
পারভেজ হোসেন: আর দুইদিন পর উনসত্তরে পা দেবেন আপনি। জীবনের এই যে লম্বা সময় পারকরলেন, এর মধ্যে সাহিত্যের সঙ্গে আছেন প্রায় একান্নবছর।পেছনে ফিরে তাকালে কী দেখতে পান?
সেলিনা হোসেন: আজ এত দিন পর পেছনের দিকে তাকালেই দেখতে পাই, আমার একটা অসাধারণ সোনালি শৈশব ছিল। সেই শৈশবে অভিজ্ঞতা, জ্ঞান, শিক্ষার জায়গা—এসব কিছু ছিল। সব মিলিয়ে আমার লেখালেখির অনুপ্রেরণার জায়গাও সেটা। শুরু থেকে আমার লেখালেখি এবং এ সূত্রে যে সুন্দর বাস্তবতার মধ্য দিয়ে গিয়েছি, লেখালেখির জায়গাটাকে যেভাবে পেয়েছি, আমাদের দেশে এই একবিংশ শতাব্দীর মেয়েরা—এখন যারা লিখছে, অনেক সময় তারাও হয়তো সেভাবে পায় না। লিখতে এসে নারী হিসেবে প্রতিকূল কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি আমাকে। এদিক দিয়ে আমি সৌভাগ্যবান।
পারভেজ: লেখালেখির প্রেরণা কি পরিবার থেকে পেয়েছিলেন?
সেলিনা: বিষয়টি ঠিক এমন নয়। তবে শিক্ষার উৎসাহ পেয়েছি পরিবার থেকেই। আমার আব্বা মেধাবী ছাত্র ছিলেন। ১৯৩৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে এমএ পাস করেন। আব্বার পড়ালেখায় আমার নানা খুব সহযোগিতা করেছিলেন। কিন্তু পড়ালেখার ক্ষেত্রে নানা তাঁর দুই মেয়ে—আমার মা ও খালাকে ততটা সহায়তা দেননি। এ কারণে নানার ওপর ক্ষুব্ধ ছিলেন মা। তো, আমার মা-বাবা দুজনেরই শিক্ষার প্রতি প্রবল আগ্রহ ছিল। আমরা যখন বগুড়ায় থাকতাম, আমার বড় বোনদের রিকশায় শাড়ি পেঁচিয়ে স্কুলে পাঠানো হতো। তখন তো মেয়েদের বাইরে চলাফেরার ব্যাপারে কঠিন পর্দাপ্রথা মেনে চলতে হতো। সেই সময় আব্বা বললেন, না, এভাবে নয়; বোনদের তিনি ভারতেশ্বরী হোমসে দিয়ে এলেন। ভেবে দেখো, সেই পঞ্চাশের দশকের পাকিস্তান আমলে বড় দুই মেয়েকে পড়ালেখা শেখানোর জন্য কতটা করেছিলেন তিনি।
আমার বয়স তখন সাত কি আট। আমাদের নয় নম্বর ভাইয়ের জন্মের সময় মা খুব অসুস্থ হয়ে পড়লেন। রোজার ছুটিতে বোনেরা বাড়িতে এসে বলল, মা যত দিন সুস্থ না হবে, তত দিন আমরা স্কুলে ফিরব না। সব শুনে মা বললেন, আমি মরি বাঁচি, তাতে তোমাদের কিছু যায় আসে না। যেদিন স্কুল খুলবে, সেদিনই যেতে হবে। পড়াশোনার ব্যাপারে পরিবারের এই মনোভাব আমার লেখালেখির ক্ষেত্রে সহায়ক ভূমিকা রেখেছিল। তাঁদের প্রশ্রয়েই লেখালেখির শুরু। যখন তাঁরা দেখলেন, লেখালেখিটা আমি পছন্দ করি, আমার ভালো লাগে, বাধা দেননি। মনে আছে, ১৯৫৪ সালে রাজশাহীতে আন্তকলেজ একটা প্রতিযোগিতা হয়েছিল। আমার জীবনের প্রথম লেখা গল্পটি সেখানে প্রথম হয়। অবশ্য লেখালেখির প্রথম দিকে আমি অনেক কবিতা লিখেছি।
পারভেজ: সাহিত্যের সঙ্গে আপনি যে গাঁটছড়া বাঁধলেন, তার পেছনে পরিবার ছাড়া আর কারও ভূমিকা নেই?
সেলিনা: আছে, আমার শিক্ষকদের। তখন কলেজে পড়ি। আন্তকলেজ প্রতিযোগিতায় মহিলা কলেজ থেকে আমার নাম পাঠালেন স্যাররা। প্রতিযোগিতার জন্য সেই সময় গল্পটা লিখলাম, সেটাই প্রথম হলো। এখানে আমার বিশ্ববিদ্যালয়জীবনের শিক্ষকদের কথাও বলতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষকদের মধ্যে ছিলেন জিল্লুর রহমান সিদ্দিকী, মুস্তাফা নূরউল ইসলাম, সালাহ্উদ্দিন আহমেদ, আজিজুর রহমান মল্লিক, মজহারুল ইসলাম ও শহীদ শামসুজ্জোহা। এঁদের মধ্যে অনেকে আমার বিভাগের শিক্ষক না হওয়ার পরও সবার সঙ্গেই খুব ভালো সম্পর্ক ছিল। সবাই আমাকে উৎসাহিত করেছেন। তাঁদের কাছ থেকে শিখেছি নানা কিছু।
জিল্লুর রহমান সিদ্দিকী ও মুস্তাফা নূরউল ইসলামের সম্পাদনায় রাজশাহী থেকে সে সময় পূর্বমেঘবেরোচ্ছে। কিন্তু ওই পত্রিকায় তাঁরা আমার লেখা ছাপেননি। বলতেন, তুমি এখনো তৈরি হওনি। তৈরি হও, আরও বড় হও। তবে এ ঘটনায় আমি কখনো ভাবিনি, স্যাররা আমাকে মূল্যায়ন করছেন না। মনে হয়েছে, হয়তো হয়নি কিছু। আমার কাছে এটা ছিল একটা শিক্ষা। লেখালেখির জন্য এভাবেই প্রস্তুতি নিয়েছি। আমার আরেক শিক্ষক আবদুল হাফিজ অ্যালেন গ্রিন্সবার্গ পড়তে দিয়েছিলেন আমাকে। তিনি যখন বুঝলেন, আমি লেখালেখি করি, কার্ল মার্ক্স, ফেড্রিক অ্যাঙ্গেলস—খুঁজে খুঁজে এঁদের বইপত্র পড়ি, খুব উৎসাহ দিয়েছেন। প্রথম দিকে রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণ প্রাণিত করতেন, এখনো করেন। আর কাজী নজরুল ইসলাম এক বিরাট বিস্ময়। তারপর মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও জীবনানন্দ দাশ—বুঁদ হয়ে থেকেছি তাঁদের লেখায়।
যা সাধ্য ছিল, করেছি। এখন ভবিষ্যতে মূল্যায়ন করে কেউ যদি বলে, পারিনি; মেনে নেব। যদি বলে কিছু পেরেছি; তা-ও মেনে নেব। কারণ, আমি যা করেছি, আমার শ্রম ও সততা থেকেই করেছি
পারভেজ: লেখালেখির পেছনে আর কোনো প্রভাবক?
সেলিনা: ওই যে শৈশবের কথা বললাম, সেই শৈশব আর প্রকৃতি দেখা কাজে লেগেছে দারুণভাবে। বগুড়ায় আমাদের বাড়ির পাশে ছিল করতোয়া নদী। নদীর স্রোত, ঢেউ, বন্যা—এসব দেখতে দেখতে বড় হয়েছি। আরেকটা বিষয়, আমাকে প্রভাবিত করেছে মানব-মানবীর সম্পর্ক।
সম্ভবত আমার বয়স তখন নয়। মা বাড়িতে এগারো বছরের একটি মেয়েকে নিয়ে এলেন। নাম তারাবানু। আমার চেয়ে দুই বছরের বড়। এর মধ্যে একদিন আব্বা বললেন, তারাবানুকে তিনি তাঁর অফিসের পঁচিশ বছর বয়সী পিয়নের সঙ্গে বিয়ে দিতে চান। এরপর আব্বার পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে হলো তারাবানুর। ওর সঙ্গে আমার খানিকটা বন্ধুত্ব ছিল। তো, বিয়ের পর দেখতাম, প্রতিদিনই সে কাঁদে। কারণ জানতে চাইলে বলে, স্বামী তাকে প্রায়ই মারে। তারাবানু আমাকে বলত, বিয়েটা খুব খারাপ কাজ, লোকটা একটা শয়তান। ব্যাপারটা তখন বুঝিনি, বুঝতে পারলাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালে। লোকটা যে ওকে মারত, এর মূল কারণ ছিল সেক্স। অতটুকু মেয়ে কী করে সামলাবে! এভাবে মানব-মানবীর সম্পর্ক, নারী-পুরুষ তথা মা-মেয়ে, মা-বাবা, বাবা-ছেলে প্রভৃতি সম্পর্কের বিশ্লেষণ এবং অভিজ্ঞতা বিচিত্র প্রভাব রেখেছে আমার লেখাজোকায়, আর এসব সম্পর্ক বিশ্লেষণের মাধ্যমে নতুন নতুন গল্প লিখেছি আমি।
পারভেজ: আপনার কোনো কোনো লেখায় দেখতে পাই, লড়াই করে সংগ্রামের আদর্শ হয়ে সামনে উঠে আসে মূলচরিত্র । চরিত্র নির্মাণের এই প্রবণ তাকিবাস্তব কেতুলে ধরার সাহিত্যিক প্রয়াস, নাকি আপনার সমাজ বদলের স্বপ্ন?
সেলিনা: দুটোই বলতে পারো। প্রথমত বাস্তবতার ব্যাপার তো আছেই। ছাত্র ইউনিয়নের রাজনীতি করেছি, মার্ক্স-অ্যাঙ্গেলস পড়ছি বলেই হয়তো সমাজবদলের স্বপ্নটা ভেতরে ছিল, এখনো আছে। আরেকটা হলো, সেই আদর্শ মানুষগুলোকে সামনে নিয়ে আসা, যেন পরের প্রজন্ম বুঝতে পারে তার ইতিহাস। আমার মনে হয়েছে, গল্প-উপন্যাসের মধ্য দিয়ে বিষয়গুলো আনা গেলে পাঠক যেমন সেটি পড়বে, তেমনি বার্তাটিও ঠিকভাবে পৌঁছাবে তাঁদের কাছে।
পারভেজ: অন্যান্য আখ্যানের পাশাপাশি বিখ্যাত ব্যক্তিবর্গকে উপজীব্য করে লিখেছেন আপনি। রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর পূর্ববাংলাকে বিষয় করে লিখলেন পূর্ণ ছবির মগ্নতা আবার খ্যাতিমান কবি মির্জা গালিবকে নিয়ে রচনা করলেন যমুনা নদীর মুশায়েরা। এসব উপন্যাসে সেই সময়ের জাতীয় জীবন, সমাজ জীবনও ব্যক্তি জীবনের যে চিত্রবিনির্মিত হয়েছে, তার মধ্যে আপনার দৃষ্টিভঙ্গিকতটা প্রকাশিত?
সেলিনা: এ ধরনের উপন্যাসের ক্ষেত্রে যে বিষয়ে লিখেছি, সেটি নিয়ে প্রথমে পড়ালেখা করেছি, ভেবেছি, বিষয় বিশ্লেষণ করেছি। তারপর লিখেছি। পূর্ণছবিরমগ্নতা প্রসঙ্গে বলি। আমার সব সময়ই মনে হয়, রবীন্দ্রনাথ এ ভূখণ্ডে না এলে, যাদের আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ বলি—কবির অদেখায় থেকে যেত এই জনগোষ্ঠী। তাতে হয়তো তাঁর জীবনদর্শনও অপূর্ণ থাকত খানিকটা। আমার পূর্ণ বিশ্বাস, আমাদের এই বাংলাই ভিন্ন মানুষ হিসেবে গড়ে তুলেছে রবিঠাকুরকে। সে কারণে আমার আখ্যানের ভেতরে ‘পোস্ট মাস্টার’ গল্পের রতন, ‘শাস্তি’র চন্দনা, ‘ছুটি’ গল্পের ফটিককে পুনর্নির্মাণ করছি। ভেবেছি, এরা তো সব আমার এলাকারই মানুষ। আর যমুনা নদীর মুশায়েরা লেখার আগে মনে হয়েছিল, একজন কবিকে নিয়ে লিখব। গালিব যেহেতু বিখ্যাত কবি এবং তাঁর সময়টি যেহেতু নানা ঘটনার সাক্ষী—সিপাহি বিদ্রোহ হলো, পতন ঘটল মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের; এসব কারণেই গালিবকে বেছে নেওয়া। এ ছাড়া বিষয় হিসেবেও এগুলো আমাকে ভাবিয়েছে। আবার বলতে পারি, গালিবের জীবন ব্যাখ্যার জন্যও উপন্যাসটি লিখেছি। তবে আমি এখানে গালিবকে বাংলাদেশের একজন বলেই ভাবতে চেয়েছি।
পারভেজ: ছোটগল্পের সীমানা এখন কেবল কাহিনিনির্মাণেই নয়, বয়ানের বাইরে গিয়ে দাঁড়াতে চাইছে ছোটগল্প। কীব লবেন এ বিষয়ে?
সেলিনা: নিজের বিশ্বাস, আত্মপরিচয় ও অনুভব থেকে একজন লেখক নানাভাবে গল্প দাঁড় করাতে পারেন—এটা আমি সমর্থন করি। আসলে সৃজনশীলতা তো কোনো নিয়মে আবদ্ধ করা যায় না।
পারভেজ: বাংলা ছোটগল্প কি মরে যাচ্ছে? বেশ আগে এমন জিজ্ঞাসা রেখেছিলেন আখতারুজ্জামানইলিয়াস। এখনো অনেকে বলেন এরকম কথা।আপনার অভিমত কী?
সেলিনা: কখনোই আমার এমনটা মনে হয়নি। হ্যাঁ, অনেককেই এখন বলতে শুনি, নতুনেরা যা লিখছে কিছু হচ্ছে না, লেখা থমকে আছে...ইত্যাদি। এ প্রসঙ্গে আমার বক্তব্য হলো, যঁারা এ রকম বলেন, তঁারা সম্ভবত সঠিকভাবে পড়ে মূল্যায়ন করে নয়, ওপর ওপর দেখে বলেন। আমি তো দেখি, অনেকেই ভালো লিখছেন। আসলে নতুনদের লেখা ভালোভাবে না পড়লে, তঁাদের অনুভব, চিন্তা, ও গল্প বলার জায়গাটি তো ঠিকভাবে ধরা যাবে না। নতুনেরা হলো সাহিত্যের চলমান স্রোত। বাংলাদেশে এই স্রোতটি মৃত নয়, বহমান। আর বহমান বলেই সময়কে নানাভাবে চিত্রিত করছেন নবীনেরা।
পারভেজ: নানা সামাজিক কাজের সঙ্গে আপনি যুক্ত।কখনো কি মনে হয়েছে, সামাজিক দায়িত্ব পালনের কারণে লেখালেখি ক্ষতিগ্রস্ত হচ্ছে?
সেলিনা: সামাজিক কাজকর্মে অংশ নিয়ে মানুষের মাঝে থেকেছি বলেই অভিজ্ঞতা পেয়েছি। শুধু ঘরের মধ্যে বসে আমি কী করতে পারতাম? সামাজিক দায়িত্ব পালন না করে যদি কেবল লেখালেখি করতাম; মনে হয় পারতামই না। মানুষের মধ্যে না গেলে আমি নিজেকেও বুঝতাম না। আমার শিক্ষক অধ্যাপক আবদুল হাফিজ বলেছিলেন, মেয়ে হয়েছ বলে চার দেয়ালে বন্দী রেখো না নিজেকে, দুই চোখে বিশ্ব দেখো। কথাটি আমি ভুলিনি কখনো। লেখালেখির শুরুর পর থেকে এই একান্ন বছর এক হাতে লেখালেখি, অন্য হাতে নানা বিষয়-আশয় সামলেছি। লেখা থেকে কখনো বিচ্ছিন্ন হইনি।
পারভেজ: নিজের লেখালেখি নিয়ে মূল্যায়ন...
সেলিনা: আমার নিজের কোনো মূল্যায়ন নেই। যা সাধ্য ছিল, করেছি। এখন ভবিষ্যতে মূল্যায়ন করে কেউ যদি বলে, পারিনি; মেনে নেব। যদি বলে কিছু পেরেছি; তা-ও মেনে নেব। কারণ, আমি যা করেছি, আমার শ্রম ও সততা থেকেই করেছি। যতটুকু পেরেছি, ততটুকুই আমার সামর্থ্য।