‘চিমনির মুখে শোনো সাইরেন-শঙ্খ’
চিমনির মুখে শোনো সাইরেন-শঙ্খ: পূর্ববাংলার ট্রেড ইউনিয়ন আন্দোলনের বিকাশবৃত্তান্ত—মেসবাহ কামাল ও জান্নাত-এ-ফেরদৌসী \ প্রচ্ছদ: ধ্রুব এষ \ ফেব্রুয়ারি ২০০৯ \ মূল্য: ৩৫০ টাকা \ প্রকাশক: মাওলা ব্রাদার্সতোমারে সেবিতে হইল যা হারা মজুর, মুটে ও কুলি,/ তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি;/ তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহা দেরি গান,/ তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!/ তুমি শুয়ে র’বে তেতলার ’পরে, আমরা রহিব নিচে,/ অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে! [কুলি-মজুর: কাজী নজরুল ইসলাম]বাস্তবতা বোধ করি এমনই রূঢ়, নিষ্করুণ। যে কারণে মজুর, মুটে ও কুলির কারণে সব সভ্যতা বিনির্মিত হলেও তাদের পরিশ্রম, ত্যাগ ও মহিমার কথা লেখা হয় না, স্বীকৃতিও দেওয়া হয় না। এ কারণে ওই কবিতারই আরও একটি পঙিক্ত স্মর্তব্য, ‘তুমি জানো নাকো, তবে পথের প্রতিটি ধূলিকণা জানে। ওই প্রাসাদ-অট্টালিকাদের মানে!’১জানে না বলেই, কোথাও লেখা হয় না মজুর, মুটে, কুলি অর্থাৎ শ্রমজীবী মানুষের কথা। সৃজনশীল বলি, আর গবেষণাধর্মী বলি, সবখানেই তারা উপেক্ষিত, অবাঞ্ছিত, অবহেলিত। তার পরও বাংলা সাহিত্যের সৃজনশীল ভান্ডারে তাদের উপস্থিতি পরিলক্ষিত হয়, গল্প-উপন্যাস-নাটক-কবিতায় যার প্রতিস্থাপন ঘটেছে। কিন্তু আমাদের গবেষণা সাহিত্যে শ্রমজীবী মানুষকে নিয়ে, শ্রম আন্দোলনের ইতিকথা নিয়ে, স্বাধীনতা-উত্তর কিংবা পরবর্তীকালেও এ ধরনের কাজ তেমনভাবে দৃষ্টিগোচর হয় না। আমাদের ট্রেড ইউনিয়ন, শ্রম আন্দোলনের রয়েছে সমৃদ্ধ এক অতীত। এ ধারায় তাদের ভূমিকা ও অবদান অনেকাংশেই গৌরবান্বিত হওয়ার মতো। তার পরও এসবের পূর্বাপর নিয়ে মোটা দাগে কোনো গবেষণা হয়নি। এ ধারায় একটি ব্যতিক্রমী সংযোজন হলো, মেসবাহ কামাল ও জান্নাত-এ-ফেরদৌসীর গবেষণাধর্মী গ্রন্থ চিমনির মুখে শোনো সাইরেন-শঙ্খ। পূর্ববাংলার ট্রেড ইউনিয়ন আন্দোলনের বিকাশবৃত্তান্ত। নামকরণ থেকেই বোঝা যায়, এর সময় পরিসর ১৯৪৭ সালের দেশ বিভাগ থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত। এতে রয়েছে পূর্ব বাংলার বিশিষ্ট কয়েকজন শ্রমিকনেতার সাক্ষাৎকার ও তাঁরা যেসব আন্দোলনে সক্রিয় ছিলেন, তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সংগ্রামের ইতিবৃত্ত। এগুলো হলো: আবুল বাশার এবং দুই দশকের শ্রমিক সংগ্রামের ইতিবৃত্ত, হায়দার আকবর খান রনোর স্মৃতিতে টঙ্গীর শ্রমিক সংগ্রামের আলোকোজ্জ্বল এক অধ্যায়, শহীদুল্লাহ চৌধুরীর জবানীতে ডেমরার ট্রেড ইউনিয়ন আন্দোলনের সোনালি দিনগুলো, শফিকুর রহমান মজুমদার ও অধিকার আন্দোলনের সংগ্রামে ঐক্যবদ্ধ শ্রমিক শ্রেণী, সাইফউদ্দিন আহমেদ মানিক এবং লাল পতাকায় সজ্জিত বাওয়ানি-বৃত্তান্ত, আবদুল্লাহ সরকার এবং জেলে-কৃষক-শ্রমিক আন্দোলনের সাফল্যগাথা, মনজুরুল আহসান খান ও শ্রমিক লড়াইয়ের সাতকাহন, আহসানউল্লাহ মাস্টারের স্মৃতিতে মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্বে টঙ্গীর শ্রমিক, হারুনার রশিদ ভূঁইয়ার জবানিতে ট্রেড ইউনিয়ন আন্দোলনে তেজগাঁওয়ের শ্রমিক, হাফিজুর রহমান ভূঁইয়ার চোখে অবিনশ্বর শেখ মোহাম্মদ রফি ও রূপসা তীরের শিল্পশ্রমিক। এ ছাড়া রয়েছে পূর্বকথন, ভূমিকা ও নির্ঘণ্ট নামের আরও তিনটি অধ্যায়, যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে তাদের সংক্ষিপ্ত পরিচিতিও উল্লিখিত হয়েছে। শ্রমিক আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিত্বদের কেউ কেউ রাজনীতিবিদ হিসেবেও স্বনামে পরিচিত। পূর্ব বাংলার ট্রেড ইউনিয়ন আন্দোলনের পরিপূর্ণ চিত্র তুলে ধরতে ছাপান্ন হাজার বর্গমাইলের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি স্থানকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে। এ কারণে শুধু রাজধানী ঢাকা নয়; নারায়ণগঞ্জ, গাজীপুরের শ্রমিক আন্দোলনের সারকথা যেমন এখানে এসেছে, তেমনি এসেছে শিল্পনগর বলে খ্যাত খুলনার শ্রমিক আন্দোলনের নির্যাতনগুলো। প্রসঙ্গত, বইটির বিবরণী সাক্ষাৎকারের ভিত্তিতে প্রণীত হয়েছে। এতে জাতীয় আত্মনিয়ন্ত্রণাধিকার ও মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের ক্রমাগত শাণিত সংযুক্ত করার ইতিবৃত্ত উঠে আসার পাশাপাশি একটানা ৫৬ দিন ধর্মঘট করার বর্ণনাও রয়েছে। এই গ্রন্থ অনুসন্ধিৎসু পাঠক, গবেষক ও প্রগতিমনস্কদের অবশ্যপাঠ্য হিসেবে বিবেচিত হতে পারে। কারণ এতে রয়েছে পূর্ব বাংলার শ্রমিক আন্দোলনের গৌরবময়, আলোকিত, অনালোচিত ইতিহাস। গ্রন্থটি সাক্ষাৎকারের ভিত্তিতে প্রণীত হওয়ায় পূর্ণাঙ্গ গবেষণাকর্ম হয়ে ওঠেনি। এতে সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রসঙ্গ নেই। এ ছাড়া গবেষণাগ্রন্থের ক্রস চেকিংয়ের বিষয়টিও গুরুত্বপূর্ণ, যার মধ্য দিয়ে প্রকৃত তথ্য উদ্ঘাটিত হয়। এমনকি সাক্ষাৎকারের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। এ ক্ষেত্রে একই স্থানের কিংবা একই আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কয়েকজনের যদি সাক্ষাৎকার নেওয়া যেত এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ কিংবা অনেকগুলো বিষয় অবমুক্ত করা হতো, তাহলে গবেষণাকর্মটির মহিমা ও মর্যাদা আরও বৃদ্ধি পেত। সাক্ষাৎকারগুলো দেওয়া হয়েছে পুরোটিই স্মৃতি থেকে। সুতরাং এতে লেখক-গবেষকেরাও ক্রস চেকিংয়ের কর্মটা সমাধা করতে পারতেন, কেননা স্মৃতির সঙ্গে বিস্মৃতির যোজন-বিয়োজন ঘটার শঙ্কা থেকে যায়। অনুমিত হয়, এ ধরনের কাজ আমাদের দেশে একেবারেই হ্রস্ব। সে ক্ষেত্রে তারা এ রকম একটা বিষয়ের ওপর আলোকপাত করে পূর্ব বাংলার ট্রেড ইউনিয়নের বিকাশ-বৃত্তান্তকে গ্রন্থিত করার এবং ইতিহাস তুলে ধরার কঠিন কর্মটি কৃতিত্বের সঙ্গেই সম্পন্ন করেছেন। বইটির নামকরণে কবি সুভাষ মুখোপাধ্যায়ের বহুল পঠিত একটি কবিতার চরণ ব্যবহূত হয়েছে, যার মধ্য দিয়ে গবেষকদ্বয়ের কাব্যমনস্কতা ও গবেষণাপ্রসূত গভীর অধ্যয়নের দিকটির পরস্ফুিটন ঘটেছে।