‘ছাপচিত্রে নিসর্গনামা’
দৃশ্যত বাস্তবে হয়তো বা মৃত্যুর উপস্থিতি দৃষ্টিগোচর নয়, তবে দেহের প্রস্থান জানান দেয় মৃত্যুর অলৌকিকতা কিংবা দেহের উপস্থিতি জীবিতদের সাক্ষী। জীবন-মৃত্যুর এই চিরায়ত সত্য যা লুকিয়ে আছে প্রকৃতির রহস্যময়তায়। আর বলা যায় এরই নন্দনতাত্ত্বিক উন্মোচন ঘটেছে জাপানি শিল্পী মিনামি ওগুরার সৃজনে। চারুকলার জয়নুল গ্যালারিতে প্রদর্শিত মোট ৩৩টি ছোট-বড় কাজ নিয়ে প্রদর্শনী শেষ হয় ১৪ আগস্ট। ‘যদিও ঢাকায় আগেও আমি দুটি গ্রুপ এক্সিবিশনে অংশ নিয়েছিলাম; কিন্তু এককভাবে প্রদর্শনীর আয়োজন এই প্রথম, আমি খুবই আনন্দিত।’ তারুণ্যের সহজাত উল্লাসে ভাসছিল তাঁর শিল্পীসত্তা।মিনামি ওগুরার প্রতিটি কাজে শিল্পীর নিজস্ব কণ্ঠ বিদ্যমান কিংবা একটি কাজের পূর্ণ রূপ পুরো প্রদর্শনী। ধরনের ক্ষেত্রে সেমি অ্যাবস্ট্রাক্টে আঁকা ছবিগুলো প্রকৃতি ও মানুষের আন্তসম্পর্ক এবং ইহজাগতিক জীবনে মানুষের পরিণতি বয়ান করে। উডকাট মনো প্রিন্ট, মিশ্র মাধ্যম এবং অন্য সেসব উপাদান ব্যবহূত হয়েছে, এগুলো জাপানের ঐতিহ্যবাহী ধারার শিল্পরীতির প্রতিনিধিত্বকারী। বিশেষ করে ছাপচিত্র জাপানের একটি নিজস্ব মাধ্যম। ওই প্রদর্শনীর আগে জয়নুল গ্যালারিতে হয়ে যাওয়া জাপানি শিল্পী জুনকো ও কামতার কাজও ছিল এই একই ধারার। তাই বলা যায় জাপানি তরুণ শিল্পীরা ঐতিহ্যের সঙ্গে সমসাময়িকতার মেলবন্ধন করার মাধ্যমে একটি স্বতন্ত্র ধারার শিল্পরীতি সৃষ্টিতে নিবিষ্ট।শিল্পীর কম্পোজিশন দক্ষতার পূর্ণ রূপ দৃষ্টিগোচর হয় ‘ইমপ্রিন্ট’ সিরিজের চিত্রগুলোতে। এ ছাড়া অন্যগুলোর মধ্যে লক্ষণীয়ভাবে পুরো ফ্রেমেই ছড়িয়ে আছে মিনামি ওগুরার সজাগি মনোযোগ। যদিও প্রদর্শনীর কোনো টাইটেল দেওয়া হয়নি; কিন্তু কয়েকটি সিরিজে চিত্রগুলোকে চেতনাগত সাদৃশ্যের জায়গা থেকে বিভক্ত করা হয়েছে। যেমন ‘ফ্লোট’, ‘ইমপ্রিন্ট’ কিংবা ‘হুয়েন দ্য স্ট্রিং সুইমস’। ইমপ্রিন্ট সিরিজের কাজগুলোয় ফ্রেমে রহস্যময় ও অদ্ভুত আকারে বিভিন্ন উজ্জ্বল কিংবা তীব্র রঙের ব্যাপক প্রভাব। আবার হুয়েন দ্য স্ট্রিং সুইমস প্রকাশ করে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের তার এবং স্বচ্ছ পরিবেশে সংগীতের ঝংকার। প্রদর্শনীর মূল থিম সম্পর্কে শিল্পীর উক্তি, ‘প্রকৃতি ও মানুষের ভেতরকার সম্পর্কের নবরূপায়ণ।’ দুটি কক্ষের আয়তনের তুলনায় চিত্রের সংখ্যা কম হওয়ায় কিছুটা বেখাপ্পা লাগলেও চিত্রগুলোর প্রাণস্পন্দন সেই শূন্যতা পূর্ণ করে দেয়।মিনামি ওগুরার জন্ম ১৯৮৪ সালে, জাপানে। স্নাতক পর্যায়ের পড়াশোনা প্রিন্ট মেকিং এবং এমএ চিত্রকলা নিয়ে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রদর্শনীর পাশাপাশি পেয়েছেন গুরুত্বপূর্ণ কিছু পুরস্কার।