'কবিতার-কবির কোনো মৃত্যু নেই'
জাতীয় শহীদ মিনারে তিনি আগেও এসেছেন। কখনো কোনো অনুষ্ঠানে কবিতা পাঠের জন্য, কখনো শোকসভায়, কখনো আন্দোলনে। এমনও হয়েছে কারও মৃত্যুতে দাঁড়িয়েছেন ফুল হাতে। জানিয়েছেন শ্রদ্ধা। কিন্তু আজ এমন এক দিন। সকাল ১০টার দিকে তিনি আবারও এলেন শহীদ মিনারে। কিন্তু কফিনে শুয়ে। নিজেই হয়ে গেলেন শেষ শ্রদ্ধা জ্ঞাপনের ‘বিষয়’। কিন্তু আদৌ কি চিরশায়িত হবেন কবি? আদৌ কি কবিরা চলে যান? জাতীয় শহীদ মিনারে কবি রফিক আজাদকে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হওয়া ব্যক্তিরা বারবার উচ্চারণ করেছেন, ‘কবিতার যেমন মৃত্যু নেই, কবিরও কোনো মৃত্যু নেই।’
শহীদ মিনারে কবি রফিক আজাদের কফিন ঘিরে ছিলেন স্বজনেরা। স্ত্রী, সন্তান, স্বজন। চার ছেলের তিন ছেলেই দাঁড়িয়েছিলেন বাবার কফিন ধরে। কখনো কফিনে ওপরে জমে ওঠা ফুলের তোড়াগুলো গোছাচ্ছিলেন। কখনো বাবার পুরোনো কোনো স্মৃতি মনে করে ফুঁপিয়ে উঠছিলেন। কখনো বিড়বিড় করে কিছু বলে উঠছিলেন তিন ভাই। সম্ভবত বাবাকেই। না হলে এত নিঃশব্দ কথন আর কারইবা এখন শোনার সাধ্য! কে জানে চিরঘুমের গভীরে নিমজ্জিত তাঁদের বাবাকে কী বলছিলেন তাঁরা। ৫৮ দিন লাইফ সাপোর্টে থাকা বাবার অভিমান কতটা ভেঙেছে তাতে!
গতকাল রাত আটটায় কানাডা থেকে ঢাকায় আসা কবিপুত্র অভিন্ন আজাদ বললেন, ‘বাবা অসুস্থ হওয়ার পরপরই আমি দেশে চলে এসেছিলাম। মাস দুয়েক ছিলাম বাবার পাশেই। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ও ডাক্তারদের সঙ্গে কথা বলে গেল ১০ মার্চ কানাডা যাওয়ার উদ্দেশে রওনা দিই। ভেবেছি কদিনের মধ্যে গুছিয়ে আবার ঢাকা আসব। বাবার পাশেই থাকব। কিন্তু কানাডা বিমানবন্দরে নেমেই খবর পাই বাবা আর নেই। তারপর ফিরতি ফ্লাইটেই আমি দেশে উদ্দেশে রওনা দিই।’
রফিক আজাদের আরেক ছেলে রাজীব কেনিয়া থেকে রওনা হয়েছেন। আজই তাঁর ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। কবির মেয়ে এখন আসতে পারেননি।
রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর এ উদ্যোগ নিয়েছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট। হাজির হয়েছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সরকারি-বেসরকারি নানা ধরনের সংগঠনের সদস্যরা, কর্মকর্তারা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন কবিকে। এসেছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরও। কবির লেখা কবিতা শোনান ভ্রাতুষ্পুত্রী নীরু শামসুন্নাহার।

কবি রফিক আজাদকে শ্রদ্ধা জানান সব শ্রেণির মানুষ।দুপুর ১২টা নাগাদ শহীদ মিনার থেকে কবির লাশ নেওয়া হয় তাঁর দীর্ঘদিনের কর্মস্থল বাংলা একাডেমিতে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে কবিকে দাফন করা হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।