'নাটক করতে গেলে যেতে হয় মানুষের কাছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>শুধু মণিপুর বা ভারতের নয়, প্রাচ্য থিয়েটারের জীবন্ত কিংবদন্তি রতন থিয়াম। ঋতুসংহার, চক্রব্যূহ, উত্তর প্রিয়দর্শী, আশিবাগি ইশেইয়ের মতো নন্দিত নাটকের নির্মাতা। মণিপুরের ‘কোরাস রেপার্টরি থিয়েটার’–এর প্রতিষ্ঠাতা ও প্রধান। বর্তমানে নয়াদিল্লির ‘ন্যাশনাল স্কুল অব ড্রামা’র চেয়ারম্যান। পদ্মশ্রীসহ বহু পুরস্কারে ভূষিত এ নাট্যনির্দেশক কিছুদিন আগে এসেছিলেন বাংলাদেশে। সাক্ষাৎকার নিয়েছেন শুভাশিস সিনহা
রতন থিয়াম
রতন থিয়াম

শুভাশিস সিনহা: কোরাস রেপার্টরির শুরুর গল্পটা যদি বলতেন...

রতন থিয়াম: অনেকেই ভাবেন যে নাটক করে অনেক উঁচুতে পৌঁছানো শুধু মেট্রোপলিস বা শহরে সম্ভব, সেটা কিন্তু সত্যি কথা নয়। আসল কথা হচ্ছে, কতটা ইথুসিয়াজম, মেডিটেশন, স্পিরিচুয়াল কোয়ালিটি, কতটা সিনসিয়ারিটি, অনেস্টি...এসবের মাধ্যমে কেউ যেকোনো জায়গায়, পাড়াগাঁয়ে, গ্রামে-গঞ্জেও যদি নাটক করে, তাহলে সে নিশ্চয় একদিন অনেক উঁচুতে যেতে পারবে। সেই বিশ্বাস আমার ছিল। আমি নিজের জীবনে যখন নাটক শুরু করেছিলাম, সবাই তখন আমাকে পাগল বলত। কেননা, তখনকার দিনে সবাই নাটক করত মিউনিসিপ্যাল এলাকায়, আমি ইম্ফল শহরের অনেক দূরে গিয়ে আমার নিজস্ব একটা জায়গা খুঁজে নিয়ে নাটক করতে শুরু করি। তখন সবাই আমাকে বলত, ওখানে কে নাটক দেখতে আসবে রে বাবা! সে সময় আমি বলতাম, হ্যাঁ, একদিন নিশ্চয় আসবে। যদি আমি ভালোভাবে করতে পারি, তাহলে নিশ্চয় আসবে। এখন ৪০ বছর পরে দেখা গেল, ওই এলাকাকে—যেখানে আমার রেপার্টরি গড়ে তুলেছি, ‘কোরাস রেপার্টরি’ নামে অনেকেই জানে। চেনে আমাদের কমপ্লেক্স। সরকার এখন ‘মিউনিসিপ্যালিটি এরিয়া’ বলে ​ঘোষণা করেছে এ অঞ্চলকে। সবকিছু হয়ে গেছে। বিদ্যুৎ, ফোন লাইন—সবকিছু...একদিন এখানে রাস্তা ছিল না। শুধু গরুরা যেত ঘাস খেতে। তো, সেখানে আমি আমার থিয়েটার গড়ে তুলেছি। কিন্তু পরে দেখা গেল, বিশ্বের বড় বড় আন্তর্জাতিক থিয়েটার-নির্দেশক এখানে এসেছেন, নাটক করেছেন। আমরা আন্তর্জাতিক নাট্যোৎসব ও এশিয়ান নাট্যোৎসব করতে পেরেছি। এখন সবাই এখানে আসে, এখন পর্যটকদের জায়গা হয়ে গেছে এটা।

শুভাশিস: জীবনের এই পর্যায়ে এসে নাটক বিষয়ে আপনি কী ভাবেন, তরুণ নাট্যকর্মীদের কী বলতে চাইবেন?

রতন: নাটক করতে গেলে স্বার্থ ত্যাগ করতে হয়। স্যাক্রিফাইস...প্রথমেই জানতে হবে যে মঞ্চনাটকে কোনো স্টার ইমেজ নেই। যে যতই ভালো পারফরম্যান্স করুক না কেন, কোনো স্টার ইমেজ নেই, পপুলারিটি নেই, টাকাপয়সা আসবে না। অর্থাৎ, এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। নাটক হচ্ছে এমন একটা জিনিস, যেখানে সৌন্দর্যবোধ বা নান্দনিকতার খোঁজে অনেক কলা বা ক্র্যাফটকে জড়ো করা হয়। যেমন: পেইন্টিং, মিউজিক, পোয়েট্রি—সব কটিকে নিয়ে ভেহিক্যাল এক্সপ্রেশন করে তোলা, যার জন্য অনেক প্রশিক্ষণ দরকার পড়ে। উই হ্যাভ টু শার্পেন আপ ডেইলি...শার্পেনিংটা খুবই জরুরি।

মৌলভীবাজারের কমলগঞ্জে রতন থিয়াম
মৌলভীবাজারের কমলগঞ্জে রতন থিয়াম

শুভাশিস: একজন অভিনেতার অনুশীলনের পদ্ধতি নিয়ে যদি কিছু বলেন...
রতন: নাটক করার জন্য শুধু অ্যাক্টর-থিওলজি বা অ্যাক্টর-মেথডোলজি নিয়ে কাজ করলে সেটা কোনো দিন সাকসেস হতে পারে না—এটা মনে রাখতে হবে। আর অভিনেতা হিসেবে যে অনেক অনেক নাটক করতে হবে, এর কোনো মানে নেই। নাটক করার জন্য কয়েকটা জিনিস জানতে হবে, কী লেখা হয়েছে, কে লিখেছে, বিষয়টা কীভাবে প্রকাশ পেয়েছে ইত্যাদি। আসল কথা হচ্ছে, আমরা যেভাবে এবাদত বা পুজো করে থাকি, সেই রকম আমাদের একটা নিত্য উপাসনা বা পুজোপদ্ধতি অনুসরণ করতে হবে। সেটা যদি না করা যায়, তাহলে একজন অভিনেতা অনেক দিন নাটক করতে পারবে না।
শুভাশিস: বিষয়টা যদি আরও বিশদভাবে ভেঙে বলতেন...
রতন: মানে আধ্যাত্মিক একটা বিষয় আছে নাটকের মধ্যে। নাটক বা শিল্পচর্চা করতে গেলে শিল্পবোধ বা নান্দনিকতার কাছে যেতে হয়, যেতে হয় মানুষের কাছে; কিন্তু তার কাছে গিয়েও যাওয়া হয় না। কেননা, যতই কাছে যাবে, ততই সে দূরে সরে যাবে। আর এই যে লুকোচুরি খেলা, নান্দনিকতার সঙ্গে এই লুকোচুরি খেলার পর্বতে উঠতে গেলে অনেক আধ্যাত্মিক উপাসনা করতেই হবে, না হলে ওখানে কেউ পৌঁছাতে পারবে না। যেমন: আমরা অনেক উপাসনা করে থাকি, নিজে নিজে, সব সময়। কিন্তু এই যে স্যাক্রিফাইস, আত্মনিবেদন, এটাকে সব সময় মনে রাখতে হবে। খুব ভালো একটা উর্দু শের আছে, সেখানে বলা হয়েছে, ‘সওদাগরি নেহি হে, এবাদত খোদা কি হে/ এ বেখবর জাজা কি তামান্না ভি ছোড় দে...’। মানে, ব্যবসা নয়, আমি খোদার এবাদত করছি। হে অজ্ঞ, ফলের আশা ছেড়ে দাও। এবাদত করে তুমি ফল পাবে, এই আশা তুমি ছেড়ে দাও। এই যে দুই টাকা, পাঁচ টাকা দিয়ে আমরা বলি, আমাকে এটা করে দাও, ওটা করে দাও...এগুলো বাদ দিতে হবে। নাটকে কাজ করতে গেলে সেখান থেকে (বস্তুগত) কিছু আশা করা যাবে না।

শুভাশিস: আত্মশুদ্ধি বা আত্মনিবেদনের কথা বলছেন?

রতন: হ্যাঁ। আমি কোনো দিন দর্শকের জন্য নাটক করি না, ‘দর্শকবৃন্দ’র জন্যও নয়—আমি নাটক করি নিজের জন্য। নাটকে নিজেকে দেখতে চাই। কেননা, এবাদত বা পুজো করতে গেলে আমি একাই তো করব, মানুষকে দেখিয়ে-বসিয়ে তো আর এবাদত বা পুজো করব না। একটা কথা সব সময় মনে রাখতে হবে, এটা একটা অন্তহীন যাত্রা, যার কোনো শেষ নেই। নাটক করতে গেলে তিন-চার-পাঁচ-ছয় হাজার বছর আগের ইতিহাস, স্থাপত্য সম্পর্কে জানতে হবে। জানতে হবে ট্র্যাডিশনাল ফর্মগুলো, গ্রিক থিয়েটার, নো থিয়েটার, কাবুকি থিয়েটার, বেইজিং অপেরা—সবই একটু একটু করে জানতে হবে। এখন তো এই ফর্মগুলো অন্তর্জালে দেখতে পাওয়া যায়, দেখে একটু একটু করে শেখা যাবে। তবে এখন অভিনয়শৈলীগুলোয় পরিবর্তন আসছে, আজ থেকে দশ-বিশ বছর আগে যে রকম ছিল, ওই অভিনয়শৈলীগুলো ধীরে ধীরে বদলে যাচ্ছে, যাবে। টাইম ফ্যাক্টর বলে একটা জিনিস রয়েছে। আগে মানুষ তিন-চার ঘণ্টা ধরে নাটক দেখত, এখনকার দিনে মানুষ এক ঘণ্টার নাটকও দেখতে পারে না, সব সময় পকেটে হাত রাখার ইচ্ছে হয়, ফোনটা কখন বাজবে, এতে মনস্তত্ত্বটা আলাদা হয়ে যায়। আর ওই মনস্তত্ত্ব বুঝে আমাকে কাজ করতে হবে। ওই মনস্তত্ত্ব আমাকে জানতে হবে, এর জন্য টাইম ফ্যাক্টরস, বিশ্বায়ন—এসব বুঝতে হবে। যেমন: এই মার্বেল-আর্কিটেকচারের কতটুকু পরিবর্তন হয়েছে, ডিজাইন, কালারে কতটা পরিবর্তন এসেছে—এসব জানতে হবে। পৃথিবীতে এমন কোনো জ্ঞান নেই, নাটক করতে গেলে যা কাজে আসবে না। আর পড়াশোনা করতে হবে। নাটক করতে গেলে পড়াশোনা খুবই দরকার। দর্শকেরা অনেক বেশি বুদ্ধিমান, আমি পারফরম্যান্স করছি, আর তাঁদের বলে বেড়াচ্ছি যে এটা কোরো না, ওটা কোরো না। অর্থাৎ, আমি যদি দর্শকদের কাছাকাছি পৌঁছাতে না পারি, ওঁদের লেভেলে আমার মাথাটা রাখতে না পারি, তবে খুবই খারাপ ব্যাপার হবে সেটা। অনেকে ভাবেন, অভিনয়টা কিছুই না, ওরা শুধু এক্সারসাইজ করছে, মুভ করছে; কিন্তু পড়াশোনা না করলে হবে না। তবে এসব বলে আমি ভয় দেখাতে চাই না। আসলে নিজের বলে একটা ব্যাপার আছে, কতটুকু আমি চাই...আমরা বলতেই পারি না, ঠিক কতটা চাই আমার...মোদ্দাকথা, তুমি যদি কাজটা এনজয় করো, তাহলে কোরো।