রিজিয়া রহমানের জন্ম ২৮ ডিসেম্বর ১৯৩৯, কলকাতায়। মাটি ও মানুষের জীবনধারা ও ভাষা-সংস্কৃতির তিনি রূপকার। তাঁর গল্প-উপন্যাসে গণমানুষের যাপিত জীবন, চারপাশের অসংগতি ও বৈষম্য ধরা পড়ে সাহিত্যিক দর্পণে। উল্লেখযোগ্য গ্রন্থ: রক্তের অক্ষর, বং থেকে বাংলা, একাল চিরকাল, সূর্য সবুজ রক্ত, আবে রাঁও, ঘর ভাঙা ঘর, শিলায় শিলায় আগুন প্রভৃতি। বাংলা একাডেমী পুরস্কারসহ নানা পুরস্কারে তিনি ভূষিত। সাক্ষাৎকার নিয়েছেন মাসউদ আহমাদপ্রশ্ন: আপনি বড় হয়েছেন এক অনন্য সাংস্কৃতিক পরিমণ্ডলে। লেখক হয়ে ওঠার পেছনে সেই পরিবেশ-আবহ বিশেষ প্রেরণা জুগিয়েছে বলে মনে করেন? রিজিয়া রহমান: আমার দাদার বাড়ি বিদেশ হয়েছে ১৯৪৭-এর পর। দাদা গত হয়েছেন তারও আগে। বাবা তখন সবে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছেন। দাদার কথা বড়দের কাছে শুনেছি, তিনি ইংরেজি ও ফারসি ভাষায় বিস্তর লেখালেখি করতেন। ছোটবেলায় দেখেছি, দাদার ঘরে দেয়াল-আলমারিতে তাঁর লেখা কাগজ আর বইপত্র থরে থরে সাজানো। নানার বাড়িতে প্রতিবছর অনুষ্ঠান হতো। ঢাকা থেকে অনেক শিল্পী আসত। বয়াতিদেরও আনা হতো। জারি-সারি এবং ভাটিয়ালি—নানা রকম গানের আসর বসত। তবে আমার নিজের পারিবারিক পরিমণ্ডলও ছিল লেখক তৈরির অনুকূল। মা ছিলেন বাংলা উপন্যাসের একনিষ্ঠ পাঠিকা। হলে গিয়ে সিনেমা দেখা আর চৌরঙ্গীতে মঞ্চের থিয়েটার দেখা ছিল তাঁর নেশা। গান শুনতেও পছন্দ করতেন, বাড়িতে একটি গ্রামোফোন ছিল। জগন্ময় মিত্র এবং নজরুলসংগীত তাঁর প্রিয় ছিল। বাবার ছিল কবিতা পড়ার নেশা। আমার বড় ভাই একজন নামী চিকিৎসক, তিনি ভালো ছোটগল্প লিখতেন। ভাইবোনদের মধ্যে ছবি আঁকা, গিটার বাজানো ইত্যাদি শিল্প-সংস্কৃতির চর্চা ছিল। কাজেই এসব আবহ লেখক তৈরিতে আমাকে প্রেরণা জুগিয়েছে, নানাভাবে। প্রশ্ন: কবিতা দিয়ে আপনার লেখালেখির শুরু। এখনো কবিতা লেখেন নিয়মিত। কিন্তু আজও কোনো কবিতার বই বেরোয়নি। কেন? রিজিয়া রহমান: কবিতা লিখি মনের আনন্দে। কিন্তু বই বের করতে চাইনি হয়তো। তবে ছোটবেলায় ভাবতাম, কবি হব। সবাই কবি বলেই ঠাট্টা করত। কিন্তু কীভাবে যেন গদ্যে এসে পড়লাম। কবিতা লিখি, যখন মন চায়। দু-একটা কবিতা ছাপাও হয়েছে। প্রশ্ন: আপনার প্রথম গল্পগ্রন্থ ‘অগ্নিসাক্ষরা’ প্রকাশিত হয় ১৯৬৭ সালে। সেখানে একটা গল্প ছিল ‘লাল টিলার আকাশ’; ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ম্যাগাজিনে অশ্লীলতার অভিযোগে প্রথমে তারা ছাপতে চায়নি। পরে বাংলার অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী গল্পটি প্রকাশের ব্যবস্থা করেন। সেই গল্পটি বলুন। রিজিয়া রহমান: আপত্তি করেছিলেন হলের প্রভোস্ট। কিন্তু এডিটোরিয়াল বোর্ড এটা ছাপতেই চেয়েছিল। পরে সম্পাদনা বোর্ডের অন্যতম সদস্য আতিকুল্লাহ সাহেব বললেন, যে শব্দগুলো নিয়ে প্রভোস্ট আপত্তি করেছেন সেসব তুমি বদলে দাও। আমরা গল্পটি ছাপি। গল্পটি বেশ ভালো। যাহোক, আমি সেটা করিনি, বদলাতে রাজি হইনি। রাজি না হওয়ার মতো অত আত্মবিশ্বাস তো তখনও হয়নি। কারণ একজন কথাটি বলছেন আর আমি তখন এমএ ফাইনাল ইয়ারের ছাত্রী। আমি শুধু বললাম, স্যার, গল্পটা তো বদলানো যাবে না, তাহলে গল্পটি নষ্ট হয়ে যাবে। সবারই মত ছিল গল্পটির ব্যাপারে, শুধু প্রভোস্টের আপত্তি ছিল। পরে মোফাজ্জল সাহেব তাঁকে রাজি করান। প্রশ্ন: আপনার মায়ের বই পড়ার খুব নেশা ছিল। সেই সময় বাড়িতে ‘বসুমতী’, ‘ভারতবর্ষ’, ‘প্রবাসী’ ইত্যাদি পত্রিকা রাখা হতো। আপনি সেদিকেই সম্পৃক্ত হয়ে গেলেন। এখন কি মনে হয়, অন্য কিছুও হতে পারতেন?রিজিয়া রহমান: আমার মনে হয়, বই পড়া একটা নেশা এবং পারিবারিক ঐতিহ্য। বাড়িতে যেহেতু বই পড়ার অভ্যাস ছিল, স্বাভাবিকভাবেই বইয়ের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়ে গিয়েছিল। আর যেহেতু ছোটাছুটি, খেলাধুলা করতে পারতাম না; কিন্তু বই যখন পড়তে শুরু করেছি তখন স্বাস্থ্যটা ভালোই ছিল, অত দুর্বল ছিলাম না ছোটবেলার মতো। এবং এখনো বই বড়ি। বই না পড়ে ঘুমাতে পারি না। কারণ বই মনের খাদ্য। আর বই না পড়লে যে অন্য কিছু হতে পারতাম, সেটা আমার মনে হয় না। মানুষের ভবিতব্য বলে একটা কথা আছে। কে যে কোন পেশায় চলে যাবে, এটা বলা যায় না। যেমন আমি অর্থনীতিতে পাস করে কলেজে চাকরি পেয়েছিলাম। আমার তো ব্যাংকার হওয়ার কথা ছিল। এ ছাড়া আমি বাংলাদেশ টেলিভিশনে স্ক্রিপ্ট প্রডিউসারের চাকরি পেয়েছিলাম। ওই দিকে গেলে হয়তো লেখায় এত সময় দিতে পারতাম না বা এটাকে প্রধান পেশা বা নেশা করতে পারতাম না। সুতরাং, এটা অবস্থার পরিপ্রেক্ষিতেও অনেকটা হয়ে যায়। কাজেই এটা মনে হয় না যে শারীরিক দুর্বলতার কারণেই আমাকে লেখক হতে হয়েছে। প্রশ্ন: ‘রক্তের অক্ষর’ শিল্পিত ও বিখ্যাত উপন্যাস, তবে বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা নয়। কিন্তু উপন্যাসটি পড়ে মনে হয়নি, কোনো ঘাটতি আছে। এটা কীভাবে সম্ভব হলো? রিজিয়া রহমান: বাস্তব অভিজ্ঞতা বলে কোনো ব্যাপার নেই। তবে বলা যায়, আমি সেখানে ডাইরেক্ট যেতে পারিনি এবং নিজের চোখে দেখতে পারিনি। তার মানে এই নয় যে আমার বাস্তব অভিজ্ঞতা ছিল না। আমি যে ইনফরমেশন ও উপাত্তগুলো জোগাড় করেছিলাম, সেগুলো সবই বাস্তব ছিল। সম্ভবত সে কারণেই উপন্যাসটিকে অবাস্তব মনে হয়নি। প্রশ্ন: আপনি পতিতালয়ের মানুষ—খদ্দের, পতিতা, পরিবেশ, কাক-কুকুর-পরিত্যক্ত আবর্জনার যে নিপুণ চিত্র এঁকেছেন শিল্পিত ব্যঞ্জনায়, সে জন্য আপনাকে পতিতালয়ে যেতে হয়নি? রিজিয়া রহমান: না, আমি যেতে পারিনি নানা কারণে। তবে আমার কিছু সাংবাদিক বন্ধু ছিল, যারা বিভিন্ন তথ্য এনে দিত। এক ভদ্রলোক, যে আমার চেয়ে বয়সে ছোট ও আমাকে সবকিছু এনে দিত, যা যা আমি বলতাম। একজন লেখককে কিন্তু বলে দিতে হয় না সেখানে একটা কুকুর আছে কি না, যেহেতু সেটা একটা প্রায় বস্তির মতো জায়গা। এমন দৃশ্য যেকোনো দরিদ্র এলাকায় গেলেও চোখে পড়ে। প্রশ্ন: ‘রক্তের অক্ষর’ লেখার সময় এর ভাষা নিয়ে কি আপনি বিশেষভাবে ভেবেছিলেন? রিজিয়া রহমান: আমার বয়স তখন কম ছিল। আমি অতটা ম্যাচিউরড ছিলাম না। ফলে আমার ভেতর থেকে যা এসেছিল তাই লিখেছি। তবে ওই এলাকার মেয়েরা যেসব ভাষা ব্যবহার করে সেসব আমাকে সংগ্রহ করতে হয়েছে।প্রশ্ন: এখানে ইয়াসমিন নামের এক বীরাঙ্গনাকে আমরা পাই, যে প্রতিবাদী ও সাহসী। সে নিহত হয়। হত্যাকারী তার ছুরির রক্ত মোছে ইয়াসমিনের পড়া একটি বইয়ের পাতা ছিঁড়ে। সেখানে লেখা ছিল, ম্যান ইজ বর্ন ফ্রি বাই এভরিহোয়্যার হি চেইঞ্জড...রিজিয়া রহমান: মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলাবদ্ধ। এটা আমার কথা নয়, এটি দার্শনিক রুশোর উক্তি। তো ওই বইটা তখন সে পড়ছিল। সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া মেয়ে। সেতো স্বেচ্ছায় ওখানে যায়নি। ফলে ওই পরিবেশে মিশে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু তার একটা ক্ষোভ ছিল সমাজের প্রতি। মানুষ কেন তাকে আঙ্গুল তুলে বলে, পাকিস্তান আর্মিরা ওকে ধরেছিল! যে পরিবেশে সে বড় হয়েছে, তার পক্ষে তো ওই পরিবেশে মিশে যাওয়া সম্ভব নয়। লেখক হিসেবেও আমার কিছু কথা ছিল। আসলে এটি আমি স্লোগানধর্মী উপন্যাস হিসেবে লিখতে চেয়েছিলাম। ফলে ইয়াসমিন চরিত্রটিকে নিতে হয়েছে। কিছু কথা ছিল, যেগুলো বকুল-পারুল-জাহানারার মুখ দিয়ে বলালে সেটা আরোপিত হয়ে যেত। সুতরাং এমন একটা মেয়ে আমি চেয়েছিলাম—শিক্ষিত এবং কালচারাল পরিবারের মেয়ে, অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে ওখানে যেতে হয়েছিল। ওই সময় সামাজিক পরিবেশটা মোটামুটি এ রকমই ছিল।প্রশ্ন: আপনি একটি উপন্যাস লিখতে চেয়েছিলেন পদ্মা নদীর পটভূমিতে....রিজিয়া রহমান : ওটা আমি লিখতে শুরু করেছিলাম, হঠাৎ আমার অসুখ হলো। আর লিখতে পারিনি। এরপর বাঁ চোখের কেনিয়া নষ্ট হয়ে গেল। ফলে কয়েক বছর আমাকে অপারেশনের মধ্যে থাকতে হয়েছেল। আমি পরিশ্রমটা আর দিতে পারিনি। প্রশ্ন: ‘বং থেকে বাংলা’ আপনার অন্যতম একটি কাজ। আমাদের আজকের সমাজের যে বিনির্মাণ- এর আদি অবস্থা থেকে বর্তমান ১৯৭১ এর ডিসেম্বর পর্যন্ত পটভূমিকে তুলে ধরেছেন। এই লেখাটির নেপথ্য গল্পটা বলেন—রিজিয়া রহমান : এটাকে অনেকে ঐতিহাসিক উপন্যাস বলে থাকেন। কিন্তু আমি বলি, মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার উপন্যাস। মুক্তিযুদ্ধ একটি দেশ বা জাতির জন্য মাত্র নমাস সময়ে গড়ে ওঠে না। আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই শুনে এসেছি ছোটবেলা থেকেই, আড়াইশ বছর পরে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। মানে সিরাজুদ্দৌলার পরে লর্ড যেটা দখল করেছিল সেটা আর কি। তো আড়াইশ বছরে একটি জাতি তৈরি হয় না্ব এটার জন্য হাজার বছর লাগে। ফলে আমি পড়াশুনা শুরু করলাম, তখন বাংলায় বইও ছিল না তেমন। এই বোধ থেকে আমি বং থেকে বাংলা লিখেছি। প্রশ্ন: লেখালেখির বাইরে আপনার ব্যক্তিগত পড়ালেখা সম্পর্কে কিছু বলুন। ইদানীং কী ধরনের বই পড়তে স্বাচ্ছন্দ বোধ করেন?রিজিয়া রহমান : স্বাচ্ছন্দ বলে নয়, আমার দু’রকমের পড়া আছে। একটি হচ্ছে আমার লেখার কাজের জন্য পড়তে হয়। এমন বিষয় নিয়ে হয়ত লিখছি, যেখানে আমি কখনো যাইনি, ওখানকার মানুষ ও কালচার সম্পর্কে আমি খুবই কম জানি। তখন প্রচুর পড়াশোনার বিকল্প নেই। আর একটা হচ্ছে মনের আনন্দের জন্য পড়া। যখন যেটা পড়তে ভালোলাগে পড়তে থাকি-ইতিহাস, বিজ্ঞান বা অন্যকিছুও হতে পারে। গল্প-উপন্যাস-কবিতা-প্রবন্ধ তো পড়িই।