‘মাতৃভাষা’ রফিকুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রফিকুল ইসলামের সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে, কিন্তু মুখোমুখি দেখা হয়নি কখনো। এ বছর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এক সপ্তাহের জন্য নিউইয়র্কে এসেছিলেন। তখনই প্রথম দেখা। নানা জনের সঙ্গে সাক্ষাতের ঝক্কি চুকিয়ে আমাদের সঙ্গে দেখা করতে এলেন ‘মুক্তধারা’য়। যেন কত দিনের পুরোনো বন্ধু, দেখা হওয়ামাত্রই বুকে জড়িয়ে ধরলেন।এই সেই রফিকুল ইসলাম, একুশকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার পেছনে যাঁর ভূমিকা শুধু কথায় লিখে বোঝানো যাবে না। রফিক নয়, তাঁকে ‘মাতৃভাষা’ ‘মাতৃভাষা রফিক’, এই নামে ডাকলেই বোধ হয় সঠিক স্বীকৃতি দেওয়া হয়। এ ছিল এক স্বপ্ন পূরণ, যার পেছনে অসংখ্য নিদ্রাহীন রাত তাঁকে কাটাতে হয়েছে।একুশ ও একাত্তরকে আলাদা করে দেখেন না রফিকুল ইসলাম। প্রথমটি দ্বিতীয়টির সম্প্রসারণ, একাত্তরে এসে একুশ তার পূর্ণতা পেয়েছে। রফিক নিজে মুক্তিযুদ্ধে যেতে পারেননি, কিন্তু এক ছোট ভাইকে নিজ হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। যুদ্ধ থেকে সে ভাই আর ফেরেননি। ভাই শহীদ হয়েছেন জেনে অথৈ কান্নায় ভেসেছেন। কিন্তু ১৬ ডিসেম্বর সে যুদ্ধ শেষ হলে আনন্দের বন্যায় ভেসে গেছেন। আর কোনো দুঃখ ছিল না। ১৭ নভেম্বর ১৯৯৯ সালে যখন ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, সেদিন ঠিক সেই রকম আনন্দিত হয়েছিলেন। অসংখ্য বিনিদ্র রজনীর সব বেদনা ও উদ্বেগ যেন মুহূর্তে উধাও।একুশে ফেব্রুয়ারি যে শেষ পর্যন্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়, তার পেছনে কৃতিত্ব রফিকুল ইসলাম ও তাঁর আরেক বাঙালি বন্ধু আবদুস সালামের। আরও অনেকেই সে কৃতিত্বের ভাগীদার হওয়ার চেষ্টা করেছেন। কিন্তু দায়িত্ব নিয়েই বলছি, রফিক ও তাঁর বন্ধু সালামের উদ্যোগ ও অব্যাহত চেষ্টা ছাড়া এমন ঘটনা অসম্ভব ছিল। দুজনেই কানাডার ভ্যানকুভারে দীর্ঘদিন থেকে বসবাস করছেন। এমন একটি দিবস প্রতিষ্ঠার ভাবনা মাথায় আসে রফিকের। জাতিসংঘ মহাসচিবকে সে প্রস্তাব জানিয়ে প্রথম চিঠিটি তিনিই লিখেছিলেন। সে প্রস্তাব নিয়ে দুই বছর ধরে নানা জনের কাছে ধরনা দিয়েছেন, সলাপরামর্শ করেছেন, অজস্র চিঠি লিখেছেন। নিজের ঘরে ফ্যাক্স মেশিন ছিল না, পাশের এক বন্ধুর বাসায় বারবার বিরক্ত করেছেন ফ্যাক্স পাঠানোর অনুরোধ নিয়ে।মাতৃভাষা দিবসের এই ইতিহাস আমাদের সবারই কম-বেশি জানা। সে জানা ঘটনাই রফিকুল ইসলাম যখন গল্পের মতো আমাদের শোনালেন, এক আশ্চর্য রূপকথা মনে হচ্ছিল। রাক্ষস-খোক্কস সে গল্পে নেই, কিন্তু বাধা-বিপত্তি বিস্তর। অধিকাংশই আমলাতান্ত্রিক জটিলতা, যদিও দেশে বা বিদেশে এমন একজনও ছিলেন না যে তাঁদের সে প্রস্তাবে সায় দেননি। জাতিসংঘ থেকে বলা হয়েছিল, কোনো ব্যক্তির অনুরোধে এমন প্রস্তাব উত্থাপন সম্ভব নয়। এর জন্য চাই রাষ্ট্রের তরফ থেকে উদ্যোগ। সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিব পর্যায়ে, এমনকি মন্ত্রী পর্যায়েও তদবির হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া চূড়ান্ত সিদ্ধান্ত মিলবে না। দেন-দরবারে কেবলই কালক্ষেপণ হচ্ছিল, অথচ ইউনেসকোর ‘জেনারেল কনফারেন্স’-এ সময়মতো প্রস্তাব না তোলা গেলে আবার এক বছরের জন্য পুরো ব্যাপারটা পিছিয়ে যাবে। সে সম্মেলন শেষ হওয়ার মাত্র এক দিন আগে রফিক তথ্যসচিবের কাছে সানুনয় অনুরোধ রাখলেন, ‘প্লিজ, আপনি প্রধানমন্ত্রীকে ব্যাপারটা ব্যক্তিগতভাবে জানান।’ হাসিনা তখন সংসদে, গুরুত্বপূর্ণ বিতর্কে অংশ নিচ্ছেন। প্রটোকল ডিঙিয়ে তাঁর কাছ থেকে সম্মতি নিয়ে এলেন তথ্যসচিব। অবিলম্বে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব উত্থাপনের নির্দেশ এসে হাজির। প্যারিসের সঙ্গে বাংলাদেশের সময় ব্যবধান ছয় ঘণ্টা। প্রায় পুরো একটা কাজের দিন হাতে পেয়ে গেলেন ইউনেসকোর কর্মকর্তারা। নির্ধারিত সময়ে, ৩০টি দেশের সমর্থনে গৃহীত হয়ে গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঘোষণা।‘মজার ব্যাপার কি জানেন? পাকিস্তান একদিন আমাদের বাংলাদেশের অধিকার প্রত্যাখ্যান করেছিল, তারাও এই প্রস্তাবের একজন অন্যতম সহ-প্রস্তাবক।’ হাসতে হাসতে বললেন রফিকুল ইসলাম।২০০১ সালে একুশ উদ্যাপন করতে ঢাকায় এসেছিলেন রফিক ও সালাম। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেছেন তাঁরা দুজন। হঠাৎ পরিচিত একজন টেলিফোন করে জানালেন, ‘রফিক ভাই, আপনাদের একুশে পদকে ভূষিত করা হয়েছে। এইমাত্র টিভিতে ঘোষণা হলো।’ সে আকস্মিক ও অভাবিত স্বীকৃতির সংবাদে তিনি পুলকিত হয়েছিলেন সন্দেহ নেই। ‘কিন্তু আসল আনন্দ একুশকে বিশ্বজুড়ে যে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাতেই।’রফিকুল ইসলামের খুব ইচ্ছা মাতৃভাষা দিবসের মূল বাণী সারা বিশ্বের দেশে দেশে পৌঁছে দেবেন। ‘মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড’ নামে যে সংগঠনের হয়ে তিনি প্রথম প্রস্তাবটি করেছিলেন, এখন উদ্যোগ নিয়েছেন সে সংগঠনের শাখা বিশ্বজুড়ে গড়ে তুলতে। এ কাজ কিছুটা এগিয়েছে। খুব ভেবেচিন্তে একটি ঘোষণাপত্র তৈরি হয়েছে। একটি ওয়েবসাইট ও ফেসবুক পেজ গঠনের কাজ চলছে।শারীরিক নানা জটিলতায় ভুগছেন রফিকুল ইসলাম। লিউকেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন, গত বছর বোন ম্যারো অস্ত্রোপচার হয়েছে সফলভাবে, তবে ওষুধের নানা পার্শ্ব-প্রতিক্রিয়া রয়ে গেছে। চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে এসেছে, কানেও আগের মতো শুনতে পান না। কিন্তু মাতৃভাষা দিবসের কথা বলতে কোনো ক্ষান্তি নেই। কম্পিত দুখানি হাত বাড়িয়ে বললেন, ‘এই কাজে আপনাদের সবার সহযোগিতা চাই।’৬১ বছর আগে একুশের দিনে ঢাকার রাস্তায় নিহত হয়েছিলেন একজন রফিকুল ইসলাম। আরেক রফিকুল ইসলাম এখনো লড়ে যাচ্ছেন সেই একুশকে বিশ্বের মানচিত্রে স্থান করে নিতে।