
ফোকলোর ও লেখ্য-ঐতিহ্যের অবিচ্ছেদ্য সম্পর্ক প্রথম দেখেছিলাম মায়ের করা সূচিকর্মে। সেসব আমার গ্রামজীবনের কথা, বেশ আগের। সাদা কাপড়ের ক্যানভাসে নানা বর্ণের রঙিন সুতার বুননে ফুল-পাতাময় বৃক্ষ–ডালে বসা দুটি পাখির মুখোমুখি সংলাপে মা সাজিয়ে বসিয়ে দিয়েছিলেন বর্ণমালা—‘ফুল ফুটে ঝরে যায় ধরার নীতি। তুমি কিন্তু বন্ধু বটে রেখো মোর স্মৃতি।’ সম্ভবত এ ধরনের প্রত্যক্ষ জ্ঞান থেকেই গ্রামে গ্রামে ছুটে চলেছি ফোকলোর ও লেখ্য-ঐতিহ্যের অনুসন্ধানে। আবদুল করিম সাহিত্যবিশারদসহ অনেক পণ্ডিত বাংলাদেশের লেখ্য-ঐতিহ্যের অনেক অজানা সম্ভার তুলে এনেছেন সামনে। আমরা মূলত তাঁরই ধারাবাহিকতায় অনুভব করতে চাই বাংলাদেশের নানা প্রান্তরে চর্চিত জ্ঞানসাধনা ও সংস্কৃতির প্রাণবন্ত সত্তাকে।
দুঃখের বিষয়, এ দেশের অধিকাংশ মানুষের মনে এখনো এমন ধারণা বদ্ধমূল যে বাংলাদেশের মুসলমানদের সাংস্কৃতিক পরিচয়ের ইতিহাস ও চর্চার তেমন বর্ণিল বা বৈচিত্র্যময় সাম্প্রতিক নেই। কিন্তু যদি বৃহত্তর সিলেটের বাওনের গাঁও, সুলতানসী, রাজনগর, পৃথিমপাশা ইত্যাদি গ্রামের দিকে দৃষ্টি ফেরানো যায়, তবে তথাকথিত ধারণাটি বদলাতে বাধ্য। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত হিজরি মহরম মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে ওই সব গ্রামে গিয়ে দেখেছি, নারী-পুরুষ-শিশু—সব বয়সী মানুষ জারি-মর্সিয়ার নৃত্য-গীত-বাদ্যের সঙ্গে গভীর আবেগ ও স্বতঃস্ফূর্ততায় পালন করেন মহরম।
২০১৩-এর ১৩ নভেম্বর যখন পৃথিমপাশা নবাববাড়ির ইমামবাড়ার প্রবেশপথে পৌঁছালাম, দেখি, পাম্পেট, কর্নেট, ড্রাম, ঝাঁঝ বাজিয়ে তাজিয়া নিয়ে এগিয়ে আসছে একটি জারি-মর্সিয়ার দল। সঙ্গে নিয়ে আসা তাজিয়াটি ইমামবাড়ার সামনে রেখে জারি-মর্সিয়া পরিবেশনের জন্য যখন গ্রামের ভেতর চলে গেল দলটি, অনুসরণ করলাম তাদের। বাদ্য বাজাতে বাজাতে পৃথিমপাশা গ্রামের বদর আলীর বাড়িতে ঢুকে পড়ল দলটি।
একপর্যায়ে বাদন থামিয়ে দুই হাতে বুকে আঘাত করতে করতে শুরু করলেন জারি-মর্সিয়া। দেখলাম, একজন একটি হাতে লেখা খাতা দেখে দেখে নেতৃত্ব দিচ্ছেন এই গানের। খাতা নিয়ে নেতৃত্বদানকারী এই ব্যক্তিকে বলা হয় ‘বই মাস্টার’, আর যিনি প্রত্যক্ষ আসরের নেতৃত্ব দিচ্ছেন—তিনি কামরুল ইসলাম, পেশায় কাঠমিস্ত্রি। জানা গেল, কামরুলের হাতে ধরা জারি-মর্সিয়ার খাতাটি তাঁর চাচাতো বোন রুশনা আক্তারের হাতে লেখা, তবে পুরোনো যে খাতা থেকে এই খাতাটি পুনর্লিখন করা হয়েছে, তা ছিল কামরুলের ফুফু নসিরুল বেগমের। এই তথ্য লেখ্য-ঐতিহ্যের সঙ্গে বাংলাদেশের নারীদের সংশ্লিষ্টতারই প্রমাণ।
নারী-পুরুষ-শিশু-কিশোরের দুই হাত দিয়ে বুকে আঘাত করা আহাজারিমূলক এই সম্মিলিত ও বৃত্তাকার নৃত্যগীতময় পরিবেশনা খুব সহজে যেন কারবালার ইতিহাসের বেদনাকে ছড়িয়ে দিচ্ছিল বাংলার বাতাসে
পৃথিমপাশার বিভিন্ন বাড়িতে জারি-মর্সিয়া দেখতে দেখতে জানতে পারি চমকপ্রদ তথ্য, আলাদাভাবে এখানে জারি-মর্সিয়া পরিবেশন করেন নারীরা এবং সে আসরে পুরুষের প্রবেশাধিকার নেই। এরপরও প্রাচীরঘেরা একটি বাড়ির মধ্যে নারীদের সম্মিলিত কণ্ঠের জারি-মর্সিয়া আকুল করে আমাকে। অগত্যা সেই পরিবেশনা দেখার জন্য পথ খুঁজতে থাকি। ভাব জমানোর চেষ্টা করি নবাববাড়ি ইমামবাড়ার প্রধান ব্যক্তি আলী আব্বাস খানের সঙ্গে। তিনি জানান, বৃহত্তর সিলেটের মধ্যে একমাত্র এই পৃথিমপাশা গ্রামেই বাস করে শিয়া মুসলমান সম্প্রদায়, আর এখানে শিয়াদের নেতৃত্বেই পালিত হয় মহরম। তবে শিয়াদের সঙ্গে সুন্নিরাও অংশ নেয় সমানভাবে। কারণ, এখানে শিয়াদের সংখ্যা খুব বেশি নয়—একটি পরিবারের সঙ্গে বিভিন্ন আত্মীয়তার সূত্রে কয়েক ঘর শিয়া আছে।
তিনি আরও জানান, তাঁদের এই ইমামবাড়া বেশ প্রাচীন। ১৮৯৮-এর ভূমিকম্পে ভেঙে যায় এখানকার মূল ইমামবাড়া। এর দুই–তিন বছর পর তাঁর প্রপিতামহ আলী আমজাদ খান ও প্রপিতামহের ভাই আলী হায়দার নতুনভাবে এই ইমামবাড়া নির্মাণ করেছেন।
পৃথিমপাশা গ্রামে মহরমের ঐতিহ্যের সূচনা সম্পর্কে তিনি বলেন, মুর্শিদাবাদ নবাব পরিবার থেকে হোসনে আরা বেগম ও সফি আরা বেগম তাঁদের এখানে এলে মহরমের এ ঐতিহ্য চালু হয়। তখন থেকে এখানকার নারীরা বাড়ির ভেতর আলাদাভাবে শুরু করেন জারি-মর্সিয়া, এটি এখনো চলমান।
কিন্তু সে বছর নারীদের সেই জারি-মর্সিয়া দেখা সম্ভব হলো না। তাই অপেক্ষা করতে হলো—সামনের বছরের মহরমের চাঁদের জন্য। সেই চাঁদের হিসাব করে ২০১৪-এর ৩ নভেম্বর পুনরায় গেলাম পৃথিমপাশায়।
মজার ব্যাপার হলো, এবার পৃথিমপাশার ইমামবাড়া পৌঁছানোর পথেই দূর থেকে নারী-পুরুষ ও শিশুদের মিলিত কণ্ঠে শুনতে পেলাম জারি-মর্সিয়ার সুর। তবে কি এবার দেখতে পাব নারীদের সেই মার্সিয়া? গভীর আগ্রহে আবিষ্কার করলাম, ওই সুর ভেসে আসছে তরপী সাহেববাড়ি থেকে। রুদ্ধশ্বাসে ছুটে গেলাম সেদিকে। দেখলাম, শুধু নারী নয়; বরং নারী-পুরুষ, শিশু-কিশোর সম্মিলিতভাবে একটি খোলা স্থানে পরিবেশন করছেন জারি-মর্সিয়া। এখানে বই মাস্টারের দায়িত্ব এক যুবকের হাতে। তাঁকে অনুসরণ করে সম্মিলিতভাবে সবাই নৃত্যসহযোগে ঘুরে ঘুরে গাইছেন, ‘আল্লা নিন্দ হনে জাগিয়া সাহেব হাছনে পানি মাঙ্গিলা/বিবি আছমায়ে জহর মিশাইয়া পানি সাক্ষতে দিলা/বিছমিল্লা বলিয়া সেই পানি হস্তে লইয়া যখনে গিলাইল/আল্লা-নবীর নামটি স্মরণ করিয়া হায় হায় প্রাণ তেজিলা...।’

নারী-পুরুষ-শিশু-কিশোরের দুই হাত দিয়ে বুকে আঘাত করা আহাজারিমূলক এই সম্মিলিত ও বৃত্তাকার নৃত্যগীতময় পরিবেশনা খুব সহজে যেন কারবালার ইতিহাসের বেদনাকে ছড়িয়ে দিচ্ছিল বাংলার বাতাসে। প্রশ্ন করে জানতে পারি, পৃথিমপাশার নারীদের জারি-মর্সিয়ায় যেমন পুরুষের প্রবেশ নিষিদ্ধ, তেমনি এটা উন্মুক্ত প্রাঙ্গণেও পরিবেশিত হয় না, কিন্তু তরপী সাহেববাড়ির উন্মুক্ত প্রাঙ্গণে যাঁরা জারি-মর্সিয়া পরিবেশন করতে এসেছেন, তাঁরা কেউ পৃথিমপাশার নন, পাশের গ্রাম রাজনগরের। বলা ভালো, রাজনগরের লোকজন মহরমের প্রথম তারিখ থেকে নারী-পুরুষ-শিশু-কিশোর সম্মিলিতভাবে জারি-মর্সিয়া করেন, এতে কোনো ভেদাভেদ থাকে না।
কিন্তু রাজনগর গ্রামের এই ঐতিহ্য কত দিনের? পরিবেশনাকারীদের মধ্যে দুজন জয়তারা ও জায়েদা বেগম জানালেন, ‘এটা আমরা বাপ-দাদার আমল থেকে করি। রাজনগর এলাকার প্রায় ১০০ ঘরে মহরমের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত এ ধরনের জারি-মর্সিয়া হয়। এসব জারি-মর্সিয়া মহিলা থেকে শুরু করে বাচ্চাকাচ্চা সবারই মুখস্থ। এর বই আছে, কিতাব আছে। এটা পাঞ্জাতনের কাজ।’
এ ধরনের ভাষ্যে আশপাশের অন্য গ্রামের মহরমের ঐতিহ্য সম্পর্কেও আগ্রহ জাগে। তাই পৌঁছে যাই মনরাজ গ্রামে। সে গ্রামের মহরমের জারি-মর্সিয়ার ঐতিহ্য অনুসরণকারীদের মধ্যে অগ্রগণ্য হলেন ফয়সল আহমেদ চৌধুরী। তিনি জানান, তাঁর বাবা আবদুর জব্বার চৌধুরী ছিলেন সুন্নি, কিন্তু বিয়ে করেছিলেন শিয়া সম্প্রদায়ের মেহেরুন্নেছা খানম চৌধুরীকে। মেহেরুন্নেছা খানমের বাবা আলী আমজাদ খানের কোনো ছেলে না থাকায় শ্বশুরবাড়িতেই থাকতেন তাঁর বাবা। তিনি শ্বশুর আলী আমজাদ খানের প্রবর্তিত পদ্ধতি অনুসরণে বাড়িতে বুকে হাত চাপড়িয়ে উর্দুতে গীত ছন্দে জারি-মর্সিয়া করতেন, যা তাঁদের বাড়িতে পিতা-পুত্র পরম্পরায় চলে আসছে এখনো।
ফয়সল আহমেদ চৌধুরীর ভাষ্যমতে, বাংলাদেশে শিয়া ও সুন্নিদের মহরম উদ্যাপনের ঐতিহ্যিক মিশ্রণ সম্পর্কে এখন অনেক তথ্য পাওয়া যাচ্ছে, যা মহরমের চলমান ঐতিহ্য সম্পর্কে নানা প্রশ্নের জট খুলে দেওয়ার জন্য সহায়ক হতে পারে।
সব শেষে মহরমের ৯ তারিখ মধ্যরাতে বসলাম পৃথিমপাশা গ্রামের ইমামবাড়ার ভেতরে, এক মজলিশে। এখানে মহরমের ইতিহাস ও ফজিলত বর্ণনা করছিলেন নূরে আলম নামে এক বক্তা। মীর মশাররফ হোসেনের বিষাদ-সিন্ধু প্রসঙ্গে তিনি বললেন নতুন কিছু কথা, ‘আমি আমার ভক্তদের বলি, মীর মশাররফ হোসেন বিষাদ-সিন্ধু লিখে বিরাট বড় সাহিত্যিক হয়ে গেছে। এই বইটি সম্পূর্ণ কাল্পনিক। বিষাদ-সিন্ধু পড়েও মুসলমান ভাইয়েরা কারবালা বুঝতে পারবেন না। বিষাদ-সিন্ধু সে লিখেছে দুই রাজপুত্রের লড়াই ও এক নারীকে কেন্দ্র করে। একই নারী, যাকে ইমাম হাসান ভালোবাসতেন, এজিদও ভালোবাসত। ওই নারীকে বিয়ে করার জন্য এজিদ ইমাম হাসানকে মেরে ফেলল। ইমাম হোসেনের মধ্যে তখন জাগল প্রতিশোধের ইচ্ছা—ওরে এজিদ, তুই আমার ভাইকে মেরেছিস! তার মানে বিষাদ-সিন্ধু হলো প্রেমকাহিনি। এই প্রেমকাহিনি পড়ে কারবালা বোঝা যাবে না। যেমনিভাবে একটা মেয়েকে বিয়ে করার জন্য হাবিল আর কাবিলের মধ্যে লড়াই হয়েছিল—এটা সত্য না মিথ্যা? মিথ্যা মিথ্যা। আসল ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এগুলো বানিয়েছে। তাই বিষাদ-সিন্ধু পড়ে কারবালা বুঝতে হবে না।’
কারবালার বিয়োগান্ত ঘটনাগুলো আবেগমথিত ও সাহিত্যিক ভাষার প্রকাশের জন্য বিষাদ-সিন্ধু এ দেশের অধিকাংশ মানুষের কাছে অনেক আদরের সামগ্রী। মীর মশাররফ হোসেনের এই উপন্যাসটি যুগ যুগ ধরে গ্রহণযোগ্য ও অভিনন্দিতও হয়েছে কারবালাকে সবিস্তারে উপস্থাপনের জন্য। কিন্তু সিলেটের এক গহিন গ্রাম পৃথিমপাশার শিয়া সম্প্রদায়ের মজলিশে উপন্যাসটিকে প্রশ্নবিদ্ধ হতে দেখে ফোকলোর ও লেখ্য-ঐতিহ্যের পারস্পরিক সহাবস্থান এবং দ্বান্দ্বিকতা যেমন উপলব্ধি করা যায়, তেমনি এর পুরো বিষয়টি বাংলাদেশের সমাজতাত্ত্বিক সাংস্কৃতিক গবেষণার ক্ষেত্রে কি নতুন কোনো ভাবনা উসকে দেয় না?