
গেল শুক্রবার, ২১ আগস্ট ২০১৫, প্রথম আলোর ‘শিল্পসাহিত্য’ পাতায় স্বনামধন্য লেখক গোলাম মুরশিদ ‘মাইকেলের পুনর্জন্ম’ নামে একটি আকর্ষণীয় নিবন্ধ লিখেছেন। বর্তমানকালের পাশ্চাত্য সাহিত্য সমাজে মাইকেল মধুসূদন দত্তের পুনর্মূল্যায়ন প্রসঙ্গটিই এই নিবন্ধের মর্মবস্তু। লেখক গোলাম মুরশিদের মধু-প্রেমের বিষয়ে আমরা আগে থেকেই অল্পবিস্তর ওয়াকিবহাল। তাঁর মধু-জীবনী আশার ছলনে ভুলি বইটি বাংলা ভাষায় লেখা জীবনীগুলোর মধ্যে একটি অন্যতম বই। সুদূর অতীতে, স্কুলবয়সে মধুসূদন দত্তের আরেকটি জীবনীগ্রন্থ পাঠের সুযোগ হয়েছিল আমার। সেই জীবনীর লেখক ছিলেন জীবেন্দ্র সিংহরায়। মধুসূদনের জীবনের মতোই আবেগোচ্ছল সেই বইটি, অনেকটা বর্তমান বাংলা সমাজে কোনো লেখা পড়ে উচ্ছ্বাসে যেমন আমরা ‘মুভড’ হই, ওই বই পড়ে আমিও তা-ই হয়েছিলাম! তখনো ‘সতত হে নদ’ ছাড়া মধুসূদন দত্তের আর কবিতা পড়ার সুযোগ হয়নি। একজন বিপ্লবী বাঙালির কাব্য-অভিযান সে বয়সে ‘কাব্য’টুকু বাদ দিয়ে শুধু তাঁর জীবনের ‘অভিযান’ যে বিস্ময়ের ঘোরে ফেলে দিতে পারে, আমার ক্ষেত্রেও তার কম কিছু ঘটেনি। তাই মধুসূদনের প্রতি আমার যদি মৃদু পক্ষপাত থাকে, তাহলে তাকে আমি খারাপ বিষয় হিসেবে দেখি না। কবির কবিতার চেয়ে তাঁর জীবন বড় না ছোট, সেই তর্কে না গিয়েও বলা যায়, জীবন আর কবিতা যদি এক মদপাত্রে ছলকে উঠতে পারে, সেই পাওনাকে অবশ্যই সোনায় সোহাগা বলতে হবে। গোলাম মুরশিদ সাহেবের মধুসূদনচর্চা তাই বাংলা সমালোচনা-সাহিত্যের একটি অনন্য অবদান।
তাঁর আশার ছলনে ভুলি বইটি পরবর্তীকালে এর মূল লেখকের সঙ্গে ভারতের শোভা মজুমদারের যৌথ অনুবাদে ল্যুরড বাই হোপ নামে ইংরেজিতে অনূদিত হয়। ভারতের বিখ্যাত প্রকাশনা সাহিত্য আকাদেমি বইটির প্রকাশক। শুধু এটুকু করেই গোলাম মুরশিদ মধু-প্রেম থেকে বিদায় নেননি; বরং বাংলা-কবিতা-রাজ্যের ‘ভোরের পাখি’র স্বরধ্বনি যে দুনিয়ার এপ্রান্তে-ওপ্রান্তে কবির মৃত্যুর ১৪২ বছর পর প্রতিধ্বনিত হচ্ছে, সেই সংবাদটি তিনি ছোট করে আমাদের এই নিবন্ধে তুলে ধরার কোশেশ করেছেন। বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ে মধুসূদনকে নিয়ে বিশেষ সমালোচনা বা গৌরবগাথা আমার তেমন চোখে পড়েনি। আমার ধারণা, মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে জাতীয় সাহিত্যের সংজ্ঞা নির্ধারণে আশু-কর্তব্যের মধ্যে যা খুব দরকার ছিল, তা কবি মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য-এর নায়ক রাবণের চিন্তাশীল মূল্যায়ন এবং কাজী নজরুল ইসলামের পুনঃপাঠ। এই দুটি, আমি এখনো মনে করি, বাংলাদেশের জাতীয় রাজনীতির আলোকে করা হয়নি। তার খেসারত হিসেবে আমরা বর্তমান বাংলা কবিতার উদ্দেশ্যহীন পরিস্থিতির দিকে আঙুল তুলতে পারি। সে যুগে যে আধুনিক চিন্তার ভেতর দিয়ে মধুসূদন বাংলা কাব্যের নতুন রূপ হাজির করলেন, তার রাজনৈতিক তাৎপর্য আমাদের কাছে অধরাই রয়ে গেল। বরং শক্তিমান ষাট দশকের হাতে আমরা আধুনিক পশ্চিমের বর্জ্যের তরজমার সমাবেশ বাংলা ভাষায় রূপান্তরিত হতে দেখলাম। তার জের এখনো চলছে বলেই আমার মনে হয়।
গোলাম মুরশিদের এই লেখাটি, আগেই বলেছি, ছাপা হয় গত শুক্রবার। তার ১৬ দিন আগে ৭ আগস্ট প্রথম আলোর শিল্পসাহিত্য পাতায় এই মূর্খের একটি নিবন্ধ ছাপা হয়েছিল। এটি ছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ে। সেখানে আমার মৃদু অভিযোগ ছিল এই রকম যে মধুসূদন দত্তের মতো একটি কাব্যবিপ্লবের ভেতর দিয়ে রবীন্দ্রনাথ কাব্যযাত্রা না করে কেন বিহারীলাল চক্রবর্তীর দিকে নিশান উঁচালেন। সেখানেও আমি ঠাকুরকৃত এই ভুলের মাশুল যে এখনো দিয়ে যাচ্ছি, তার ঊন-উল্লেখ করেছি। কিন্তু বল ও বীর্যের দিক থেকে রবীন্দ্রনাথের ওপর আর কে ছিলেন, যিনি বাংলা কবিতাকে গৌড়জনের কাছে শক্ত ভিত্তি দিতে পারতেন? হ্যাঁ, পারা যেত, যদি বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তীকালের বুদ্ধিজীবীদের চিন্তা একটু ঐতিহাসিক চলকবিন্দু থেকে শুরু হতো। মধুসূদনের ‘হিরো’ রাবণের হাত ধরে স্বাধীন বাংলাদেশের নায়ক নির্মাণের আকাঙ্ক্ষা তখন এই জনগোষ্ঠীর ভেতর উত্তপ্ত হয়েই ছিল। গোলাম মুরশিদ সেই চিন্তার আগুনের তাপ কিছুটা নিজের গায়ে লাগাতে পেরেছেন বলেই হয়তো মধু-চর্চা তাঁর প্রিয় বিষয়। তাই তাঁর প্রাপ্য অভিনন্দন থেকে বঞ্চিত করা আমি অন্যায় কাজ বলেই মনে করি।
পরিশেষে এটুকু বলার অধিকার আমার আছে যে এখনো ভাষাভিত্তিক শিল্প (কোনো শিল্প ভাষাভিত্তিক নয়!) হিসেবে বর্তমান বাংলা কবিতা চেহারায় যতটা চেকনাই-ই পাক না কেন, কবিতার ভেতর যে শক্তিটি পামরের বদলে আপামরের আত্মা আবিষ্কার করার কাজে নিয়োজিত থাকে, এখনো সহজে তার দেখা মেলে না।
কাব্যদর্শনের দেউলিয়াপনার সঙ্গে স্বার্থপর রাজনৈতিক গোষ্ঠীর দর্শনের কি কোনো গোপন সম্পর্ক আছে? যদি থাকে, তাহলে বর্তমান যুগের কবিদের মধুসূদন দত্ত ও নজরুল ইসলাম—এই দুই বিপ্লবী কবিকে পুনর্মূল্যায়ন করার কাজে এখনই নেমে পড়া উচিত। কেননা, ‘হাওয়া থেকে পাওয়া’ খবর আমাদের জানাচ্ছে, আধুনিক যুগ চলে গিয়ে নাকি নতুন এক যুগধর্মের আবির্ভাব হয়েছে। সেটা যে কী, তা এখনো আমার কাছে স্পষ্ট হয়নি। গোলাম মুরশিদের ভেতর দিয়ে আমি একটা পুরোনো স্বপ্নের নতুন করে জ্বলে ওঠা দেখে যারপরনাই আনন্দিত। তাঁকে আমার শতকোটি সালাম।