'মানুষের ভেতরে আরেকটা অমানুষও বাস করে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের ঘরে মুর্তজা বশীর। ছবি: নাসির আলী মামুন/ফটোজিয়াম
নিজের ঘরে মুর্তজা বশীর। ছবি: নাসির আলী মামুন/ফটোজিয়াম

১৭ আগস্ট ছিল শিল্পী মুর্তজা বশীরের ৮২তম জন্মদিন। জন্মদিনে অন্তরঙ্গ আলাপে এই শিল্পী বলেছেন তাঁর জীবন ও শিল্পের নানা অজানা কথা।
নাসির আলী মামুন: আজ আপনার ৮২তম জন্মদিনে মুর্তজা বশীরকে কতটা কাছের মনে হয়?
মুর্তজা বশীর: প্রশ্নটা খুব কঠিন। আয়নার মধ্যে যখন নিজেকে দেখি, মনে হয়, লোকটি অত্যন্ত নিঃসঙ্গ এবং তাঁর সমস্ত চোখে-মুখে অতৃপ্তির ছাপ। সেখানে আমাকে বিমর্ষ, হতাশাগ্রস্ত একজন মনে হয়। যদিও ব্যক্তিগতভাবে মোটেই সে রকম নই আমি। সব সময় আমি আনন্দে অবগাহন করতে চাই। আমার পরিধি খুব সীমাবদ্ধ, তবু একসময় আনন্দ খুঁজেছি বন্ধুবান্ধব মহলে। এখন জীবনের শেষ প্রান্তে এসে গৃহী হয়েছি। বর্তমানে নিজের পরিবারের মধ্যেই আনন্দ খুঁজে পাই। কিন্তু আগে তো ঘরই ছিল আমার বাহির, আর বাহির ঘর। আমার এই মানসিক পরিবর্তন হয়েছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, মৃত্যুচিন্তা থেকে। আগে কোনোদিন ভাবিনি যে আমার মৃত্যু হবে। তবে যতই বয়সের সিঁড়ি ভাঙছি, মনে হচ্ছে মৃত্যু সন্নিকটে। ফলে নিজের ছবিতে যা সৃষ্টি করতে চেয়েছি, যা লিখতে চেয়েছি, গবেষণায় যা তুলে ধরতে চেয়েছি—সেগুলো বোধ হয় আর শেষ করে যেতে পারব না। এ নিয়ে হূদয়ে একটা গোপন হাহাকার আছে, একধরনের ব্যর্থতাবোধ প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে। তবে আমার আক্ষেপ নেই। আমি সেই তৃষ্ণার্ত মানুষ, যে বিরান প্রান্তরে এক ফোঁটা পানির জন্য ছুটে বেড়িয়েছে, হাতের কাছে যা পেয়েছে তা দিয়েই মাটি খুঁড়েছে। হ্যাঁ, সেই অন্তঃসলিলা নদীকে আমি দেখতে পাইনি ঠিকই, কিন্তু তার কলকল ধ্বনির শব্দ পেয়েছি। জীবনে এটাই আমার দুর্লভ সান্ত্বনা।
নাসির আলী মামুন: প্রায় তিন বছর ছবি আঁকছেন না। তার মানে আপনি কি থেমে গেছেন?
মুর্তজা বশীর: না। মৃত্যুকে অতিক্রম করে কালোত্তীর্ণ হয়ে যে সৃষ্টি বেঁচে থাকে, সে রকম সৃষ্টি আমি করতে পারিনি। আমার ক্ষমতা ছিল, এখনো আছে। মনে হয়, সঠিক চিন্তাও আছে। জানা আছে যে আমি কী গবেষণা করতে চাচ্ছি, কী লিখতে চাচ্ছি অথবা কী আঁকতে চাচ্ছি—এগুলো আমাকে হাতড়ে ফিরতে হয় না। কিন্তু কেন যেন মনটাকে ঠিক বসাতে পারছি না। কাজ করার জন্য যে মানসিক শক্তি দরকার, তাও আমার অটুট। এমন নয় যে রোগে ভুগছি—শয্যাশায়ী। আমি সুস্থ, স্বাস্থ্যবান। যেহেতু আমি স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত সজাগ, তাই অসুখও কম হয়। এই বয়সে বার্ধক্য যেভাবে জড়িয়ে ধরার কথা, সেভাবে জড়িয়ে ধরেনি। চলাফেরা, কথাবার্তায় এখনো আমার মধ্যে কোনো জড়তা নেই। কিন্তু সৃষ্টিকর্মের জন্য ভেতর থেকে যে একটা আলোড়ন বা তাগিদ আসা দরকার, সেটা পাচ্ছি না। আর গবেষণা, লেখালেখি এগুলোতে তো পয়সা পাওয়া যায় না। ছবি আঁকাটাই আমার জীবিকা। আমি নিজেই নিজের সবকিছু। বেডরুমেই আমি সবকিছু করি। এই যে এটা আমার বেডরুম, এটাই আবার লাইব্রেরি, এখানে বসেই ছবি আঁকি। এটা আমার সাম্রাজ্য। আমি এই ঘরের বাইরে যাই না। অবশ্য কিছু সময় খবর-টবর দেখার জন্য ড্রয়িংরুমে একটু বসি। তা ছাড়া সারাক্ষণ এখানে বসেই কেটে যায় সময়। এ ঘরের পাশেই বারান্দা। কখনো ওই বারান্দায় বসে চিন্তা করি, এক-আধটু সিগারেট খাই। এ জীবনে এত কিছু করতে চেয়েছি...অথচ তেমনভাবে পারিনি কিছুই—ভেবে বড় আফসোস লাগে।

যখন আমার ৬০ বছর পূর্ণ হলো, তখন একটা কবিতা লিখেছিলাম। সেখানে নিজেকে তুলনা করেছিলাম বাজে কাগজের ঝুড়ির সঙ্গে—ওয়েস্ট পেপার বাস্কেট! কী বলব, জীবনে আসলে এত কিছু করতে চেয়েছি, কিন্তু শেষাবধি অনেক কিছু ধরতে পারিনি, শেষ করা হয়নি।

ছবি আঁকা আমার বাঁচার একমাত্র অবলম্বন। নিজেই আমি এ ফ্যাক্টরির মালিক ও শ্রমিক। এখন আমি যদি লে-অফ হয়ে যাই—কিছুই না আঁকি, তাহলে তো প্রডাকশন হবে না। প্রতিদিনই ভাবি যে আমাকে ছবি আঁকতে হবে। সঞ্চয় তো শেষ হয়ে যাচ্ছে। আমার ছবি আঁকা দরকার...।

নাসির আলী মামুন: ছবি আঁকা, লেখালেখি, গবেষণা কিংবা মুদ্রা সংগ্রহ—জীবনে আপনি এতগুলো ফোল্ডার ওপেন করতে গেলেন কেন?

মুর্তজা বশীর: বিষয়টা হলো, মানুষ হিসেবে আমার অনুভূতি। আমার হাতের এই পাঁচটা আঙুলের কথাই ধরা যাক—পাঁচ আঙুলে কিন্তু পাঁচ ধরনের অনুভূতি। যদি একে সুই কিংবা পিন দিয়ে খোঁচা দিই, একধরনের অনুভূতি। হাতুড়ি দিয়ে বাড়ি দিলে আরেক রকম অনুভূতি। আবার যদি আঙুলটি আগুনে পোড়ানো হয়, তার অনুভূতি হবে ভিন্ন রকম। হাত আমার শরীরের অঙ্গ। এর সবকিছু আমার মস্তিষ্কের সঙ্গে জড়িত। কিন্তু দেখা যাচ্ছে, উপাদানের ভিন্নতার জন্য একেকটার অনুভূতি একেক রকম।

মানুষের ভেতরে যে আরেকটা অমানুষও বাস করে, এটা আমি সার্জন বা শল্য চিকিৎসকের মতো খুঁটিয়ে খুঁটিয়ে বের করেছি। মানুষের ভেতরের রূপটা দেখতে চেয়েছি। এসব আমার ছোটগল্পে আছে। তবে আমার কবিতা কিন্তু আবার ভিন্ন—রোমান্টিক ধাঁচের। এই যেমন বাতাসে হঠাৎ একটা মেয়ের চুল উড়ে গেল। বাতাসে যে তার চুলটা উড়ল, উড়ে উড়ে কাঁপল, এটা কিন্তু আঁকা যাবে না। কবিতায় এটাই আমি ধরেছি। আমার মধ্যে এই কল্পনাপ্রবণ মন তৈরি করেছিলেন আমার মা।

মর্তুজা বশীরের আঁকা আত্মপ্রতিকৃতি
মর্তুজা বশীরের আঁকা আত্মপ্রতিকৃতি

নাসির আলী মামুন: আপনি তো জয়নুল আবেদিন, কামরুল হাসান—কারও শিল্পভাষা অনুসরণ করেননি। শিল্পে নতুন পথ খুঁজেছেন। পঞ্চাশের প্রেক্ষাপটে বিষয়টি বলুন।
মুর্তজা বশীর: শিল্পী হিসেবে জয়নুল আবেদিন ও কামরুল হাসান কত বড়, এটা সময় বিচার করবে। তবে শিক্ষক হিসেবে তাঁরা অতুলনীয়। এই দুই শিক্ষকের কেউই চাইতেন না তাঁদের কেউ অনুকরণ করুক। আর পঞ্চাশের বাস্তবতায় আমার শিল্পভাষা সম্পর্কে বললে বলতে হবে, ফ্লোরেন্সে গিয়ে রেনেসাঁসের যে শিক্ষাটা পেয়েছিলাম, সেখান থেকেই ইস্ট ও ওয়েস্টকে ব্লেন্ড করেছি আমি। ইস্টে হলো ফ্ল্যাট—লাইন, মিনিমাইজেশন অব কালার। আর ওয়েস্টের হলো পারসপেক্টিভ। এসব মিলিয়ে মিশিয়ে আমি একটা চিত্রভাষা তৈরি করলাম। সুলতান ভাই (এস এম সুলতান) আমাকে বলেছিলেন, ‘ইস্ট ও ওয়েস্টকে আপনি সার্থকভাবে ব্লেন্ড করতে পেরেছেন।’
নাসির আলী মামুন: শিল্পচর্চার শুরুর দিকে রাজনৈতিক আদর্শের সঙ্গে আপনার ছবির যে সংযোগ ছিল, বর্তমানে তা আপনাকে কতটুকু ভাবায়?
মুর্তজা বশীর: শুধু আঁকার জন্য আমি ছবি আঁকিনি। রাজনৈতিক মতাদর্শ এখনো আমার ছবিতে উপস্থিত। মতাদর্শটা হলো, একটি সুন্দর জীবন। যদি মার্ক্সবাদের মূল কথাটি বলি, তাও তো সুন্দর একটি জীবনেরই কথা। অনেকে আমার ছবিকে বিমূর্ত বলেন। যদিও আমি বলে আসছি, এগুলো বিমূর্ত নয়—আমি যা দেখেছি তাই এঁকেছি। সাধারণ মানুষ এখনো আমার ছবি দেখে আন্দোলিত হন। যখন ‘উইংস’ সিরিজের প্রদর্শনী হয়, সাধারণ মানুষেরা আমাকে বলেছিলেন যে সিরিজটা তাঁদের মনে খুব আলোড়ন তুলেছে। এই জিনিসটাই আমি চেয়েছিলাম।
নাসির আলী মামুন: ভাষা আন্দোলন নিয়ে আপনারা তেমনভাবে ছবি আঁকলেন না কেন?
মুর্তজা বশীর: মজার ব্যাপার হলো, পোস্টার ছাড়া ভাষা আন্দোলনের ওপর তেমন কোনো ছবি নেই। কেন? কারণ, ভাষা আন্দোলনের ছবি সাধারণত কেউ ঘরে রাখতে চাইবে না। কারণ, সবাই তথাকথিত ‘সুন্দর নান্দনিক’ ছবি ঘরে রাখতে চায়। এ জন্য মুক্তিযুদ্ধের ওপর শাহাবুদ্দিন ছাড়া আর কেউ তেমনভাবে আঁকেননি। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ—এই দুটি বিষয়ে তেমন কাজ না হওয়ার কারণ, এগুলো বিক্রি হবে না। রাজনৈতিক ছবি বিক্রি হতে চায় না।
নাসির আলী মামুন: আপনার ছবিতে সরল অনেকটা লোকশিল্পের মতো শিল্পভাষার ইশারা রয়েছে। লোকশিল্প সম্পর্কে আপনার অভিমত কী?
মুর্তজা বশীর: লোকশিল্প আগে আমি মনেপ্রাণে ঘৃণা করতাম। ১৯৮০ সাল পর্যন্ত লোকশিল্প-লোকগীতি—এগুলো আমার পছন্দ হতো না। মনে হতো এটা গ্রাম্যতা। কিন্তু ১৯৮০ সালে একটা সেমিনারে জাপানে গেলাম। আমার দোভাষীর সঙ্গে পরিচয় পর্বে তাঁর দিকে হাত বাড়িয়ে দেওয়ার পরও তিনি আমার হাত ধরে করমর্দন করলেন না, তাঁদের ঐতিহ্যানুসারে ঘাড় নত করে অভিবাদন জানালেন। এটি বিরাট চাবুক মারল আমাকে। মনে হলো, আমি কে, কোত্থেকে এসেছি? পাকিস্তান আমলে নিজেদের ঐতিহ্য সম্পর্কে কোনো শিক্ষা আমি পাইনি। তখন বলা হতো, আমাদের ঐতিহ্য ইসলামিক। পরে নিজেকে খোঁজার জন্য ভারতের রাজনৈতিক-সামাজিক-অর্থনৈতিক ইতিহাসের পাশাপাশি বেদ ও উপনিষদ এবং বৌদ্ধদের বিভিন্ন গ্রন্থ পড়তে হয়েছে আমাকে। এ সময়েই নিজেকে খুঁজে পেলাম। এই চার-পাঁচ বছর আমি ছবিও আঁকিনি। আসলে আমি যখন যা করতে চেয়েছি, তার ভেতর গভীরভাবে ঢুকে গেছি।

নাসির আলী মামুন: এখন আপনার সারা দিন কীভাবে কাটে?

মুর্তজা বশীর: ছবি আঁকি—সারা দিন ছবি আঁকি মনে মনে।