ভালো কিছু হতে হলে নাকি নভোমণ্ডলে নক্ষত্রমালা একই সারিতে এসে মিলতে হয়। নভোমণ্ডলের নক্ষত্রদের কথা জানি না, কিন্তু সেদিন ধরণীর সব নক্ষত্র যে সারবেঁধে মিলিত হয়েছিল, তাতে সন্দেহ নেই। সবচেয়ে বড় নক্ষত্র শাবানা আজমি। মঞ্চে তিনিই একমাত্র চরিত্র। অবশ্য অভিনয় করছেন দুটি চরিত্রে—নিজের এবং নিজের বিবেকের। অন্য অদৃশ্য নক্ষত্র নাট্যকার গিরিশ কার্নাড। দক্ষিণ ভারতের সেরা নাট্যকার তিনি। ব্রোকেন ইমেজেস নাটকটি তিনি মূলত লিখেছিলেন কানাড়া ভাষায়। পরে তা অনূদিত হয়েছে হিন্দি ও ইংরেজিতে। তৃতীয় নক্ষত্র আলিক পদামসি, খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও নাট্য পরিচালক, এই নাটকের তিনি নির্দেশক।ব্রোকেন ইমেজেস ভারতে তিন ভাষাতেই সাফল্যের সঙ্গে অভিনীত হয়েছে। গত সপ্তাহে সেই নাটকের নিউইয়র্ক প্রিমিয়ারে আমরা গিয়েছিলাম সদলবলে। এই শহরে শাবানা প্রতিদিন আসেন না, আর এলেও কাছ থেকে বসে তাঁর অভিনয় দেখার সুযোগ ছেলের হাতের মোয়া নয়। মনে আছে, বছর দশেক আগে তাঁকে এই শহরেই দেখেছিলাম সম্পূর্ণ ভিন্ন ভূমিকায়। গুজরাটে হিন্দু-মুসলিম দাঙ্গার প্রতিবাদে ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত এক অনুষ্ঠানের তিনিই ছিলেন মুখ্য বক্তা। ঘরভর্তি আমরা শ খানেক লোক, বাইরে বোধহয় তার চেয়েও বেশি বিজেপির সমর্থক। ক্রুদ্ধ চিৎকার ও গালাগালি উপেক্ষা করে তাঁদের সামনে দিয়ে হলঘরে ঢুকলেন শাবানা। সেদিন শাবানা আমাদের জানিয়ে গেলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে তিনি কিছুতেই পিছপা হবেন না। এমনকি মৃত্যুর হুমকি এলেও। জীবনে কখনো কখনো এমন সময় আসে, যখন শুধু নিজেকে নিয়ে ভাবলে চলে না। যে শুধু নিজেকে নিয়ে ভাবে, সে সম্পূর্ণ মানব নয়—সেদিন তিনি আমাদের বলেছিলেন। তাঁর কথা শুনে বিস্মিত ও অনুপ্রাণিত হয়েছিলাম। যাঁকে একসময় ফিল্মে গ্ল্যামারাস নায়িকা বলে জানতাম, তাঁকে দেখেছিলাম সাহসী অ্যাকটিভিস্ট হিসেবে।ব্রোকেন ইমেজেস নাটকে শাবানা রাজনীতিক নন, তিনি অভিনেতা। মোট এক ঘণ্টার নাটক। সেই নাটকের চরিত্র দুটি—হিন্দি কথাসাহিত্যিক মঞ্জুলা ও একটি টিভি। তাঁর সদ্য প্রকাশিত ইংরেজি উপন্যাসের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন মঞ্জুলা। বিপুল প্রশংসিত সেই লেখিকা এসেছেন টিভিতে সাক্ষাৎকার দিতে। মধ্যমঞ্চে আমরা মঞ্জুলাকে দেখি আর ঠিক তাঁর বাঁ পাশে রাখা টিভিতে সেই সাক্ষাৎকারের তরতাজা ছবি। সাক্ষাৎকার শেষ হয়, কিন্তু টিভির পর্দা থেকে মঞ্জুলা সরে না। একই মঞ্জুলা, কিন্তু দুটি ভিন্ন ভিন্ন মানুষ। একজন সফল ঔপন্যাসিক, অন্যজন সেই ঔপন্যাসিকের বিবেক, তার ভেতরের কণ্ঠস্বর। এই দুজন একে অপরের সঙ্গে কথা বলে। একদিকে আত্মরক্ষারত মঞ্জুলা, অন্যদিকে তার বিবেক, যে নির্মমভাবে তার এই সাফল্যের ইতিহাস জানার জন্য প্রশ্নের পর প্রশ্নের বাণে রক্তাক্ত করে তোলে।শুধু কথাই, এই নাটকে কথা ছাড়া অন্য কোনো অ্যাকশন নেই। অথচ সেই কথা দিয়েই এক চমৎকার নাটকীয় দ্বন্দ্বের পরিণতিতে নিয়ে যান গিরিশ কার্নাড। আমরা জানতে পারি, মঞ্জুলার উপন্যাসের বিষয় তার পক্ষাঘাতগ্রস্ত সহোদরা উর্মিলা। এই বই তারই কাহিনি। বইটি প্রকাশিত হয়েছে উর্মিলার মৃত্যুর পর। মঞ্জুলার মুখেই আমরা জানতে পারি, ছোট বোনটিকে মায়ের স্নেহে আগলে রেখেছিল সে, কোনো কিছুর অভাবই বুঝতে দেয়নি তাকে। শয্যাগ্রস্ত হলেও উর্মিলা বিদুষী ও রূপসী; ইংরেজি ভাষা ও সাহিত্যেও পারঙ্গম। মঞ্জুলার স্বামী, যে সাহিত্যের খুব একটা কিছু বোঝে না, অধিকাংশ সময় তাকে ঘরে কাটাতে হয়। ঘরে বসেই সে ইন্টারনেটের মাধ্যমে তার পেশাগত কাজ সম্পন্ন করে। মঞ্জুলার অজ্ঞাতে দুজনের মধ্যে নৈকট্য জন্মে, এক ভিন্ন ধরনের ভালোবাসার বন্ধনও বুঝি গড়ে ওঠে। সন্দেহের কাঁটা বিঁধতে থাকে মঞ্জুলার মনে। মনে জ্বলে ওঠে হিংসার আগুন। একসময় পক্ষাঘাতগ্রস্ত মেয়েটি মারা যায়। সে মারা যাওয়ার পর স্বামীর ড্রয়ার থেকে মঞ্জুলা আবিষ্কার করে উর্মিলার পাণ্ডুলিপি, তাদের তিনজনের কাহিনি নিয়ে এক উপন্যাস। সেই পাণ্ডুলিপিই নিজের নামে পাঠিয়ে দেয় মঞ্জুলা ইংল্যান্ডের এক প্রকাশনা সংস্থায়। তাৎক্ষণিকভাবে মিলে যায় মোটা অঙ্কের আগাম মজুরি। বই প্রকাশিত হলে চারদিক থেকে আসে অভিনন্দন। শুধু একজন—সে মঞ্জুলার স্বামী—জানে এই বইয়ের লেখক মঞ্জুলা নয়। কিন্তু সেই লোকটি এখন কোথায়? কী তার প্রতিক্রিয়া? আমরা জানতে পারি, তাদের দুজনের দেখা-সাক্ষাৎ নেই, কথাবার্তা নেই, এমনকি তারা এক বাড়িতেও থাকে না। মঞ্জুলার স্বামী চাকরি নিয়ে চলে গেছে আমেরিকায়, তাও এক বছর হলো। বিত্ত ও স্তুতির মালায় আটকানো মঞ্জুলা এখন এক অদৃশ্য কারাগারে বন্দী, যে কারাগার সে নিজেই বানিয়েছে।কাহিনিটি উন্মোচিত হয় ধীরে ধীরে। আমরা বিস্মিত হয়ে দেখি, কেউ একজন সযত্নে মঞ্জুলার মুখে সেঁটে থাকা মুখোশ একের পর এক টেনে নামাচ্ছে। একটি মুখোশ খসে পড়ে, আমরা দেখি সহোদরার প্রতি ঈর্ষাপরায়ণ মঞ্জুলার লোভী চেহারা। আরেকটি মুখোশ যায়, এবার দেখি সে কেবল ঈর্ষাপরায়ণই নয়, প্রতারকও। আরও মুখোশ খসে পড়ে, নির্মোক হয়ে পড়ে মঞ্জুলা। আমরা মঞ্চে দেখি পরাজিত, ভগ্ন-হূদয় একাকী এক রমণীকে, নিজের হিংসা ও উচ্চাভিলাষের কাছে সে আষ্টেপৃষ্ঠে বাঁধা।এই নাটকের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর নিখুঁত কারিগরি ব্যবস্থাপনা। মঞ্চে একা শাবানা, তিনি কথা বলছেন টিভির পর্দায় ধরা আরেক শাবানার সঙ্গে। এই পর্যায়ের সংলাপগুলো শাবানা আগেভাগে রেকর্ড করেছেন, সেই রেকর্ড করা সংলাপের সঙ্গে তাল মিলিয়ে, যেন বিন্দুমাত্র অকারণ কালক্ষেপণ না হয়, এইভাবে দর্শকের সামনে দাঁড়ানো শাবানাকে অভিনয় করতে হয়েছে। একই মানুষ, দুটি সম্পূর্ণ ভিন্ন ভিন্ন চরিত্র। মঞ্চের শাবানা উদ্বিগ্ন, বিচলিত, অস্থির। টিভির পর্দায় ধরা শাবানা স্থির, পরিহাসরত, কৌতুকপ্রিয়। যেন পাকা কৌশলী সে। এভাবে টিভির শাবানা রক্ত-মাংসের মঞ্চের শাবানাকে সওয়াল-জবাবে খুঁঁচিয়ে খুঁচিয়ে চলে। তার মুখোশ টেনে নামান, দেহের বস্ত্র উন্মোচন করে। টিভির সামনে দাঁড়িয়ে সে একসময় দেখে তার কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ছে। মানুষের ভেতরে যে মানুষ বাস করে, সব পর্দা সরিয়ে সে উন্মোচিত হয় তার নিজের সামনে। এখন সে কোথায় পালাবে, কী দিয়ে ঢাকবে নিজের এই নোংরা চেহারা?বাংলায় আমরা বলি পয়সা উসুল। সন্দেহ নেই, সেদিন এই এক ঘণ্টার নাটক শেষে আমরা প্রত্যেকে ঘরে ফিরেছিলাম আমাদের পয়সা পুরোপুরি উসুল করে। ১৮ অক্টোবর ২০১০, নিউইয়র্ক