'ব্যতিক্রমদের বাঁচিয়ে রাখা জরুরি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি অঞ্জন দত্ত এসেছিলেন ঢাকায়। সেই সময় শিল্প-সাহিত্য ও সংগীতসহ নানা প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন জাহীদ রেজা নূর

অঞ্জন দত্ত। ছবি: খালেদ সরকার
অঞ্জন দত্ত। ছবি: খালেদ সরকার

জাহীদ রেজা নূর: অঞ্জনদা, এত দিন আপনার যতগুলো সাক্ষাৎকার পড়েছি বা দেখেছি, মনে হয় আপনি খুব চাঁছাছোলা কথা বলেন। আজকালকার দুনিয়ায় এসব বলে টিকে থাকতে সমস্যা হয় না?
অঞ্জন দত্ত: হয়। কিন্তু আমি জানি ব্যক্তিগত সম্পর্ক কীভাবে রক্ষা করতে হয়। ধরা যাক, আমি ঋতুপর্ণ (ঋতুপর্ণ ঘোষ), সৃজিত (সৃজিত মুখোপাধ্যায়) সম্পর্কে সমালোচনা করলাম, কিন্তু আমি জানি কীভাবে তাঁদের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক রাখতে হবে। আমি ব্যক্তিগত সম্পর্কটা জিইয়ে রাখতে পারি। কিন্তু বাজারে, ইন্ডাস্ট্রিতে অনেকেই মনে করে, আমি একটু দাম্ভিক। আসলে আমি সে রকম লোক নই।
জাহীদ: এত ব্যস্ততার মধ্যে বই পড়ার সময় পান এখনো?
অঞ্জন: হ্যাঁ।
জাহীদ: হাতের কাছে যা পান, তা-ই পড়েন, নাকি কী পড়বেন, তা নির্দিষ্ট করে নিয়েছেন?
অঞ্জন: সবই পড়ি। পাওলো কোয়েলো পড়ছি। আধুনিক বাংলা সাহিত্যে লেখকের জায়গাটা আমার মনে হয়...ধরুন, সমরেশদার (সমরেশ মজুমদার) পরে আর কে এল? সে রকমভাবে কাউকেই তো দেখছি না আমি। বাংলা সাহিত্যের মানটা সত্যিই নেমে গেছে। পূজার সংখ্যাগুলো দেখলেও তা বোঝা যায়। কোনো ভালো লেখা ইদানীং আমি পাচ্ছি না। তাই বাংলা পড়লে আমি এখন পুরোনো সাহিত্যই পড়ি। তবে বিদেশি সাহিত্যে অনেক রকম লেখা পাচ্ছি, যা আমার অসম্ভব ভালো লাগছে।
জাহীদ: আমাদের শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে এখন সামাজিক যোগাযোগমাধ্যম তথা ফেসবুকের প্রভাব রয়েছে বেশ। ধরুন, ফেসবুকে আপনার বন্ধুসংখ্যা ৫০০ বা পাঁচ হাজার...
অঞ্জন: কিন্তু সত্যিকারের নয় তারা। এটা ভার্চুয়াল।
জাহীদ: তবে আপনি যখন স্ট্যাটাসে লিখছেন, ‘আমার খুব কষ্ট হচ্ছে...’
অঞ্জন: অমনি ৫০০টা লাইক পড়ে যাবে। কী লাইক করছে তারা? কিংবা কী আনলাইক করছে? এটা শুধু ভার্চুয়াল বন্ধুত্ব। আমাকে তো সে দেখেওনি, জানেও না। একজনের মুখ চে গুয়েভারার মতো, একজনের মুখ রবীন্দ্রনাথের মতো। এদের মধ্যে কি বন্ধুত্ব হবে? তারা একসঙ্গে চা খেয়েছে, হাত ধরেছে? এ তো বন্ধুত্ব হতে পারে না। ইন্টারনেটে কি আমরা সব কথা বলতে পারি? বলতে পারলে কিন্তু সেটি সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। মিডিয়ার চেয়েও সেটি শক্তিশালী হয়ে উঠবে। আমরা কি তাই বলছি, করছি? নাকি কেবল খাওয়ার ছবি পোস্ট করে বলছি, ‘আই অ্যাম হ্যাভিং ব্রেকফাস্ট, ঢাকা!’ ফেসবুকের যথাযথ ব্যবহার আমরা করছি না বা করতে পারছি না।
জাহীদ: চেষ্টা করলে ফেসবুককে কি একটা জায়গায় নেওয়া যেত?
অঞ্জন: অবশ্যই নেওয়া যেত। প্রযুক্তিকে কখনোই রিফিউজ করতে নেই। একসময় সেলুলয়েডে ছবি করতাম। যখন ডিজিটাল এল, মাথা খারাপ হয়ে গেল। দত্ত ভার্সাস দত্ত সেলুলয়েডে করেছি। এরপর ভেবেছি, কী করে ডিজিটালে করব? সিনেমা করা কি ছেড়ে দেব? তারপর শেষ বলে কিছু নেই ডিজিটালেই করলাম। ডিজিটাল একটা সুবিধা দিচ্ছে যে অল্প টাকায় আপনি ছবি করতে পারবেন। কিন্তু ডিজিটালে ভালো সিনেমা কজন করতে পারে? ডিজটাল ক্যামেরাটা নিয়ে ৩৫ মিলিমিটার ক্যামেরার মতো ব্যবহার করতে গেলে আমি ভুল করব। আমার ছবির রং বদলাচ্ছে, ভাষা বদলাচ্ছে, সবকিছুই বদলাচ্ছে। এগুলো আত্মস্থ করে এগিয়ে নিতে হবে।
জাহীদ: শঙ্খ ঘোষের ওই কবিতাটা, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, এখন সময়টা কি ও রকম? কবিতার ব্যাপারে আপনার অভিমত জানতে চাই।
অঞ্জন: আমার মতে, এখনো আমাদের দেশে, মানে কলকাতায় দু-চারজন কবি আছেন। কবিতায় একটু চেষ্টা হচ্ছে। আসলে হয়েছে কী, অল্টারনেটিভ, ব্যতিক্রমটাকে যাতে সরিয়ে দেওয়া হয়, বিশ্বায়ন এখন সেই চেষ্টাটাই করছে—সবাইকে এক করে দিচ্ছে। ব্যতিক্রমদের বাঁচিয়ে রাখা জরুরি। বাদল সরকার মঞ্চের বাইরে রাস্তায় নাটক করতেন। তিনি ব্যতিক্রমী। এই ব্যতিক্রমকে বাঁচিয়ে রাখতেই হবে। লিটল ম্যাগাজিন যদি উঠে যায়, তাহলে সাহিত্যের একটা অংশ উড়ে যাবে। শুধু আনন্দবাজার আর দেশ পত্রিকা থাকল, বড় বড় প্রকাশনা সংস্থা থাকল, তাতে কী হবে? লিটল ম্যাগাজিন থেকেই তো কবিরা আসবে। বুঝতে পারছেন তো আমি কী বলছি? ভাড়ের চায়ের দোকানটাকে থাকতে হবে। আপনি ব্যাংককে গিয়ে দেখুন, রাস্তায় এখনো মানুষ বাজার করে।
জাহীদ: আপনি বাদল সরকারের প্রসঙ্গ তুললেন। এখনকার তরুণ কি সেই জায়গায় আছে? তারা কি বাদল সরকারের থার্ড থিয়েটার বুঝতে পারবে?
অঞ্জন: তরুণদের ধরে এনে আলাদাভাবে যদি বাদল সরকার বোঝাতে চাই, তাহলে কোনো দিনই তার ভালো লাগবে না। কথা হলো, সমাজ যাঁরা চালাচ্ছেন, এসটাবলিশমেন্ট ও প্রশাসনে যাঁরা আছেন, এই ব্যতিক্রমী জিনিসগুলো রেখে দেওয়া তাঁদের দায়িত্ব। একইভাবে পুরোনো বাড়ি সংরক্ষণ করা দরকার। সবগুলোই যদি মাল্টিস্টোরিড হয়ে যায়, তাহলে আমাদের চিন্তাভাবনাও বদলে যাবে। সংরক্ষণটা জরুরি। সংরক্ষণ করলে কিন্তু আজকের প্রজন্ম সেটা নেবে। আবার পুরোটাই যদি পুরাতনীভাবে রেখে দিই, তাহলে সেটা ভেঙে পড়ে যাবে। রবীন্দ্রনাথের গান আমরা অন্যভাবে গেয়েছি বলেই এখনকার ছেলেপেলেরা এখনো রবীন্দ্রনাথ শুনছে। সবাই যদি এখন হারমোনিয়াম আর খোল বাজিয়ে রবিঠাকুর গাইত, তাহলে এখনকার যুগের ছেলেমেয়েরা শুনত না। রবীন্দ্রনাথ পুরোনো নন, রবীন্দ্রনাথের কথা তো পুরোনো হতে পারে না। ‘আমার এই পথ চাওয়াতেই আনন্দ’—এটা তো আন্তর্জাতিক!
জাহীদ: একসময় বামপন্থাকেই মনে করা হতো একমাত্র সঠিক পথ। সোভিয়েত ইউনিয়নের পতন হলো। মোহভঙ্গ হলো অনেকেরই। এখনো কি বামপন্থা মানুষকে স্বপ্ন দেখাতে পারে বলে মনে করেন?
অঞ্জন: ব্যক্তিগতভাবে আমি কোনো দিন

বামপন্থী ছিলাম না। আমি অস্তিত্ববাদে বিশ্বাস করি। কোনো পার্টিতে বিশ্বাস করি না। পার্টি সমষ্টির কথা বলে। আমি স্বতন্ত্রতার কথা বলি। রাজনীতি ও ধর্ম মানুষকে আলাদা করে। শিল্প মানুষকে এক করে। একটা ভালো গান শুনলে যেকোনো ধর্মের মানুষ বসে পড়বে পাশাপাশি। শিল্প সবকিছুর ওপরে। আমি রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু যদি সত্যি কথা জানতে চান, তবে বলব, আমি লেফট অব দ্য সেন্টার—বাম নই, বামে ঘেঁষা। আমার কাছে কার্ল মার্ক্স কোনো দিন মিথ্যা হবেন না। কার্ল মার্ক্স বা মার্ক্সিজম থেকেই অস্তিত্ববাদ এসেছে, তাই কেন্দ্রের চেয়ে একটু বাঁ দিকে ঘেঁষে আছি আমি।
জাহীদ: মানুষের বয়স বাড়ে। আপনার বয়স কমছে কী করে? এখনো গতিটা পান কোথা থেকে?
অঞ্জন: আমি চেষ্টা করি অল্পবয়সী মানুষের সঙ্গে থাকতে। এঁদের কাছ থেকে সরে গেলেই আমি বিচ্ছিন্ন হয়ে যাব। তখন শুধু বলব, আমারটাই ভালো। আমার বাবাও তা-ই বলতেন। কিন্তু আমি সেটা বলতে চাই না। আমি বলতে চাই, আমারটা ভালো, তোমারটায় এই সমস্যাগুলো দেখছি। সেও আমাকে বলতে পারে, তোমারও তো সমস্যা আছে। এরপর তাকে বলতে পারি, ঠিক আছে, বুঝলাম, আমারও সমস্যা আছে, কিন্তু ওই সময় আমি না এটা করেছিলাম, তুমি কী করছ? তোমার বয়সে আমি কিন্তু ওটা পড়ে ফেলেছি। তুমি কি পড়েছ? এসবের মধ্য দিয়ে আমিও শিখছি, তারাও শিখছে। তারা আমাকে বলছে, দেখো ভাই, চিরকালীন বলে কিছু হয় না। নীল (নীল দত্ত, অঞ্জন দত্তের ছেলে। এখন সংগীত পরিচালনা করছেন) আমাকে বলে, তোমার গান, সুমনের (কবীর সুমন) গান ২০ বছর টিকে আছে, কিন্তু কারও গান যদি ১০ বছর টেকে, তবে তাকে খারাপ বলছ কেন? সময়টা বড়, না কাজটা? এভাবেই নানা রকমভাবে আমি গড়ছি, ভাঙছি।