'বইগুলোই আমাকে ধারণ করে আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের কয়েকটি সাক্ষাৎকারের নির্বাচিত অংশ অনূদিত হলো এখানে। এসব সাক্ষাৎকারে লেখালেখি, অনুবাদসহ বিচিত্র প্রসঙ্গে কথা বলেছেন মার্কেস। অনুবাদ করেছেন আন্দালিব রাশদী

গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
গাব্রিয়েল গার্সিয়া মার্কেস

লেখালেখির শুরু
[১৯৮১-এর শীত সংখ্যা প্যারিস রিভিউয়ে পিটার স্টোনের নেওয়া সাক্ষাৎকার থেকে]
প্রশ্ন: কেমন করে লিখতে শুরু করলেন?
মার্কেস: ড্রইংয়ের মাধ্যমে। কার্টুন এঁকে। লিখতে কিংবা পড়তে শেখার আগে আমি বাসায় ও স্কুলে কমিক আঁকতে শুরু করি। যখন কলেজে ঢুকি, বন্ধুদের তুলনায় আমার সাহিত্যের ভিত ছিল বেশ ভালো। বোগোটা বিশ্ববিদ্যালয়ে ঢোকার পর এক বন্ধুর মারফত হাতে এল ফ্রানৎস কাফকার একটি ছোটগল্পের বই। পড়তে শুরু করি দ্য মেটামরফসিস। প্রথম পঙিক্তটিই আমাকে বলতে গেলে বিছানা থেকে ছুড়ে ফেলে। বিস্মিত হই! যখন ওই পঙিক্তটি পড়লাম, মনে হলো এ রকমভাবে লেখার অনুমোদন কেউ পেয়েছেন কি না, আমার জানা নেই। তখনই আমি ছোটগল্প লিখতে শুরু করি। এর সবই বুদ্ধিবৃত্তিক গল্প, কারণ এগুলো আমার সাহিত্যপাঠের অভিজ্ঞতা থেকে লেখা। গল্পগুলো এল এসপেকতাদোর পত্রিকার সাহিত্য পাতায় ছাপা হতে থাকে এবং তা একধরনের সাফল্যও লাভ করে। কারণ, তখনো কলম্বিয়ায় কেউ এ ধরনের বুদ্ধিবৃত্তিক গল্প লিখতে শুরু করেনি। তখন যা লেখা হতো, তার সবই গ্রামীণ ও সামাজিক জীবন নিয়ে। আমার প্রথম দিককার গল্পগুলো প্রকাশিত হতে শুরু করলে বলা হলো, আমার ওপর জয়েসিয়ান প্রভাব রয়েছে।
প্রশ্ন: তখন কি আপনি জেমস জয়েস পড়েছেন?
মার্কেস: না, তখনো জয়েস পড়িনি। কাজেই ইউলিসিস পড়তে শুরু করলাম। আমার লেখালেখির জন্য চমৎকার একটি কৌশল শিখলাম—অন্তর্গত স্বগতোক্তি। পরে এই কৌশল আমি ভার্জিনিয়া উলফের লেখাতেও পাই। এই কৌশলটি তিনি জেমস জয়েসের চেয়ে আরও ভালো করে ব্যবহার করতে পেরেছেন। পরে বুঝেছি, এই অন্তর্গত স্বগতোক্তি রচনার কৌশলের মূল আবিষ্কারক একজন অজ্ঞাতনামা লেখক, তাঁর বইয়ের নাম Lazarillo de torme।

প্রথম উপন্যাস প্রসঙ্গে
[মার্কেসের জবানিতে প্যারিস রিভিউ-র সাক্ষাৎকার থেকে]
১৯৫০ কিংবা ১৯৫১ সালে একটি ঘটনা ঘটল, যা আমার সাহিত্যিক সত্তাকে প্রভাবিত করল। মা বললেন, আমার জন্মস্থান আরাকাটাকাতে যাবেন, তাঁকে সঙ্গ দিতে হবে। যখন সেখানে পৌঁছলাম, ব্যাপারটা আমার জন্য ধাক্কা খাওয়ার মতো। কারণ, তত দিনে আমার বয়স ২২ আর যখন এ বাড়ি ছেড়ে যাই, তখন বয়স ছিল আট বছর। কোনো কিছুই তেমন বদলায়নি, কিন্তু আমার মনে হলো গ্রামটাকে তেমনভাবে দেখছি না, বরং এটাকে যেন পড়েছি। যা কিছু দেখেছি, তার সবই যেন লেখা হয়ে গেছে। আর তখন আমার কাজ হলো, যা কিছু পড়েছি, তার সব টুকে নেওয়া। বস্তুত তার সবই উঠে

এসেছে সাহিত্যে: সেই বাড়িঘর, সেই মানুষ, সেই স্মৃতি। তখনো আমি ফকনার পড়েছি কি না, নিশ্চিত নই, তবে ফকনারেরই একটি কৌশল আমাকে দিয়ে আমি যা দেখেছি তা লিখিয়ে নিয়েছে। গ্রামের আবহাওয়া, ক্ষয় ও উচ্চতা আমি ফকনারের লেখায় যেমন পেয়েছি, এখানেও প্রায় একই রকম। সমালোচকেরা আমার ওপর ফকনারের প্রভাবের কথা বলেছেন, তবে আমি এটাকে দেখি কাকতালীয় ঘটনা হিসেবে।
গ্রাম ঘুরে আসার পর লিখলাম প্রথম উপন্যাস লিফ স্টর্ম। লেখার পরই অনুধাবন করলাম, আমি একজন লেখক হতে চাই, কেউ আমাকে থামাতে পারবে না। আর আমার জন্য খোলা রইল কেবল একটি পথ, পৃথিবীর শ্রেষ্ঠ লেখক হতে চেষ্টা করা।

অনুবাদ ও চলচ্চিত্র নিয়ে
[১৯৯৮ সালের ১০ এপ্রিল প্রকাশিত নিউইয়র্ক টাইমস-এ মার্লিস সিমনসের নেওয়া সাক্ষাৎকার থেকে]
প্রশ্ন: আপনি কি (লাভ ইন টাইমস অব কলেরার) ইংরেজি অনুবাদ পড়েছেন!
মার্কেস: আমার ইংরেজি অনুবাদক হচ্ছেন গ্রেগরি রাবাসা। তাঁকে সব সময়ই অনেক বিশ্বাস করেছি। কিন্তু এবার তিনি অন্য কাজে ব্যস্ত ছিলেন। ফলে অন্য একজন অনুবাদককে দেওয়া হলো। ফরাসি বা ইতালীয় ভাষায় পড়ে যেমন বিচার করার সাহস রাখি, ইংরেজির বেলায় আমার ততটা পড়াশোনা নেই। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই। কারণ আমার লেখা জাপানি, সুইডিশ ও ডাচ্ ভাষাতেও অনুবাদ হচ্ছে (সে ভাষা তো জানিই না)।
প্রশ্ন: অনুবাদকেরা কি আপনার সঙ্গে যোগাযোগ করেন, পরামর্শ করেন?
মার্কেস: কখনো কখনো সম্পাদকেরা ছোট ছোট বিষয় জানতে চেয়ে নোট পাঠান। অনুবাদকেরা কখনো লম্বা তালিকা পাঠান, যা নিয়ে তাঁদের মনে সন্দেহ রয়েছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, ভাষানির্বিশেষে সন্দেহের বিষয়ে তালিকাটি সবার বেলায় একই।
প্রশ্ন: পাঠকেরা আপনার কাছে অনেক ধরনের মেইল পাঠায়। কী লিখে থাকে তারা তাতে?
মার্কেস: আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় চিঠিগুলো হচ্ছে, যখন পাঠক আমাকে জিজ্ঞেস করে ওই থিমটি কোথায় পেয়েছি, কিংবা লেখার একটি চরিত্র। তারা বলে, এই চরিত্রটি আমার আন্টির মতো। অথবা ঠিক ওই চরিত্রটির মতো আমার একজন আঙ্কেল আছে। কিংবা ঠিক এ রকম একটা ঘটনাই ঘটেছিল আমাদের গ্রামে। বিশেষ করে আমার ওয়ান হানড্রেড ইয়ারস্ অব সলিচ্যুড প্রকাশিত হওয়ার পর গোটা ল্যাটিন আমেরিকা থেকে এ রকম অসংখ্য চিঠি পেয়েছি।
প্রশ্ন: সে কারণেই আপনার উপন্যাস চলচ্চিত্রায়িত হতে দিচ্ছেন না?
মার্কেস: চলচ্চিত্র এতটা পারে না। অভিনেতার চেহারা—যেমন গ্রেগরি পেকের চেহারা চরিত্রের চেহারা হয়ে ওঠে। এটা কখনো পাঠকের চাচার হতে পারে না—যদি না চাচা দেখতে গ্রেগরি পেকের মতো হন।

প্রসঙ্গ: ইউএফও
[২০১০-এর মে মাসে elitempo.com ব্লগে ধারণ করা সাক্ষাৎকার থেকে]
প্রশ্ন: ইউএফও (আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট) সম্পর্কে আপনার কী ধারণা?
মার্কেস: আমি বিশ্বাস করি, এগুলো ভিন্ন গ্রহ থেকে আসা যানবাহন। তবে এগুলোর গন্তব্য কখনো পৃথিবী নয়।
প্রশ্ন: অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে বলে বিশ্বাস করেন?
মার্কেস: কেবল আমাদের গ্রহেই বসবাস রয়েছে বলে যাঁরা জোর দিয়ে বলেন, তাঁদের ঔদ্ধত্য দেখে করুণা হয়। বরং আমার মনে হয়, আমরাই এই মহাবিশ্বের সবচেয়ে কম আকর্ষণীয় একটি প্রদেশের হারানো একটি গ্রাম; এবং শতাব্দীর নিশি ভেদ করে যে আলোকোজ্জ্বল চক্র চলতে থাকে, তা আমাদের সেভাবেই দেখে, যেমন করে আমরা তাকিয়ে থাকি মুরগির দিকে।
প্রশ্ন: তাহলে কোত্থেকে ইউএফও আসে বলে আপনার বিশ্বাস, আর কে-ই বা পরিচালনা করে তাদের?
মার্কেস: ইউএফও-তে অবশ্য তারাই থাকে, যাদের জীবনচক্র আমাদের চেয়ে সমৃদ্ধ ও বৃহৎ, জীবন আমাদের চেয়ে বেশি অর্থবহ। আমাদের নিয়ে তাদের কোনো চিন্তা নেই, কারণ হাজার বছর আগেই তারা আমাদের সম্পর্কে পড়াশোনা শেষ করেছে। তারা আমাদের নিয়তি সম্পর্কেও অবহিত।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট
[১৯৮৭ সালে র‌্যায়মন্ড লেসলে উইলিয়ামসের নেওয়া সাক্ষাৎকার থেকে]
প্রশ্ন: ...বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন ও অন্যান্য পেশাজীবী সংগঠন বিদেশি পর্যটক হিসেবে আপনার ব্যাপারে স্টেট ডিপার্টমেন্টের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে। যুক্তরাষ্ট্রের বিদ্বজ্জন আপনাকে কনফারেন্স ও সিম্পোজিয়ামে দেখতে চান। স্টেট ডিপার্টমেন্টের কাছে আপনার অবস্থান কোথায়?
মার্কেস: প্রশ্নটি মজার। কারণ, যুক্তরাষ্ট্রে আমার ঢোকা কিংবা বের হওয়া এবং সেখানে আমার অবৈধতার বিষয়টি যত না আমার সমস্যা, তার চেয়ে বেশি যুক্তরাষ্ট্র সরকারের। যে জন্য আমি যুক্তরাষ্ট্রে পুরোপুরি বৈধ নই, তা হচ্ছে ম্যাককারান-ওয়াল্টার অ্যাক্ট, ব্যক্তিগত মতাদর্শের কারণে এই আইনবলে যুক্তরাষ্ট্র কোনো ব্যক্তির প্রবেশে বাধা দিতে পারে কিংবা প্রবেশ সীমিত করতে পারে। এই আইনটি যুক্তরাষ্ট্রের সংবিধান এবং অনুমিত রাষ্ট্রদর্শনের সম্পূর্ণ বিরোধী। আমি অবশ্যই সন্ত্রাসবাদী নই। আমার কিছু রাজনৈতিক ধারণা আছে। অন্যরা যত দাবিই করুন না কেন, আমার রাজনৈতিক ধারণার অল্পই আমি প্রকাশ করি।
প্রশ্ন: আপনি যুক্তরাষ্ট্রে কোনো সম্মেলন বা সিম্পোজিয়ামে যান না?
মার্কেস: আমি সম্মেলন বা সিম্পোজিয়ামে যাই না, কারণ আমি ওগুলো পছন্দ করি না। তা ছাড়া ভিসা ইস্যু করার ব্যাপারে যুক্তরাষ্ট্রে অগ্রহণযোগ্য অবস্থান আমি বিবেচনায় রাখি। তারা আমাকে ভিসা দেবে ঠিকই, কিন্তু নিচে অনেকগুলো শর্ত জুড়ে দেবে। আরও একটি সাংঘর্ষিক উদ্ভট ব্যাপার রয়েছে। তাদের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে আর কোন দেশে আমার বই পড়া হয়? আমি সব সময় বলে থাকি, তারা যদি আমাকে রুখতে চায়, তাহলে আমার বইপত্রের প্রবেশ ঠেকাক। আমি তো মোটেও আক্রমণাত্মক নই। যতটুকু আক্রমণই করে থাকুক, তা করছে আমার বই। কারণ বইগুলোই আমাকে ধারণ করে আছে। আর সে বই তো সবখানে।