‘বেড়ালের গলায় একটি ঘণ্টা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজব ও জবর-আজব অর্থনীতিআকবর আলি খানপ্রথমা প্রকাশনপ্রচ্ছদ: কাইয়ুম চৌধুরীদাম: ৪৫০ টাকাআজব ও জবর-আজব অর্থনীতি নামে বাংলায় আমরা যে একটি বই পেয়েছি, এটাই একটা আজব ঘটনা। কারণ, আমরা প্রমাণ পেলাম আইনশাস্ত্র বাংলায় না চললেও অর্থনীতির ত্যাঁদড় বিষয়ে লেখা চলে। লেখক দুর্দান্ত, না হলে কি কেউ এমন খবর ফাঁস করে যে সত্তরের দশকে আমাদের তিন অধ্যাপক ছিলেন, যাঁদের প্রত্যেকের ডবল পিএইচডি ছিল এবং দুর্নীতির দায়ে তাঁরা প্রত্যেকে জেল খেটেছিলেন। সুতরাং ডবল পিএইচডি থেকে সাবধান! জবর খবর বটে। বইটি এভাবে রস সঞ্চারক হলেও এর নামের শ্রীছাঁদে কেবল অর্থনীতি শব্দটি লেপ্টে থাকার কারণে এ দেশে বইটির কাটতি যদি নিতান্ত কম হয়, তাহলে অবাক হব না। কারণ, এই শব্দটি থাকার কারণেই, হয়তো এটা মাসুদ রানা কিংবা কিরিটি রায়ের মতো কোনো জনপ্রিয় উপন্যাস বা চিত্রনাট্য হতে হতেও যেন আটকে গেল।অর্থনীতিবিদ হিসেবে লেখকের আক্ষেপ মূলধারার বাঙালিরা বাংলায় অর্থনীতির ওপর বই লেখেন না। লেখেন ইংরেজিতে। আমাদের মূলধারার আইনবিদেরা তো আদৌ কোনো বইটই লেখেন না। সম্ভবত সে কারণেই আদালতের মতো নীরস জগতেও যে রসালো ব্যাপারস্যাপার আছে, সেগুলো আমজনতার অজানাই থাকছে। সেদিক থেকে লেখকের বিশেষ ধন্যবাদ প্রাপ্য, কারণ তিনি বিশ্বজুড়ে চিন্তারাজ্যে সুনামি বয়ে আনা ফ্রিকোনমিক্স এবং সুপার ফ্রিকোনমিক্স-এর স্বাদ বোধগম্য নান্দনিকতায় বাঙালি পাঠকের সামনে সহজলভ্য ও সহজবোধ্য করেছেন। মূল বইয়ের প্রচ্ছদটিও বিচিত্র: ‘ফ্রিকোনোমিক্স: একজন দুর্বৃত্ত অর্থনীতিবিদ সবকিছুর গোপন দিকসমূহ পরীক্ষা করেছেন’। এর মূল লেখক শিকাগো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক স্টিভেন ডি লেভিট। তাঁর সহযোগী হলেন নিউইয়র্ক টাইমস-এর দুঁদে সাংবাদিক স্টিফেন জে. ডুবনার। তাঁরা সাফ বলেছেন, ‘এ জগতে যা কিছু উদ্দীপিত বা উত্তেজিত করে সেসবের অধ্যয়নই হলো অর্থনীতি।’ অর্থনীতির সনাতনী সংজ্ঞা তাঁরা ভেঙে ফেলেছেন। বাংলাদেশের অর্থনীতিবিদদেরও সে পথে যেতে হবে। সম্ভবত খান তার পথিকৃত। এই বই লিখে তিনি বেড়ালের গলায় একটি ঘণ্টা বেঁধেছেন। ২০০৫ সালে ফ্রিকোনমিক্স ছাপা হওয়ার পরের চার বছরে বইটি ৪০ লাখের বেশি কপি বিক্রি হয়। আকবর আলি খানের বই কত বছরে কটি বিক্রি হবে তা হলফ করে বলা কঠিন। বহু বিচিত্র বিষয় যা প্রথাগত অর্থনীতিবিদেরা বহুকাল এড়িয়ে গেছেন, তারই সুলুক সন্ধান করেন অধ্যাপক লেভিট। এই বইয়ের প্রচারে মুগ্ধ লেখকদ্বয় ২০০৯ সালে তাই বের করেন সুপার ফ্রিকোনমিক্স। এর ওপরে ২০১০ সালে ৩০ লাখ ডলারের বাজেটে প্রামাণ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে। আকবর আলি খান ওই দুটি বইয়ের অনুরণন এক মলাটে বন্দী করেছেন। তিনি এর অন্তর নিতে সচেষ্ট হয়েছেন, ভাষান্তর করেননি। অধ্যাপক লেভিট মুক্তবাজার অর্থনীতির প্রবক্তা। তাঁর ব্লগে দেখি, ১৯৯৯ সালে তিনি তত্ত্ব দিয়েছিলেন যে আমেরিকার কারাশিল্পের বেসরকারীকরণ করতে হবে। রাজনৈতিক ছাড়া শুধু আর্থিক বিবেচনায় সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। ১৩ বছর পরেই লেভিটের বেসরকারি কারাশিল্প শ্রমের স্বপ্ন বাস্তবে রূপ নেয়। যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে প্রায় ১০ লাখ কারাবন্দী প্রায় এক ডলার থেকে পৌনে পাঁচ ডলারের জন্য খেটে মরছে। লেভিটের আরেক কাণ্ড হচ্ছে, ওই বছরেই তিনি তত্ত্ব দেন যে ১৯৭০-এর দশকে কৃষ্ণাঙ্গ নারীদের ব্যাপক মাত্রায় গর্ভপাত ঘটানোর সুফল মিলেছে দুই দশক পরে। কারণ, তখন অপরাধের হার কমে গিয়েছিল। বর্ণবাদী হিসেবে তোপের মুখে পড়া লেভিট সে যাত্রায় ক্ষমা চেয়ে পার পান। তবে আমাদের খান নিশ্চয় ক্ষমা চাইবেন না, কোপানলে দগ্ধ হবেন না, কারণ তিনি নর-নারীর সবচেয়ে রোমান্টিক সময় হিসেবে বর্ষাকালকেই বেছে নেন। মেঘদূত-এর শ্লোক উদ্ধৃত করেন। আর বলেন, কালীদাস থেকে রবিঠাকুর—সব কবিই বর্ষার সঙ্গে প্রেমের ও কামের সংযোগ দেখতে পেয়েছেন। নর-নারীর এই মৌতাত শরৎ অবধি গড়ায়। তাঁর যুক্তি: ভারতীয় ও বাঙালির জন্মের তারিখের ওপর বর্ষার কোনো প্রভাব দেখা যায় না। এরপর তিনি নির্ভয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্মতারিখ মোটেও নির্ভরযোগ্য নয়। সত্যিই তো, বাংলাদেশের শতকরা ২০ ভাগের বেশি মানুষের জন্ম কেন জানুয়ারি মাসে হবে? তাই বলে কি আমরা জন্মদিনের রাজনীতি করি? জাতীয় জীবনের সুপরিচিত সংখ্যাসূচকগুলো কতটা বিশ্বাসযোগ্য? খান অবশ্য বলেছেন, ‘ডাবল পিএইচডিরা দল বেঁধে জেলে গেলেই পিএইচডি ডিগ্রির জন্য তাঁরা জেলে গেছেন এ সূত্র প্রমাণিত হয় না।’ আমরা বইটির বহুল প্রচার কামনা করি।