'দেখো মানুষ, ক্ষিপ্রগতি আমার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আলী (১৭ জানুয়ারি ১৯৪২—৩ জুন ২০১৬)
মোহাম্মদ আলী (১৭ জানুয়ারি ১৯৪২—৩ জুন ২০১৬)
সর্বকালের সেরা বক্সার ছিলেন তিনি, ছিলেন কবিও। সদ্যপ্রয়াত কিংবদন্তি ক্রীড়াবিদ মোহাম্মদ আলী লিখে গেছেন আত্মজৈবনিক অসামান্য কিছু কবিতা। অকপট ও আবেগায়িত ভাষার সেই কবিতায় উঠে এসেছে অন্য এক মোহাম্মদ আলীর মুখ

গত রাতে আমি

একটা স্বপ্ন দেখেছি

গত রাতে আমি যখন আফ্রিকায়, তখন একটা স্বপ্ন দেখেছি,

নরক গুলজার করা একটা আসরে আমি।

আমার দরকার ছিল প্রথমেই পেছন থেকে টারজানকে ধরাশায়ী করা,

জঙ্গলের রাজা হওয়ার সেটাই ছিল ভালো উপায়।

এই যুদ্ধের জন্য কুমিরের সঙ্গে আমি কুস্তি লড়েছি

একটা তিমির সঙ্গে আমার কী লড়াইটা না হলো।

আমার কাছে ছিল হাতকড়া লাগানো বিদ্যুচ্চমক

আর তাই বজ্রপাতকে জেলখানার ভেতরে ছুড়ে দিয়েছি।

তোমরা জানো আমি কত খারাপ।

ঠিক গত হপ্তায়, একটা শিলাখণ্ডকে আমি খুন করেছি,

একটা পাথরকে করেছি ক্ষতবিক্ষত,

একটা ইটকে যেতে হয়েছে হাসপাতালে।

আমি এতটাই খারাপ যে ওষুধকেও সুস্থ থাকতে দিইনি।

দেখো মানুষ, ক্ষিপ্রগতি আমার

প্রচণ্ড ঘূর্ণিঝড়ের মাঝ দিয়ে আমি দৌড়ে যেতে পারি,

কিন্তু একটুও ভিজব না।

জর্জ ফোরম্যান যখন আমার মুখোমুখি হলো,

যত ঋণ ছিল তার, সব আমাকে চুকিয়ে দিতে হয়েছে।

তৃষ্ণার জলকেও আমি ডুবিয়ে দিতে পারি, মেরে ফেলতে পারি বৃক্ষ।

অপেক্ষা করো, দেখতে পাবে মোহাম্মদ আলী ঠিক কেমন মানুষ।

কয়েক পাত্র ভালোবাসা

সে নিয়ে গেছে

কয়েক পাত্র ভালোবাসা সে নিয়ে গেছে।

নিয়ে গেছে এক টেবিল চামচ স্থৈর্য,

এক চা-চামচ উদারতা,

এক পাইন্ট দয়া।

সে আরও নিয়ে গেছে এক-চতুর্থাংশ হাসি,

একচিমটি কেমন থাকা।

তারপর সুখের সঙ্গে সে মেশাল ইচ্ছাকে।

সে যোগ করেছে অনেক বিশ্বাস,

বিশ্বাসকে সে মহিমান্বিত করে তুলেছে।

তারপর জীবনের সারাটা সময়জুড়ে একে সে ছড়িয়ে দিয়েছে।

পরিবেশন করেছে এটা যারা পাওয়ার যোগ্য

দেখা হওয়া সেই সব প্রত্যেক মানুষকে।

যে লড়াই থেকে

জো রক্ষা পেয়েছে

অনেক লড়াই থেকে জো রক্ষা পেয়েছে,

অনেক তর্কবিতর্ক থেকে বেঁচে উঠেছে,

এভাবেই জো ইতিহাসের অংশ হয়ে গেছে

আগত দিনেও তঁার মতো আদর্শবান কোনো

চ্যাম্পিয়ন আমরা পাব না।

ফ্রেজার কম কথা বলা একজন মানুষ,

অথচ আলীর মুখে কথার তুবড়ি ছোটে,

কিন্তু জো ইতিহাসে ঠিকই তঁার জায়গা করে নিয়েছে।

এখন তঁার হৃদয়ই বলতে পারে যা-কিছু বলার।

জো ছিল নীরব লড়াকু যোদ্ধা,

আলী তঁাকে নীরবে প্রণতি জানায়।

আমাদের একজনকে ছাড়া অন্য জনের উত্থান

কখনোই সম্ভব হতো না।

আমেরিকাকে মহান করে তোলাই আমার লক্ষ্য

আমেরিকাকে মহান করে তোলাই আমার লক্ষ্য,

রুশদের আমি পরাজিত করেছি, পোলিশদেরও,

আর তাই তো আমেরিকা জয় করেছে সোনার মেডেল।

ইতালীয়রা বলত: ‘পুরোনো দিনের ক্যাসিয়াসের তুলনায়                                        তুমি অনেক বড়।’

তোমার নামটা আমাদের ভীষণ পছন্দ,

                        পছন্দ তোমার খেলাটাও,

তাহলে এসো, যদি ইচ্ছা হয়,

                        রোমকে স্বদেশ বানিয়ে তোলো।

আমি উত্তরে বলি, তোমাদের আতিথেয়তার প্রশংসা করছি,

কিন্তু আমেরিকা এখনো আমার স্বদেশ,

কেননা আজও সে লুইজেভিলেতে আমাকে

            স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে।

অনূদিত কবিতা গুলোর উৎস পোয়েট্রি সুপ ডটকম