‘মাওলা, ও মেরে মাওলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলজার একসময় বলেছিলেন, সুফিদের নিয়ে লেখা গান গাইতে গাইতে আবিদা পারভিন নিজেই সুফি হয়ে গেছেন। কথাটায় হয়তো অতিরঞ্জন আছে, কিন্তু তা পুরোপুরি বাতিল করা যাবে না। দুই সপ্তাহ আগে নিউইয়র্কের ইউনিয়ন স্কয়ারে খোলা আকাশের নিচে আবিদা পারভিনের গান শুনে মনে হলো, ঈশ্বরের জন্য আকুতি, তা যে ভাষায় বা যে ধর্মের মোড়কেই বলা হোক না কেন, মানুষের মনকে নাড়া দেবেই। আবিদা যখন দুই চোখ বুজে, আকাশের দিকে দুই হাত ছড়িয়ে সবেগে, সহর্ষে ও বিপুল বেদনায় গেয়ে ওঠেন, ‘মাওলা, ও মেরি মাওলা’, তখন মনে হয়, কী জানি, কোথাও কেউ একজন হয়তো এই আবেদন শুনে জবাব দিলে দিতেও পারেন।দুই মাস আগে ঠিক এই ইউনিয়ন স্কয়ারে একজন পাকিস্তানি যুবক গাড়িতে বোমা রেখে ভয়াবহ সন্ত্রাসী হামলার চেষ্টা করেছিল। সজাগ পথচারী ও পুলিশের দ্রুত হস্তক্ষেপে বিস্ফোরিত হওয়ার আগেই সে বোমা নিষ্ক্রিয় করা সম্ভব হয়। এ দেশে পাকিস্তানিরা আগে থেকেই তালেবানি সন্ত্রাসের পক্ষ নেওয়ায় সমালোচিত ও নিন্দিত। ইউনিয়ন স্কয়ারের এ ঘটনা সে নিন্দা আরও উসকে দেয়। কিন্তু পাকিস্তান মানেই ধর্মের নামে বোমাবাজি নয়, খুনখারাবি নয়। সে দেশের অধিকাংশ মানুষ শান্তি চায়, ধর্মের নামে বাড়াবাড়ি দেখতে চায় না। কথাটি এ শহরের বিমুখ নাগরিকদের বোঝানোর জন্য সেই ইউনিয়ন স্কয়ারেই আয়োজন করা হয়েছিল প্রথম পাকিস্তান সুফি উৎসব। আয়োজক পাকিস্তান পিস বিল্ডার্স নামের একটি নতুন সংগঠন। আবিদা এসেছিলেন সেই সুফি উত্সবের প্রধান আকর্ষণ হিসেবে।সত্যি সত্যি পাকিস্তানিরা শান্তি চায় কি না, আমি জানি না। সে দেশে কয়েক মাস থাকার সময় নিজে যতটুকু দেখেছি, তাতে মনে হয়েছে, সেখানে নিজেকে ধর্মের বাইরে দেখতে প্রস্তুত, এমন লোক একজনও নেই। যাকে দেখেছি, তাকেই মনে হয়েছে ধর্মের ব্যাপারে ভীষণ রকম অসহিষ্ণু, ধর্মের প্রশ্নে কেউ কোনো ভিন্নমত প্রকাশ করলে তার আর রক্ষে নেই। তালেবান নামের এক দানব যে সে দেশে জন্ম নিয়েছে, তার কারণ শুধু জিয়াউল হক ও সিআইএ নয়। সে দেশের ধর্মান্ধ মানুষ জেনেশুনেই তালেবানের সঙ্গে মৈত্রী করেছে। তারা টিকেও আছে মূলত পাকিস্তানিদের সমর্থনে ও আশ্রয়ে। অথচ এ কথাও ঠিক যে সেই পাকিস্তানে মুক্তবুদ্ধির মানুষেরও অভাব নেই। আসমা জাহাঙ্গীর, সাবিহা সুমের, আইতাজ এহসান—এঁরাও পাকিস্তানি।সুফি উত্সবে পাকিস্তানিদের তরফ থেকে আমাদের এই ‘ভিন্ন পাকিস্তানের’ দিকে তাকিয়ে দেখার অনুরোধ জানানো হলো। ‘সালাম সালাম, দিস ইজ আওয়ার পাকিস্তান’, উদ্যোক্তাদের পক্ষ থেকে বারবার এ কথা বলে ঘোষণা করা হলো। পাকিস্তানি রাষ্ট্রদূত সবিনয়ে অনুরোধ জানালেন, অল্প কিছু সন্ত্রাসীর জন্য আমাদের সবাইকে দোষী সাব্যস্ত করবেন না। যে কয়েক হাজার নারী-পুরুষ সে চত্বরে জমায়েত হয়েছিল, তাদের দিকে তাকিয়ে মনে হলো না এরা কেউ ধর্মের নামে মানুষ খুন করবে। অবশ্য এদের অধিকাংশই এ দেশের বাসিন্দা, অনেকে হয়তো এখানেই জন্মেছে। স্বল্পবসনা কিশোরী, কাচুলিবিহীন যুবতী, শর্টস পরা যুবক—যারা আবিদার গান শুনে উদ্বাহু নৃত্যে মেতেছে, তারা স্পষ্টতই পাকিস্তানের অতি-ধনাঢ্য শ্রেণীর অন্তর্গত। নিজের দেশে তারা কী করে জানি না, কিন্তু এখানে, এই কসমোপলিটন শহরে, নিজেকে উদারমনা প্রমাণ করতে পারলে তাদের লাভ বৈ ক্ষতি নেই।আবিদার কথায় ফিরে যাই। তিনি মূলত গাইছিলেন পাঞ্জাবি গজল, কাফি কায়দার এক ভিন্ন ধরনের কাওয়ালি। তার একটি বর্ণও আমি বুঝি না, কিন্তু না বুঝেও সে গানের মর্মে প্রবেশ করতে আমার বিন্দুমাত্র কষ্ট হচ্ছিল না। সুফি কবিতায় ও গানে ঈশ্বরকে প্রেমিক হিসেবে দেখা হয়। আবিদা কখনো কেঁদে, কখনো হেসে, সেই অদৃশ্য প্রেমিকের কাছে তাঁর বশ্যতা নিবেদন করছিলেন, তাঁর সঙ্গে বিদেহী মিলনের কামনা আকুল আবেগে প্রকাশ করছিলেন। একই ছত্র বারবার উচ্চারিত হচ্ছিল, প্রতিবার তাঁর গলার স্বর একমাত্রা উঁচুতে। এই গানের একটি নিজস্ব দুলুনি আছে, তা আপনাকে নিজেই এক ধ্বনির ঘূর্ণাবর্তে টেনে নিয়ে যায়। আমরা অধিকাংশই মাটিতে বসে। গানের দুলুনি দর্শকদের গ্রাস করে, তাদের অনেকেই উঠে দাঁড়ায় এবং এক স্বতঃস্ফূর্ত নৃত্যে সমবেত হয়। আমি চারদিকে তাকিয়ে দেখি, এখানে মেয়ে-পুরুষের কোনো ভেদাভেদ নেই, সাদা-কালোর বর্ণভেদ নেই, দেশি-বিদেশি জাত-বিভাগ নেই। আবিদা গান করেন নিজেকে সম্পূর্ণভাবে সে গানে সমর্পণ করে। পুরো চত্বরে এমন একজনও বাকি থাকে না যে সে সমর্পণে নিজেরাও ভেসে না যায়।এই অনুষ্ঠানে পাকিস্তান থেকে আরও একাধিক নামজাদা সুফি শিল্পী এসেছিলেন। একটি সিন্ধি লোকজ শিল্পীদল ও একদল ঢোলবাদককে দেখে আমরা মুগ্ধ হলাম। দুই সদস্যের একটি মহিলা রক ব্যান্ডও এসেছিল। রক ব্যান্ড বলছি বটে, কিন্তু তারা গাইল পনেরো-ষোলো শতকের ফার্সি ও দারি সুফিসংগীত। পাকিস্তান সরকারের সমর্থনপুষ্ট এই অনুষ্ঠানটিকে বলা হয়েছিল সন্ত্রাসের বিরুদ্ধে কূটনৈতিক অভিযান। বলা যায়, এই সুফি উত্সবের কারণে এক দিনের জন্য হলেও পাকিস্তানকে কেউ শুধু সন্ত্রাসের সঙ্গে গুলিয়ে ফেলেনি। কিন্তু এই অভিযান দেশের বাইরের চেয়ে অনেক বেশি দরকার দেশের ভেতরে। সন্ত্রাসী হামলায় পাকিস্তানে প্রায় প্রতি সপ্তাহেই কেউ না কেউ নিহত হচ্ছে। বাজার, স্কুল, পর্যটনকেন্দ্র, এমন কোনো জায়গা নেই যেখানে আত্মঘাতী বোমা হামলা হচ্ছে না। নতুন যে ‘টার্গেট’ সন্ত্রাসীরা বেছে নিয়েছে, তা হলো দেশের ভেতরে সুফি-দরগাহগুলো। মাসখানেক আগে লাহোরের সুফি দাতা গঞ্জ বক্সের মাজারে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় প্রায় ৫০ জন লোক নিহত হয়েছে। এই হামলার বিরুদ্ধে দেশের ভেতরে খুব যে তীব্র বিক্ষোভ হয়েছে এমন কথা শুনিনি। হলে বুঝতাম পাকিস্তানিরা সন্ত্রাসের বিরুদ্ধে।বিদেশে ‘ডিপ্লোম্যাটিক অফেন্সিভ’ না চালিয়ে দেশের ভেতরেই ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। আমার মনে হয়, তাতে ফল মিলবে অনেক বেশি। কিন্তু চোর কবে কোথায় ধর্মের বাণী শুনেছে?৩০ জুলাই ২০১০, নিউইয়র্ক