বাংলাদেশি বংশোদ্ভূত কথাসাহিত্যিক জিয়া হায়দার রহমান ইন দ্য লাইট অব হোয়াট উই নো নামে ইংরেজি ভাষায় একটি উপন্যাস লিখেছেন। মাত্র দুই মাস আগে বের হওয়া এ উপন্যাস ইতিমধ্যে সাড়া ফেলেছে বিশ্বজুড়ে। নিউইয়র্ক টাইমস, দ্য নিউ ইয়র্কার বিশদ আলোচনা ছেপেছে বইটির। কারও কারও মতে, তাঁর এ উপন্যাস একবিংশ শতাব্দীর প্রথম ক্ল্যাসিক; কেউ কেউ তাঁকে দেখছেন জর্জ অরওয়েল ও ভি এস নাইপলের উত্তরসূরি হিসেবে। তাঁকে নিয়ে আয়োজন
সাক্ষাতের জায়গা হিসেবে আগেই ঠিক হয়ে ছিল ‘ফ্রেন্ডস অব ব্রিটিশ লাইব্রেরি লাউঞ্জ’। এই লাইব্রেরিতেই ইন দ্য লাইট অব হোয়াট উই নো উপন্যাসের জন্য গবেষণায় অনেকটা সময় কাটিয়েছেন জিয়া হায়দার রহমান। তাঁর সঙ্গে কথা হলো এ উপন্যাসের নানা দিক, তাঁর অতীত ও ভবিষ্যৎ নিয়ে। বাংলা কোনো পত্রিকায় এটিই তাঁর প্রথম সাক্ষাৎকার। নিয়েছেন প্রথম আলোর লন্ডন প্রতিনিধি কামাল আহমেদ

প্রথম আলো: এ উপন্যাসে আপনি পাঠকের কাছে কোন বার্তা দিতে চেয়েছেন?
জিয়া হায়দার রহমান: আমি মনে করি না, ফিকশন কোনো বার্তা প্রচারের মাধ্যম। অন্য ঔপন্যাসিকদের এ বিষয়ে অবশ্য আলাদা মত থাকতে পারে। কোনো বার্তা দেওয়ার জন্য লেখক হিসেবে আমি বিশেষ অবস্থান নিলে যে গল্পটি আমি বলতে চাই, তা সেই গল্প বয়নের পথে বাধা তৈরি করবে।
প্র আ: প্রশ্নটি আমার মনে আসার কারণ, উপন্যাসটির দ্রুত পাঠে মনে হয়েছে যে ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ারে হামলার ঘটনাটি আপনার ওপর গভীর প্রভাব ফেলেছে।
জিয়া: একটি সাময়িকীও আমাকে প্রশ্ন করেছিল যে, এটিকে ৯/১১-এর উপন্যাস হিসেবে চিহ্নিত করা হলে তা অতি সরলীকরণ হয়ে যাবে কি না? আমি বলেছি, হ্যাঁ। আপনি সম্ভবত জানতে চাইছেন, ৯/১১ অন্যদের জীবনে যতটা প্রভাব ফেলেছে, আমার ওপর তার চেয়ে বেশি প্রভাব ফেলেছে কি না? আমি মনে করি, প্রতিটি মানুষের ওপর এর গভীর প্রভাব পড়েছে। পৃথিবীর দুর্গম প্রান্ত থেকে শুরু করে যেসব শহর ক্ষমতার কেন্দ্র—তার সবখানেই। ভূ-রাজনীতিতে যাদের নূ্যনতম ভূমিকা নেই, প্রত্যন্ত কোনো গ্রামে দারিদ্রে্যর চরম সংগ্রামে লিপ্ত একজন মানুষও এর প্রভাব থেকে মুক্ত নয়।
এ উপন্যাসে কোনো বার্তা আছে কি না—সে প্রশ্নের জবাবে আমি বলব, একজন লেখক ততটুকু পর্যন্তই যেতে পারেন, যেখানে তাঁর সৃষ্ট কোনো চরিত্র কোনো বার্তা দিলেও দিতে পারে। তবে সে বার্তাটি লেখকের নয়, ওই চরিত্রের। কিন্তু চরিত্রগুলোও এক ধরনের বিশ্বাসের সংঘাতের মুখোমুখি হয়—আমাদের চারপাশের দুনিয়ায় কোনটা বিশ্বাস করা যায় আর কোনটা নয়। সংবাদপত্রে যা ছাপা হয়, ব্যাপারটা শুধু তা নিয়ে নয়। আমাদের নিজেদের অনুভূতি, আমরা যা জানি—সেসবের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। জ্ঞানের সীমাবদ্ধতা ও বিশ্বাসযোগ্যতার প্রশ্ন মিলিয়ে রক্তমাংসের মানুষের অনেক ঘাটতি থাকে। আমরা আমাদের সৃষ্টিশীলতা ও বিচারবুদ্ধি ব্যবহারের ক্ষেত্রে খুবই অদক্ষ। নিজেকে দিয়ে নিজেকে দেখার বিষয়টি সব সময়ই কঠিন। আমার এই উপন্যাসটি বেশ দীর্ঘ। বহু ধরনের প্রশ্ন এতে তোলা হয়েছে।
এক অর্থে আমি বেশ ভাগ্যবান। হয়তো লক্ষ করেছেন, উপন্যাসটি সবাই ভালোভাবে নিয়েছে। উপন্যাস থেকে নানাজন নানা বিষয় গ্রহণ করেছে। সেটাই প্রত্যাশিত ছিল। আমি কাউকে সুনির্দিষ্ট কোনো পরামর্শ দেওয়ার চেষ্টা করিনি। প্রত্যেক পাঠককে তাঁদের মতো করে ভাবার অবকাশ দিতে চেয়েছি। তাঁরা যাতে নিজেদের জীবনের সঙ্গে, অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নিতে পারেন। এ উপন্যাস তাঁদের মনে জন্ম নেওয়া প্রশ্নগুলো সামনে নিয়ে এসেছে।
প্র আ: আপনার প্রধান দুটি চরিত্র অভিবাসী। এর কারণ কি এই যে, অভিবাসন আপনার জীবনে গভীর প্রভাব ফেলেছে?
জিয়া: অবশ্যই। এটা নানা কারণে আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। বিষয়টা মানবিক এবং প্রাসঙ্গিকও।
প্র আ: এটা কি আপনার ছোটবেলার কারণে? আপনি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে এসেছেন। এখানে বেড়ে উঠেছেন।
জিয়া: হ্যাঁ। স্থানচ্যুতি একটা বড় বিষয়। কেবল ভৌগোলিক তো নয়, শ্রেণির প্রশ্নেও। শ্রমিকশ্রেণির অংশ হিসেবে নিজের পরিচয় দেওয়া এখন আমার জন্য খুবই কঠিন। এর অন্তর্নিহিত কারণটা কী? শৈশবে বেড়ে ওঠার অভ্যাস থেকে আমরা কখনোই বেরিয়ে আসতে পারি না। আমি কোন পেশাজীবী গোষ্ঠীর সদস্য, দৃশ্যমান সবকিছুতেই হয়তো সেটি প্রকাশ পাচ্ছে। কিন্তু সেখানেও এমন একটা স্পষ্ট রেখা আছে, যা আমার কাছে খুবই বাস্তব। শৈশবের কিছু বিশেষ মুহূর্ত আমাকে সব সময় তাড়িয়ে বেড়ায়। আমাদের ছিল শ্রমিকশ্রেণির জীবন, দারিদ্রে্যর জীবন, কাউন্সিল হাউসে (দরিদ্রদের জন্য সরকারি বাড়ি) জীবনযাপন। আমার বাবা ছিলেন ওয়েটার। মা ঘরে সেলাইয়ের কাজ করতেন। গাড়িতে করে এক লোক আমাদের বাড়িতে জিনিসপত্র পৌঁছে দিত। মা কাজ শেষ করলে আবার সেসব নিয়ে যেত। স্থানচ্যুতি যেমন ভৌগোলিক, তেমনই শ্রেণিগত অবস্থান পরিবর্তনের কারণেও ঘটে। এ উপন্যাসে আমি তা দেখাতে চেয়েছি। অভিবাসন এর একটা অংশ। এ উপন্যাসের প্রধান দুই চরিত্রই অভিবাসী। কিন্তু তাদের একজন অভিবাসী হলেও তার কোনো অস্বস্তি নেই। এখানেই দুজনের মধ্যে পার্থক্য। একজনের নাগালে আছে বিশ্বের সবকিছু। আরেকজনের কাছে পৃথিবীর কোনো কিছুই নেই।
প্র আ: আপনি বিভিন্ন শ্রেণির মধ্যে ফারাকগুলোর কথা বললেন। শ্রেণিসংগ্রাম বিষয়ে আপনার অবস্থান কী? আপনার লেখায় কি বামপন্থার কোনো প্রভাব আছে?
জিয়া: আমি ঠিক শ্রেণিসংগ্রাম নিয়ে লিখি না। পাঠক আমার লেখাকে কীভাবে নিচ্ছেন, তার দায় আমার নয়। দুজন বিচক্ষণ পাঠক একই লেখার দুই অর্থ করতে পারেন। এ জন্য লেখককে দায়ী করা যৌক্তিক হবে না। তা হলে উপন্যাসটি ব্যর্থ হবে। আপনি আমাকে বামপন্থী আদর্শ সম্পর্কে প্রশ্ন করেছেন। আমি তার মানে জানি না। এক অর্থে সব উপন্যাসই রাজনৈতিক। ক্ষমতা মানুষের জীবন কীভাবে প্রভাবিত করে, রাজনীতি মানুষে মানুষে সম্পর্ককে কীভাবে প্রভাবিত করে-এর সবই উপন্যাসের বিষয়।
প্র আ: বাংলাদেশের সঙ্গে আপনার সম্পর্কের বিবরণ আপনি কীভাবে দেবেন?
জিয়া: আমি কিন্তু এ সাক্ষাৎকার দিচ্ছি ইংরেজিতে। আমি সিলেটি বলতে পারি। কিন্তু সে ভাষায় আমার দখল নেই। আমি বাংলায় স্বপ্ন দেখি, বিশেষ করে যখন স্বপ্নটা দেখি আমার পরিবার নিয়ে। কিন্তু আমার ভাষা ইংরেজি। আমার বিচরণ ইংরেজিতে। এটি আমার প্রথম ভাষা ছিল না। আমার প্রথম ভাষা ছিল সিলেটি।
২০০১-২০০২ সালে আমি বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে দুর্নীতি বিষয়ক কাজে আমি মূল্যবান একটি বছর ব্যয় করেছি। তখন আমি উপলব্ধি করেছি যে, আমি বাংলাদেশি নই। আমার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদও সম্ভবত শেষ হয়ে গেছে। আমি জানি না, ওই পাসপোর্টের অর্থ বাংলাদেশের নাগরিকত্ব কি না। কিন্তু যে দেশের সঙ্গে আমার গভীরতম আবেগের বন্ধন রয়ে গেছে, সেটি যে বাংলাদেশ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশে গেলে আমি বুঝতে পারি যে, তারা আমাকে বাংলাদেশি মনে করছেন না। ঢাকায় সবাই শুদ্ধ বাংলায় কথা বলেন। তাঁরা বুঝতে পারেন না, আমাকে কীভাবে গ্রহণ করা উচিত। সেখানকার সামাজিক বন্ধনের কোথাও আমি নিজেকে ঠিকমতো বসাতে পারি না। তাঁরাও তাঁদের জানা জগতে আমাকে মেলাতে পারেন না। এটা সব সমাজেই হয়; এখানেও হয়। বাংলাদেশে কারো চোখের দিকে তাকালেই বোঝা যায় যে, কীভাবে আমার সঙ্গে যোগসূত্র ঘটানো যাবে, সে বিষয়ে তাঁদের মধ্যে অনিশ্চয়তা কাজ করছে। আমি অনুভব করেছি যে, আমারও মানুষ বুঝতে ভুল হচ্ছে। আমি এমন কিছু করছি যা পাশ্চাত্যের পটভূমিতে হয়তো স্বাভাবিক, কিন্তু বাংলাদেশে নয়। উদাহরণ হিসেবে যেকোনো অফিসের কথা বলা যায়। পাশ্চাত্যের অফিসে হায়ারার্কি বা উচ্চক্রম থাকলেও সেখানে এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা থাকে, যেন তেমন কিছু নেই। অন্যদিকে, বাংলাদেশে প্রতিটা অফিসে এই উচ্চক্রম যে শুধু আছে তা-ই নয়, এমনকি একেবারে নিচের স্তরেও তা টিকিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে কোনো রাখঢাক নেই।
প্র আ: আপনি কি তাহলে নিজেকে বিশ্ব-নাগরিক ভাবেন। নাকি ব্রিটিশ বা আমেরিকান? আপনার উপন্যাসের এক জায়গায়
বিমানবন্দরে আমেরিকান ইমিগ্রেশন যেভাবে স্বাগত জানাচ্ছে, তা ব্রিটিশ ইমিগ্রেশনের একেবারে বিপরীত। বাংলাদেশে ইমিগ্রেশনের আচরণও মোটেই বন্ধুত্বপূর্ণ নয়। আপনার লেখার এই তুলনা থেকে মনে হতে পারে যে আপনি কোনো জাতীয় পরিচয় দিতে অস্বস্তি বোধ করেন?
জিয়া: না, না। জাতীয় পরিচয় দিতে আমার কোনো অস্বস্তি নেই। আপনি নিশ্চয়ই জানেন যে, ব্রিটিশ পরিচয়ের সংজ্ঞা নিয়ে ব্রিটেনে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। এ বিতর্কের কোনো শেষ নেই। এর কোনো মীমাংসাও হওয়ার কথাও নয়। কারণ প্রশ্নটাই সংশয়বিদ্ধ। এখানে সমান্তরালভাবে দুটো অসংগতিপূর্ণ প্রশ্ন রয়ে গেছে। একটি শব্দগত অর্থের, আরেকটি এই নৈতিক প্রশ্নের যে বিদেশিদের আমরা কীভাবে দেখব। একটি শব্দের ব্যবহারকে কেন্দ্র করে এ বিতর্ক সব সময় চলবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আমি এ প্রশ্ন করার কোনো প্রয়োজন মনে করি না, ‘জিয়া, তুমি ব্রিটিশ কি না?’ আপনি নিজেকে কী ভাবলেন, তাতে এ বিতর্কের ইতি ঘটবে না। অন্যরা আপনাকে কীভাবে দেখছে, বিতর্কটা দাঁড়িয়ে আছে তার ওপরে।
প্র আ: এখন আপনি কী নিয়ে কাজ করছেন? পাঠক কি নতুন কোনো বই আশা করতে পারে?
জিয়া: হ্যাঁ, আমি কাজ করছি। তবে সে ব্যাপারে এখনই কিছু বলতে চাই না। বলতে শুরু করলে তা আমার চিন্তার বাইরে নতুন জটিলতা তৈরি করবে। আমার চিন্তার বাইরের নিয়ন্ত্রণহীন বিষয় আর আমার চিন্তায় যা আছে—তার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আমি তা চাই না। এ বইটিও শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো প্রকাশককে দিইনি। আমি লিখি, কারণ লিখতে পছন্দ করি। আমি সব সময়ই লিখেছি। এ উপন্যাসটি দুর্ঘটনাক্রমে প্রকাশকের কাছে বিক্রি হয়ে গেছে।
প্র আ: এ উপন্যাসটি লেখা হলো কীভাবে?
জিয়া: বছর কয়েক আগে আমি ইউরোপ ও এশিয়া ভ্রমণে বেরিয়েছিলাম। সে সময় এ উপন্যাসের চিন্তাটা জন্মায়। সিরীয়-তুর্কি সীমান্তে থাকার সময় এক বন্ধুর মৃত্যুর খবর পেয়ে ভ্রমণ সংক্ষিপ্ত করে আমি নিউইয়র্কে চলে যাই। আমার হাতে তখন কিছুটা সময় ছিল। আমি উপন্যাসটি লেখা শুরু করি। অবশ্য ধারণাটা কেন বা কীভাবে এল, সেটা বলা খুব কঠিন। আমার মনে হয়, ধারণাটা উপস্থাপিত হয় সজাগ চেতনার কাছে, কিন্তু তার বীজ আগে থেকেই সেখানে রোপিত থাকে। আমার ভূমিকা শুধু তার পরিচর্যা করা।
প্র আ: বাংলাদেশের ছোটবেলার কোনো স্মৃতি কি আপনি আমাদের বলবেন?
জিয়া: আমার জন্ম বাংলাদেশে। সেখানে আমার শৈশব কেটেছে। পরে আবার সেখানে ফিরে গিয়েছি, থেকেছি। ফলে এর দুটো পর্যায় আছে। দ্বিতীয় পর্যায়ের স্মৃতি অজস্র। একদিন আমি পুকুরে সাঁতার কাটছি। আমার বোন পাড়ে বসে ছিল। পুকুরে আমার সঙ্গে ছিল আমার ছোট ভাই। একটা সাপ ছুটে আসছিল তার দিকে। সাপটার মাথা দেখা যাচ্ছিল। সাপটা শেষমেশ তাকে পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু আমরা অনেক ভয় পেয়েছিলাম। পরে বুঝেছি যে, এসব সাপের অনেকগুলোরই কোনো বিষ নেই। আরেকবার আমি উঠানে ছিলাম। সেখানে একটি সাপ দেখে আমার বাবা লাঠি নিতে গিয়ে টান দিয়ে পুরো বেড়াটাই তুলে ফেলেছিলেন। পরে তিনি সাপটিকে পিটিয়ে মেরেছিলেন। আমার কাছে বেড়া তুলে ফেলার ব্যাপারটি খুব বিস্ময়কর লেগেছিল। এমন অনেক মজার স্মৃতি আমার আছে।
প্র আ: বাংলাদেশ থেকে কোনো আমন্ত্রণ পেলে যাবেন?
জিয়া: হ্যাঁ, আগামী শরতে আমি হে ফেস্টিভ্যালে যাচ্ছি। আমি খুবই উদ্গ্রীব হয়ে আছি। বাংলাদেশের জন্য আমার আবেগ প্রবল। এ টান ঢাকার জন্য নয়, বরং গ্রামাঞ্চলের সঙ্গে। কেবল সিলেট নয়, বাংলাদেশের যেকোনো গ্রাম। ঢাকা বাংলাদেশের বাকি অংশের চেয়ে একদম আলাদা। ধানমন্ডি বা গুলশানের সমাজে নিজেকে আমার তাদের অংশ মনে হয় না। আমি অবশ্য এ জন্য কাউকে দোষ দিচ্ছি না। কিন্তু আমার টানটা গ্রামের প্রতি।
প্র আ: মুক্তিযুদ্ধ বিষয়ে আপনি এক পাকিস্তানি ব্রিগেডিয়ারের চিঠি আর মার্কিন কূটনীতিক আর্চার ব্লাডের ব্লাডের তারবার্তা তুলে ধরেছেন। মনে হয়েছে, বিষয় হিসেবে আপনি জাতির বিভাজনের পেছনের কারণগুলো খুঁজে বের করতে চান।
জিয়া: হ্যাঁ, এ ব্যাপারে আমি সব সময় কৌতূহলী। জাতির ধারণা তো আরোপিত। পৃথিবীতে ভিনগ্রহের কোনো প্রাণী এসে হাজির হলে আমাদের জাতিগত অবস্থানগুলোকে তারা কীভাবে দেখবে? আমরা বিষয়টিতে অভ্যস্ত। কিন্তু তারা? মানুষ নামের অধিবাসীদের তারা একভাবে চিনবে। কিন্তু জাতিভেদ কি তাদের কাছে অনেকটা গোত্র বা বর্ণভেদের মতো মনে হবে না? মানুষের স্থানান্তরের সঙ্গে সঙ্গে তার সীমান্তও স্থানান্তরিত হয়। সীমান্তকে বহু ক্ষেত্রে মানা হয় না। এগুলোর সবই নানা প্রশ্নের জন্ম দেয়। একটা জাতির ধারণার সঙ্গে নিজেকে চিহ্নিত করা যতটা না যুক্তিনির্ভর, তার চেয়ে বেশি আবেগগত। আমি যুক্তির দিকটিতে গুরুত্ব দিতে চাই।
প্র আ: আপনার এ উপন্যাসে ধর্মও একটি বিষয়।
জিয়া: ধর্মের ব্যাপারে আমি বেশ সহানুভূতিশীল। উপন্যাসের দুটো চরিত্রের মধ্যে ধর্মের দুটো দিক উঠে এসেছে। একজন খুব ধার্মিক। আরেকজন উদার। সে শুক্রবার জুমার নামাজ পড়ে, কিন্তু অন্য অনুশাসনের ব্যাপারে বেশ উদাসীন। ধর্মের সমালোচনায় শিক্ষিত উদারপন্থীদের অনেকেই বেশ সোচ্চার। ডকিন্সের মতো মানুষদের প্রচারণা কিছুটা সাফল্য পেয়েছে। আমি ধর্মের বিরুদ্ধে একতরফা সমালোচনার পক্ষে নই। ধর্মীয় অনুশীলনের অনেকগুলো ধরন আছে, সেসব বোঝার চেষ্টা খুব কম হয়েছে। আসলে ধর্ম নিয়ে গণমাধ্যমে যে প্রচারণা রয়েছে, তা খুব খণ্ডিত ও বিদ্বিষ্ট।

জিয়া হায়দার রহমান
জিয়া হায়দার রহমানের জন্ম বাংলাদেশের সিলেটের এক প্রত্যন্ত গ্রামে। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের পর বালক বয়সে তিনি পাড়ি জমান ইংল্যান্ডে। বাস কন্ডাক্টর হিসেবে লন্ডনে কাজ করতেন তাঁর বাবা। তাঁদের আবাস ছিল লন্ডন শহরে দুস্থদের জন্য সরকার পরিচালিত এক ভাঙাচোরা আবাসন প্রকল্পে। অক্সফোর্ডের প্রসিদ্ধ ব্যালিওল কলেজ পেরিয়ে কেমব্রিজ, মিউনিখ ও ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন তিনি। এরপর নিউইয়র্কের ওয়াল স্ট্রিটে একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার; পরে কাজ করেন আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী হিসেবে। ইন দ্য লাইট অব হোয়াট উই নো তাঁর প্রথম উপন্যাস।
সাক্ষাৎকার গ্রহণ
লন্ডন, ১২ জুলাই ২০১৪