মালেকা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের খণ্ডকালীন শিক্ষক। ২০১২ থেকে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ‘সোসিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ’ বিভাগের প্রধান। বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক (১৯৭০-১৯৯০)। নারীর মানবাধিকার আন্দোলন সম্পৃক্ত নানামুখী কর্মকাণ্ডে যুক্ত। নারীর সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, আইনি অধিকার ও মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণামূলক বইয়ের সংখ্যা ৩০। লিখছেন প্রবন্ধ, কলাম। গবেষণার প্রধান বিষয়: নারীর প্রতি ‘জেন্ডার’ বৈষম্য। জাতীয়-আন্তর্জাতিক সেমিনার, সম্মেলনে সাহিত্য-সংস্কৃতি-প্রান্তিক নাগরিক, সংখ্যালঘু নারী, আইনের অধিকার, মুক্তিযুদ্ধে নারীর অবদান ইত্যাদি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করে থাকেন। সম্প্রতি গবেষণাকাজের জন্য পেয়েছেন ‘অনন্যা পুরস্কার’।রাজপথের প্রগতিসূচক আন্দোলন ন্যায়ের জন্য, মানবাধিকারের জন্য, সুস্থ সংস্কৃতির জন্য, নারী-পুরুষনির্বিশেষে সব প্রান্তিক মানুষের প্রতিবাদী-প্রগতিসূচক আন্দোলন আমাকে আন্দোলিত করে। বুদ্ধিজীবী, সাহিত্যিক, শিক্ষিত মানুষ নারীর মর্যাদা বিষয়ে নেতিবাচক কথা বললে প্রতিবাদী হই। নিজেকে এসব আন্দোলনের অভিযাত্রী মনে করি। পায়ে হেঁটে, কণ্ঠ সোচ্চার করে, বিতর্ক করে, লিখে, এই আন্দোলনে শরিক থাকার চেষ্টা করি।আত্মকথা ও নারীর ক্ষমতায়নবিষয়ক বই নারী-পুরুষনির্বিশেষে সব সাহিত্যিক-গবেষকের বই আগ্রহ নিয়ে পড়ি। দেশ-বিদেশের নামকরা লেখকদের বইয়ের খোঁজ রাখি, আগ্রহোদ্দীপক বই সংগ্রহ করি। অধ্যাপনার প্রয়োজনে বারবার পড়তে হচ্ছে শেক্সপিয়র, ইবসেন, ডিকেন্স, রবীন্দ্রনাথ, নজরুল, রোকেয়া, সুফিয়া কামালসহ বহু সাহিত্যিকের বই। পড়ছি ফেমিনিজম, জেন্ডারবিষয়ক তত্ত্বমূলক বইও। নারী আন্দোলনবিষয়ক পুরোনো ও নতুন বই পড়ছি প্রতিনিয়ত। এখন পড়ছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাসবী চক্রবর্তী সম্পাদিত সদ্যপ্রকাশিত নারী পৃথিবী: বহুস্বর, মানবী বিদ্যা, নায়লা কবীরের লেখা দি পাওয়ার টু চুজ, গৌতম ভদ্র ও পার্থ চট্টোপাধ্যায়ের নিম্নবর্গের ইতিহাস, জ্যান গুডউইনের প্রাইস অব অনার বইগুলো।গান শোনারবীন্দ্রসংগীত সবচেয়ে বেশি শুনি। সিডিতে তো শোনা হয়, পাশাপাশি টেলিভিশনে ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের শিল্পীদের গাওয়া রবীন্দ্রসংগীত শুনে আমার প্রাণ জুড়ায়। যা লিখছিযেহেতু নারী অধিকার নিয়ে কাজ করি, তাই লেখার বেশির ভাগ বিষয়বস্তু একই বিষয় কেন্দ্রিক। তবে অন্য বিষয়েও বই লিখেছি। এবার বইমেলায় ঐতিহ্য থেকে বেরিয়েছে ড. আনিসুজ্জামানের সহযোগী হিসেবে সম্পাদিত বই নারীর কথা। এ ছাড়া গবেষণামূলক লেখা লিখছি শত বর্ষের (১৯১১-২০১১) পরিক্রমায় রোকেয়া, লীলা নাগ, প্রীতিলতা ও সুফিয়া কামাল—এঁদের নারীবাদী চর্চার বিষয়ে। ‘সুফিয়া কামাল’ শিরোনামে একটি বইয়ের পাণ্ডুলিপি তৈরি করছি। প্রকাশিত বইগুলোর নতুন সংস্করণের জন্য সংশোধন-সংযোজনার কাজ করছি। ‘বাংলাদেশ ও পশ্চিম বাংলার হিন্দু-মুসলিম পারিবারিক আইন—তুলনামূলক আলোচনা’ বিষয়ে পাণ্ডুলিপি তৈরি করছি।যখন অবসরেঅবসর সময়ে আমি সাধারণত বই কিনতে বের হই। আজিজ সুপার মার্কেটে, বইমেলায়, সাহিত্য প্রকাশ, ইউপিএল, ঐতিহ্য, প্রথমা, পাঠক সমাবেশ, প্যাপিরাস বইয়ের দোকানে নিয়মিত নতুন বইয়ের খোঁজ করি। বেঙ্গল শিল্পালয়ে নিয়মিত যোগ দিই অনুষ্ঠানে, চিত্রপ্রদর্শনীতে।নারী-পুরুষের বৈষম্য পীড়িত করেনোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বারবার গুরুত্ব দিয়ে বলছেন, বাংলাদেশের নারীর অগ্রগতি উল্লেখযোগ্য। এই অগ্রগতি শিক্ষায়, আয়ে, স্বাস্থ্যের তথ্যে দৃশ্যমান। তা সত্ত্বেও নারীর প্রতি নির্যাতনের হার কেন বেড়েই চলেছে সেটাই চিন্তার বিষয়। যে বাংলা একাডেমীতে তিনি নারীর অগ্রগতি বিষয়ে তথ্য দিলেন, রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হলেন বাংলাদেশে, সেই সব প্রতিষ্ঠানে নারীর মেধা ও সমতা বিষয়ে কেন পক্ষপাতিত্ব হচ্ছে? কেন ৫০ ভাগ নাগরিক নারী রাষ্ট্রীয়ভাবে প্রদত্ত পুরস্কার, সম্মাননার ক্ষেত্রে পেশার ক্ষেত্রে, মূলধারা থেকে স্বীকৃত হচ্ছেন না?নারীর জন্য সংরক্ষিত থাকছে বিশেষ পুরস্কার, বিশেষ আসন। এবারের বাংলা একাডেমী পুরস্কারে যোগ্য ব্যক্তিত্ব পুরস্কৃত হয়েছেন স্বীকার করেও এই মর্মে ভিন্ন মত ব্যক্ত করছি যে, ৫০ ভাগ নারী ব্যক্তিত্বের জন্য বিবেচিত না হলেও শতকরা এক ভাগ পুরস্কারও যোগ্যতাসম্পন্ন নারীর জন্য বিবেচিত হতে পারল না? এ শুধু নারীর অবমাননা নয়, জাতির অবমাননা। আশা করছি ভবিষ্যতে সব ক্ষেত্রে নারীর সংখ্যা ৫০ ভাগ স্বীকৃতি পাবে। এবং এই পুরস্কার শুধু রাজধানীকেন্দ্রিক হওয়াটাও কাম্য নয়। এটা একুশ শতক এবং মেধায়, মননে, শ্রমে, চর্চায়, দায়িত্বে, কর্তব্যে নারীর পদচারণ পুরুষের সমকক্ষ হয়েছে, সেটা আমাদের মনে রাখতে হবে।সাক্ষাৎকার গ্রহণ: মোসাব্বের হোসেন