় না করলে তো হবে না। টেক্সটা বাংলায়, মেটাটেক্সটা বাংলায়ই হতে হবে। এসব করেছি, জীবনানন্দের উপন্যাস নিয়ে কাজ করেছি।প্রশ্ন: কোনটা, মাল্যবান?উত্তর: না, সফলতা-নিষ্ফলতা, যদিও মাল্যবানও এসেছে কিছুটা পরে। প্রশ্ন: বাঙালি ডায়াসপোরা নিয়ে আপনার আগ্রহ ও কাজ সম্পর্কে কিছু বলবেন? অভিবাসী বাঙালিরা নতুন কোনো আশার আলো দেখাতে পারছে কি?উত্তর: আমরাই তো বাঙালি ডায়াসপোরা, এ ধারণাটা প্রথমে আমিই উঠিয়েছি। অভিবাসী বাঙালিদের পরিচিত করানোর দায়িত্বটা কার? এ প্রজন্মের জ্ঞানতৃষ্ণা সেভাবে নেই।প্রশ্ন: যিনি কবি তিনি সাহিত্যের একাধিক শাখায় কাজ করলে তাঁর কবি-পরিচয়টি নিষ্প্রভ হয়ে পড়তে পারে, সমালোচকদের মূল্যায়নেও ঘাটতি থাকতে পারে। আপনার ক্ষেত্রে এ রকম হয়েছে বলে কি মনে হয়? আপনার কবিসত্তাটি কি পাঠকের পূর্ণ মনোযোগ লাভ করেছে? উত্তর: কবিসত্তাই হলো আমার সব লেখার মূল চালিকাশক্তি। আমি উপন্যাস বা নাটক যাই-ই লিখি না কেন, কিংবা গবেষণায় নিয়োজিত থাকি না কেন, সব সময়েই আমার কবিসত্তা কাজ করে। পাঠকের মনোযোগ পাওয়ার বিষয়টি অন্য রকম। আমি দেশের বাইরে থাকি। কলকাতা বা ঢাকার বইমেলায় আমার খুব কমই যাওয়া পড়ে। পাঠক আমাকে হঠাৎ দেখতে পান, তখন হয়তো মনে পড়ে আমাকে। পরে ভুলে যান। ঢাকার কথা বলি। আমি এসেছি জেনে এক পাঠক আজিজ মার্কেটে দৌড়ে গিয়ে আমার তিসিডোর বইটি কিনে নিয়ে এলেন। সই নিলেন সাগ্রহে। আর কী চাই?প্রশ্ন: আপনার কি মনে হয়, সাহিত্যে নারী-পুরুষ এই বিভাজন করে সমালোচকেরা নারীদের জন্য পৃথক সমালোচনার ধারা তৈরি করেছেন?উত্তর: সেটাও যদি তাঁরা করতেন! সত্যি বলতে কি সাহিত্যে মেল বায়াসটা খুব আছে। ঢাকায় কতটা আছে বলতে পারব না, তবে কলকাতায় নিশ্চিতভাবেই আছে।প্রশ্ন: লেখক নির্দিষ্ট ভূখণ্ডে একটা ভাষার ভেতর বেড়ে ওঠেন। আপনি তরুণ বয়সে চলে আসেন ইংল্যান্ডে। পরে বাংলার পাশাপাশি ইংরেজিতে লেখা শুরু করেন। অন্য ভাষায় এবং অন্য পরিবেশে থেকে আপনার কি মনে হয়েছে নিজের ভেতর বাংলা ভাষার সেই কবিকে আপনি মিস করছেন?উত্তর: তিন-চার বছর থেকেই কবিতা লিখি, লেখক হিসেবেই জন্ম নিয়েছি আমি, আমাকে লিখতেই হবে। ওটাই আমার কাজ, ওটাই আমার জীবন। আমি ক্রমাগত লিখে চলেছি। আর আমার ভেতরে একটা চ্যালেঞ্জ হলো নতুন অভিজ্ঞতাকে বাংলায় কীভাবে ধরব। সেই চ্যালেঞ্জেই আমি মগ্ন থেকেছি। আমার লেখা যদি কেউ মন দিয়ে পড়েন ‘বল্কল’, ‘সবুজ পৃথিবী’, ‘জলের করিডর’—কবিতাগুলোতে ভিন্ন ভূচিত্র ও ঋতুচক্রের বর্ণনার জন্য নতুন ভাষা তৈরি করেছি নিষ্ঠার সঙ্গে। নিসর্গকে ধরতে চেয়েছি। সমালোচকেরা এটা খেয়াল করেননি। ‘শীতের শরৎ’ কবিতার ভেতরে রয়েছে শীতের মধ্যে শরৎ খুঁজে পাওয়ার বিষয়টি। ‘ব্রাইটনে গ্রীষ্মশেষ’ কবিতাটি বেশ জনপ্রিয় হয়েছিল। অনেকেই প্রশ্ন তুলেছেন রবীন্দ্রনাথ কেন এমন হেমন্তের বর্ণনা দিয়ে যাননি। তখন তো আমরা পরিষ্কারভাবে বুঝিনি যে রবীন্দ্রনাথ লাল-গেরুয়ার রংটা দেখতে পেতেন না বলেই তাঁর লেখায় হেমন্তের পাতা ঝরার কথা তেমন নেই। আমার কবিতাটা বেরিয়েছিল ১৯৬৪ সালে দেশ পত্রিকায়। তখন পর্যন্ত কলকাতার মানুষদের বিশ্বমনস্কতা ছিল। কিন্তু এখন শিল্পের সেই নিপুণ দিকটার আলোচনা তেমন দেখি না।প্রশ্ন: এখন বাংলায় কবিতা লিখছেন হাজার হাজার কবি। এই বিপুল কবিতা থেকে প্রকৃত কবিতাকে শনাক্ত করার কাজটি বেশ জটিল। আপনি কী মনে করেন?উত্তর: প্রকৃত কবিতা শনাক্ত করতে হলে বৌদ্ধিক দিকের প্রয়োজন। আমাদের সমস্যাটা সেখানেই। এখন পঠন-পাঠন এবং বিশ্লেষণে ঘাটতি হচ্ছে। আমাদের সময়ে কবিতার ডিটেইল ক্রিটিসিজম হতো। এখন সেটা অনুপস্থিত। পোস্ট কলোনিয়ালিজম আর পোস্ট মর্ডানিজম হয়ে ভাষার দিকটা উপেক্ষিত থেকে যাচ্ছে।প্রশ্ন: বাংলাদেশের কবিতা সম্পর্কে আপনার মন্তব্য কী?উত্তর: আপনাদের কবিতায় আবেগের পরিমাণ বেশি। রাজনৈতিক প্রভাবও বেশি। বঙ্গবন্ধু বিষয়ে প্রচুর চর্চা হয়েছে। দেশপ্রেমের প্রাবল্য রয়েছে। এটাকে আমার কিছুটা বিপজ্জনকই মনে হয়। এটা নিজের দেশকে সেরা বলার একটা প্রয়াস।প্রশ্ন: বর্তমান সময়টাকে কীভাবে দেখেন, আরও বেশি মানুষ নিঃসঙ্গ হয়ে যেতে বসেছে কি?উত্তর: বর্তমান সময় জটিল, মানুষ লোভী হচ্ছে আরও, হিংসা, প্রতিযোগিতাকে বেশি মূল্য দিচ্ছে, সহযোগিতাকে তুচ্ছ করছে, পৃথিবীটা ধ্বংস হচ্ছে, আমার প্রথম নাটক রাতের রোদ যে বছর লিখেছিলাম, বার্লিন ওয়াল ভাঙার বছর, হয়তো ওটা প্রথম সাহিত্যকর্ম যেখানে পরিবেশদূষণের কথা বলেছি, গ্লোবাল ওয়ার্মের কথা, জলবায়ু পরিবর্তন, পরিবেশদূষণের কথা বলেছি। প্রশ্ন: বর্তমানে কবিতার পাঠক কেন কমে যাচ্ছে?উত্তর: সবাই মোবাইলে টেক্সট করছে। এটার প্রভাব পড়ছে। মানুষ গদ্য বেশি পড়ছে তথ্য জানার জন্য। কবিতায় তথ্যগুলোকে জন্মান্তরের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়। সে পর্যন্ত পাঠকের ধৈর্য নেই। আধুনিক সভ্যতার উপহার ইন্টারনেট যেমন আমাদের কাছে এনেছে, তেমনি দূরেও সরিয়ে দিচ্ছে। মানববিদ্যার চর্চা আমরা করছি না। বড় নাটক, বড় উপন্যাস কিংবা কবিতা পড়ার লোক আজ কোথায়? দর্শন, ইতিহাস না জানা থাকলে কবিতার রসাস্বাদন কীভাবে সম্ভব? প্রশ্ন: ইংল্যান্ডের কবিদের সঙ্গে কি আপনার সাহিত্যিক সম্পর্ক হয়েছে?উত্তর: ইংরেজ কবিদের কবিতা প্রচুর অনুবাদ করেছি। ব্রিটিশ কবিদের মধ্যে ডি এম টোমাস, ডেভিড কন্সটান্টাইন, আর্জেন্টিনায় গিয়ে কিম ট্যাপলিনের কবিতা অনুবাদ করেছি। পোয়েট্রি ওয়ার্কশপ বা কবিতার কর্মশালাও করেছি প্রচুর। এই ঘরেই হয়েছে অনেক। এসব কর্মশালায় আলোচনা-সমালোচনা ও বিশ্লেষণের মাধ্যমে কবিতার আরও পরিমার্জিত হওয়ার সুযোগ থাকে। স্লোভেনিয়ায় পোয়েট্রি ওয়ার্কশপে নানা দেশের কবি ছিলেন। ফিনল্যান্ডের কবিরা ইংরেজিতে অনুবাদ করেছিলেন তাঁদের কবিতা। ১০ দিন নানা দেশের কবিদের সঙ্গে থেকে পরস্পরের কবিতা সম্পর্কে বুঝে নিয়ে, আলাপ করে, আলোচনা করে কবিতা অনুবাদ করেছি। আমার খুব প্রিয় একজন কবি হচ্ছেন ফিনল্যান্ডের সুইডিশ কবি এডিট সোডারগ্রান।প্রশ্ন: বলা হয় যে কবিতা অনুবাদ করতে গেলে যা হারিয়ে যায় সেটাই কবিতা। আপনি এটা স্বীকার করেন?উত্তর: এটা নিরাশবাদী কথা। আমি এটা বিশ্বাস করি না। অনুবাদের মাধ্যমে এক দেশের সাহিত্য অপর দেশের সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করে। তবে অনুবাদে নিষ্ঠা ও বৌদ্ধিকতা থাকতে হবে। এটা একধরনের সমঝোতা।প্রশ্ন: যিনি কবিতা অনুবাদ করবেন তাঁকে কি কবি হতে হবে?উত্তর: অবশ্যই, কবিতার অনুবাদককে কবি হতে হবে। যে ভাষাতে তিনি অনুবাদ করছেন সে ভাষারই কবি হতে হবে। প্রশ্ন: অনেক ধন্যবাদ কেতকীদি, অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। উত্তর: ধন্যবাদ।