'বুড়ো' পৃথিবীর জন্য ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনন্ত আগামী ৫০০ বছর পৃথিবী ছেড়ে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই
অনন্ত আগামী ৫০০ বছর পৃথিবী ছেড়ে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই

বাহাত্তর পৃষ্ঠার বইটি টেবিলের ওপর রাখার সময় ভাবছিলাম, কী আশ্চর্য—এইটুকু একটি বই পড়ে শেষ করতে যে সময় লাগল, সেই সময়ের মধ্যে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেল তিনটি প্রজাতি! যাদের সঙ্গে আর কখনোই দেখা হবে না। জীববিজ্ঞানী এডওয়ার্ড উইলসনের উদ্ধৃতি থেকে বইটির লেখক ফারসীম মান্নান মোহাম্মদী জানিয়েছেন, প্রতি ঘণ্টায় পৃথিবী থেকে তিনটি প্রজাতি হারিয়ে যায়।

ভঙ্গুর পৃথিবী থেকে নক্ষত্রের পানে পুরো বইটিই এমন চমকপ্রদ সব তথ্যে ঠাসা। আজ রাস্তায় নেমে সড়ক দুর্ঘটনায় আমার মৃত্যুর আশঙ্কা যতখানি (৬০ হাজার ভাগের এক ভাগ), বেয়াড়া এক উল্কার সঙ্গে সংঘাতে পৃথিবীর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার শঙ্কাও ততটাই।
শুধু কি উল্কা? বৈশ্বিক উষ্ণায়ন এরই মধ্যে ঘাড়ে নিশ্বাস ফেলছে, তুষার যুগের আধিপত্যের ভয় আছে। মনুষ্যসৃষ্ট বিপর্যয়ও যেকোনো সময় পৃথিবী ধ্বংসের কারণ হতে পারে।
নিরেট বিজ্ঞানের এই তথ্য-উপাত্তগুলো শুধু ভয়ই ধরায় না, প্রিয় পৃথিবীর জন্য একটা অজানা মায়াও জাগিয়ে তোলে। আশঙ্কার সঙ্গে ফারসীম মান্নান অবশ্য ক্ষীণ আশার কথাগুলোও বলেছেন। মিলানকোভিচ চক্র অনুযায়ী ১ লাখ বছর পরপর পৃথিবী দীর্ঘস্থায়ী তুষার যুগে ফিরে আসে। আগামী কয়েক হাজার বছরের মধ্যেই প্রচণ্ড হিমবাহ মানুষের জীবন বিপন্ন করে তুলতে পারে। এই চোখরাঙানির মাঝেও আলতামিরার গুহায় বাইসন আঁকা প্রাচীন মানুষেরা সাহস জোগান। ১২ হাজার বছর আগে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই তাঁরা যদি তুষার যুগ পেরোতে পারেন, ভবিষ্যতের অত্যাধুনিক মানুষ পারবে না? ‘ইনভেসিভ প্রজাতি’ হিসেবে ডাইনোসরের মতো মানুষেরও বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা নাকি প্রবল।
পরক্ষণেই লেখক এও জানিয়েছেন, প্রজাতির ইতিহাস বলে, অভিযোজন ক্ষমতা যার বেশি, যুগে যুগে সে-ই টিকে থাকে। যাক, অত সহজে আমরা তাহলে হার মানছি না!

ভঙ্গুর পৃথিবী ছেড়ে নক্ষত্রের পানে
ভঙ্গুর পৃথিবী ছেড়ে নক্ষত্রের পানে
ভঙ্গুর পৃথিবী ছেড়ে নক্ষত্রের পানে
ফারসীম মান্নান মোহাম্মদী
প্রচ্ছদ ও অলংকরণ: সব্যসাচী হাজরা
প্রকাশক: প্রথমা প্রকাশন,
২০১৫ পৃষ্ঠা: ৭২
দাম: ১৭০ টাকা।

বইটিতে অধ্যায় আছে মূলত পাঁচটি—‘ভঙ্গুর পৃথিবী ছেড়ে নক্ষত্রের পানে’, ‘গণবিলুপ্তি’, ‘বায়োস্ফিয়ার’, ‘সভ্যতার ঘুরপাকে মানুষের দায়’। প্রতিটি অধ্যায়েই বলা হয়েছে ওত পেতে থাকা বিপর্যয়ের কথা।
সবগুলো অধ্যায়ের শুরুতে তরুণ কবি পিয়াস মজিদের কবিতা কিছুটা চমক দিল বটে, কিন্তু ভেতরকার বর্ণনা আরও একটু গল্পের ঢঙে হলে বোধ হয় ভালো হতো। ভূমিকায় লেখক লিখেছেন, ‘বইটি মূলত লিখিত হয়েছে আমাদের কিশোর-কিশোরীদের উদ্দেশে, যাতে তারা ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে আমাদের এই গ্রহের খানিকটা যত্ন নিতে উৎসাহী হয়।’ ক্রিস্টোফার নোলানের ইন্টারস্টেলার দেখে যে যুগের কিশোর কিশোরীরা ওয়ার্মহোল সম্পর্কে ধারণা পায়, বইয়ের পাতায় পাতায় তারা হয়তো আরও খানিকটা রোমাঞ্চ প্রত্যাশা করে।
গোল্ডিলক্স অ্যান্ড দ্য থ্রি বেয়ারস নামে একটি শিশুতোষ কাহিনি কীভাবে সৌরজগৎ ও পৃথিবীর সঙ্গে মেলে, এই অংশটা মুগ্ধ করল খুব। সৌরজগতে চেনা-অচেনা এত গ্রহের মাঝে প্রিয় পৃথিবী আমাদের জন্য ‘গোল্ডিলক্স’, মানে পুরোপুরি উপযোগী—এই আস্থাই দুর্ভাবনা বাড়াল আরও বেশি।
ফারসীম মান্নান মোহাম্মদী লিখেছেন, ‘পৃথিবীর ভাগ্যাকাশে যেহেতু দুর্যোগের অনেক ঘনঘটা দেখা যাচ্ছে এবং যদি আমরা সময়মতো আমাদের এই ভঙ্গুর গ্রহটির কোনো যত্নই নিতে না পারি, তাহলে দূর-ভবিষ্যতের কোনো না কোনো সময়ে আমাদের এই গ্রহ ত্যাগ করতেই হবে।’ যদিও মঙ্গলে মানুষের বসতি স্থাপনের মহাযজ্ঞ চলছে, অন্তত আগামী ৫০০ বছর পৃথিবী ছেড়ে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। সব বিপর্যয়কে জয় করে প্রিয় পৃথিবী আমাদের আগলে রেখেছে বহু বছর, ৪৫০ কোটি বছরের ‘বুড়ো’ গ্রহটার দেখভালের দায়িত্ব তো আমাদেরই।